বালুঝড়ে লাবণ্য বনলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাবণ্য বনলতা পথ হারিয়ে বিপথে

উঠেছে বালুঝড় বসন্তবিকেলে
এ কেমন ঝড়, হল্কায় ত্বক পুড়ছে
বিকেলগুলো হয়ে আসে বিভীষিকা

লাবণ্য বনলতা ছোটে দিশাহারা।

এইসব উল্টোপাল্টা দৈবদুর্যোগে
নারী খোঁজে চেনা গলি, বাসনাকুঞ্জ
কেমন বিহ্বল রিক্ত প্রেমাতুরা এরা!
সবশেষে বৈষ্ণব পাড়ায় চুড়োখোঁপা, একতারা।

রাস্তায় ভিনদেশি ছদ্মবেশী রক্তচোষা
সোহাগরাত্রি ছারখার, বাতাসে ছাই।

গিরিখাত থেকে শেষবার অমিত দেখেছিল
রনডেন্ড্রন ছাওয়া উপত্যকা
দিঘিতে ভূতে-পাওয়া নারীর লাশ,
ফাঁকা মঞ্চে প্রেমিক কবির রক্তাক্ত সেরেনাদ
ঝড়ের পরে স্নান শেষে লাবণ্য বনলতা
খোলা ছাদে শোঁকে হাওয়ার বুনো গন্ধ।