বাসনা ও ওম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের বিকেলগুলো খুব দ্রুত ফুরিয়ে আসে। অধ্যাপক শাহ্ মুহাম্মদ ইলিয়াস এ রকম বিকেলে প্রায়ই বারান্দার ইজিচেয়ারে বসে রোদ পোহান। বেশিক্ষণ ছায়ায় থাকলে কী এক অজ্ঞাত কারণে তাঁর ঘন ঘন পেশাব পায়। ডাক্তার বলেছেন, যতক্ষণ সম্ভব রোদে থাকেন। বারান্দায় বসে তিনি গাড়িচালক হান্নানকে ডেকে জিগ্যেস করেন, বইগুলো বাঁধাই হয়ে এসেছে কি না। অধ্যাপক ইলিয়াস নতুন কেনা বই থেকে পেপারব্যাক সংস্করণগুলোকে আলাদা করে বাঁধাই করতে পাঠান। এতে বইগুলো টেকসই হয়। সোনালি জরির অক্ষরে নামলিপি খোদাই করা হলেও কালো রেক্সিনে মোড়া বইগুলোকে মনে হয়, জমকালো পোশাক পরেছে। কখনো কখনো কালো গাউন পরা বইগুলোকে যমদূতের মতো লাগে। শক্ত মলাটের নিচে প্রচ্ছদ-পৃষ্ঠা অবিকল রাখা হলেও বাইরের খোলসটার অভিব্যক্তি এড়ানো যায় না। অধ্যাপক ইলিয়াস বইয়ের যত্ন যেমন নেন, তেমনি বই সংগ্রহেও তাঁর নিরলস উদ্যম; দুষপ্রাপ্য নানা বইয়ের তালিকা পাঠিয়ে রেখেছেন ইংল্যান্ড, আমেরিকা ও কলকাতায়—বন্ধু, আত্মীয় আর অনুরাগী শিষ্যদের কাছে। বইয়ের দোকানগুলোতেও নিয়মিত খোঁজখবর করেন। গাড়িচালক হান্নান বাঁধাই হয়ে আসা বইগুলো এনে দিলে তিনি নতুন বইয়ের গন্ধ নেন। পাতাগুলো উল্টেপাল্টে দেখেন। কত দিন অপেক্ষার পর হাতে পেলেন বইগুলো! কার্লোস ফুয়েন্তেসের আ চেঞ্জ অব স্কিন, কাজান জাকিসের রাশিয়া, উমবার্তো একোর দ্য নেম অব দ্য রোজ, ট্রাভেলস ইন হাইপার রিয়েলিটি...কী অসাধারণ সব বই! বইগুলো হাতে পাওয়ায় গভীর আনন্দে ভরে ওঠে তাঁর মন। চোখের সমস্যার কারণে বেশিক্ষণ পড়তে পারেন না। তবু ভাবতে থাকেন, বইগুলো নিশ্চয়ই পড়া হয়ে উঠবে কখনো। দিনে দিনে এত বই জমে উঠেছে যে বড় একটা ঘর ভরে গেছে বুক শেলফে। বইয়ের সেই ঘরে হাঁটতে হাঁটতে তাঁর মনে দুর্বোধ্য এক অসহায়ত্ব জন্মে—তিনি ভেতরে ভেতরে কাঁদতে থাকেন, যদিও বাইরে কোনো অশ্রুপাত দেখা যায় না। বারান্দার ইজিচেয়ারে বসে অনেক দিন আগের একটা ভাবনা আজ আবারও মনে এল; ভাবনা মানে একটা ইচ্ছা; আজও যা পূরণ হয়নি। আজ আবারও ভাবলেন, কক্সবাজার গিয়ে একটা আবাসিক হোটেলে উঠে কয়েকটা সপ্তাহ নিরিবিলি থাকবেন, সঙ্গে নেবেন সবচেয়ে প্রিয় বইগুলো। শীতবিকেলে রোদ পোহাতে বসে শাহ্ মুহাম্মদ ইলিয়াস যখন নতুন বইগুলো নেড়েচেড়ে দেখছিলেন, তখনই বুকের কাছে চিকন একটা ব্যথা টের পেলেন। এ রকম ব্যথাকে তিনি বড্ড ভয় পান। কখনো খুব সামান্য হলেও এমন ব্যথায় সারা দিন মনমরা থাকেন তিনি। আজকের ব্যথাটা একটু বেশি। গাড়িচালক হান্নান কাছেই ছিল। অধ্যাপক ইলিয়াসের অস্বাভাবিক মুখভঙ্গি দেখে সে তাঁকে দুহাতে ধরে ঘরে নিয়ে শুইয়ে দিল বিছানায়। তখন তিনি চারদিকে এমন ভাসা ভাসা চোখে তাকাচ্ছিলেন যে হান্নানের কাছে মনে হলো, ঘরের ভেতর নিশ্চয়ই কোনো ডানাঅলা ফেরেশতা ঢুকেছে, তিনি দেখতে পেলেও হান্নান তাদের দেখতে পাচ্ছে না। ঘটনাটা অনেকটা সে রকমই। অধ্যাপক ইলিয়াস যখন বই নিয়ে তাঁর বাসনার উষ্ণ ওমের ভেতর চেতনাকে গরম করে নিচ্ছিলেন, ততক্ষণে মৃত্যু কাছে এসে তাঁর কাণ্ডগুলো দেখছিল। একটা উপহাসের অভিব্যক্তি ফুটে উঠেছিল তাঁর ভীতিকর মুখে। তাই দেখে বারান্দার পাশ দিয়ে ধাবমান এক দুরাত্মা থেমেছিল সেখানে। তাদের মধ্যে তখন যে বাক্যালাপ হচ্ছিল তা এ রকম—মৃত্যু: দেখো, কত কী হাবিজাবি ভাবছে এই লোক! এসব ভাবনার কোনো মানে নেই। কতটা মোহগ্রস্ত সে যে আমার কথা তার কখনো মনেই পড়েনি। বেচারা!দুরাত্মা: কেন, কী করতে পারত সে?মৃত্যু: প্রস্তুত হতে পারত আমার জন্য। আমার মুখোমুখি হওয়ার আয়োজন থাকলে তার ভাবনাগুলোকে এখন এতটা বেখাপ্পা আর উদ্ভট লাগত না। দুরাত্মা: মৃত্যুর জন্য আয়োজন! সে কেন মরার আগেই মরতে যাবে। সে তো ঠিকই করেছে, মানুষ যা করে; শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ বাঁচতেই চায়। তা-ই চাওয়া উচিত তার। মৃত্যু: এটাই বাঁচার মোহ, অদ্ভুত এক মূঢ়তা! আমাকে যে ভাবে, আমি তার মধ্যে জ্ঞানের জন্ম দিই। আমিই জ্ঞানের উদ্গাতা। যেভাবে অন্ধকার স্পষ্ট করে তোলে আলোকে, তেমনি আমি আলো ছড়িয়ে দিই জীবনের ওপর। দুরাত্মা: বেশ। তোমার ভাবনা জ্ঞানের জন্ম দেয় ঠিকই, কিন্তু তুমি সেই অর্থময়তাকেই হনন করো। মৃত্যু: হ্যাঁ, ঠিক তাই। এটাই অমোঘ সত্য। এই অনিবার্যতাকে তার আমলে নেওয়া উচিত ছিল। দুরাত্মা: না। যতক্ষণ সে বেঁচে আছে, ততক্ষণই থাকবে তার বাসনা। কারণ, সে নিজেই সেই বাসনা। তুমি যার খুনি। ২.ওম কথাটি সম্মতিসূচক, যেখানে কেউ কোনো ব্যাপারে সায় দেয়, সে বলে ওম (হ্যাঁ)। এখন, ঐকমত্যই হচ্ছে পরিতুষ্টি। যিনি এটা জানেন, তিনি ওম-এর ধ্যান করেন, এই ওমই উদ্গীথ, বাস্তবিক, এটিই হচ্ছে বাসনাকে চরিতার্থ করার পথ। ছান্দ্যোগ্য উপনিষদ: ১:৮ ‘তুমি কি একমত হতে চাও না?’ অধ্যাপক খানিকটা উষ্মা নিয়ে কথাটা বলে একটু থামলেন। ‘আসলে, আমরা ততটাই একমত হতে পারি, আমাদের আবেগ যতটা পারমিট করে।’ পরের কথাটা বলে তিনি চোখ সরিয়ে নিলেন তরুণ গবেষকের দিক থেকে। তিনি জানালার বাইরে তাকালেন, দেখলেন আকাশে মেঘ জমেছে কি না। গবেষক হাল ছাড়ার পাত্র নন, তিনি অধ্যাপকের অবস্থানটা বুঝতে চাইলেন, ‘আপনি বলছেন, মানুষ মতৈক্যে পৌঁছায় আবেগ থেকে?’‘হ্যাঁ, মতান্তরও ঘটে আবেগ থেকেই।’ ‘তাহলে যুক্তি, তথ্য-উপাত্ত—এসবের কোনো ভূমিকা নেই?’‘আছে। যুক্তি বা তথ্য-উপাত্তের ভূমিকা আছে অবশ্যই। এগুলাই ঐকমত্যে আসার আবেগ সৃষ্টি করে। অবশ্য উল্টাটাও করে, যেমন ধরো, যুক্তি—এটা প্রতিপক্ষের মনে বেশির ভাগ সময় তীব্র ঘৃণার জন্ম দেয়। যুক্তিবাদী সমাজে তাই ক্ষমতার চর্চাটাই বেশি।’অধ্যাপকের এ কথার পর তরুণ গবেষক কী বলবেন বুঝতে না পেরে ঘোলাটে চোখে তাকিয়ে থাকেন দ্য ফেনোমেনোলজি অব স্পিরিট গ্রন্থটির দিকে। এই গ্রন্থটিই অধ্যাপকের সঙ্গে তাঁর মতভেদের উৎস, এখন টেবিলের ওপর পড়ে আছে নির্বিকার ভঙ্গিতে। অধ্যাপক আলেকজান্ডার কোজেভের কথা পাড়লেন, ‘উনি বলছেন, “ইতিহাসের পদ্ধতিগুলোর মধ্যে ডায়ালগ”, বোগাস!’‘আমরা আসলে নিজেদের বাইরে বেরোতেই পারি না। আর পারি না বলেই ভিন্নমতগুলোর মধ্যে তুলনা করে দেখতেও পারি না।’‘সেটা পারলে কী হতো! আমরা কি একমত হতে পারতাম? পারতাম না। একমত হওয়ার জন্য দরকার ইচ্ছা—আমার আবেগ একমত হতে চায় কি না, সেটাই আসল ঘটনা।’অধ্যাপক জানালার বাইরে তাকালেন আবারও। বেলা পড়ে আসছে দেখে বললেন, ‘চলো, বাইরে হেঁটে আসা যাক।’ দুজনে বেরিয়ে পড়লেন বিভাগ থেকে। পশ্চিমের লালমাটির পথ ধরে হাঁটতে থাকলেন গ্রামের ভেতর দিয়ে। অধ্যাপককে অনেকক্ষণ ধরে নীরব থাকতে দেখে তরুণ গবেষকই প্রথমে কথা পাড়লেন, ‘আমার মনে হয় কি, হেগেল যা বুঝিয়েছেন তা কেউই কখনো বুঝবে না। আমরা সবাই বুঝি যার যার মতো।’‘আমাদের আবেগ যদি পারমিট করে আমরা হেগেলের সঙ্গেও একমত হতে পারি।’ অধ্যাপক তাঁর আগের অবস্থানেই অটুট থাকলেন। ‘তা পারি। কিন্তু ফেনোমেনোলজি অব স্পিরিট-এর তাতে কিছুই যায়-আসে না। যতজন পড়ে এই গ্রন্থটির ততটি সংস্করণ সৃষ্টি হয়।’গ্রামের পথে হাঁটতে হাঁটতে দুজনে বংশাই নামের এক নদীর কিনারে গিয়ে পৌঁছালেন। তাঁরা ঘাট থেকে সামান্য দূরে নদীর পাড়ের ওপর সূর্যের দিকে পাশ ফিরে বসলেন পরস্পরের মুখোমুখি। নদীর ওপারে শস্যখেত বহুদূর পর্যন্ত বিস্তৃত, গ্রামের রেখার ওপর দিয়ে উজ্জ্বল দিগন্ত। নদীর জলে ভেসে থাকা পানকৌড়িগুলোর দু-একটা উড়ে উঠছিল আর জলের কিনারে হাঁটু ডুবিয়ে মাছের দিকে ধ্যান করছিল দু-একটা বক। ‘দেখেছ, বকগুলাকে?’‘জি।’‘বকের ঠোঁট আর পা দুটি যে লম্বা খেয়াল করেছ?’‘জি। পানিতে দাঁড়িয়ে মাছ ধরার জন্য এমনটাই দরকার ছিল।’‘হ্যাঁ। প্রতিটি বকের জন্য দরকারি হলেও কেউ নিজে কিন্তু এই গড়নটা তৈরি করেনি। চাইলেও তা পারত না। সুবিধামতো শরীর নিজে সে গড়ে নিতে পারে না।’‘কীভাবে পারবে? এটা তো একটা বিবর্তনের ফল।’‘হ্যাঁ। কিন্তু বিবর্তিত হচ্ছে কে? কে প্রাকৃতিক নির্বাচনের সিদ্ধান্তটা নিচ্ছে? সেটা নিচ্ছে বিশেষ প্রাণগুলোর ভেতর দিয়ে বহমান মহাপ্রাণ। সেই মহাপ্রাণের আবেগ কিন্তু বদলে নিচ্ছে দেহের গড়নকে। এই প্রাণই ভিন্ন ভিন্ন জীবদেহের ভেতর দিয়ে অনন্তের দিকে ধাবমান।’‘একজাক্টলি। একই মহাপ্রাণ ভিন্ন ভিন্ন দেহকে আশ্রয় করে ব্যক্ত হচ্ছে। এই ঘটনাই তো ঘটছে ফেনোমেনোলজি অব স্পিরিট-এর ক্ষেত্রেও।’‘মানে?’ অধ্যাপক ভ্রু কুঁচকে তাকালেন তরুণ গবেষকের দিকে। ‘মানে হলো, গ্রন্থটি আলাদা আলাদা রূপে ব্যক্ত হয়ে চলেছে ভিন্ন ভিন্ন পাঠকের ভেতর। পাঠক পরম্পরায় এই গ্রন্থ-সত্তার বিস্তার ঘটে চলেছে।’‘গ্রন্থটির নিজের কোনো মানে কি থাকবে না? থাকবে শুধুই আলাদা আলাদা পাঠ?’‘জি। পাঠকের চেতনায় কী রূপে ধরা পড়ছে সেটাই তো ফেনোমেনা। আর ভিন্ন ভিন্ন পাঠের দ্বন্দ্বটা খেয়াল করে দেখা জরুরি এখানে। গ্রন্থটি এই দ্বন্দ্বের ভেতর দিয়েই খুঁড়ে চলেছে নতুন নতুন পথ।’‘কোন্ পথের কথা বলছ তুমি?’‘বইটাকে নিয়ে আমাদের চেতনার পথ। ইতিহাস যেভাবে আত্মসচেতন হয়। ভিন্ন ভিন্ন ইতিহাসের হয়ে ওঠার দ্বন্দ্ব যেভাবে তৈরি হয়।’ ‘খেয়াল করো, আমরা বুঝতে চাইছি আমাদের মনকে নয়, হেগেলের মনকে যে তিনি কী বোঝাতে চেয়েছিলেন। আর বইটিতে তিনি নিজে খুঁজেছিলেন ঈশ্বরের মনকে।’‘দুটো পথ আসলে মিশে গেছে একটা বাঁকে।’‘না, মেশেনি। আমাদের মধ্যে পারাপারহীন দূরত্ব। আমরা পরস্পর যোগাযোগহীন, আমাদের নিঃসঙ্গতা তো কিছুতেই কাটে না। সবার ভেতর দিয়ে যদি একই মহাপ্রাণের প্রবাহ থাকবে, তবে এই যোগাযোগহীনতার মানে কী?’ অধ্যাপক তাঁর নিজের মতের সঙ্গেই দ্বন্দ্ব তৈরি করলেন। তিনি নিজেই নির্বিশেষ মহাপ্রাণের কথা একটু আগে বলছিলেন। ‘জানি না। হয়তো এ জন্য যে যার যার নিজের দিকেই আমরা শুধু তাকাই। আমাদের সবার ভেতর দিয়ে যে একই প্রাণের ধাবমানতা, সেই সাধারণত্বকে আমরা খেয়াল করি না।’ তরুণ গবেষকের এ কথাটায়ও অধ্যাপক দ্বিমত করলেন। তিনি বললেন, ‘আমরা যতই আবেগ হারাচ্ছি আর বুদ্ধির শাসনের নিচে চলে যাচ্ছি, ততই একা হয়ে পড়ছি।’তখন সন্ধ্যা হয়ে এসেছিল। বংশাই নদীর পাড় ধরে এক তাড়িবিক্রেতাকে মাটির কলসিভর্তি তাড়ি নিয়ে যেতে দেখে অধ্যাপক ডাকলেন। তরুণ গবেষককে জিগ্যেস করলেন, ‘তাড়ি খাবে নাকি?’ উত্তরে হ্যাঁ-সূচক মাথা নাড়লেন তিনি। দুজনে কয়েক গ্লাস করে তাড়ি খেয়ে তাঁরা যখন উঠলেন, ততক্ষণে অন্ধকার ঘনিয়ে এসেছে। দুজনে গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে কথা বলছিলেন আর খেয়াল করছিলেন, তাঁদের কথা জড়িয়ে যাচ্ছে এবং তাঁরা যে যা-ই বলছেন, অন্যজন হ্যাঁ-সূচক জবাব দিচ্ছেন, যেন তাঁদের মধ্যে কোনো ব্যাপারে মতদ্বৈধতা একেবারেই নেই।