মশিউল আলমের এই উপন্যাস গতানুগতিক পথ-ধরে-চলা নিটোল কাহিনিভিত্তিক উপন্যাস নয়। আবার কাহিনি যে নেই, সে কথাও কি বলা যাবে? ছকবদ্ধ কাহিনি ছাড়াও যে উপন্যাস হতে পারে, যেভাবে নাই হয়ে গেলাম তার অনন্য উদাহরণ।
উপন্যাসের শুরুতেই লেখক যে ভূমিকাটুকু লিখেছেন, তার সুবাদে আমরা জানছি, ‘জামিল আহমেদ মাস খানেক ধরে উধাও।...এটাই জামিলের শেষ লেখা।’ এরপর থেকে শুরু হয় উপন্যাস। নায়ক জামিল আহমেদের বয়ানে এর কাহিনি এগিয়ে চলে প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত। জামিল পেশায় সাংবাদিক ও লেখক। সংবেদনশীল মানুষ। সমাজের চলমান ঘটনাবলির অভিঘাত তাঁকে পীড়িত করে। তাঁর মনের গহনে, মনস্তত্ত্বে প্রতি মুহূর্তে ফেলে যায় সেসবের গভীর ছাপ।
>

যেভাবে নাই হয়ে গেলাম
মশিউল আলম
প্রচ্ছদ: মাসুক হেলাল
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬
১১২ পৃষ্ঠা
দাম: ২২০ টাকা।
উপন্যাসের শুরুতেই এমন এক ঘটনার সম্মুখীন হন নায়ক জামিল আহেমদ, যার পুনরাবৃত্তি আমরা এখন আমাদের সমাজে প্রায়শ ঘটতে দেখছি। জামিল আহমেদ পথ চলতে চলতে বলছেন তাকে অনুসরণ করছে তিনজন তরুণ। হঠাৎ তার মনে হলো, ‘আমি ওদের হাতে খুন হতে যাচ্ছি।’ খুনও হন তিনি। তাঁর মুণ্ডুবিহীন দেহ এগিয়ে চলে। আসলে এসবই দুঃস্বপ্ন। ঘুমের ঘোরে দেখছিলেন। কিন্তু শুধুই কি এ দুঃস্বপ্ন? এর উৎস কোথায়? উৎস সমাজের বর্তমান চলমান বাস্তবতায়। তারই মনস্তাত্ত্বিক প্রতিফলন ও অভিঘাতের ফল এই দুঃস্বপ্ন। স্বপ্ন ও বাস্তবতা অথবা বাস্তবতার মনস্তাত্ত্বিক অভিঘাতই জামিল আহমেদকে নিয়ত অসুস্থতার শিকার করে চলে। এমনি আরেকটি স্বপ্নের বর্ণনা মশিউল তুলে ধরছেন জামিল আহমেদের বয়ানে। তার রূপটা এ রকমের, ‘একটা স্বপ্ন ছিল ভীষণ অদ্ভুত: এক বিয়ের অনুষ্ঠানে গেছি, সেখানে অনেক গণ্যমান্য মানুষের মধ্যে এক মন্ত্রীও আছেন। আমাকে তাঁর ব্যক্তিগতভাবে চেনার কথা নয়, কিন্তু কী আশ্চর্য, তিনি লোকজনের ভিড়ের মধ্যে আমার নাম ধরে ডেকে উচ্চস্বরে বললেন, “এই যে, জামিল সাহেব কী খবর? কেমন চলছে আপনাদের পত্রিকা? ”’
‘আমি বললাম, “ভালো চলছে না, মন্ত্রী মহোদয়, লোকজন আর পত্রিকা কিনছেন না। ”
‘মন্ত্রী হেসে বললেন, “কেন? জনগণ কি দেশের খবর রাখতে চায় না? ”
‘দেশের খবর তো জানতে চায়, মন্ত্রী মহোদয়, কিন্তু পত্রপত্রিকায় খবর তারা আর জিজ্ঞাসা করে না। তারা জানে আসল কথা আমরা লিখতে পারছি না।’
স্বপ্নের ভেতর দিয়েই নিরেট বাস্তবতাকে তুলে ধরা এবং এহেন বাস্তবতার শিকার হতে হতে নায়কের মানসিক বৈকল্যের শিকার হওয়া। তার জীবনে এসব ঘটনা সেই সময়জুড়ে ঘটছে, যখন প্রকাশক দীপনকে হত্যা করা হচ্ছে। উল্লেখ করা হচ্ছে তাঁর অভিমানী পিতা আবুল কাসেম ফজলুল হকের দেওয়া সাক্ষাৎকারের কথাও। চলমান বাস্তবতার ডকুমেন্টেশনও আছে এ বইয়ে।
তবে লেখক হিসেবে মশিউলের সবচেয়ে বড় শৈল্পিক কৃতিত্ব এখানে যে, যেভাবে নাই হয়ে গেলাম উপন্যাসকে তিনি শুধু ডকুমেন্টেশনের চালচিত্র করে তুলতে চাননি, চেয়েছেন বাস্তবতা ও বাস্তবতা-ছোঁয়া ঘটনা পরম্পরার মিশেলে পরাবাস্তববাদী এক উপন্যাসের জন্ম দিতে। অন্তত আমার তা-ই মনে হয়। এবং সে বিচারে তিনি শক্তি ও সামর্থেযর যে পরিচয় দিয়েছেন, তা অতুলনীয়। জামিল আহমেদকে মশিউল আলম যেসব পরিবেশ-পরিস্থিতিতে হাজির করছেন, তার যে মানসিক পীড়নের বর্ণনা দিয়েছেন এবং শেষত শ্রীমঙ্গল বেড়াতে যাওয়া ও সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে তার অস্তিত্বহীন হয়ে যাওয়ার যে বর্ণনা তিনি তুলে ধরেছেন, এক কথায় তার পাঠ রীতিমতো শিহরিত করে। আমাদের কথাসাহিত্যে এ উপন্যাস সংযোজনস্বরূপ সাহিত্যকর্ম।