
রত্নেশ্বর সূত্রধরের ২২টি শিল্পকর্মে অধিকাংশের মধ্যে দেখা যায় চলতি সময়ের কথা। তাঁর ছবিতে আছে কিছু বাস্তবধর্মী প্রতিকৃতি; এসবের মধ্যে চৌকোনা আকৃতি দিয়ে তিনি আবার বিভক্তি টেনেছেন। এটি যেন একরকম মানবিক শূন্যতার প্রতীক। তবে চৌকনা বর্গাকৃতির মধ্যে আর কোনো ভাগ নেই। মানুষের প্রতিকৃতিকে শিল্পী ঢেকে দেন ওই বর্গাকৃতির পুনঃপুন অবস্থানের মাধ্যমে। আর এর ভেতর থেকেই উঁকি দেয় ছবির মূল বিষয়।
বাস্তবে মানুষের যে মুমূর্ষু অবস্থা, তা ঢেকে দেয় নতুন কোনো আকৃতি। রত্নেশ্বরের কাজের মূল শক্তি হলো বিষয়ে পিক্সেল বা বর্গাকৃতির ছায়া। তাঁর ২০১২ সালের ছবিতে বর্গাকৃতি ক্যানভাসজুড়ে অবস্থান করলেও ২০১৫-তে এসে ক্রমে মুছে যেতে দেখা যায় পিক্সেল। যেমন ‘দ্য রিমেসি অব টাইম-২’ ছবিতে সূর্যের দিকে হাত বাড়িয়ে প্রার্থনারত দুজন মানুষ মিশে আছে চিত্রতলের সঙ্গে। এখানে লাল ও হলুদ রঙের ব্যবহারে পুরো ক্যানভাসে আলোর আভাস দেখিয়েছেন শিল্পী। এ ছবিতে পিক্সেলেশন দূরে সরে আসছে ক্রমে। বর্গাকৃতির ব্যবহার কমে এসে ক্যানভাসে ভর করেছে একধরনের স্বস্তি।
রত্নেশ্বরের তাঁর প্রদর্শনীর শিরোনাম দিয়েছেন ‘পিক্সেল এরর’। প্রতি মুহূর্তের সামাজিক, রাজনৈতিক, মানবিক অবস্থার বিপর্যস্ততাগুলো আছে তাঁর ছবিতে। পাশাপাশি এই বিপর্যস্ত অবস্থার ফলে যে ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষতও যেন সারিয়ে তুলতে চান তিনি।
প্রধান কাজগুলোর বাইরে রত্নেশ্বর প্রাতিষ্ঠানিক রীতির বাস্তবধর্মী কিছু নিসর্গচিত্র ও প্রতিকৃতিও রেখেছেন প্রদর্শনীতে। সঙ্গে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির ভিন্ন রকমের উপস্থাপনা। প্রতিকৃতির ভেতরে অসংখ্য ছোট ছোট ইমেজে মহান মুক্তিযুদ্ধের সময়ের ভয়াবহতা, যুদ্ধরত মুক্তিযোদ্ধাসহ ফুটে উঠেছে অসংখ্য দৃশ্য। বলার কথা হলো, বঙ্গবন্ধুর প্রতিকৃতির এ ক্যানভাসটি গড়ে উঠেছে অসংখ্য ছোট টুকরো ক্যানভাস জোড়া দিয়ে।
রত্নেশ্বরের বাস্তবধর্মী প্রতিকৃতিচিত্রের বাইরে এখানে আরও তিনটি প্রাতিষ্ঠানিক রীতির কাজ আছে—‘কাল বৈশাখী-১’, ‘কাল বৈশাখী-২ ও ‘রহস্যময় সকাল’ তিনটি ছবিই জলরঙে আঁকা। বাস্তব রীতির জলরং ছবি আঁকার পদ্ধতি সম্পর্কে রত্নেশ্বরের ধারণা স্পষ্ট। তাই তাঁর এ কাজগুলো প্রকৃতপক্ষে তাঁর শক্তিকেই স্পষ্ট করেছে।
বাস্তবানুগ ছবির বাইরে কিছু নিরীক্ষামূলক চিত্রও আছে এখানে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘যুদ্ধ বন্ধ করো, শান্তি দাও’। এ ছবিতে পাওয়া যায় যুদ্ধে আহত ব্যান্ডেজ বাঁধা একটি মানুষের মুখ, যেটি ঢেকে গেছে ছোট ছোট বর্গাকৃতিতে এবং তার মাঝখান দিয়ে দেখা যাচ্ছে বন্দুকের আকৃতি। এ রকম বর্গাকৃতির উপস্থিতি শিল্পীর আরও কয়েকটি নিরীক্ষাধর্মী ছবিতেও দেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ১ অক্টোবর শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হয়েছে ৭ অক্টোবর।