
ছবির নাম ‘জলকে চল’। এটি দেখেই মনে পড়ে কবি নজরুলের সেই গান,‘ওই জলকে চলিল কার ঝিয়ারি...’। আজকের সমৃদ্ধ বাংলার কুলবধূদের হয়তো আর কলসি কাঁখে দল বেঁধে জল আনতে নদীতে যেতে হয় না। তবে বাঙালির হাজার বছরের চিত্র তো এমনই। সেই ছবিই গেঁথে আছে আমাদের মনে। শেখ আফজালও দেখেছেন তাঁর গ্রামের মা-বোনেরা জলকে চলেছেন। সেই স্মৃতি তাড়নায় ক্যানভাসে মিশ্র মাধ্যমে তিনি এঁকেছেন বিশাল এই চিত্রকর্ম ‘জলকে চল’—চিত্রপটের কেন্দ্রস্থলে লালপাড় সাদা শাড়ি পরিহিত ত্রিভঙ্গে দাঁড়ানো নারী, তার দুদিকেই নানা রঙের শাড়িতে জলকে চলা সখীর দল, পেছনে নদীর অস্পষ্ট আবহ এবং নদীতে মেয়েদের গা ধোয়া ও অন্যান্য কাজের দৃশ্য। ঢাকার প্রগতি সরণির অ্যাথেনা গ্যালারিতে শেখ আফজালের ‘ইন্টারনাল অ্যাফেকশন’ বা ‘অন্তরের অনুভব’ শিরোনামের চলমান একক প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে এই কাজটি।
আমাদের সমকালীন চিত্রকলায় বাস্তবানুগ রীতিতে যে কয়েকজন চিত্রকর আঁকেন, শেখ আফজাল তাঁদের অন্যতম। শক্তিমান এই শিল্পীর ২৬তম একক প্রদর্শনী এটি।
বাস্তববাদী শৈলী একেক দেশের প্রকৃতি ও মানুষের অবয়বিক ভিন্নতা নিয়ে একেক রকম। ইউরোপের রিয়ালিজমের সঙ্গে আমাদের এ অঞ্চলের বাস্তবতার সরাসরি মিল পাওয়া যাবে না। শিল্পীজীবনের শুরু থেকে শেখ আফজাল দেখেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের অঙ্কন-প্রধান বাস্তবানুগ চিত্রকর্ম। দেখেছেন, পাশ্চাত্য শিল্পে জয়নুলের অনুরাগ থাকলেও ফরাসি বাস্তবতার অনুগামী হননি তিনি। চারুবিদ্যায় পাঠ নেওয়ার সূত্রে খুব কাছে থেকে লক্ষ করেছেন শিক্ষক রফিকুন নবীর আঁকা বাস্তবধর্মী চিত্রকলা। তবে নিজে আঁকার ক্ষেত্রে এই দেখার সঙ্গে স্ব-অর্জিত উৎকর্ষকে কাজে লাগিয়েছেন আফজাল। নিজের শৈশব থেকে দেখা কৃষিপ্রধান বাংলাদেশের ভূ-প্রকৃতি, ফসলের মাঠ, নদী-নৌকা, চরাচরের মানুষ, গ্রামীণ নারী ও শিশুর নানা রকম কাজ আর অভিব্যক্তি নিয়ে একের পর এক ছবি এঁকেছেন বর্তমানে চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের এই অধ্যাপক।
শেখ আফজালের ছবির চিত্রগত উপাদান—মানুষের শরীর, অবয়ব ও অভিব্যক্তি ঘিরে টেক্সচার বা বর্ণবুনটের বহুবিধ প্রয়োগ। প্রকৃতি ও মানুষকে আমরা স্বাভাবিকভাবেই চিনি। তবে বর্ণবুনটের ভেতরে তাদের উপস্থিতি আমাদের দেখার জন্য অন্য রকম অভিজ্ঞতা। প্রায় সমসাময়িক শিল্পী রণজিৎ দাস ও কনকচাঁপা চাকমা আফজালের প্রায় কাছাকাছি ধরনের আঁকছেন। তবে যে কারণে আফজাল আলাদা, তাঁর নিজের ‘মুদ্রাদোষ’ হলো, তাঁর অঙ্কন অনেক ডিটেইল। বস্তুগত হয়েও ছবি যে বস্তুর সীমা অতিক্রম করে, সেটি তিনি প্রমাণ করেছেন। এখানেই তাঁর স্বাতন্ত্র্য।
মা ও শিশু তাঁর প্রিয় একটি বিষয়। এ নিয়ে এঁকেছেন ‘অনুভূতি’ শীর্ষক সিরিজ। এর ৩ নম্বর চিত্রে পাই কোলে শিশুসহ মাকে। আর এর মধ্যেই সার্থকভাবে উদ্ভাসিত হয় শিশুর প্রতি মায়ের স্নেহ। ‘পরিবার’ শিরোনামের সিরিজে মা-বাবা ও সন্তানের নানান অভিব্যক্তি এবং অবস্থান বহুমাত্রিক আবহে তুলে ধরেছেন শিল্পী। প্রাত্যহিক জীবনের বিচিত্র কাজে মায়ের সঙ্গে শিশুর আত্মিক বন্ধন প্রতিফলিত হয়েছে বিভিন্ন চিত্রকর্মে। একইভাবে ‘কৃষকের জীবন’ চিত্রকর্মে দেখতে পাই শিশুসন্তানসহ কৃষক পিতার হাল বাওয়া, গরুর পরিচর্যা ও খাদ্য গ্রহণের ছবি। ক্যানভাসে রং–তুলি দিয়ে একেবারে কৃষিভিত্তিক বাংলার অতি সাধারণ জীবনের গল্প রচনা করেছেন শিল্পী।
ঘুড়ি বানানো ও ওড়ানো, বালকের সবুজ মাঠে ছাগল নিয়ে ঘাস খাওয়ানো, শীতের সকাল, নবান্ন, সংসারের কাজের অবসরে মেঝের বিছানায় একটু ঘুমানো, আয়না সামনে নিয়ে সাজসজ্জা—গ্রামীণ জীবনের হেন কোনো বিষয় নেই যাকে বিষয় করেননি আফজাল।
অন্যদিকে বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতি এঁকেছেন। আবার লুঙ্গি কাছামারা ও রাইফেল কাঁধে নিয়ে এক মধ্যবয়সী বীর মুক্তিযোদ্ধার দৃঢ়তা ফুটিয়ে তুলেছেন ‘১৯৭১’ নামের চিত্রকর্মে। সব মিলিয়ে প্রদর্শনীটি বিষয় বৈচিত্র্যে বাস্তবানুগ চিত্রের এক অনন্য নিদর্শন, কথাটি নির্দ্বিধায় বলা যায়।
১৬ এপ্রিল শুরু হওয়া প্রদর্শনী চলবে ৭ মে পর্যন্ত।