বাস্তবের মধ্যে স্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বেদে বহর–১’, শিল্পী: সোহাগ পারভেজ
‘বেদে বহর–১’, শিল্পী: সোহাগ পারভেজ

সোহাগ পারভেজ নদীর বাঁক আঁকেন, সঙ্গে মানুষের জীবনযাপনও। প্রকৃতিই হলো তাঁর পাঠশালা। ছবির রং ও বিষয় নিয়ে তিনি যে গল্প তৈরি করেন, তা প্রকৃতিকে ঘিরেই।
এক দশকের বেশি সময় ধরে জলরঙে ছবি আঁকছেন সোহাগ। এর আগে হয়েছে তাঁর বেশ কয়েকটি প্রদর্শনী। সেখানে প্রদর্শিত ছবিগুলোতে বিষয় হিসেবে তিনি নির্বাচন করেছেন নিসর্গকে। কিন্তু ‘আমার সোনার দেশ’ শিরোনামে এ প্রদর্শনীতে চোখে পড়ল ব্যতিক্রম। আগে ছিল নিসর্গের বিস্তার। এখন বিস্তৃত নিসর্গের মধ্য থেকে একটা চুম্বক অংশ নিয়ে তার ভেতরে গভীরতর উপলব্ধি উপস্থাপনের চেষ্টা করেছেন শিল্পী। ধানের মাঠ, আকাশ, পুরো চিত্রতলে হালচাষরত কৃষক, দুটি গরু—এসবই তাঁর ছবিকে করে তুলেছে আরও সরল।
সোহাগের জলরং-চিত্রে প্রাচ্যের ধারা অনুসৃত হলেও তার মধ্যে পাশ্চাত্যের ছায়াও লভ্য। জলরঙের ছবিতে কালো বহিঃরেখা ব্যবহার করেন তিনি। তাঁর মতে, জলরং-চিত্রে কালো রেখার ব্যবহার না থাকলে ছবির বিষয় সম্পূর্ণ হয় না। আকাশের রং ঢেকে দেয় এ শিল্পীর চিত্রতলের বৃহত্তর স্থান। সেখানে যে রংগুলো তিনি নির্বাচন করেন, সেগুলো কোবাল্ট ব্লু, আলট্রা মেরিন ব্লু ও হালকা সবুজ।
২০১১ সালের ঝড়কে প্রধান করে ছবি এঁকেছিলেন সোহাগ। প্রচণ্ড গতি ছিল সেখানে। প্রবল গতিতে ছুটছে গাছপালা, নদী, আর নৌকা। তবে তাঁর এখনকার কাজে গতির বদলে দেখা মিলছে স্থিতির। নিসর্গ অথবা মানুষের ছবিতে এখন পাওয়া যাচ্ছে আলোছায়ার খেলা। দুটি বিপরীত রঙের ব্যবহারে বিষয়ের বাস্তবধর্মী রূপটিও স্পষ্ট।
বাংলার দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে ছুটে বেড়ান সোহাগ। ফলে বান্দরবানের পাহাড়ি পরিবেশ, লেক, মুরং পরিবার, রাঙামাটির শান্ত পাহাড়ের গা ঘেঁষে বহমান নদী, নদীর তীরে বেদের বহর, বেদেনীর সাজসজ্জা—সবই ধরা পড়ছে ছবিতে। টেকনাফ থেকে কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলের নিসর্গের নানা নিদর্শন তাঁর এই ছবিগুলোতে কথা বলছে বিভিন্ন রঙের বর্ণিলতায়।
জলরঙে আঁকা এসব ছবিতে পাখির চোখে শিল্পী অনুসরণ করেছেন নিসর্গের নানা বাঁক। ছবিকে বাস্তবধর্মী করে তোলার জন্য পরিপ্রেক্ষিতের বিষয়টিও মনে রেখেছেন।
সোহাগ পারভেজ জয়নুল-কামরুলের উত্তরসূরি। তাঁর কাজে নিসর্গের রং হাজির থাকে সব সময়। ২০১৫ সালে কুষ্টিয়ার রানা ঘড়িয়ায় কিছু ছবি এঁকেছেন তিনি। এর মধ্যে একটি ছবি বান্ট সিয়েনা আর কালো কালির সূক্ষ্ম রেখায় আঁকা। ছবিটির মূল কেন্দ্রে গামলায় খাবার খাচ্ছে তিনটি গরু এবং বিশ্রাম নিচ্ছে তিনটি ছাগল। আরেকটি ছবিতে দেখা যায়, গারো মায়ের কোলে শিশু। মায়ের শরীরের রঙে রয়েছে বাস্তবধর্মী ডিটেইলিংয়ের ছাপ।
বিষয়কে সরল-সহজ করে এ রকম আরও কয়েকটি ছবি এঁকেছেন সোহাগ। যেমন ‘চাক্তাই খাল চট্টগ্রাম’ ছবিটির কথা বলা যাবে। এখানে আছে কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত চাক্তাই খালের বুকে খাতুনগঞ্জের আড়তদারের মালামাল ওঠানো-নামানোর মুহূর্ত। সব ছবিতেই সোহাগ ধরে রেখেছেন বাস্তবধর্মিতা, বিসর্জন দেননি সৌন্দর্যচিন্তাও। এথেনা গ্যালারি অব ফাইন আর্টসে গত ২২ আগস্ট শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হবে ১১ সেপ্টেম্বর।