বাহাদুর শাহের সমাধিতে ঈদের মাইফেল
রেঙ্গুনের স্যাভয় হোটেলে ব্রিটিশরাজের জামানায় নির্মিত ক্লাসিক টিক-উডের বারান্দায় বসে বেজায় নার্ভাস লাগে। আজ মাহে রমজানের শেষে রোজে-ঈদ। ঈদের সংস্কৃতি নিয়ে আমার ভ্রমণসঙ্গিনী হলেনের ধারণা স্বল্প, তবে উদ্দীপনা বেশি। এ নিয়ে উত্পাত করারও একটি প্রবণতা তার আছে। এতে আমাদের আড়াই প্রাণীর সংসারে সৃষ্টি হয় ঘাত-প্রতিঘাত এবং ঈদের দিনে ঘরোয়া জেহাদে লিপ্ত হতে চাই না বলে সিক্ত বিলাইয়ের মতো আমি চুপচাপ পাইপে ক্যানমেয়ার ফুঁকি।ঈদ নিয়ে সম্ভবত ফরাসি ভাষায় লেখা চটি পুস্তিকা পড়ে সে এলেম হাসিল করেছে যে, এ দিনে নতুন জামাকাপড় পরতে হয়। তথ্যটি সহি হাদিস দ্বারা সমর্থিত। এ তথ্যের জজবায় সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সঙ্গোপনে খরিদ করেছে সাদাকালোয় ডোরাকাটা স্পোর্টসকোট এবং বস্তুটি বাদ ফজর আমাকে পরতে বাধ্য করেছে। আমি টাই-সহযোগে তা গতরে ধারণ করে আয়নার সামনে দাঁড়াতে নিজেকে কেমন যেন জংলি জেব্রার মতো মনে হয়। এ বাবদে তার বক্তব্য হচ্ছে, দিস্ ইজ্ অ্যা ফান ডিজাইন ফান কলার। এ রমণী আজ ফান করার জন্য জান কোরবান করে বসে আছে। তাই আমি বিশেষ চুচেরা না করে টিক-উডের বারান্দায় নির্বাসন নিয়েছি। আতঙ্কের মধ্যে আছি। আঁতকা যদি সার্কাসওয়ালাদের নজরে পড়ি এবং তেনারা যদি আমাকে ক্লাউন হিসেবে হায়ার করে বসেন! ঈদের দিনে নতুন জামাকাপড় পরার রেওয়াজ আছে বটে, তবে সঙ সাজার বিধান কোথাও নেই।সিলুয়েটস্ ব্র্যান্ডের সিগনেচার কালেকশনের ফ্রিল দেওয়া ড্রেস পরে হলেন লাউঞ্জের সর্বত্র ছোটাছুটি করে রেঙ্গুন শহরে ঘুরে বেড়ানোর ইন্তেজাম করছে। সে ম্যাচ করা চোকারের সঙ্গে মাথায় বনেট পরেছে বলে তাকে ভার্জিনিয়া উল্ফের ভ্রাতুষ্পুত্রীর মতো দেখায়। ট্যুর কোম্পানি থেকে একটি হুড খোলা কুচকুচে কালো মরিস-মাইনর গাড়ি পাঠিয়েছে। হলেন উর্দিপরা শোফারের সঙ্গে খুব মনোযোগ দিয়ে ট্যুরের ডিটেইলস্ নিয়ে বকওয়াস করছে। এত আয়োজন, দেখনদারি কৃত্রিমতা, সমস্ত কিছু যে একটি সেটআপ এবং তার আবডালে হলেনের যে গোপন এজেন্ডা আছে, তা আমি ভালোভাবে ওয়াকিবহাল বলে বেজায় তাইসবিস করি। সে একটি আন্তর্জাতিক সংস্থার পক্ষে বার্মায় মানবাধিকার-লাঞ্ছিত কিছু রাজবন্দীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, গোপনে তাদের হাতে পৌঁছে দিতে চাচ্ছে কিছু সরবরাহ ও আর্থিক সহায়তা। এ তত্পরতায় রিস্ক আছে বলে সে সমস্ত ট্যুরকে এমনভাবে সাজাচ্ছে, যাতে মনে হয় বিত্তশালী এক কাপোল তাদের বাচ্চা মেয়েকে নিয়ে ফুর্তিসে রেঙ্গুনে পর্যটন করে বেড়াচ্ছে। লাওসের বার্মিস এমবেসি থেকে আমরা কার্টিসি ভিসা নিয়ে এসেছি ভিজিট মিয়ানমার ইয়ার উপলক্ষে। রাজনৈতিক নির্যাতনের কারণে পাশ্চাত্যের দেশগুলো বার্মাতে পর্যটন না করার পরামর্শ দিচ্ছে। তা উপেক্ষা করে আমরা একটি মানবাধিকার সংস্থার রিপ্রেজেনটেটিভ হিসেবে সফরে এসেছি। গতকাল এয়ারপোর্টে নামামাত্র সরকারি প্রেস আমাদের ছবি তুলেছে। পর্যটনের আড়ালে আমাদের অন্য মতলব আছে জানলে মুসিবত অবধারিত। কিন্তু হলেন বেপরোয়া, উদ্দেশ্য হাসিল সে করবেই। তার পাল্লায় পড়ে আমি সহযাত্রী হয়েছি বটে, তবে আখেরে না ধরা পড়ে আল্লাহ আল্লাহ্ করে মাতম করতে হয়, এ উদ্বেগে আমি লবেজান।যাকে আমি মরিস-মাইনরের শোফার ভেবেছি, তিনি আদতে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। মি. মিন কো ওয়ে হালফিল ট্যুর কোম্পানিতে কাজ করেন। তিনি সাদা স্যুটের সঙ্গে শোলার হ্যাট পরে এসেছেন বলে তাঁকে রেলের টিটির মতো দেখায়। আমরা বাকায়দা তাঁর ৪৫ মডেলের গাড়িতে বসলে তিনি রোদ থেকে বাঁচার জন্য হলেনকে একটি সিল্কের ছাতা দেন। রেঙ্গুনের সেন্ট্রাল এভিনিউতে ভিড়ভাট্টা, ট্রাফিক তেমন কিছু নেই, তবে আছে বিস্তর পুলিশি চেক পয়েন্টস্। আমার দোনোমনা নার্ভাসনেস্ ধরতে পেরে বাঁকা হেসে চোস্ত কুয়িনস্ ইংরেজিতে তিনি বলেন, ‘অনেক বছর আমি পুলিশ একাডেমিতে ট্রেনার ছিলাম। এ ধরনের আউয়া-জাউয়া পুলিশকে প্রশিক্ষণ দিয়ে অনেকবার কাউয়া বানিয়ে ছেড়েছি। এসব চেক পয়েন্টসেক খামোখা গুরুত্ব দেওয়ার জরুরত নেই।’ শ্যাডাগন প্যাগোডার কাছাকাছি এসে তিনি বাঁক নিয়ে পার্কের ভেতর দিয়ে গাড়ি চালান। এ বাগিচার তরুরাজি দৃষ্টিনন্দন। একটি গাছের ওপর উঠে গেছে ঘোরানো সিঁড়ি, অনেক ওপরে তিন-তিনটি ডালায় তক্তা দিয়ে বাঁধানো অবজারভেশন ডেক। আমরা একেবারে কানডাওয়াগুজি হ্রদের পাড়ে এসে থামি। সরোবরে ভাসছে সোনালি এক বজরা। কিংবদন্তির এ নৌযান সওয়ার হয়ে আছে এক জোড়া জলপ্রিয় মরালের পিটে। আমরা তার অন্দরের সেলানে এসে বসি। যেন সবকিছু ছক কাটা। মরক্কো লেদারের বাঁধানো খাতায় হলেন রেঙ্গুন ভ্রমণের ওপর মন্তব্য লেখে। বিলাতের কান্ট্রিসাইডের চিত্র আঁকা পর্সোলিনের পেয়ালায় পরিবেশিত হয় দার্জিলিং টি। কাজরি রেলিং ধরে হ্রদের জলের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে বলে আমি চায়ের কাপ নিয়ে তার কাছে যাই। সে বিড়বিড় করে ছড়া কাটে, ‘নদীর জলে, নৌকা চলে।’সোনালি বজরায় চড়া শেষ হলে মিন কো ওয়ে আমাদের নিয়ে আসেন শ্যাডাগন প্যাগোডার সিঁড়িতে। এখান থেকে ছত্র-ঢাকা হাজার-বিজার সিঁড়ি উঠে গেছে সিংগুততাররা পাহাড়ে। সেখানে অনেক শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে সহস্রাধিক হীরা পান্না চুনিতে সজ্জিত এক স্বর্ণালি বৌদ্ধস্তূপ। মিন আমাদের সিঁড়িঘরের নিচে একটি অন্ধকার কুঠুরিতে নিয়ে ঢোকেন। দুপুরবেলাও মোম জ্বলছে। মাথায় গামছা বাঁধা হাই পাওয়ারের চশমা চোখে এক বৃদ্ধ কালো মখমলের জমিনে সলমা চুমকি দিয়ে গেঁথে গেঁথে গৌতম বুদ্ধের পদছাপ আঁকছেন। এ বৃদ্ধের পরিবারের ঘটনা সম্পর্কে আমি ওয়াকিবহাল বলে ম্যালেরিয়ার কাঁপুনির মতো ঝেঁপে আসে নার্ভাসনেস্। ১৯৮৮ সালের ছাত্র-আন্দোলনে জড়িত থাকার অপরাধে সেনা টর্চারে তাঁর ছেলে মারা যায়। তাঁর কন্যা কেহেল মার ১৫ বছর বয়স থেকে লিখছে গুপ্ত সব পত্রপত্রিকায়। ১৯ বছর বয়সে সে ধরা পড়ে। এখনো কারাগারে বন্দী। এখন তাঁর বয়স ২৪। সম্ভবত তাঁর যক্ষ্মা হয়েছে। কফ-কাশিতে ঝরছে রক্ত। ধর্ষিতাও হয়েছে সে একাধিকবার, বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। বার্মার সাবেক এক সুইডিশ ডিপ্লোম্যাট ফান্ড কালেক্ট করেছেন তাঁর মুক্তির জন্য। হলেন একটি এনভেলাপে বহন করছে এক বান্ডিল ১০০ ডলারের নোট, ব্যাংককে উড়ে যাওয়ার ওপেন টিকিট ইত্যাদি। না, হলেনের চোখেমুখে নার্ভাসনেসের ছিটেফোঁটা নেই, তাকে কৌতূহলী এক আর্ট ক্রিটিকের মতো দেখায়। সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পদচ্ছাপের এমব্রয়ডারি দেখে, তারপর আতশি কাচের ভেতর দিয়ে আমিও কিছুক্ষণ দেখি ভেলভেটে আঁকা ১০৮টি প্রতীক, যার প্রতিটিতে সূক্ষ্মভাবে বিধৃত সিদ্ধার্থ গৌতমের বিবাহ, পুত্রের জন্মোত্সব ও পরিশেষে তাঁর রাজ্য ত্যাগের সলমা চুমকিতে আঁকা ছবি। দরকষাকষিতে মি. মিন সহায়তা করেন। হলেন পদচ্ছাপ কিনে দাম চুকানোর সময় বৃদ্ধের হাতে তুলে দেয় একটি এনভেলাপ।স্যাভয় হোটেলে ফেরার পথে সে জনান্তিকে বলে, এ বছর বার্মায় কারাবন্দী হয়েছে দুই হাজার ১০০ রাজনৈতিক কর্মী, ধর্ষিতা হয়েছে ৬২৫ জন নারী ও কিশোরী। সুতরাং একটু রিস্ক নিয়ে যদি একজন তরুণীকে কারামুক্ত করা যায়, তাতে অসুবিধা কী? জেলরক্ষীদের দেদার হাতে উেকাচ দিলে কাজ হবে কি, এ নিয়ে আমার সন্দেহ থেকে যায়। মিন চুরুট ফুঁকে খুব কনফিডেন্টলি বলেন, লিগেল সিস্টেম এখানে সরলরেখার মতো দড় হলেও টাকা দিয়ে একে আঁকাবাঁকা করা যাবে বৈকি?বেলা পড়ে আসে। মিন কো ওয়ে জেবুন্নিছা রায় বেরিলি ও সরকারি পর্যটন করপোরেশনের ক্যামেরাম্যান নিয়ে হোটেলে আসেন। ঈদের দিনে বাহাদুর শাহের দরগায় বৈকালিক ভ্রমণের জন্য তিনি নিয়ে এসেছেন ফিটনজাতীয় ঘোড়ার গাড়ি। গেলবার রেঙ্গুন ভ্রমণের সময় জেবুন্নিসা খালার সঙ্গে পরিচয় হয়। তিনি দিল্লির দরবার নামে একটি রেস্তোরাঁ চালান বলে রেঙ্গুনের ভারতীয় সমাজে তাঁর দরবার-কা-খালাম্মা বলে নামডাক আছে। খালা রং জ্বলা বেনারসির সঙ্গে মস্ত সব মোটরদানার হার পরে হোল্ডারে চুরুট ফুঁকছেন। আমি তাঁকে কদমবুসি করতে গেলে তিনি থিয়েটারের ঘসেটি বেগমের মতো মুখভঙ্গি করে বলেন, ‘আরে বহিন কা বেটা, কিয়া ফিরিঙ্গি কা মাফিক লেবাস পহেনকে বয়েটরাহা হায়, জলদি চুড়িদার উড়িদার পরকে তায়ার হো যাও, বাহাদুর শাহ কা দরগা পর ঈদ কা মাইফেল মে যানে হোগা না?’ বাহাদুর শাহের সমাধিতে ঈদের মাইফেলে শরিক হওয়ার বিষয়ে আমার খানিক অবদান আছে। এ উদ্যোগ, তথ্য সংগ্রহ এবং রাজনৈতিক বিরুদ্ধবাদীদের সরবরাহ প্রদানের সেটআপ হলেও এর পেছনে বদনসিব এক সম্রাটের প্রতি খানিক সহানুভূতি আছে। গেল বছর রেঙ্গুনে বাহাদুর শাহের সমাধি দেখার পর তাঁর স্মৃতি রক্ষায় একটি আন্তর্জাতিক সংঘ করা যায় কি না, এ ব্যাপারে আমি আমেরিকা, কানাডাপ্রবাসী জনাকয়েক উপমহাদেশীয়র সঙ্গে যোগাযোগ করি। মোগল ঐতিহ্যের প্রতি নস্টালজিক কিছু সুহূদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেও আমার ব্যক্তিগত বান্ধবেরা তা মজাকের চেখে দেখেন। ঘটনা যা-ই হোক, এ যুগে তো গর্ধভদের গর্দিস নিবারণের জন্য একাডেমি হচ্ছে, আর দিল্লির শেষ সম্রাট তো ছিলেন মশহুর কবি। তাঁর সমাধির উন্নয়নের জন্য আমরা আজ বহন করছি কিছু তোহফা ও নজরানাস্বরূপ কিঞ্চিৎ আর্থিক অনুদান।একখানা বহু ব্যবহূত সিল্কের শাড়ি হাতে ‘বহুমা কঁহা’ বলতে বলতে খালা হলেনে তালাশে স্যুইটের অন্দরে গেলে আমি চটজলদি কুর্তা-পায়জামা-জামেয়ারে সজ্জিত হয়ে পার্লারে বেরিয়ে আসতেই দেখি, হলেন ল্যাভেন্ডার কালারের মাইসুরি সিল্কের শাড়ি গায়ে ককো-পয়জন বলে বিষাক্ত এক পারফিউম ছড়াচ্ছে। তার অজন্তার তরিকায় পরা শাড়িটি মাজহাব মোতাবেক দুরস্ত না হলেও তা রীতিমতো দৃষ্টি-উত্তেজক। সে আকাশি রঙের সংবেদন ছড়িয়ে পুলসাইড পোর্চে আসতেই পর্যটনের ক্যামেরাম্যান আমাদের ছবি তোলে। কানে কলম গোঁজা বর্মি এ ফটোগ্রাফারের ক্যামেরাটি কম-সে-কম বছর পঞ্চাশেক আগের কডাক কিংবা অলিম্পিয়া। তার ফ্লাশলাইটের শেডটি দেখতে খিছুড়ি রান্নার হান্ডির ঢাকনার মতো। হলেন ফিটনের দরোজায় দাঁড়িয়ে আমার কওমি লেবাস পরা একটি ছবি তুলে দেওয়ার অনুরোধ করলে আমি জামেয়ার কায়দা করে কাঁধে চড়িয়ে ভাবি, আমার পূর্বপুরুষ বাদশাহ আলামপনার দরবারে হুঁকাবরদার ছিলেন এ কেসসা হলেন ও দরবার-কা-খালাম্মার কাছে জমিয়ে বলার সময় নজদিক হয়ে এসেছে।ফিটনে বসে কাজরি কেন জানি ছড়া কাটে, ‘পাল্কি চলে দুলকি তালে।’ হলেন দুঃখ প্রকাশ করে বলে, ‘স্যরি, মি. মিন কো ওয়ে পালকি জোগাড় করতে পারেননি, তবে তুমি চাইলে কালকে হাতি চড়া যাবে।’ হাতির সঙ্গে হাতাহাতির সম্ভাবনায় আমার হত্যা দিয়ে পড়ার উপক্রম হয়। মি. মিন কো ওয়ে আশ্বাস দিয়ে বাঁকা হেসে বলেন, হস্তী চড়ার দরকার কী, হাতি টানা ট্যাক্সি না-হয় জোগাড় করে দেব।’ তিনি খালাম্মার চুরুট ধরিয়ে দিলে মনে হয় তাদের জানপহচান রিসতাদারি বহুদিনের। হলেন সোনালি বজরায় বসে চা-পানের গল্প বললে মিন খালাকে বলেন, ‘তোমার মনে আছে কি, স্কুলে পড়ার সময় এখন যেখানে বজরা বাঁধার ঘাট, সেখানে আমরা চোর-পুলিশ খেলতাম?’ খালা চুরুটে জম্পেশ টান দিয়ে বলেন, ‘দারোগাজি, ওহী দিন গুজর গায়ে, আজকাল তো চোর-পুলিশের ভূমিকার পুরোপুরি অদল-বদল হ গায়ে হ্যায়। তাই বাচ্চারা আর চোর-পুলিশ খেলার জরুরত বোধ করে না।’ ঘোড়ার গাড়ির গতি দ্রুত হলে পাহাড়ের শীর্ষে শ্যাডাগন প্যাগোডার স্বর্ণালি স্তূপ মাঝরাতের নিঁদভাঙা খোয়াবের মতো হারিয়ে যায় সবুজে বৃক্ষলতার অন্তরালে। আর আমাদের ফিটন কোনো সমারোহ ছাড়াই এসে থামে বাহাদুর শাহের দরগার দেউড়িতে।সম্রাট বাহাদুর শাহের রেঙ্গুনে সুফি দরবেশ হিসেবে কদর আছে। তাঁর মাকবারার আদনা স্থাপত্য অস্বাভাবিক রকমের আটপৌরে। তসবি তিলাওতে সর্বত্র যেন কোনো এক খানকার আবহ। আঙিনায় কলতান করছে কাজলা কৈতর। মিন কাজরিকে পায়রার আদার হিসেবে দানা কিনে দেন। আর এ সুযোগে আমরা মোগল বাদশাহ সানি আকবর ও রাজপুত কুমারী লালবাঈয়ের বদনসিব ফরজন্দ আবু জাফর সিরাজুদ্দিন মোহাম্মদ বাহাদুর শাহের গরিব গোরে চেরাগ জ্বালিয়ে ফাতেহা পাঠ করি। গিলাফের ওপর আনাড়ি হাতের ক্যালিগ্রাফিতে লেখা তাঁর সিপাহি বিদ্রোহের জামানায় রচিত একটি শের, ‘গাজিয়োঁ মান বু রাহেগি জব তলক্ ঈমান কি/ তখতে লন্ডন তক্ চলেগি তেজ্ হিন্দুস্থান কি।’ ‘যতক্ষণ বীরের হূদয়ে বিশ্বাস দীপ্রমান/ ততক্ষণ বিলাতি সিংহাসনের সামনে হিন্দুস্থানের দীপ্তি ঝলসাবে।’ আগে থেকে প্রোগ্রাম করা ছিল বলে দরগার মোতোয়ালি আবদুল্লা বোখারি খান খানান খোদ এসেছেন আমাদের সঙ্গে কথা বলতে। আমি যথাবিহিত তাজিমের সঙ্গে উপমহাদেশীয় নস্টালজিকদের তনখায় কেনা মেরাদাবাদি অতরদান গোলাপপাশ ও কাশ্মীরি গিলাফ পেশ করি। আমরা বিলক্ষণ অবগত যে, আজকের ঈদ মাইফেলে হাজির আছেন ফ্রি বার্মা কোয়ালিশন বলে বিরুদ্ধবাদী রাজনৈতিক সংস্থার প্রতিনিধিরা। গিফট প্যাকেটে মোড়া আতরদান গোলাপপাশ ইত্যাদি পেশ করার সময় হলেন ও দরবার-কা-খালাম্মা অলক্ষে হস্তান্তরিত করেন রাজনৈতিক বিরুদ্ধবাদীদের জন্য আরও কয়েকটি প্যাকেট, যাতে আছে প্রিন্টারের কার্টিস, একাধিক মোবাইল ফোন ও ক্যামেরা। আর্থিক সহায়তার এনভেলাপ দেওয়ার সময় আমাদের হাতে চলে আসে আরেকটি এনভেলাপ-ভর্তি অগ্নিসংযোগ, ঘর ভাঙচুর, উচ্ছেদ ও টর্চারের ছবি ও তথ্য।বাহদুর শাহের বর্ণাঢ্য তসবিরের নিচে সেতার বাজিয়ে ঈদের মাইফেলের মুখপাত হয়। বেশ কিছু বার্মিজের মৃত্যু হয়েছে অধুনা, কারাগারে ক্রমাগত চোখে মরিচের গুঁড়ো প্রদানের ফলে দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকে, তাঁদের কেউ কেউ পঙ্গু আতুর হালতে জেলের সেলে দিন গোজরান করছেন। এদের মধ্যে শান কিংবা ক্যারেন সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আছেন রোহিঙ্গা মুসলিমরা। এ প্রসঙ্গের প্রত্যক্ষ উল্লেখ না করে বোখারি সাহেব সম্রাট বাহাদুর শাহের বিরচিত কুল্লিয়াত-ই-জাফর থেকে দুটি চরণ আবৃত্তি করে শোনান, ‘মরনেওয়ালে মারতে হ্যায়/ লেকিন ফানা নাহিন হতে/ ও হামসে কাভি জোদা নাহি হতে।’ ‘যাদের মৃত্যু হচ্ছে/ তারা বিলীন হবে না শূন্যতায়, এবং তারা বিচ্ছিন্নও হবে না কখনো।’ ]মাইফেলে ঈদ উদ্যাপনের গালগল্প শুরু হয়। জিন্না ক্যাপ পরা এক বৃদ্ধ, তাঁর চোখে বোধ করি ছানি পড়েছে, একটি মোগল পেইন্টিংয়ের প্রিন্ট মেলে ধরেন। তাতে সম্রাট বাহাদুর শাহের দিল্লিতে ঈদ পালনের চিত্র আছে। হাতির পিঠে সম্রাট, শাহজাদা ফখরুদ্দিন মির্জা ও জোয়ান বখত। এটা ছিল সম্রাটের শেষ ঈদ পালন। মিছিলের পর মশহুর সব উর্দু কবি—গালিব, দাগ, মোমিন ও জোওককে নিয়ে বাদশাহ জাফর মহলে মুশায়রা বসান। আমরা সবাই খুঁটিয়ে ১৮৪৩ সালে আঁকা চিত্রটি দেখি। ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত এ চিত্রে ভারতীয় গভর্নর জেনারেলের দিল্লির দরবারে তত্কালীন এজেন্ট টমাস মেটকাফলের রচিত টেক্সট যুক্ত আছে। চোখে ছানি পড়া ভদ্রলোক ‘আফসানায়ে গম’ বা সম্রাটের বেদনারিক্ত কাহিনি আরও বিস্তৃত করতে গিয়ে বলেন, রেঙ্গুনে কারাবন্দী অবস্থায় আরেকবার বাদশাহ তার নাতনি রওনক জামানী বেগমের জন্য ঈদ উদ্যাপনের আয়োজন করেন। সম্রাট তখন কপর্দকহীন, তাই কোশেশ করেন জেড পাথরে তৈরি বালুঘড়ি বিক্রি করতে, কিন্তু ব্রিটিশরাজের এজেন্ট ঘড়িটি বাজেয়াপ্ত করে পাঠিয়ে দেন বিলাতে। কারাবাসের শেষ দিকে সম্রাট বালুঘড়ির দিকে চেয়ে চেয়ে সময় গুনতেন। তাঁকে কাগজ কিংবা কলম সরবরাহ করা নিষিদ্ধ ছিল। এ সময় তিনি মুখে মুখে মুসাবিদা করেন আরেকটি বিখ্যাত গজল, যার চরণগুলো বেগম জিনাত মহল পোড়া অঙ্গার দিয়ে জিন্দানের দেয়ালে লিখে রাখেন। বৃদ্ধ সুর করে আবৃত্তি করেন, ‘উমর ই দরাজ মাঙ্গকে/ লায়ে থি চারদিন/ দো আরজু মে কাট গায়ি/ দো ইনতেজার মে।’ ‘দীর্ঘ জীবনের প্রার্থনায় পেয়েছিলাম মাত্র চার দিন/ আশায় আশায় কাটলো দুদিন/ বাকি দুদিন প্রতীক্ষায়।’এ গজল উচ্চারণের পর মাইফেলে নেমে আসে মৌনা। রান্নাঘর থেকে জাফরান দেওয়া বিরিয়ানির খুশবু ভেসে আসছে। কাজরি ফিসফিস করে জিজ্ঞেস করে, ‘আর দে গোনা গিভ আস এনি মিস্টি টুডে।’ হলেন খানিক দূরে আঙিনায় খালা ও মিনের সঙ্গে কী এক সলাপরামর্শে মেতেছে। সম্ভবত সে আরেকটি অভিযানের ছক কাটছে। মিন কতটা বিশ্বাসভাজন? যদি বিষয়টি ফাঁস হয়? সাপের বিষের মতো উদ্বেগ ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে আমার মধ্যে। তার পরও আজ যারা বার্মার ৯০টি বিশেষ কারাগারে ধুঁকে ধুঁকে মরছে, আমি তাদের কথা ভাবি। তাদের পরিবারের অন্যদের প্রতীক্ষার কথা ভাবি। আমাদের জিন্দেগিতে এমন কোনো দিন আসবে কি যখন তাদের স্মৃতিতে রকমারি সব মাইফেলে প্রকাশ্যে জ্বলবে চেরাগ? [email protected]