বিক্রি হয়ে গিয়েছিল আইফেল টাওয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরুন প্যারিসে গেলেন। আপনার দ্রষ্টব্যের তালিকায় সবার ওপরে থাকবে কী? নিঃসন্দেহে আইফেল টাওয়ার। এমন যদি হয়, প্যারিসে গেলেন ঠিকই। কিন্তু গিয়ে দেখেন জায়গামতো আইফেল টাওয়ারই নেই! যেন পিসি সরকারের মন্ত্রবলে স্রেফ ‘ভ্যানিশ’ হয়ে গেছে! ঘাবড়াবেন না। আইফেল টাওয়ার তার জায়গাতেই আছে। তবে ভিক্টর লাস্টিগ নামের এক মহান প্রতারক যে ফন্দি এঁটেছিলেন, সেটা সত্যি হলে আইফেল টাওয়ারটি আর সেখানে থাকত না। বাতিল লোহালক্কড়ের চালান হিসেবে চলে যেত কোনো কারখানায়! ১৯২৫ সালে লাস্টিগ যে বেচেই দিয়েছিলেন আইফেল টাওয়ার। সেটিও একবার নয়, দু-দুবার!লাস্টিগকে প্রতারক বলার আগে কেন ‘মহান’ বিশেষণটি জুড়ে দেওয়া হচ্ছে সেটি বুঝতে হলে এই সত্যি গল্প আপনাকে পুরোটা পড়তে হবে। তবে তাঁর আগে ১৮৯০ সালের জানুয়ারিতে তৎকালীন অস্ট্রিয়া-হাঙ্গেরিতে (বর্তমানের চেক প্রজাতন্ত্র) জন্ম নেওয়া এই ভদ্রলোকের আরেকটি ‘কীর্তি’র কথা শুনুন। আইফেল টাওয়ার বেচে দেওয়ার আগে লাস্টিগ আসলে হাত মকশো করেছিলেন ‘টাকার মেশিন’ বানিয়ে। তিনি এমন এক টাকার মেশিন আবিষ্কার করেন, যেটি ছয় ঘণ্টায় হুবহু ১০০ ডলারের একটি নোট কপি করে ছাপতে পারত। ছয় ঘণ্টা পরে মেশিন থেকে যে নোটটি বেরিয়ে আসত, খোদ টাঁকশালের পরিচালকের সাধ্য নেই সেটিকে জাল বলে প্রমাণ করে। এ রকম কয়েকটি মেশিন নিয়ে তিনি বেশ কিছু লোভী ব্যবসায়ীর কাছে হাজির হন। তাঁদের অনেকেই প্রতিটি ৩০ হাজার ডলার দিয়ে কিনে নেন মেশিনগুলো। এরপর ১২ ঘণ্টায় ১০০-১০০ দুটো ডলার দেওয়ার পর মেশিন থেকে শুধু বেরোতে থাকে সাদা কাগজ। পরে বোঝা যায় আসল ঘটনা। মেশিনটির ভেতরে জাল নয়, সত্যিকারেরই দুটি ১০০ ডলারের নোট ছাড়া বাকি সব শুধুই সাদা কাগজ ছিল! মেশিনটির টাকা ছাপানোর কোনো ক্ষমতাই নেই! ইচ্ছে করেই ডলার বের করতে ছয় ঘণ্টা সময়ের ব্যবস্থা করেছিলেন, যাতে বুজরুকি ধরা পড়ার আগেই তিনি পগার পার হতে পারেন।অবিশ্বাস্য বাক্-প্রতিভা, মানুষকে সহজে বশ করে ফেলার ক্ষমতা, অভিজাত বেশভূষা, অভিনব আইডিয়া আর অসাধারণ এক ব্যক্তিত্বের মিশেল দিয়ে বিশ শতকের সবচেয়ে আলোচিত প্রতারকদের একজন হয়ে উঠেছিলেন লাস্টিগ। প্যারিসে পালিয়ে আসার পর তিনি করেছিলেন তাঁর সবচেয়ে বড় জোচ্চুরিটি। দুজন ব্যবসায়ীর কাছে বেচে দিয়েছিলেন আইফেল টাওয়ার।প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কা সামলে ফ্রান্স তখন মাত্রই ঘুরে দাঁড়াচ্ছে। ফরাসি অর্থনীতিতে সুদিনের পূর্বাভাস। এমন সময় প্যারিসের বুকে দাঁড়িয়ে থাকা আইফেল টাওয়ারটি ফ্রান্সের জন্য হয়ে উঠল স্রেফ একটা সাদা হাতি। যে হাতি পোষার খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছিল সরকারকে। এ নিয়ে পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন পড়ার সময় দুর্দান্ত এক ফন্দি খেলে যায় লাস্টিগের ধুরন্ধর মস্তিষ্কে। পুরোনো প্যারিসের সবচেয়ে অভিজাত এক হোটেলে ছয়জন ধনী ব্যবসায়ীর সঙ্গে গোপন এক বৈঠকের আয়োজন করেন তিনি। সেখানে নিজের পরিচয় দেন ডাক ও টেলিগ্রাফ মন্ত্রণালয়ের ডেপুটি পরিচালক হিসেবে। ব্যবসায়ীদের বলা হয়, তাঁদের সুনাম ও সততার কারণে এই ছয়জনকে সরকার বেছে নিয়েছে গোপন এ বৈঠকের জন্য। এর পরই টোপটা ফেলেন লাস্টিগ। জানান, সরকার শিগগিরই আইফেল টাওয়ার লোহার জঞ্জাল হিসেবে বিক্রি করে দেবে। এটা একেবারেই রাষ্ট্রীয় গোপন সিদ্ধান্ত। সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা ছাড়া এ কথা কেউ জানে না। লাস্টিগের এ কথা এখন হয়তো প্রথম শোনাতেই সবাই উড়িয়ে দিত। কিন্তু সে সময় এটা অবিশ্বাস করার কোনো কারণ ছিল না। প্যারিস নগরের দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর সঙ্গে এই ‘লোহার জঞ্জাল’কে বেমানান এক আপদ হিসেবেই বিবেচনা করতে নগরবাসী। তা ছাড়া যত্নের অভাবে সে সময় এটার অবস্থা আসলে খারাপ হয়ে গিয়েছিল।নিজের প্রস্তাবকে আরও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য লিমুজিন ভাড়া করে ছয় ব্যবসায়ীর জন্য বিশেষ ‘পরিদর্শনে’র ব্যবস্থা করেন। ছয় ব্যবসায়ীর একজন অঁদ্রে পয়সোঁ টোপটা গেলেন। কিন্তু তাঁর স্ত্রী ছিলেন সন্দিহান। সন্দেহ দূর করতে লাস্টিগ আরেক চাল চালেন। পয়সোঁর কাছে তিনি ঘুষ দাবি করে বসেন। অতীতে এমন অনেক ঘুষখোর সরকারি কর্মকর্তার সঙ্গে কাজ করেছেন বলে পয়সোঁ এবার পুরোপুরি টোপ গিলে ফেলেন। তা ছাড়া এই টাওয়ারটি কিনে প্যারিসের অভিজাত মহলে জাতে ওঠার উদগ্র বাসনায় তাড়াহুড়ো করে ফেলেন পয়সোঁ। টাকা-পয়সা নিয়ে এই প্রতারণার সহযোগী রবার্ট আর্থারকে নিয়ে ভিয়েনায় চম্পট দেন লাস্টিগ। নিজের ওপর এতটাই হতাশ হয়ে পড়েছিলেন পয়সোঁ, পুলিশে পর্যন্ত নালিশ করেননি। আর সেই সুযোগে এক মাস পরে প্যারিসে ফিরে এসে আরেক দফা আইফেল টাওয়ার বেচে দিয়েছিলেন লাস্টিগ! বারবার পুলিশের চোখকে ফাঁকি দিলেও শেষ পর্যন্ত ধরা পড়ে জেলেই হয়েছিল তাঁর মৃত্যু। তবে এই সৃষ্টিশীলতার প্রতি সম্মান দেখাতেই নাকি উপহাস করে কে জানে, মৃত্যুসনদে লাস্টিগের পেশা লেখা হয়েছিল—শিক্ষানবিশ বিক্রয় প্রতিনিধি! টেলিগ্রাফ ও উইকিপিডিয়া অবলম্বনে রাজীব হাসান