বিক্রয় ডট কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ধানমন্ডির কোনো এক ইংলিশ মিডিয়াম স্কুলের অ্যাকাউন্ট্যান্ট বত্রিশ বছর বয়সী মোতাহার হোসেন পান্থপথ-সংলগ্ন বউবাজার এলাকার হক সাহেবের মেসে থাকে। বাজারে স্মার্ট ফোন প্রযুক্তি আসার পর তাদের মেসবাড়িটার পরিবেশ একেবারেই পাল্টে যায়। মোতাহার হোসেনের সমবয়সী তিন রুমমেট প্রতিদিন কাজের শেষে রাতের বেলায় পাঁচ ইঞ্চি গাঁথুনির জবুথবু মেসবাড়িটাতে ফিরে আসে। এরপর ব্যস্ত হয়ে যায় যার যার স্মার্ট ফোন নিয়ে। মোবাইল ডেটা অন করে তারা ইউটিউবে গান অথবা হাসির নাটক দেখে; ফেসবুকে বন্ধুদের পোস্টিংয়ে লাইক দেয়; বিভিন্ন ভঙ্গিতে তোলা নিজের সেলফি ফেসবুকে প্রকাশে উন্মুখ হয়। তারা মেয়েদের সঙ্গে চ্যাট করে; খবরের কাগজের ইন্টারনেট ভার্সন পড়ে; ডাউনলোড অথবা কপি করে রাখা থ্রি-এক্স ভিডিও ক্লিপ বা নগ্নিকাদের ছবিও দেখে তারা। তা ছাড়া ফেসবুকের সুবাদে পরিচিত মেয়েদের সঙ্গে ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা তো আছেই! সেই সব পরিচয়ের সূত্রে মেয়েদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়ে যাওয়াটাও বিচিত্র নয়। স্মার্ট ফোন নেই বলে এসব কিছুই করা হয় না পাবনার দোগাছি ইউনিয়নের চিথলিয়া গ্রাম থেকে আগত মোতাহার হোসেনের। রুমমেটদের ডেকে ডেকে সে বরং গল্পসল্প করতে চায়। কিন্তু স্মার্ট ফোনে ব্যস্ত মেসমেটদের তখন তার সঙ্গে গল্প করার সময় নেই। মোতাহার হোসেন তাই প্রায়ই রুমমেটদের কাছে অনুযোগ জানায়, ‘আপনেরা আসলে কেমন যিন হয়ে গিছেন! সারাডাক্ষণ খালি মোবাইল ফোন টিপতিছেন। আজকাইল তাসও আর খেইলবের চান না আপনেরা!’
মেসবাড়িটার যে রুমে মোতাহার হোসেন থাকে সেই রুমের একজন বোর্ডার—স্কয়ার হাসপাতালের নার্স মোহাম্মদ খোকন, কোনো দিন মোতাহার হোসেনকে তার নিজস্ব কোণের বেডে আমন্ত্রণ জানিয়ে বলে, ‘তাসটাস খেলনের যুগ চইলে গেছে ভাই! আসেন, আমনেরে মোবাইলে পচা ছবি দেহাই। তখন বিপুল উৎসাহ নিয়েই মোহাম্মদ খোকনের আমন্ত্রণ গ্রহণ করে মোতাহার হোসেন এবং নগ্নিকাদের স্নান অথবা সঙ্গমপর্ব দেখার পর তার মনে বারবার থ্রি-এক্সের সুবিশাল জগতে ঘুরে বেড়ানোর স্বাদ জাগে। তার অন্য রুমমেট খামারবাড়ির অফিস সহকারী শফিক উদ্দিন—তার বৈকালিক ভ্রমণের সঙ্গী, একদিন তাকে তাই একটা স্মার্ট ফোন কিনে ফেলার বুদ্ধি দেয়। কিন্তু সে হিসাব কষে দেখে, প্রতি মাসে সে যে ১৫ হাজার টাকা বেতন পায় সেখান থেকে মেসভাড়া, খাই-খরচ ও গ্রামের বাড়িতে বসবাসরত নিম্ন আয়ের কৃষক বাবার পরিবারে নিয়মিত টাকা পাঠানোর পর তার হাতে যা থাকে, তা দিয়ে কিছুতেই কোনো স্মার্ট ফোন কেনা সম্ভব নয়। এ ধরনের হিসাব-নিকাশের পর মোতাহার হোসেন ভয়ংকরভাবে হতাশ হয়ে পড়ে। শফিক উদ্দিন তখন তাকে বিক্রয় ডট কমে ঢুকে ব্যবহৃত স্মার্ট ফোন খুঁজে দেখার বুদ্ধি দেয়। বিক্রয় ডট কম থেকে অপেক্ষাকৃত কম দামে মোটামুটি ভালো কন্ডিশনের ব্যবহৃত কোনো স্মার্ট ফোন পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাদের কারোর স্মার্ট ফোনই তো আর নতুন নয়! সেগুলো সব বিক্রয় ডট কম থেকেই কেনা। বিক্রয় ডট কমে তো আজকাল কত কিছুই না হাতবদল হয়—ইলেকট্রনিকস ছাড়াও পোশাক, গাড়ি, ফ্ল্যাট, জমিজমা, এমনকি পোষা জন্তু পর্যন্ত! কাজেই শফিক উদ্দিনের পরামর্শে উদ্দীপিত হয় মোতাহার হোসেন। তা ছাড়া শফিক উদ্দিন মোতাহার হোসেনকে বিক্রয় ডট কম থেকে ব্যবহৃত মোবাইল ফোন খোঁজার কর্মযজ্ঞে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ারও অঙ্গীকার করে। অন্যদিকে মোতাহার হোসেনের পাবনা এডওয়ার্ড কলেজের প্রাক্তন সহপাঠী, বর্তমানে ফকিরাপুলের কোনো এক মশার কয়েল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উচ্চমান সহকারী কামরুল ইসলাম, মোতাহার হোসেনের আর্থিক দৈন্যের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত তাকে ছয় মাস মেয়াদে পাঁচ হাজার টাকা ঋণ প্রদান করতে রাজি হয়ে যায়। এভাবেই বিক্রয় ডট কমে প্রকাশিত বিজ্ঞাপন দেখে ৫ হাজার ২০০ টাকার বিনিময়ে স্যামসাং গ্যালাক্সি এস সিক্স মডেলের পুরোনো একটা স্মার্ট ফোন কিনে ফেলে মোতাহার হোসেন। নকিয়া কোম্পানির এন-৭ মডেলের সীমিত ফাংশনের পুরোনো মোবাইল সেটটা সেই সঙ্গে বাতিল হয়ে যায়।
স্মরণ করা যেতে পারে যে বিক্রয় ডট কমের মাধ্যমে মোতাহার হোসেন তার নতুন স্মার্ট ফোনটা কেনে পশ্চিম তেজতুরি বাজারের জনৈক যুবতীর কাছ থেকে। ফেরদৌসী আক্তার তার নাম। সেদিন রাত সাড়ে নয়টার দিকে পশ্চিম তেজতুরি বাজারের অলিগলির ভেতরে ঘুরতে ঘুরতে মোতাহার হোসেন যখন ফেরদৌসী আক্তারদের বাসা খুঁজে পায় এবং সেই জীর্ণ দোতলা বাসার নিচতলায় সে যখন ঢোকে, বিস্ময়ে তার চোখ ছানাবড়া হয়ে যায়। পঁচিশ বা ছাব্বিশ বছর বয়সী—হয়তোবা বিবাহিত, হয়তোবা একা—ফেরদৌসী আক্তারের এক চিলতে বসার ঘরের রং ওঠা সোফায় বসে থাকতে থাকতে তার মনে প্রশ্ন জাগে, মেয়েরা তবে এত সুন্দরও হয়—ঠিক সিনেমার নায়িকাদের মতন? বিহ্বলতার ভেতরেই স্বাস্থ্যবতী, লম্বা গড়ন, গোলগাল মুখমণ্ডল, পটে আঁকা চোখ, কিছুটা পুরু ঠোঁটের গৌরবর্ণার বিস্তারিত পরিচয় জানতে চাইলে যুবতীটি যা বলে তার সারমর্মটা এমন: তাদের বাড়ি সোনারগাঁ। সে তার বাবা-মায়ের সঙ্গে তেজতুরি বাজারের এই বাসায় গেল বছর তিনেক ধরে ভাড়া থাকে। পেশায় সে বাংলা সিনেমার একজন এক্সট্রা অভিনেত্রী। শিলামণি তার পোশাকি নাম। তখন মোতাহার হোসেন ফেরদৌসী আক্তার ওরফে শিলামণিকে বলে, ‘আপনের চিহারাডা না ঠিক সিনেমার নায়িকা পরীমনির মতন!’ কী আশ্চর্য! শিলামণি হাসতে হাসতে উত্তর দেয়, ‘এই জন্যই তো এফডিসিতে কইরা-কর্মে খাইতেছি! আমি পরীমনি আপুর ডামি। তা ছাড়া ছবিগুলায় নায়িকা গো সইয়ের পাট করি, আইটেম সঙে নাচি।’
জীবনে প্রথম সিনেমার কোনো আর্টিস্টকে সামনাসামনি দেখে প্রকৃত অর্থেই বিহ্বল হয়ে যায় মোতাহার হোসেন, যদিও সারা দিনের শুটিংয়ের ধকলের পর সুন্দরী শিলামণির চুড়ো করে বাঁধা খোঁপা খুবই এলোমেলো হয়ে গেছে, ধেবড়ে গেছে তার মুখমণ্ডলে লাগানো এক গাদা মেকআপ। নিজের ব্যাগ থেকে স্যামসাং গ্যালাক্সি এস সিক্স ফোনটা বের করে মোতাহার হোসেনের হাতে দিয়ে ক্লান্ত কণ্ঠে শিলামণি বলে, ‘কী দেখবেন, জলদি দেহেন। এই মাত্তর শুটিং কইরা ফিরছি, ভাই! অহন ফ্রেশ হইতে হইব।’
বলে রাখা ভালো যে স্মার্ট ফোনের কাজকারবার তেমন একটা জানে না মোতাহার হোসেন। তবু সে ঘুরিয়ে-ফিরিয়ে সেটটা পরখ করে দেখতে পায়, সেটটার কোথাও কোথাও রং চটে গেছে মাত্র। তাতে করে পুরোনো স্মার্ট ফোনটা কেনাতে কোনো আপত্তি থাকে না মোতাহার হোসেনের। তাই সে ঘোষণা দেয়, ‘ঠিক আছে। এইডে আমি নেব।’ এমতাবস্থায় সাব্যস্ত হয় যে আগামীকাল রাতে এসে মোতাহার হোসেন টাকা পরিশোধ করে সেটটা নিয়ে যাবে।
তাই পরদিন রাত সাড়ে ১০টার দিকে শিলামণিদের বাসার দরজায় ফের কড়া নাড়ে মোতাহার হোসেন। দরজা খুলে দিয়ে জীর্ণ সোফাটায় ধপ করে বসে পড়ে টিয়া রঙের শাড়ি আর লাল ব্লাউজ পরা শিলামণি। ভাদ্র মাসের গরমে গলে গলে পড়তে থাকে তার মুখমণ্ডলের গাঢ় মেকআপ। সাইড ব্যাগে হাত চালিয়ে খুঁজে খুঁজে সে দুটো স্মার্ট ফোনের সেট বের করে এবং সারা দিনের গভীর ক্লান্তিতে কোটরে বসে যাওয়া লাল চোখ তুলে মোতাহার হোসেনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, ‘ট্যাকা আনছেন নেকি, ভাই?’ বিনাবাক্য ব্যয়ে প্যান্টের পকেট থেকে টাকাভর্তি একটা খাম বের করে টেবিলে রাখে মোতাহার হোসেন। খাম খুলে ধীরে ধীরে টাকা গোনে শিলামণি। টাকা বুঝে পাওয়ার পর তার স্যামসাং গ্যালাক্সি সেট থেকে সিম বের করে নিয়ে সেটটা সে বাড়িয়ে দেয় মোতাহার হোসেনের দিকে। স্যামসাং গ্যালাক্সি সেট হাতে নিয়ে সেন্টার টেবিলের ওপরে রাখা এলজি কোম্পানির জি-থ্রি মডেলের মোবাইল সেটের দিকে অনুসন্ধিৎসু দৃষ্টিতে তাকিয়ে থাকে মোতাহার হোসেন। কী মনে করে শিলামণি তখন তাকে জানায়, এলজি কোম্পানির জি-থ্রি মডেলের মোবাইল সেটটা অনেক পাতলা বলে বহন করা সহজ। তবে এলজির এই সেটটার সমস্যা হলো, এটা দিয়ে ফটাফট ওয়াইফাই ধরা যায় না। শুটিংয়ের ফাঁকে ফাঁকে ইউটিউবে গানটান দেখলে অথবা বিভিন্ন পাতায় ঢুকে পোশাক বা সাজুগুজুর জিনিসপত্তর ব্রাউস করলে আসলেই সময় কাটে ভালো। কাজেই মোবাইল সেটটা বিক্রি করে দেওয়ার জন্য জলদি সে বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দেবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় ঢোকার ইচ্ছা হয় মোতাহার হোসেনের। তার মনে হয়, আলাপ দীর্ঘায়িত হলে মেয়েটার সুশ্রী মুখ এবং মোহনীয় শরীরের ভাঁজগুলোর দিকে চোরা চোখে বেশিক্ষণ ধরে তাকিয়ে থাকা যেতে পারে। কিন্তু এফডিসিতে সারা দিন ধরে গানের শুটিং করে ক্লান্ত, বিধ্বস্ত শিলামণির ভেতরে তেমন কোনো আগ্রহ দেখা যায় না। তখন খোঁপার কাঁটা এবং হাত, গলা ও কানের ফলস গয়নাগাটি খুলতে বসে শিলামণি। সিলিং ফ্যানের বাতাসের ভেতরেও ভাদ্র মাসের গরমে ঘামতে ঘামতে সে মোতাহার হোসেনকে বলে, ‘ভাই, অহন আমি মেকআপ তুইলা, কাপড় ছাইড়া গুসুল কইরা রান্না করুম। তারপর খাওন-দাওন। আপনে অহন উঠেন!’ তাই ব্যর্থ মনোরথে স্মার্ট ফোনটা পকেটে ভরে নিয়ে তেজতুরি বাজারের সেই বাসা থেকে বের হয়ে যায় মোতাহার হোসেন।
ইংলিশ মিডিয়াম স্কুলের অফিসের বিবিধ কাজ—জুতা সেলাই থেকে চণ্ডিপাঠ পর্যন্ত, বিকেলে একটু ঘোরাঘুরি এবং রাতে মেসবাড়ির বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ডেটা চালু করে স্মার্ট ফোনে হিন্দি ছবির গান দেখা, হাসির বাংলা নাটক অথবা পচা ছবি উপভোগ করা কিংবা বেশি বেতনের চাকরি খোঁজার ফাঁকে ফাঁকে মোতাহার হোসেনের মানসপটে বারবার ভেসে উঠতে থাকে সুন্দর মুখের শিলামণির ছবি। সেই ছবি তাকে মনে করিয়ে দেয় যে দোগাছির চিথলিয়া গ্রামের তার বাল্যপ্রেমিকা সাজিদা বেগমের সঙ্গে আর কোনো দিন ঘনিষ্ঠ যোগাযোগ ঘটবে না; কেননা বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সাজিদা বেগম এখন তার স্বামীর সঙ্গে সুজানগরে স্থায়ীভাবে বসবাস করে। সে খুব একটা চিথলিয়াতে আসে না, আর এলেও তখন হয়তো স্কুল থেকে ছুটি পায় না মোতাহার হোসেন। সাজিদা বেগমের কথা মনে হওয়াতে মোতাহার হোসেন সর্বৈব এক বিষণ্নতায় আক্রান্ত হয়। মানসপটে সুন্দরী শিলামণির ছবি তাকে তার বর্তমানের ধিক্কৃত জীবনের কথাও স্মরণ করিয়ে দেয়, যেখানে শারীরিক তৃষ্ণা নিবারণের জন্য বিবাহিত অথবা অবিবাহিত মেসমেটদের মতো করেই তাকে প্রতিবার সঙ্গমের জন্য ৫০ টাকার বিনিময়ে ছুটাবুয়া মোমেনার দারস্থ হতে হয়। এসব হতাশা আর ধিক্কার তাকে তীব্রভাবে খোঁচায় এবং বলে যে বউবাজারের এই মৃত সবজির গলি থেকে, স্যাঁতসেঁতে এই মেসবাড়ি থেকে তাকে সুস্থ কোনো পরিবেশে পালিয়ে যেতেই হবে শিগগিরই কোনো দিন!
বিক্রয় ডট কম থেকে মোবাইল ফোন কেনার প্রায় এক মাস পরে কোনো একদিন শিলামণিকে ফোন করে বসে মোতাহার হোসেন। বারবার চেষ্টার পরে বুঝতে পারে, আসলে বন্ধই হয়ে আছে গ্রামীণফোনের সেই নম্বরটা। কাজেই শিলামণির সঙ্গে যোগাযোগে উন্মুখ মোতাহার হোসেন এক রাতে পশ্চিম তেজতুরি বাজার এলাকায় যায় এবং কুণ্ঠিত পদক্ষেপে শিলামণিদের বাসার আশপাশে ঘোরাঘুরি করতে থাকে। তার মনে হয়, ঘোরাঘুরির কোনো পর্যায়ে যদি শিলামণির সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যায়! শিলামণিদের বাসা যে অন্ধ গলিতে অবস্থিত তার মুখে ঢুকতেই একটা চায়ের দোকান। সেখানে বসে বসে সারাটা ক্ষণ আড্ডা দেয় সেই মহল্লার মানুষজন, যারা বারবার সন্দিগ্ধ হয়ে তাকাতে থাকে আগন্তুকের দিকে এবং ততোধিক সন্দেহে ঘেউঘেউ করে ডাকতে ডাকতে তাকে অনুসরণ করে সেই চিপা গলির সব নেড়ি কুকুরেরা। কাজেই শিলামণিদের মহল্লায় ঘোরাঘুরি করাটা মোতাহার হোসেনকে বাদই দিতে হয় শেষ পর্যন্ত। এমন একটা পরিস্থিতিতে মোতাহার হোসেনের পাবনা-জীবনের বন্ধু, মতিঝিলের কোনো এক শিপিং লাইনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোশতাক মাহমুদ স্মরণ করতে পারে যে এলজি জি-থ্রি স্মার্ট ফোনের কার্যকারিতার ব্যাপারে একদা মোতাহার হোসেনের কাছে অভিযোগ তুলেছিল শিলামণি এবং সে বিক্রয় ডট কমের মাধ্যমে স্মার্ট ফোনটা বিক্রি করেই দিতে চেয়েছিল। কাজেই মোতাহার হোসেনের উচিত হবে এই মুহূর্তে বিক্রয় ডট কমে প্রকাশিত স্মার্ট ফোনের সব বিজ্ঞাপন পরখ করে দেখা। শিলামণি তার স্মার্ট ফোনটা বিক্রির বিজ্ঞাপন দিলে তো মোতাহার হোসেনের পোয়াবারো—তার সঙ্গে তখন তার আবারও দেখা হয়ে যেতেই পারে! মোশতাক মাহমুদের পরামর্শ পছন্দই হয় মোতাহার হোসেনের; যদিও মোতাহার হোসেনের রুমমেট পান্থপথের কোনো এক চশমার দোকানের কারিগর আবদুর রাজ্জাক তাকে হতাশার বাণী শোনায়। সে তার নিজের অভিজ্ঞতা থেকে বলে, মোতাহার হোসেনের চেহারাছবি খুব একটা খারাপ না হলেও তার পকেটভর্তি টাকা নেই জন্যে কোনো মেয়ে, বিশেষ করে সিনেমার কোনো আর্টিস্ট যে তাকে পছন্দ করবে সে সম্ভাবনা আসলে খুবই ক্ষীণ। মেয়েরা অতটা উল্লুক নয়।
বন্ধু মোশতাক মাহমুদের পরামর্শমতো টানা সপ্তাহ তিনেক বিক্রয় ডট কমে বসে থাকার পর শিলামণির এলজি কোম্পানির জি-থ্রি মডেলের মোবাইল সেটের কোনো বিজ্ঞাপন দেখতে পায় না মোতাহার হোসেন। শেষাবধি হতাশ হয়ে ওই কর্মপ্রচেষ্টা ত্যাগ করে সে। একসময় ফেসবুকের তথ্যভান্ডারে ঢুকে মোতাহার হোসেন শিলামণিকে বন্ধুত্বের আমন্ত্রণ পাঠায়। তার আমন্ত্রণে সাড়া দেয় না শিলামণি। কদিন পরপর সে শিলামণির ইনবক্সে ‘কেমন আছেন?’ ধরনের মেসেজ রাখে। কিন্তু কোনো উত্তর দেয় না শিলামণি এবং তাতে করে ফেসবুকের ১৭৮ জন বন্ধু অর্থহীন হয়ে পড়ে মোতাহার হোসেনের কাছে। এদিকে ফেসবুক পেজে নিজের বিভিন্ন ছবি পোস্ট করে শিলামণি। ফেসবুকে বসে বসে সেসব দেখে মোতাহার হোসেন। টানা কিছুদিন ধরে অস্থির ফোনও যায় শিলামণি বরাবর। তবে শিলামণির দিক থেকে সেই সব ফোন কলের কোনো উত্তর থাকে না—কেবল অখণ্ড নীরবতা দিনের পর দিন। এমতাবস্থায় মোতাহার হোসেনের মন ভেঙে যায়। সে শিলামণিকে ভুলে যেতে চেষ্টা করে এবং ফেসবুকে চেনা-অচেনা বিভিন্ন মেয়ের সঙ্গে চ্যাটে প্রবৃত্ত হয়।
মাস পাঁচেক পরে মাঘ মাসের শুরুতে হঠাৎ একদিন বিক্রয় ডট কমে ভেসে ওঠে শিলামণির ব্যবহৃত এলজি কোম্পানির জি-থ্রি মডেলের মোবাইল ফোনের বিজ্ঞাপন। তখন সঙ্গে সঙ্গেই শিলামণিকে ফোন করে বসে মোতাহার হোসেন এবং পরিচয় দেওয়ার পর তাকে চিনতে পারে মেয়েটি। শিলামণি তাকে বলে, ‘মোবাইল খুঁজতাছেন নেকি? কিন্তু আমি তো মোবাইলডা অলরেডি বেইচা দিছি, ভাই!’ এভাবে স্মার্ট ফোন কেনার ছলে শিলামণির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাটা বিনষ্ট হয়ে যাচ্ছে দেখে হতাশ হয়ে চুপ করে যায় মোতাহার হোসেন। তখন শিলামণি মোতাহার হোসেনকে জানায় যে এই মুহূর্তে সে আশুলিয়ার ঝিলের ধারে একটা নাচের শুটিংয়ে ব্যস্ত। কাজেই বেশি কথা বলা যাবে না। মোতাহার হোসেন বরং রাত সাড়ে ১০টার দিকে তাদের তেজতুরি বাজারের বাসায় আসতে পারে। সংক্ষিপ্ত কথপোকথন শেষে তারপর ফোন কেটে দেয় ব্যস্তসমস্ত শিলামণি।
সেদিন রাতে পশ্চিম তেজতুরি বাজারে যেতে পা আর সরে না বিমর্ষ মোতাহার হোসেনের। শিলামণিদের বাসার ঘরের জীর্ণ সোফায় বসে কোনো কথার সূত্রপাত করে না সে। তার সামনের সোফাটায় বসে সারা দিনের শুটিংয়ের ধকলে শত ভাঁজ পড়ে যাওয়া নীল জামদানি শাড়িটা ঠিক করতে করতে স্মিত হাস্যে শিলামণি তাকে বলে, ‘আসলে আপনে ফোন করনের আগেই না একজনে মোবাইলটা কিন্না নিয়া গেছে গা। অহন কন তো দেহি, আপনে মোবাইল বদল করতে চান কেন? মোবাইল যুদি কাম না করে তো সারায়া লন না! এত ট্যাকাপয়সা খরচ করনের কী হইল?’
শিলামণির প্রশ্নের উত্তরে মাথা নিচু করে বসে থাকে মোতাহার হোসেন। সে কেবল সংক্ষেপে বলে, ‘ভালো একখেন মোবাইল কিনবের চাইছিলেম! সেলফি ভালো উঠে না এইডে দিয়ে।’
‘অত সেলফি তুলতে হইব না আপনের! ট্যাকা জমান গিয়া।’ এই বলে শুটিংয়ের প্রয়োজনে রচিত মেকি বেণিটা ক্লান্ত আঙুলে খুলতে শুরু করে শিলামণি। কাঠের সেন্টার টেবিলের ওপরে জড়ো হতে থাকে হাজারো কালো ক্লিপ ও ভাঁজে ভাঁজে বসানো সিনথেটিক পরচুলা। একটু পরেই হয়তো ক্রিম মেখে তুলো দিয়ে ডলে ডলে শিলামণি তুলে ফেলবে তার সব মেকআপ। তারপর হয়তোবা সে সহজ হবে।