বিক্ষোভের সময়েও তৎপর চোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে হোসনি মোবারকের বিরুদ্ধে দেশটির মানুষ যখন বিক্ষোভে উত্তাল, তখন কিছু সুযোগসন্ধানী দুষ্কৃতিকারী ব্যস্ত লুটতরাজের ধান্দায়। তারা এরই মধ্যে কায়রোর ইজিপশিয়ান মিউজিয়ামে রক্ষিত নৃতাত্ত্বিক নিদর্শন চুরির চেষ্টা চালিয়েছে। তার পর থেকেই শহরজুড়ে মিছিল সমাবেশ চললেও দেশপ্রেমী সাধারণ মানুষ ও পুলিশ মিলে ঘিরে রেখেছে জাদুঘরটি। তাদের পাহারায় জাদুঘরের কোনো মূল্যবান সম্পদ এখনো খোয়া যেতে পারেনি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার দুটি রাজকীয় মমি। এসব দুষ্কৃতিকারী শুধু জাদুঘরে নয়, লুক্সর ও আলেকজান্দ্রিয়ার মতো নৃতাত্ত্বিক এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও পুরাকীর্তি ও সোনাদানা চুরির আশায় চষে বেড়াচ্ছে। দেশবাসী বিক্ষোভে ব্যস্ত আর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যস্ত বিক্ষোভকারীদের সামলাতে। এতে নিরাপত্তাব্যবস্থা শিথিল হয়ে পড়ার সুযোগটাই কাজে লাগাতে চাইছে এরা। তবে ন্যাশনাল জিওগ্রাফির পুরাতত্ত্ববিদ জাহি হাওয়াস অবশ্য বলেছেন, দেশটির জাদুঘরগুলোর নিরাপত্তাব্যবস্থা এখন যথেষ্ট জোরদার করা হয়েছে। সপ্তাহান্তেই এগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: হাইলাইটস ম্যাগাজিন