বিচ্ছিন্নতার প্রয়াস
বাংলাদেশের মতো দরিদ্র দেশে শিল্পকলা নিয়ে আন্তর্জাতিক মানের সচিত্র পত্রিকা প্রকাশ করা প্রায় অসম্ভব বলা যায়। বিশেষত, ছবিবিষয়ক যেকোনো পত্রিকার মুদ্রণ-ব্যয় আমাদের দেশের অর্ধবিকশিত কোনো সরকারি বা বেসরকারি প্রকাশনও অবাস্তব মনে করে। দেশি-বিদেশি অর্থানুকূল্যে সম্ভব হলেও এ ধরনের গ্রন্থনার উদ্যোগ গ্রহণ করা বেশ জটিল। এ রকম একটি বাস্তবতায় কাজী আনিসুল মুকিতের সহায়তায় শিল্পী মোস্তফা জামানের সম্পাদনায় ডিপার্ট শিরোনামে বেরিয়েছে যে পত্রিকাটি, তা বেশ মনোগ্রাহী। দীর্ঘদিনের প্রস্তুতি, পরিকল্পনা আর সফল কর্মোদ্যমের ফসল যে এটি, সহজে অনুমেয়।বিশ্বজুড়ে দৃশ্যশিল্প দ্বিমাত্রিকতার দেয়ালবদ্ধতা ছেড়ে ক্রমশ বেরিয়ে পড়ছে ত্রিমাত্রিক অবলোকনের বাস্তবতায়, স্বভাবতই পত্রিকাটি দ্বিমাত্রিক শিল্পমাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। ফিল্ম, ফটোগ্রাফি, আর্কিওলজি, ফোক আর্ট, ইনস্টলেশন, শিল্প-ইতিহাস, কনটেমপোরারি নানাবিধ বৈচিত্র্যময় প্রেক্ষাপট নিয়ে আলোচনা রয়েছে এখানে। আলোচকেরা এ দেশের শিল্পকলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি। সম্পাদনার কাজে জড়িত রয়েছেন লেখক, শিল্পী ও শিক্ষক।শিল্পবিষয়ক এমন একটি পত্রিকার ফর্ম বা মডেল হিসেবে আমাদের কাছে ইউরোপই আদর্শ। রাজধানীর নেপথ্যে জনরুচির ক্লিন্ন আত্মরতি থেকে এসব ফর্মের উৎসারণ ঘটেছিল। যার উদ্দিষ্ট ছিল সমাজের এলিট। বলা হয়, শিল্পকলাকেও এই এলিটরাই সর্বদা টাকাপয়সা দিয়ে বাঁচিয়ে রেখেছিল। তাদের শিল্প-সম্ভোগের নানামুখী আচরণ একেকটি ফর্ম হিসেবে রূপ পেতে শুরু করে তারপর। কিন্তু তার পরও ইউরোপীয় মডেল আমাদের জীবনযাপন এবং শিল্প পাঠের অভ্যাসে বাধা হয়ে দাঁড়ায়। এমনকি আমরা যখন রিকশা পেইন্টিং নিয়ে লিখতে বসি কিংবা আদিবাসী জীবনের নন্দনতত্ত্ব অথবা সাউথ এশিয়ান রিজিয়ান শিল্প-ইতিহাস তৈরির একটি কাঠামো পেতে চাই, সেটাও হয়ে দাঁড়ায় ইউরোপীয় মডেলের নৃতাত্ত্বিক বনেদি শিল্পরুচিতে শামিল। আমাদের প্রধান মানবধারার অন্তর্গত শিল্প-উপলব্ধিতে শেষ পর্যন্ত তা এলিয়ান থেকে যায়। শিল্পকলার ইতিহাস কোন ফর্মে লেখা উচিত? ইতিহাসের তত্ত্বকে ব্রতকথা, পাঁচালি, কথকতা, কীর্তন ইত্যাদি যা কিছু আমাদের ছিল, তার আঙ্গিকেই কি লেখা আমাদের ফর্ম? এখন তো চাইলেও কেউ মঙ্গলকাব্যের ফর্মে ফেরত যেতে পারবে না; কথকতা লিখতে পারবে না। তাহলে আদর্শ মডেল কী হতে পারে আমাদের? এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের শিল্প-ইতিহাস পাঠের অভিজ্ঞতা আমাদের নেই। শিল্পকলার ইতিহাস পাঠকের নন্দনতাত্ত্বিক চিন্তার সংকটকে কোন ভাষা ব্যবহারে প্রতিহত করা যেতে পারে?এ ব্যাপারে কোন অভিজ্ঞতা প্রযোজ্য—এসবই ভাবনার উদ্রেক করে পত্রিকাটি। শিল্পকলার ওপর টেকনোলজির দখলই কি এলিট বিচ্ছিন্নতা রচনা করে? এসব প্রশ্ন মনে আসছে ডিপার্ট পত্রিকার আলোচ্য সংখ্যাটি দেখে। আমরা কি সর্বজনীন হওয়াকে নিরুৎসাহিত করি? আকাঙ্ক্ষা আর সম্ভাবনার অমিত অভিপ্রেত দেখতে পাই পত্রিকাটিতে। সেখানে এলিটিস্ট আদলটি কি সংকট তৈরি করছে না? বাংলাদেশের সমসাময়িক শিল্পকলার গতিপ্রকৃতি, চর্চার ধরন বুঝতে ডিপার্ট-এর ভূমিকা থাকবে এমন আশা করা যায়। দেবেশ রায় বলেন অন্য রকম, ‘রবার্ট ক্লাইভ যখন মুর্শিদাবাদে ঢোকেন, তখন রাস্তার পাশে যত লোক দাঁড়িয়ে ছিল, তারা প্রত্যেকে একটা করে ঢিল ছুড়লে সসৈন্যে ক্লাইভ মারা পড়তেন। টেকনোলজির আক্রমণ সেই আক্রমণের চেয়েও ভয়ংকর।’ শিল্প-সাহিত্যের ক্ষেত্রে লেখক বা শিল্প-সংশ্লিষ্ট গ্রাহকের ভূমিকা কি নিরপেক্ষ থাকবে, নাকি তাঁরা রাস্তা থেকে ঢিল তুলে নেবেন—সেটা কে ঠিক করবে? হয়তো শিল্প-সাহিত্য বা শিল্পকলাই একমাত্র মাধ্যম, যা পাল্টা আক্রমণ করে অন্য ঘটনার জন্ম দিতে পারে।ডিপার্ট পত্রিকাটির এই সম্ভাবনার পথ তার বিষয়বস্তুর ভেতরে নিহিত রয়েছে।