বিছিন্নতার ধারাবাহিকতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু মানুষ আছেন যাঁরা সৃষ্টি করেন, কিছু মানুষ যাঁরা তারিফ করেন কিংবা বিশ্লেষণ করে শিল্পকর্ম ও শিল্পীর অবদানের মূল্য নির্ণয়ে সহযোগিতা করেন। পুরো প্রক্রিয়াতেই যে ‘নান্দনিক অভিজ্ঞতা ও কর্ম’ রয়েছে, তা সমাজের আবহমান কালের সংস্কৃতির গভীরে প্রোথিত শিকড়। এর আবার ভালো ও মন্দ দুটো দিকই আছে। যেহেতু এটি একটি দর্শন। সুতরাং এতেও দৃষ্টিভঙ্গিগত প্রভেদ রয়েছে। শিল্পীর সৃষ্ট শিল্পকর্মের বিচার এখন দীর্ঘকাল পেরিয়ে আসা মানবসভ্যতার জীবন-সংস্কৃতির ইতিহাসের অংশ। একবিংশ শতাব্দীর প্রযুক্তির বিকাশ ও জটিল সমাজচিত্র, আন্তর্জাতিক পরিমণ্ডলে একাগ্র শিল্পচর্চার অভিজ্ঞতা শিল্পী মনিরুল ইসলামকে একরকম ‘বিচ্ছিন্নতা ও ধারাবাহিকতা’র সম্মিলনের উপলব্ধিতে নিমগ্ন করেছে। নতুন যাত্রা করা বেঙ্গল আর্ট লাউঞ্জে ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া ৪০টি চিত্রকর্মে প্রকাশিত অভিব্যক্তি এভাবেই ধরা পড়ে। শিল্পী মনিরুল ইসলামের চিত্রকর্মগুলো মূলত ‘বিমূর্ত’ ধারার বৈশিষ্ট্য বহন করে ‘প্রকাশবাদী’ আঙ্গিকে। শিল্পী স্বাধীনভাবে তাঁর ছবিকে এগিয়ে নেন একটি গন্তব্যে। সুপরিকল্পনা তাঁর ছবির বৈশিষ্ট্য নয়, বরং সম্পূর্ণতা ও অসম্পূর্ণতাই বৈশিষ্ট্য; যেন অনুভূতিসঞ্চিত আবেগ নিবন্ধিত কাব্যগুণাবলি। টেক্সচার (বুনট) ব্যবহার, পরতের পর পরত রঙের দক্ষ ও নমনীয় মিশ্রণ, প্রয়োজনমতো কখনো জ্যামিতিক কিংবা জৈবিক ফর্মের ব্যবহার, আরও পরিণতি দিতে কোথাও মোটা বা সরু দ্বিমাত্রিক রেখা দেওয়া, কখনো রেখার ছায়া দেওয়া কিংবা কোলাজ করা ও ছাপচিত্রের মাধ্যম ব্যবহারে মিশ্রমাধ্যমের সহায়তা নেওয়া শুধু শিল্পীর চেতনার ভাষাকে সমৃদ্ধতর প্রকাশ ঘটানোর জন্য।শিল্পীর চিত্রপটে দৃশ্যনীয় ‘স্থান’-এর অবস্থান খুব গুরুত্বপূর্ণ। ছবির বস্তুর অবস্থানের সঙ্গে পজিটিভ ও নেগেটিভ স্থানের (স্পেস) বিশ্লেষণ বিদ্যমান। ক্যানভাস বা চিত্রপটগুলোর রং ও ফর্ম, রেখা ও স্পেসের ব্যবহার একধরনের ‘পারফর্মিং’-এর ভেতর দিয়ে চলতে থাকা বিষয়গত ধারণা। ‘কনসেপ্ট’ দিয়ে ছবিকে বুঝতে গেলে ছবির নামের ‘টেক্সট’ সহযোগিতা নিতে হতে পারে দর্শকের। ‘অটাম ফ্যান্টাসি’ ছবিতে ধূসর সাদা-বাদামি রঙের বিবিধ টোন মিলেমিশে আছে পেছনের চিত্রপটের ওপরিতলে তৈরি করা টেক্সচারের সঙ্গে। একদিকে এক ফালি কমলা রঙের লেপন, অন্যদিকে মেটে রং, পুরো ছবি মূলত একটি আবেগীয় বৈশিষ্ট্যের উচ্চারণ। এর বোধগম্যতা শিল্পীর ছবিতে একরকম ও দর্শকের দৃষ্টিতে আরেক রকম হওয়াটাই স্বাভাবিক ‘বিমূর্ত’ ভাষার মূর্ত বাস্তবতায়। অন্যান্য ছবি ‘আর্টিস্ট অ্যান্ড হিজ ওয়ার্ল্ড’, ‘ফেস’, ‘ব্লু প্লানেট’, ‘হাউস অব মাই ব্ল্যাক লাভ’, ‘ডিভোশন অ্যান্ড ডাউট’, ‘দি মিউজিশিয়ান’, ‘দি ব্ল্যাক লাভার’, ‘দি আর্থ অ্যান্ড দি স্কাই’, ‘এল অ্যাক্রবাটা’, ‘সাউন্ড অব ওয়াটার’, ‘মেকানিক্যাল ম্যান’, ‘সিলভার জার্নি’ ইত্যাদি। অধিকাংশ ছবি অ্যাক্রেলিক মাধ্যমে করা, তাতে কখনো প্যাসটেলে করা রেখা দৃশ্যমান। কিছু তেলরং করা ছবিও আছে। অধিকাংশ ক্যানভাস চতুষ্কোণ, কিছু সরু লম্বাটে। বেঙ্গল আর্ট লাউঞ্জ গ্যালারিতে আভিজাত্যের সঙ্গে প্রদর্শিত হচ্ছে শিল্পকর্মগুলো। অবশ্য শিল্পী মনিরুল ইসলামের ছবির ভাব-ভাষা-আঙ্গিক কিংবা নান্দনিক রস বিচার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অভিজাত শ্রেণী এবং কিছু উচ্চমধ্যবিত্তের বোধগম্যের মধ্যে বিদ্যমান। সামাজিক শ্রেণীবৈষম্যের মতোই শিল্পের ক্ষেত্রেও নান্দনিক শ্রেণীবৈষম্য হলো বাস্তবতা। নন্দনতাত্ত্বিক যুক্তি-তর্কে এসব বৈষম্য-বিভেদ নিয়ে বিস্তর মতভেদ চলছে বহু যুগ থেকেই। আবার শিল্পীরাও নিজ নিজ দর্শনে থেকেই শিল্পচর্চা করে গেছেন এসবের সঙ্গেই। শিল্পী মনিরুল ইসলাম একই সঙ্গে দীর্ঘদিন শিল্পচর্চায় নিমগ্ন একজন অধ্যবসায়ী ছাপচিত্র ও চিত্রশিল্পী। কাব্য-বক্তব্যগুণ, গভীরতর সৃজনভূমির বিকাশ, অভিব্যক্তির রহস্যময়তা শিল্পীকে করে তোলে গহনতা সন্ধানী উৎকর্ষময়। যদিও শিল্প, শিল্পী ও সাধারণ মানুষের মধ্যকার দূরত্বের সীমা অমীমাংসিতই থেকে যায়।শিল্পী মনিরুল ইসলাম: জন্ম ১৯৪৩ সালে জামালপুরে। এ পর্যন্ত তাঁর প্রায় ৩৪টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে। দেশে-বিদেশে বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। ১৯৯৯ সালে ‘একুশে পদক’, ২০১০ সালে স্পেন সরকারের ‘ক্রস অব অফিসার অব দ্য অর্ডার অব কুইন ইসাবেলা’ পুরস্কারসহ দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছেন। ১৯৬৯ সালে সাংস্কৃতিক স্পেন সরকারের দেওয়া বৃত্তি নিয়ে স্পেনে যান এবং তখন থেকে বর্তমান সময় পর্যন্ত স্পেনে ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন।