বিজয়ের চিত্রমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুকুরপাড়ে, গাছের ছায়ায়, কাচঘেরা কক্ষে নিবিষ্ট মনে কাজ করছেন শিল্পীরা। ক্যানভাস, রঙের টিউব, কৌটা ছড়িয়ে আছে শিল্পীদের আশপাশে। শিল্পী মুস্তাফা মনোয়ার শেষ আঁচড় দিচ্ছেন ক্যানভাসে। বলছিলেন, ‘মায়ের মতোই আমার দেশের প্রকৃতিকে, মানুষকে ভালোবাসি।’ তাঁর ক্যানভাসে বিস্তৃত দিগন্ত এসে মিশেছে দূরনদীতে। ঝিলের পাড়ে আনন্দে খেলে যাচ্ছে ঘাসফুল। বিজয় দিবস উপলক্ষে ৩৫ জন শিল্পীকে নিয়ে বেঙ্গলের এই আয়োজন। শুরু হয়েছিল ১৬ ডিসেম্বর, শেষ হলো ১৮ ডিসেম্বর।চিন্তা ও কৌশলে প্রত্যেক শিল্পীর কিছু না কিছু নিজস্বতা থাকে। এ নিজস্বতা নিয়ে শিল্পীরা তাঁদের ক্যানভাস সাজিয়েছেন। একাত্তরের মুক্তির সংগ্রাম, যুদ্ধদিনের নৃশংসতা, ভয়াবহতা, আর্তনাদ, যুদ্ধশেষে জয়ের আনন্দের প্রকাশ ঘটিয়েছেন। কোনো কোনো শিল্পীর ক্যানভাসে তাঁদের নিজস্ব ভাবনার প্রতিফলন ঘটিয়েছেন। কালিদাস কর্মকার রক্তঝরা সংগ্রামের কথা বলেছেন গাঢ় কালো রঙে ছোপ ছোপ আলোর স্ফুরণের মাধ্যমে। ভয়াবহ যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত আমাদের প্রকৃতিকে এঁকেছেন উজ্জ্বল লাল-হলুদ রংকে কালো রঙে ঢেকে দেওয়ার মাধ্যমে। শিল্পী রেজাউল করিমের স্মৃতি থেকে সেই ভাসতে থাকা গলিত মুখগুলোর রং মুছে যায়নি। থকথকে গলিত মুখাবয়বের প্রতিকৃতি উপস্থাপন করেছেন শিল্পী। বীরেন সোমের ‘রেড সারফেস’, আবদুস শাকুর শাহের ‘ব্যথিত মায়ের মুখ’, অলকেশ ঘোষের ‘একাত্তরের উত্তুঙ্গ সময়ের লাল-হলুদ আকাশ’, রনজিৎ দাশের ‘জলের ধোয়ায় প্রতিবাদী মুখের অভিব্যক্তি’ ক্যানভাসের একদিকে বৃত্তাকার ফর্মের অবস্থান—পুরো সারফেসকে ঢেকে দিয়েছে হালকা সবুজ রঙে। যুদ্ধোত্তর ধ্বংসাবস্থার উত্তরণের প্রকাশ ঘটিয়েছেন বিপাশা হায়াত। ক্যানভাসে দ্রুততার সঙ্গে কালো রঙের বিন্যাস দেখা গেছে সৈয়দ হাসান মাহমুদের কাজে।মাহবুবুর রহমান সব সময়ই ক্যানভাসে বিভক্তি আনেন। মুক্তিযুদ্ধকালীন মার্কিন নৌবহরের আগমন তাঁর ছবির বিষয়—সাদা ও কালোর মিশ্রণে মুখ হাঁ করা অবয়বের উপস্থাপন প্রতীকী। লাল জমিনে বৃত্তাকৃতির পৌনঃপুনিক ব্যবহার, ক্যানভাসে ধর্ষিতা মেয়ের বিষণ্ন মুখ—গাঢ় নীলে মুখ ঢেকে দেওয়া শিল্পী তৈয়বা বেগমের যুদ্ধকালীন বীভৎসতার প্রকাশ।মাধ্যমগত ঐক্য থাকলেও করণকৌশল ও নিজস্ব অঙ্কনরীতি প্রয়োগের ফলে এ আয়োজন উপভোগ্য হয়েছে। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, সৈয়দ জাহাঙ্গীর, মাহমুদুল হক, কালিদাস কর্মকার, আবুল বার্ক আলভী, হামিদুজ্জামান খান, রেজাউল করিম, বীরেন সোম, আবদুস শাকুর শাহ, অলকেশ ঘোষ, ফরিদা জামান, নাসিম আহমেদ নাদভী, নাইমা হক, রনজিৎ দাস, মোহাম্মদ ইউনুস, রোকেয়া সুলতানা, নাসরিন বেগম, কনকচাঁপা চাকমা, খালিদ মাহমুদ, সৈয়দ হাসান মাহমুদ, মাহবুবুর রহমান, রফি হক, লায়লা শারমিন, তৈয়বা বেগম, মাকসুদা ইকবাল, নাজিয়া আন্দালিব, সুলেখা চৌধুরী, বিপাশা হায়াত, গুলশান হোসেন, এস এম ময়েজউদ্দীন, মুস্তফা জামিল, আকবর শামীম, সহিদ কাজী।