বিড়ালের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বাসার হুলো বিড়াল ভীষণ করিতকর্মা সে
ইঁদুর মারে ইচ্ছেমতো কিংবা আমার ফরমাশে
তাই তো ওকে আদর করে ছোট্টমণি শর্মিও
দৌড়ে এসে কোলে তোলে শুনল যদি ওর মিঁয়ো।
হাজার টাকা খরচ মাসে ওর জন্য মাছ কিনেই
সেসব আবার ইলিশ বোয়াল, ডানকনা বা কাঁচকি নেই
গরমকালে গোসল করাই শীতে জড়াই কম্বলে
বাড়তি সোহাগ করে ওকে আমরা ডাকি ‘টম’ বলে।
ইঁদুর মারা হিংস্র বিড়াল হঠাৎ গেল উল্টে সে
না খেয়ে এ বাঘের মাসির যাচ্ছে দেহ মূল-টেঁসে
ধরতে ইঁদুর যে হুলোটা ছুটত আগে তিরবেগে
সেসব ভুলে এখন কেবল দাদুর কাছে ভিড়বে গে’
আমিষ পেলে যে হুলোটার তিড়িংবিড়িং নাচ চেনা
অবাক ব্যাপার সে হুলোটা রুইয়ের মুড়োও খাচ্ছে না!
খাচ্ছে না সে পাবদা বাইম চিতল মাছের কোপ্তা বা
ইঁদুর দেখে ঘুমোয়, যেন ওর পেয়েছে লোপ থাবা।
মাছ না খেয়ে হচ্ছে কেন এমন করিতকর্মা লীন!
বিড়াল বলে ক্ষোভের সাথে—সঁকল মাঁছে ফঁর্মালিন।