বিদায় ইয়েভতুশেঙ্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভগেনি ইয়েভতুশেঙ্কো  ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম
ইভগেনি ইয়েভতুশেঙ্কো ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

‘প্রতিরাতে ক্লান্ত চাঁদের মতো মৃত্যু হবে আমার, আর প্রতিদিন সকালে হবে পুনর্জন্ম’—কবিতায় স্পষ্ট উচ্চারণে এভাবেই কথা বলতেন ইভগেনি ইয়েভতুশেঙ্কো। যুক্তরাষ্ট্রে সম্প্রতি মারা গেলেন সোভিয়েত যুগের প্রবল জনপ্রিয় এই রুশ কবি। তাঁর প্রতি শ্রদ্ধা

মস্কোর চাইকোভোস্কি মিলনায়তনে দর্শকের সামনে নিজের কবিতা পড়ছেন ইভগেনি ইয়েভতুশেঙ্কো
মস্কোর চাইকোভোস্কি মিলনায়তনে দর্শকের সামনে নিজের কবিতা পড়ছেন ইভগেনি ইয়েভতুশেঙ্কো

৮৪ বছর বয়সে দেহত্যাগ করেছেন রুশ কবি ইভগেনি ইয়েভতুশেঙ্কো। জন্মেছিলেন রাশিয়ার সাইবেরিয়ায়, জিমাজাংশান নামে এক তুষারাবৃত, প্রায় বিষণ্ন এক আধা শহর আধা গ্রামে। মারা গেলেন স্বদেশ থেকে বহুদূরে, যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা শহরে। তুলসা বিশ্ববিদ্যালয়েই জীবনের শেষ বছরগুলো কবিতা ও চলচ্চিত্রের অধ্যাপক হিসেবে কাটিয়েছেন বিশ শতকে রুশ ভাষার এই প্রধান কবি।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অধিকাংশ সময় দেশের বাইরেই কাটিয়েছেন তিনি। নিউইয়র্কেও ছিলেন বেশ কয়েক বছর, কিন্তু এই শহরের জনারণ্য তাঁর ভালো লাগেনি। ‘সবাই এখানে ছুটছে, পাগলের মতো ছুটছে’—একদা বলেছিলেন তিনি। এখানকার একটি কলেজে পড়িয়েছেন, এই শহরেই তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল আমার।

সেটা ১৯৯৪ সালের কথা, ম্যানহাটনের বারুখ কলেজে এসেছিলেন নিজের সদ্য প্রকাশিত কবিতাসংগ্রহ দ্যকালেকটেডপোয়েমস১৯৫২-১৯৯০-এর প্রকাশনা উপলক্ষে কবিতা পড়ে শোনাতে। স্তালিনেরশেষকৃত্য বা স্তালিনসফিউনারেল—এই নামে তাঁর পরিচালিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো ছিল আরেক উপলক্ষ। তখন তাঁর বয়স ৬১। শরীর আগের মতোই সুঠাম, একহারা, কোথাও এক ফোঁটা মেদের চিহ্ন নেই। পরনে জিনস, গায়ে বহুরঙা কিঞ্চিৎ ঝলসে যাওয়া জ্যাকেট, পায়ে লম্বা কাউবয় বুটস। আমি বাংলাদেশের জেনে সেদিন তাঁর ‘ইয়াখাচু’ বা ‘ইচ্ছে করে’ (কবিতাটি কেউ কেউ ‘আমি চাই’ নামেও অনুবাদ করেছেন) কবিতাটি পড়ে শুনিয়েছিলেন। সারা ঘরে হেঁটে হেঁটে কবিতা পড়ার অভ্যাস তাঁর, সে কবিতায় আছে বাংলাদেশের কথা। কবিতার যে লাইনে বাংলাদেশ প্রসঙ্গ আছে, সেটি পড়তে গিয়ে তিনি আমার নাক ছুঁয়ে দিয়েছিলেন:

‘ইচ্ছে হয় ফের জন্ম নিই মানুষ হয়ে

তার যেকোনো প্রতিবিম্বে হই

প্যারাগুয়ের নির্যাতিত বন্দী

হংকংয়ের বস্তিতে গৃহহীন শিশু

হতে চাই বাংলাদেশের জিন্দা লাশ

তিব্বতের বৌদ্ধ ভিক্ষু, অথবা কেপটাউনের

                    কালো মানুষ।’

আমার সঙ্গে সেদিন ছিলেন কবিবন্ধু সৈয়দ শহীদ। কবিতা পাঠ শেষ হওয়ার পর ইয়েভতুশেঙ্কো আমাদের দুজনকে শোনালেন বিচিত্র এক গল্প। মস্কোতে একসময় বাংলাদেশের এক নারীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। স্বীকার করলেন, মজে ছিলেন তিনিই, সেই নারী তেমন উৎসাহ দেননি। শহীদ জানত সে ঘটনা এবং ওই বাঙালি ললনার নামও—লায়লা সামাদ। ইয়েভতুশেঙ্কোকে সে সন্তর্পণে জানাল, আপনি কি জানেন, তিনি (লায়লা সামাদ) আর বেঁচে নেই। যেন স্তব্ধ হয়ে গেলেন কবি, ফ্যাকাশে মুখ, নিম্নকণ্ঠে বললেন, ‘তুমি ঠিক বলছ, শি ইজ ডেড?’

কবি হিসেবে ইয়েভতুশেঙ্কো তাঁর নিজ দেশে ষাটের দশকে ছিলেন দারুণ জনপ্রিয়। শুনেছি পুরো এক স্টেডিয়ামভর্তি মানুষ ভিড় জমাত তাঁর কবিতা শুনতে। ওই সময়, সেই বয়সেই তাঁর কবিতার বিষয়বস্তু প্রবল রকম রাজনৈতিক হয়ে উঠেছে। খুব রাখঢাক করে, প্রতীকী ভাষায় লেখা কবিতা নয়, প্রবল ও তির্যক, ধারালো ছুরির মতো এসে বিঁধত পঙ্‌ক্তিগুলো। প্রেমের কবিতাও তিনি লিখেছেন। তাতে খোলামেলা শরীরী আমন্ত্রণ। একসময় ছিলেন স্তালিনের অনুগত ভক্ত। পরে হয়ে ওঠেন তাঁর কঠোর সমালোচক। ভ্লাদিমির দুদিনসেভের স্তালিনবিরোধী উপন্যাস মানুষশুধুরুটিখেয়েবাঁচেনার পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন ইয়েভতুশেঙ্কো। মধ্য পঞ্চাশে নতুন কমিউনিস্ট পার্টি প্রধান খ্রুশ্চেভ স্তালিনকে স্বৈরশাসক হিসেবে সমালোচনা করার পর ইয়েভতুশেঙ্কো আরও মুখর হয়ে ওঠেন। ১৯৬১ সালে লেখা হয় তাঁর বিখ্যাত কবিতা ‘বাবি ইয়ার’। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইউক্রেনের বাবি ইয়ারে ৩৪ হাজার ইহুদি জার্মান নাৎসিদের হাতে নিহত হয়। সোভিয়েত কর্তৃপক্ষ দীর্ঘদিন এই হত্যাকাণ্ডের কোনো স্বীকৃত দেয়নি। ইয়েভতুশেঙ্কোর এই কবিতা প্রকাশিত হওয়ার পর প্রথমবারের মতো বিষয়টি নাগরিক আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। দিমিত্রি শস্তাকোভিচ সে কবিতার ভিত্তিতে একটি সিম্ফনি রচনা করলে কবিতাটির পরিচিতি ছড়িয়ে পড়ে দেশের বাইরেও।

১৯৬২-তে প্রকাশিত হয় তাঁর কবিতা ‘স্তালিনের উত্তরসূরি’। স্তালিন এবং তাঁর কৃতকর্ম অবশেষে দেশের মানুষের কাছে প্রকাশিত হয়েছে, তা দেখে কবি আনন্দিত। কিন্তু তাঁর সন্দেহ দেশের ভেতরে ও বাইরে এমন লোকের অভাব নেই, যারা মনে করে স্তালিনের এই সমাধি রচনা সাময়িক। যারা স্তালিনকে ফের মধ্যমঞ্চে দেখতে চায়, তারা এখনো তৎপর, এই কবিতায় ইয়েভতুশেঙ্কো সে ব্যাপারে সাবধান করে দিয়েছিলেন:

‘স্তালিন গত হয়েছেন, কিন্তু সারা বিশ্বে

ছড়িয়ে রেখেছেন নিজের অনুগত উত্তরসূরিদের,

মনে হয় তাঁর কফিনে লুকিয়ে রাখা আছে

                    গোপন টেলিফোন

তাতে—সে টেলিফোনে আনোয়ার হোজ্জাকে

        এখনো নির্দেশ পাঠাচ্ছেন স্তালিন।

না, স্তালিন পরাজয় মানেননি,

হয়তো তিনি ভাবছেন, মৃত্যু নামের

                    ভুলকে শোধরানো যাবে।

এখনো এমন অনেকে রয়েছেন

সভামঞ্চ থেকে স্তালিনের বিষোদ্‌গার করেন

আর রাতে কামনা করেন বিগত

                    সময়ের প্রত্যাবর্তনের।’

ইয়েভতুশেঙ্কো পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্তালিনস ফিউনারেলের পোস্টার
ইয়েভতুশেঙ্কো পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্তালিনস ফিউনারেলের পোস্টার

ভিন্নমতাবলম্বী হওয়া সত্ত্বেও সোভিয়েত আমলে বিস্তর প্রশ্রয় পেয়েছিলেন ইয়েভতুশেঙ্কো। সে কারণে তিনি সমালোচিতও হয়েছেন। যুক্তি দেখানো হয়, তাঁর ভিন্নমত সোভিয়েত-ব্যবস্থার শর্ত মেনেই প্রকাশিত হয়েছিল। তিনি সাখারভ বা সলঝেনিৎসিন নন, তাঁর বিপ্লবী কথাবার্তা থেকে ভীত হওয়ার কোনো কারণ দেখেননি মস্কোর নেতারা। বস্তুত, সোভিয়েত ইউনিয়নে ভিন্নমতকে পিষে মারা হয় না—এই মিথ্যা আভাস বিস্তারের জন্য তাঁকে—এবং তাঁরই সমগোত্রীয় আধুনিক কবি আন্দ্রেই ভজনেসন্সকিকে সরকারি সেন্সরের কাঁচি থেকে বাঁচিয়ে রাখা হয়। যখন খুশি বিদেশে ভ্রমণেও কোনো বাধা দেওয়া হয়নি। দেশত্যাগী আরেক রুশ কবি জোসেফ ব্রডস্কি একসময় ঠাট্টা করে বলেছিলেন, ইয়েভতুশেঙ্কো পাথর ছুড়ে মারে ঠিকই, কিন্তু মারার আগে দেখে নেয় সরকারিভাবে সে পাথর ছোড়া অনুমোদিত কি না। ব্রডস্কি তাঁর এই স্বদেশি কবির ব্যাপারে এতটা সমালোচনামুখর ছিলেন যে ১৯৯২ সালে ইয়েভতুশেঙ্কোকে আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড লেটার্সের সম্মানিত সদস্য হিসেবে গ্রহণ করার প্রতিবাদে তিনি এই একাডেমির সদস্যপদ ত্যাগ করেন।

পেঙ্গুইন থেকে বের হওয়া ইয়েভতুশেঙ্কোর আত্মজীবনী ইঁচড়েপাকার আত্মজীবনী
পেঙ্গুইন থেকে বের হওয়া ইয়েভতুশেঙ্কোর আত্মজীবনী ইঁচড়েপাকার আত্মজীবনী

এ কথা ঠিক, সোভিয়েত ইউনিয়নের শাসনব্যবস্থার সমালোচনা করলেও কমিউনিজম বা সাম্যবাদকে ইয়েভতুশেঙ্কো কখনো সরাসরি প্রত্যাখ্যান করেননি। তিনি কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী—এ কথাও কখনো গোপন রাখেননি। ১৯৭২-এ প্রকাশিত আত্মজৈবনিক গ্রন্থ ইঁচড়েপাকারআত্মজীবনীতে ইয়েভতুশেঙ্কো প্যারিসে এক ফরাসি যুবকের সঙ্গে তাঁর কথোপকথনের বিবরণ দিয়েছেন। ‘তোমাদের দেশে যেদিন প্যারিসের মতো সুদৃশ্য দোকানপাট থাকবে, সেদিন আমি সমাজতন্ত্রে বিশ্বাস করব’, বলেছিল ওই যুবক। তিনি লিখেছেন, ‘নির্বোধ ছেলেটির জন্য আমার দুঃখ হয়। সে চায় তার ভবিষ্যৎ রুপোর থালিতে করে তার হাতে তুলে দেওয়া হোক। কিন্তু (সোভিয়েত ইউনিয়নে) আমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়ছি। আমরা কষ্ট পাচ্ছি, আমরা ভুল করছি, নিজেরাই আবার তার সংশোধন করছি। আমি গর্বিত, কারণ আমার জনগণের এই বীরত্বপূর্ণ সংগ্রামের আমি কেবল দর্শক নই, একজন অংশগ্রহণকারী।’

১৯৯১-এ বরিস ইয়েলৎসিনের নেতৃত্বে যখন কমিউনিস্টবিরোধী অভ্যুত্থানে সোভিয়েত-ব্যবস্থা ভেঙে পড়ে, ইয়েভতুশেঙ্কো তাঁর প্রতি সোৎসাহ সমর্থন দিয়েছিলেন। এমনকি ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে তিনি গোলা না ছুড়তে সৈনিকদের আহ্বান জানিয়েছিলেন। সে সময় মস্কো স্টেডিয়ামে প্রায় দুই লাখ উৎফুল্ল মানুষের সামনে তিনি কবিতা পড়ে শুনিয়েছিলেন। পরে মৃত্যুরআগেইমরেযেওনানামের এক উপন্যাসে সেই অভিজ্ঞতার যে বিবরণ লিপিবদ্ধ করেন ইয়েভতুশেঙ্কো, একই সঙ্গে তা বিপ্লবের পক্ষে ও সোভিয়েত অতীতের জন্য বিষণ্ন অনুভূতিতে ভেজা। উপন্যাসটি শেষ হয় একটি কবিতা দিয়ে, যেখানে রয়েছে এই বিষণ্নতার অনুরণন:
‘না, রুশ জারের প্রাসাদ আমি আক্রমণ করিনি
হিটলারের রাইখস্ট্যাগে ঝটিকা হামলায়ও আমি ছিলাম না
তোমরা ঠাট্টা করে যাকে বলো ‘কমি’ (কমিউনিস্ট), আমি তাও না
কিন্তু তবুও ওই রক্তবর্ণের পতাকাটির জন্য

আমি এখনো কাঁদি।’

দেশ ও বিদেশের পাঠকের তাঁর প্রতি রয়েছে দ্বিধাপূর্ণ মনোভাব—এ ব্যাপারে সচেতন ছিলেন ইয়েভতুশেঙ্কো। সোভিয়েত ব্যবস্থার সমালোচনা সত্ত্বেও কোনো নির্যাতনের শিকার তিনি হননি, কিন্তু নিজে পরিপূর্ণ স্বাধীন, সে কথা কখনো মনে হয়নি তাঁর। নিজের কবিতায় এই বৈপরীত্যের কথা কবি নিজেই বলেছেন এভাবে:

‘কবি, অনন্তকাল আহত পাখি তুমি

নিজেকে রক্ষা করো

কসাইয়ের ভালোবাসা ও আঘাত থেকে।

এ যেন এক অনিঃশেষ দ্বন্দ্ব।

লুবিয়াঙ্কার কারাগারে যাওয়ার চিন্তা দুর্বিষহ

মুক্ত থাকা, সেও গভীর গ্লানির।’

জীবনের শেষ দুই দশক ইয়েভতুশেঙ্কো কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রেই কাটান, এর মধ্যে অধিকাংশ সময় ছিলেন ওকলাহোমা শহরের তুলসাতে। এখানে তিনি চতুর্থবারের মতো বিয়ে করেন, তুলসা বিশ্ববিদ্যালয়ের একটি শিশু বিদ্যালয়ের শিক্ষক মারিয়া নভিকভাকে। যুক্তরাষ্ট্রকে তিনি ভালোই বাসতেন, যদিও মাতৃভাষার প্রতি অনুরাগ বারবার মস্কোয় ফিরিয়ে এনেছে তাঁকে। ২০০১-এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর ইয়েভতুশেঙ্কো মার্কিন জনগণের সঙ্গে ঐক্য প্রকাশ করে কবিতা লিখেছেন, মিছিলে শামিল হয়েছেন। পরে বুশের আমলে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ স্লোগান নিয়ে আগ্রাসী যুদ্ধ শুরু হলে এর প্রতিবাদও করেছিলেন তিনি। ২০০১-এর সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক নেশন পত্রিকায় মার্কিন রাজনীতির যুদ্ধবাদী চরিত্রে উদ্বিগ্ন হয়ে কবি লিখেছিলেন, সভ্যতাকে রক্ষা করার একমাত্র পথ হলো সভ্য মানুষের মতো ব্যবহার করা। অন্যথায় নৈতিকভাবে অসভ্য সেই সব মানুষের সঙ্গে আমাদের কোনো প্রভেদই থাকবে না। ‘আমরা যদি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের উত্তর হিসেবে কেবল সন্ত্রাসকেই ক্রমাগত ব্যবহার করে যাই, তবে আমাদের ভেতর থেকে করুণা, সহানুভূতি ও দয়া নামের অনুভূতি অন্তর্হিত হবে।’ তিনি আশা প্রকাশ করেছিলেন, এই ধরণিতে শুধু বোমারু বিমান নয়, শান্তির শ্বেত বলাকাও উড়বে।

তাঁর ভিন্নমত অথবা রাজনৈতিক অবস্থানের জন্য নয়, কবিতার জন্যই ইয়েভতুশেঙ্কোকে আমরা মনে রাখব। ইয়েভতুশেঙ্কো নিজেই বলেছেন, একজন কবির আত্মজীবনী হচ্ছে তাঁর কবিতা। একজন কবি তখনই কবি হয়ে ওঠেন, যখন পাঠক তাঁর কবিতার ভেতর কবিকে পূর্ণাঙ্গভাবে আবিষ্কার করে। ‘কবির ব্যক্তিত্বকে যদি দুই ভাগে ভাগ করা হয়—একভাগে রক্তমাংসের মানুষটি, অন্যভাগে তাঁর কবিত্ব—তাহলে সেটা হবে শৈল্পিক মৃত্যু।’ কারণ কবি অবিভক্ত। তাঁকে ভাগ করা যায় না। সোভিয়েত আমলে অনেক কবির দ্বিচারিতার কথা মাথায় রেখে ইয়েভতুশেঙ্কো এমন কথাও বলেছিলেন, কোনো কবি যখন তাঁর প্রকৃত পরিচয় গোপন রেখে কবিতা লেখেন, তা একধরনের আত্মভ্রম ছাড়া ভিন্ন কিছু নয়। কারণ, ‘কবিতার প্রতি যাঁরা অসৎ, কবিতা তাঁদের পরিত্যাগ করে।’

 ইয়েভতুশেঙ্কো কবিতাকে ত্যাগ করেননি, কবিতাও তাঁকে নয়। তাঁর প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা অনেক। একটি স্মৃতিকথা ও দুটি উপন্যাসেরও রচয়িতা তিনি। শেষ বয়সে ঝুঁকেছিলেন চলচ্চিত্র নির্মাণে। নিজেকে বলতেন কবি, লেখক ও চলচ্চিত্রকার। বছর দশেক আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, সেরেও উঠেছিলেন। তবে সেই মরণব্যাধি ফিরে এসেছিল আবার। শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষনিশ্বাস ত্যাগ করলেন রুশ কবিতার এই মহান কবি।

জন্ম

১৯৩২ সালের ১৮ জুলাই, রাশিয়ার (সাবেক সোভিয়েত ইউনিয়ন) সাইবেরিয়ার জিমা (জিমাজাংশান) শহরে।

ক্যামেরার পেছনে ইভগেনি ইয়েভতুশেঙ্কো
ক্যামেরার পেছনে ইভগেনি ইয়েভতুশেঙ্কো

পরিবার

মা-বাবা দুজনই ছিলেন ভূতত্ত্ববিদ। মা অভিনয়ও করতেন। ইয়েভতুশেঙ্কোর বয়স যখন সাত বছর, তখন তাঁর মা-বাবার বিবাহবিচ্ছেদ ঘটে। কাকতালীয়ভাবে তাঁর পিতামহ ও মাতামহ দুজনেই ১৯৩৭ সালে স্তালিনের দমনাভিযানের সময় গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর শৈশব কেটেছে মায়ের সঙ্গে। নিজে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চারবার; পাঁচ পুত্রসন্তানের জনক।

শিক্ষা ও পেশা

স্কুলশিক্ষা শেষ করার পর তিনি মস্কোর গোর্কি ইনস্টিটিউট অব লিটারেচারে ভর্তি হন। ১৯৫১ থেকে ১৯৫৪—এই চার বছর পড়ার পর ফিরে আসেন পড়া অসমাপ্ত রেখে। শেষ জীবনে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা বিশ্ববিদ্যালয়ে কবিতা ও ইউরোপীয় চলচ্চিত্র বিষয়ে পড়িয়েছেন।

লেখালেখি

১০ বছর বয়সে কবিতা লেখার শুরু। ১৬ বছর বয়সে খেলাধুলাসংক্রান্ত একটা সাময়িকীতে প্রথম কবিতা ছাপা হয়। ১৯ বছর বয়সে প্রকাশিত হয় প্রথম কবিতার বই দ্যপ্রসপেক্টসঅবদ্যফিউচার। জিমাস্টেশনকাব্যগ্রন্থের মাধ্যমে খ্যাতি বিস্তৃত হয় তাঁর। গোটা জীবনে লিখেছেন হাজারের বেশি কবিতা ও গান। কবিতার পাশাপাশি মন ছিল গদ্যেও। ডোন্টডাইবিফোরইউআরডেডওওয়াইল্ডবেরিজ তাঁর দুটি অন্যতম উপন্যাস। লিখেছেন আত্মজীবনীও।

চলচ্চিত্র অঙ্গন

১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি টেকঅফ-এ প্রখ্যাত সোভিয়েত রকেট বিজ্ঞানী কনস্তান্তিন টিসয়লকভস্কির চরিত্রে অভিনয়। পরে নির্মাণ করেছেন কিন্ডারগার্টেন (১৯৮৩) ও স্তালিনসফিউনেরাল (১৯৯০) নামের দুটি চলচ্চিত্র।

স্বীকৃতি

১৯৬৩ সালে তিনি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিয়েভে সংঘটিত গণহত্যা নিয়ে লেখা কবিতা ‘বাবি ইয়ার’-এর জন্য মূলত এই মনোনয়নলাভ। সোভিয়েত ইউনিয়নের শাসকগোষ্ঠীর সমালোচনা করলেও তাঁদের প্রদত্ত একাধিক পুরস্কার পেয়েছেন। এ ছাড়া সমগ্র সাহিত্যকর্মের জন্য রোমানিয়া থেকে ‘ওভিদ প্রাইজ’ পান।

মৃত্যু

ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন আগেই। ২০১৭-এর ১ এপ্রিল তুলসার একটি মেডিকেল সেন্টারে ঘুমের মধ্যে হৃদ্‌যন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় এই কবির।