বিদায় জর্জ জোনস
দাপটের সঙ্গে পুরো অর্ধশতক রাজত্ব করলেন সংগীতশিল্পী জর্জ জোনস। তাঁর আবেগভরা কণ্ঠের কান্ট্রি মিউজিক শুধু গ্রামাঞ্চলে নয়, যান্ত্রিক মেট্রোপলিসেও প্রবল অনুরণন সৃষ্টি করেছে। তাঁর কণ্ঠের সবচেয়ে বিখ্যাত গানটি ‘হি স্টপড লাভিং হার টুডে’ ১৯৮০ এপ্রিলে বাজারে এল, সুরটি দখল করে নিল উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের বেদনাবিধুর সংগীতপিয়াসীদের অন্তর। অ্যামিসহ সংগীতের বড় বড় পুরস্কার তো এলই, সেই সাথে পুনরুজ্জীবিত হয়ে উঠলেন জর্জ জোনস। ‘হি সেইড আই উইল লাভ ইউ টিল আই ডাই/শি টোল্ড হিম ইউ উইল ফরগেট ইন টাইম/অ্যাজ দ্য ইয়ার্স ওয়েন্ট স্লোলি বাই/শি স্টিল প্রেইড আপঅন হিজ মাইন্ড...’এমন বহুসংখ্যক হূদয়ছোঁয়া গানের শিল্পী জর্জ জোনস। কথা ছিল ২২ নভেম্বর ২০১৩ ন্যাশডিল ব্রিজস্টোন অ্যারিনাতে জীবনের শেষ বড় অনুষ্ঠানটি করে বিদায় নেবেন। টিকিট বিক্রিও শেষ। কিন্তু কথা দিয়ে অনুষ্ঠানে না যাওয়ার বদনাম জর্জ জোনস ১৯৫৫ থেকে এ পর্যন্ত এত কামিয়েছেন যে তাঁর নামই হয়ে গেছে ‘নো শো জোনস’। তিনি আরও একবার এবং শেষবারের মত প্রতারণা করলেন, ২১ নভেম্বরের জোনস ব্রিজস্টোন শোতে তাঁর আর অংশ নেওয়া হবে না। ২৬ এপ্রিল ২০১৩ ন্যাশভিল, টোনসি’র একটি হাসপাতালে ৮১ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গত পঞ্চাশ বছরের সম্ভবত সর্বশ্রেষ্ঠ কান্ট্রি মিউজিক শিল্পী জর্জ জোনস।টানা পাঁচটি দশক কোনো না কোনো সময় টপ-চার্টের শীর্ষদেশে অবস্থান করার নজির দুর্লভ। তিনি পেরেছেন। তিনি সাধারণ শ্রোতার প্রিয় শিল্পী এটা যেমন সত্য, ফ্রাঙ্ক সিনাত্রা তাঁর ভক্ত ছিলেন এটাও মিথ্যে নয়। পেট টাউনশেন্ড, এলভিস কস্তেল্লো, জেমস টেলরের মতো খ্যাতি গায়কদের প্রিয় গায়ক জর্জ জোন্স। ২০০৮ এ পেয়েছেন সংগীতের জন্য সর্বোচ্চ আমেরিকান সম্মান। জর্জ গ্লেন জোনসের জন্ম ১২ সেপ্টেম্বর ১৯৩৩ টেক্সাসে। তাঁর বয়স যখন সাত বছর, মা-বাবার কাছ থেকে একটি রেডিও উপহার পান। এতেই তাঁর প্রথম কান্ট্রি মিউজিক শোনা। নয় বছর বয়সে পেলেন একটি গিটার। অমনি গান গেয়ে পয়সা কামাই করতে সত্যিকার অর্থে রাস্তায় নামলেন। পথে দাঁড়িয়ে গান গাইলে শিল্পীর বিছিয়ে রাখা হ্যাটের ভেতর অনেকেই কিছু না কিছু দিয়ে যান। ১৬ বছর বয়সে বাড়ি ছাড়লেন। টেক্সাসের একটি রেডিও স্টেশনে গান গাইতে শুরু করলেন। তখন তিনি শিল্পী রয় একাথকে অনুকরণ করে গান গাইতেন। তাঁর বয়স যখন ১৮ বছর শিল্পী হ্যাঙ্ক উইপিয়ামস তাকে বললেন, রয় একাফের মত না গেয়ে নিজের মত করে গাও। তিনি শিল্পী জীবনের প্রধান দিক নির্দেশনা পেয়ে গেলেন। তিনি অল্পদিনের মধ্যেই নিজেকে আবিস্কার করে হয়ে উঠলেন জর্জ জোনস। ১৯৫০ সালে কোরিয়ান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে মেরিন কোরে যোগ দিলেন, যুদ্ধকালে তিনি অবস্থান করলেন কালিফোর্নিয়ায়, যুদ্ধজাহাজে। ১৯৫৩ সালে সামরিক বিভাগ ছেড়ে আবার গিটার হাতে নিলেন এবং স্টারডে রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। একসময় তিনি অ্যালকোহল ও ড্রাগে আসক্ত হয়ে পড়লেন। শুরু হলো তাঁর এক বন্য জীবন। মাদকাসক্তির কারণে চুক্তিবদ্ধ অনুষ্ঠানগুলোতেও প্রায়ই অনুপস্থিত থাকতে শুরু করলেন। ১৯ বছর বয়সে বিয়ে করেন এবং স্ত্রীকে সন্তানবতী অবস্থায় তালাকও দেন। আরও তিনবার তিনি বিয়ে করেন, খ্যাতিমান ট্যামি ওয়াইটে তাঁদের একজন। তাঁদের কন্যা তামালা জর্জিয়েটও একজন বিখ্যাত কান্ট্রি মিউজিক শিল্পী। ১৯৬৭ সালে জর্জ জোনসের আর একটি বিখ্যাত গান ‘ওয়াক থ্রু দিস ওয়ার্ল্ড উইথ মি’—গানটি টানা ১৯ সপ্তাহ শ্রেষ্ঠ গানের তালিকায় ছিল। ১৯৮৩-র একটি গান ‘আই অলওয়েজ গেট লাকি উইথ ইউ, ১৯৬৪-র ‘রেইস ইজ অন’ স্মরণীয় গান। আর একটি স্মরণীয় গান আমার হূদয়ের যদি জানালা থাকত—‘ইফ মাই হার্ট হ্যাড উইনডোজ’। তাঁর একটি আত্মজীবনীও রয়েছে আই লিভড টু টেল ইউ অল। নিজের মদ্যপান সম্পর্কে তিনি লিখেছেন, কখনো যদি আমাকে শান্ত অবস্থায় পেয়ে থাকেন, সম্ভবত তখন আমি ঘুমিয়ে ছিলাম। জোনস এখন গভীর ঘুমে।