মাই লাইফ উইথ পাবলো নেরুদা বই থেকেমাতিলদে উররুতিয়া ছিলেন কবি পাবলো নেরুদার প্রেমিকা, সহচর, স্ত্রী, এবং পরিশেষে বিধবা। নোবেল বিজয়ী এই চিলিয়ান তাঁর দ্য ক্যাপ্টেনস ভারসেস এবং ওয়ান হান্ড্রেড সনেটস—তুমুল জনপ্রিয়, আধুনিক স্প্যানিশ সাহিত্যের সেরা প্রেমের কবিতাগ্রন্থ বলে বিবেচিত—লিখেছিলেন মাতিলদের জন্যই। পরে মাতিলদে এই কবিকে নিয়ে তাঁর জীবন, প্রেমোপাখ্যান বর্ণনা করেন মাই লাইফ উইথ পাবলো নেরুদা গ্রন্থে। তবে তাঁর এই বই শুধু বিখ্যাত এক কবির সঙ্গে সাধারণ এক প্রেমের গল্প নয়; এটা একই সঙ্গে উন্মোচিত করেছে সেই সময়ের ইতিহাস এবং শত অত্যাচার-নির্যাতনের শিকার এক জাতীয় বীর এবং এক বিধবার জীবনকাহিনিও।মাই লাইফ উইথ নেরুদা বইয়ে বর্ণিত হয়েছে ১১ সেপ্টেম্বর ১৯৭৩ সালের সেই নাটকীয় দিনের কথা, যেদিন চিলির নির্বাচিত প্রেসিডেন্ট সালভাদর আলেন্দেকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে নেন সামরিক স্বৈরশাসক অগাস্টো পিনোশে। এই ক্যুয়ের ঘটনা নেরুদাকে একদম বিপর্যস্ত করে দেয়। এর কিছুদিন পরই ৬৯ বছর বয়সী নেরুদা মৃত্যুবরণ করেন। সেদিনের স্মৃতিচারণা করেছেন মাতিলদে, এভাবে—বিকেলের দিকে পাবলোর জ্বরটা আবার ফিরে এল, সেটা ২৩ সেপ্টেম্বরের ঘটনা। আমার খুব দুশ্চিন্তা হলো। আমি অস্থির হয়ে পাবলোর বোন লরাকে বললাম, আজ রাতটা হাসপাতালে আমার সঙ্গে যেন সে থাকে। আমার ঘনিষ্ঠ বান্ধবী তেরেসা হামেলও থাকল সে রাতে। কিন্তু আমার ঘুণাক্ষরে মনে হয়নি, পাবলো মরে যাবে। আমার সহ্যক্ষমতা আসলে একেবারে শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। খুব বেশি দূর চিন্তা করার মতো আমার মনের অবস্থা ছিল না।এক মুহূর্তের জন্যও তাই আমার মনে হয়নি, পাবলো বাঁচবে না। কিন্তু আমি অবাক হয়ে ভাবি, ওই রকম একটা আতঙ্কজনক বিভীষিকাময় পরিস্থিতিতে কী করে আমি ঠিক ছিলাম, যখন আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, লুট হয়ে গিয়েছিল সব দুর্লভ শিল্পকর্ম! এরপর আর কী ঘটার বাকি ছিল?খুব বেশি আগে নয়, পাবলোর ডাক্তার আমাকে বলেছিলেন, ক্যানসারের সঙ্গে বেশ ভালোভাবেই লড়াই করছে পাবলো। এবং এই সাম্প্র্রতিক সময়ে আমি পাবলোকে দেখেছি পুরো প্রাণপ্রাচুর্যে ভরপুর একজন মানুষ হিসেবে। কাজেই হঠাৎ করে আমি কেন পাবলোর মৃত্যুর কথা ভাবতে যাব?২৩ সেপ্টেম্বর। হাসপাতালের কামরায় তিন দুঃখী, বেদনাক্লিষ্ট নারী নির্বাক বসে আছি। আমার চোখ এক মুহূর্তের জন্যও পাবলোর ওপর থেকে সরছে না। হঠাৎ আমি খেয়াল করলাম, পাবলো নড়ছে। ‘হায় খোদা!’ ভাবলাম, ‘ও জেগে উঠছে।’ আমি উঠে দাঁড়ালাম। অস্থির এক কাঁপন বয়ে গেল ওর শরীরজুড়ে। মুখ-চোখ কেমন বেঁকে গেল। ওর কাছে ছুটে গেলাম। পাবলো মারা গেছে! পাবলো আর নেই! মৃত্যুর আগে তার অন্তিম ঘুম থেকে আর একবারের জন্যও জাগল না পাবলো!