বিদায় বলব না, উৎপলদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
উৎপলকুমার বসু (৩ আগস্ট ১৯৩৭-৩ অক্টোবর ২০১৫), প্রতিকৃতি: মাসুক হেলাল
উৎপলকুমার বসু (৩ আগস্ট ১৯৩৭-৩ অক্টোবর ২০১৫), প্রতিকৃতি: মাসুক হেলাল
গত হলেন পশ্চিমবঙ্গের কবি উৎপলকুমার বসু। তাঁকে নিয়ে অন্তরঙ্গ স্মৃতিচারণা

পুরী সিরিজ-এর কবি উৎপলকুমার বসু—আমার উৎপলদা আর নেই। ভাবতেই ঝাপসা হয়ে আসে চোখ। স্মৃতিতে ভেসে আসে ফেলে আসা যৌবনের নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায় কাটানো দিনরাতগুলো। আমার সেই সময়ের দিন-রাত যাঁদের সাহচর্যে উজ্জ্বল ও বর্ণময় হয়েছিল, উৎপলকুমার বসু তাঁদেরই অনিবার্য একজন। তাঁর সমন্ধে কী লিখব! কতটা লিখব! জীবনের একটা দীর্ঘ সময়ই তো কাটিয়েছি তাঁর সঙ্গে। একজীবনে সেসবের পুরোটা হয়তো কখনোই লিখে শেষ করা যাবে না। তাঁর সঙ্গে প্রত্যক্ষ পরিচয়ের অনেক আগেই তাঁর কবিতার সঙ্গে আমার জানাশোনা। গত শতকের ষাটের দশকে কলকাতার পরিচয়, চতুরঙ্গ, নতুন সাহিত্য, অগ্রণী, চতুষ্কোণ, অনুক্ত, ময়ূখ, কবিতা, পূর্ব্বাশা, কৃত্তিবাস, ইঙ্গিত, ইদানীং, রমাপদ চৌধুরীর পত্রিকা, অচলপত্র, মনের মতো কাগজ, ছোটগল্প, বাংলা কবিতা ইত্যাদি পত্রিকার সঙ্গে ঢাকাতে বসেই পরিচয় ঘটে আমার—পরিচয়টি মূলত পাঠক হিসেবে। এসব পত্রপত্রিকাতেই সুনীল গঙ্গোপাধ্যায়, শ্যামল গঙ্গোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায়, কবিতা সিংহ, অতীন বন্দ্যোপাধ্যায়, মতি নন্দী ও উৎপলকুমার বসুর লেখা পড়েছি। ঢাকায় বসেই প্রথম পড়েছি কমলকুমার মজুমদারের অন্তর্জলী যাত্রা, তাহাদের কথা প্রভৃতি অসামান্য আখ্যান।
অ্যালেন গিন্সবার্গরা তখন ঝড় তুলে ফিরে গেছেন নিজ নিকেতনে। ঢাকায় বসেই তাঁদের ভারত-ভ্রমণ, বিশেষ করে কলকাতা বিচরণের খবরাখবর আমরা পড়ছিলাম দেশ পত্রিকায় প্রকাশিত বুদ্ধদেব বসুর লেখায়। একদিকে ইউরোপে বিটলসদের উত্থান, অন্যদিকে মার্কিন মুলুকে বিট জেনারেশনের তুলকালাম কাণ্ড-কারখানা এবং তারই তরঙ্গ-বিভঙ্গ নিয়ে যখন কলকাতা তোলপাড়, ঠিক তখনই ভাসতে ভাসতে এলাম জব চার্নকের গড়ে তোলা শহরে, কলকাতায়।
যত দূর মনে পড়ে, শান্তি লাহিড়ীর বাংলা কবিতা পত্রিকায় উৎপলকুমার বসুর আলো-আঁধারি রহস্যঘেরা, ঠাসবুনোট কবিতা পড়ে মুগ্ধ হই। এরপর আমার ‘উন্মূল-উদ্বাস্তু’ কলকাতা-জীবনের শুরুর দিকেই; যত দূর মনে পড়ে ১৯৫৮-তে তাঁর সঙ্গে প্রথম দেখা। সুনীল গঙ্গোপাধ্যায় তখন বিদেশে। তবু বিভিন্ন আড্ডায় তরুণ কবিরা ঘুরেফিরে নেন তাঁর নাম। কলকাতার কফি হাউস থেকে খালাসিটোলা—সর্বত্রই রাজত্ব সার্বভৌম শ্রীমান কমলকুমার মজুমদারের। কমলদাকে কেন্দ্র করেই সপারিষদ সাগরময় ঘোষ, সমরেশ বসু, শক্তি চট্টোপাধ্যায়, দীপেন বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনাথ মজুমদার, শামসের আনোয়ার, ভাস্কর চক্রবর্তী, হলিউড-ফেরত হরিসাধন দাশগুপ্ত বা ‘দ্য গ্রেট হ্যারি এস’, উৎপলকুমার বসুসহ কলকাতার শিল্পসাহিত্য-সংস্কৃতি জগতের আরও কত কে যে জলসা বসাতেন! সেসব দিনের কথা, সেসব স্মৃতি এখনো যেন রূপ-ছবির মতো ভেসে ওঠে মানসপটে—দোলা দেয় হৃদ্মহলে।
ধুন্ধুমার আড্ডায় দিন চলে যাচ্ছিল দিনেরই নিয়মে। কদিন বাদেই দেখলাম, রাত-দিন যাঁদের সঙ্গে আমার ওঠাবসা—সবাই-ই কোনো না কোনোভাবে লিখে চলেছে। বলা চলে সে সময় নতুন শহরে আত্মপরিচয়ের ঘোষণা দিতেই যেন কবিতা লিখতে কলম সঞ্চালন আমার। দেখলাম, কবিতা লেখা বেশ কষ্টসাধ্য হলেও একবার আড় ভেঙে গেলে আর কোনো চিন্তা থাকে না। প্রথমে শান্তি লাহিড়ীর সুদৃশ্য বাংলা কবিতা দিয়ে শুরু করে কৃত্তিবাস এবং আরও বেশ কিছু ছোট কাগজে লিখতে লিখতে দেখা গেল, নিদেনপক্ষে রত্নাকর তো হওয়াই যায়; তবে হৃদিরত্নাকরের অথই জলে ডুব দেওয়াটাই যা কঠিন। এর মধ্যে একদিন ঝড়ের বেগে খানিকটা প্রাণের দায়ে যখন যতটুকু সম্ভব পারা যায় যাহোক কিছু একটা পদ্য লিখে বারেন্দ্র বামুন শান্তি লাহিড়ীর হাতে তুলে দিয়ে স্বস্তির নিশ্বাস ফেলব কি ফেলব না করছি। এই সময় ওই বাংলা কবিতারই একটি সদ্যপ্রকাশিত সংখ্যায় এই অধমের কবিতা পড়ে উৎপলদা এমনই উচ্ছ্বসিত যে নগদ পাঁচ টাকা বের করে পুরো এক বোতল এক নম্বরের অর্ডার করলেন। আর মুখে বললেন, ‘করেছেন কী মশাই!’
যাক বাবা চৈত্রে রচিত কবিতার কবি স্বয়ং উৎপল বসু আমার যৎকিঞ্চিৎ রচনাকে ‘কবিতা’র স্বীকৃতি দিয়েছেন—কবিজীবনের শুরুতে এটা ছিল আমার জন্য পরমানন্দের বিষয়। আর শুধু কবিতার স্বীকৃতি তো নয়, ইএস চোরান নামে এক রোমানীয় দার্শনিক যখন আমার বাউণ্ডুলেপনায় ভীষণ প্রভাব ফেলেছে, তখনকার সেই উড়নচণ্ডী দিনগুলোতে কলকাতার হাজরা রোডের ভাড়ার ফ্ল্যাটে উৎপলদাই তো আমাকে আশ্রয় দিয়েছেন সস্নেহে। ওই ফ্ল্যাটে বহুদিন বহু হইচই আর আড্ডা হয়েছে সবাই মিলে। একমাত্র শক্তি চট্টোপাধ্যায়েরই আসা-যাওয়ার কোনো ধরাবাঁধা সময় ছিল না। কাছেই মহিম হালদার স্ট্রিটে থাকতেন টাঙ্গাইলের কবি তারাপদ রায় ওরফে ‘টর্পেডো’। তিনিও আসতেন মাঝেমধ্যে। ওই ফ্ল্যাটে জমাটি আড্ডার মোহে আরও আসতেন দীপক মজুমদার, সন্দীপন চট্টোপাধ্যায় এবং উৎপলদার তৎকালীন বান্ধবী ও পরবর্তীকালে স্ত্রী—আমাদের সান্ত্বনা বৌদি। অবশ্য তিনি আসতেন দিনের বেলায়। উৎপলদা কাছেই যোগমায়া কলেজে পড়াতেন। উল্লেখ্য, কলকাতার বিখ্যাত হাংরি আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে এই কলেজ থেকে চাকরিচ্যুত হয়েছিলেন তিনি। হাজরা রোডের ফ্ল্যাটের প্রসঙ্গে মনে আসছে, পার্শ্ববর্তী হাজরা পার্কে ঘটে যাওয়া একটি খুনের ঘটনার কথা। এ পার্কে একবার একটি লোকের মৃতদেহ পাওয়া গেল। লোকটিকে খুন করা হয়েছে। কে বা কারা, কখন এই খুনটি করেছে, সে বিষয়ে কেউই স্থির-নিশ্চিত হয়ে কিছু বলতে পারছিল না। এ খুনের ঘটনায় আতঙ্কের পাশাপাশি একটা অবাক কাণ্ডও ঘটেছিল। হ্যাঁ, এটিকে আমি সজ্ঞানে ‘কাণ্ড’-ই বলছি। কারণ, লোকটির মৃতদেহ যেদিন পাওয়া গেল, তার আগের রাতে শক্তিদাকে বেসামাল হয়ে ওই পার্কের কাছে ঘুরতে দেখে পুলিশ তাঁকে ধরে নিয়ে গেল থানায়। ঘটনা এখানেই শেষ নয়, ধরে নিয়ে যাওয়ার সময়ই শক্তিদার সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। তো, ওই সময় তাঁর চশমা পড়ে যায় পার্কের এক কোণে। পরদিন খুনের তদন্তকাজে সদ্য আমদানি করা দুটি বিদেশি প্রশিক্ষিত কুকুরকেও নিয়ে আসে পুলিশ। তারা পায় শক্তিদার সেই চশমাটি। এরপর উদ্ধার হওয়া চশমার গন্ধ শুঁকে শুঁকে কুকুর দুটি তদন্তকাজে নামবে বলে জোর প্রচার ছড়াল চারদিকে। এ নিয়ে হই-হট্টগোলও চলছিল। কুকুর-তল্লাশিতে আমাদের শক্তিবাবুর অবশ্য তেমন কিছু হয়নি, কেননা, ঘটনার সঙ্গে তাঁর মোটেও সংশ্লিষ্টতা ছিল না; তবে পরদিন খবরের কাগজে হাজরা পার্কের খুনের ঘটনা এবং সেই সূত্রে পুলিশি অভিযানের কথা পড়ে উৎপলদা তাঁর হাজরা রোডের ফ্ল্যাট ছেড়ে তড়িঘড়ি বিরাট এক প্যাডলক ঝুলিয়ে বহরমপুর রওনা হয়ে গেলেন। এ ঘটনা মনে পড়লে আজও কৌতুক বোধ করি বেশ।
এর মধ্যেই দূর মহাদেশ থেকে সুনীলদা ফিরেছেন কল্লোলিনী কলকাতায়। আবার জমে উঠেছে কৃত্তিবাস—বেশুমার কবিতা ও আড্ডায়। এসবের ভেতর দিয়ে আমিও যে কখন ধীরে ধীরে হয়ে উঠেছি কৃত্তিবাস গোষ্ঠীর একজন, টের পাইনি মোটেও। খুব সম্ভবত পঁচিশতম সংখ্যা থেকে সম্পাদক সুনীল গঙ্গোপাধ্যায় ঘোষণা দিয়ে কৃত্তিবাস বন্ধ করে দেওয়ার প্রস্তাব রাখেন। হঠাৎ কী খেয়াল হলো আমি আর আমার তখনকার প্রায় সার্বক্ষণিক সঙ্গী খণ্ডকালীন কবি নিমাই চট্টোপাধ্যায় ঠিক করলাম, আমরা একবার চেষ্টা করে দেখি না কেন! আমাদের আরেক বন্ধু অমল লাহিড়ী পেছন থেকে করতালি দিতেই সুনীলদা বললেন, ‘তথাস্তু।’ যেই কথা সেই কাজ—কৃত্তিবাস আবার বেরোবে। আমরা লেগে গেলাম পত্রিকাটির জন্য লেখা আর বিজ্ঞাপন সংগ্রহের কাজে। নিজের কবিতাসমেত প্রচ্ছদ করে দিলেন পূর্ণেন্দু পত্রী। সুনীলদা দিলেন তাঁর সুখ্যাত ‘উত্তরাধিকার’ কবিতাটি, শক্তিদার কাছ থেকে পাওয়া গেল ‘যেভাবে শব্দকে জানি’, কবিতা চেয়েছিলাম শঙ্খ ঘোষ, অলোকরঞ্জন দাশগুপ্ত, বিনয় মজুমদারের কাছে। তাঁদের মতোই আমাদের আহ্বানে সাগ্রহে সাড়া দিয়েছিলেন উৎপলদাও।
উৎপলদার কথা কত আর লিখব! তাঁর সঙ্গে একটি স্মৃতিময় ভ্রমণের কথা মনে পড়ে আজ। কফি হাউসে উত্তাল আড্ডার মুহূর্তে শক্তিদা হঠাৎ কথা পাড়লেন, কয়েক দিন কলকাতার বাইরে না গেলে বোঝা দুষ্কর, এ শহরের কী অমোঘ টান, এর মায়াজালই-বা কতটা দুর্নিবার। সাতকথার পর সাব্যস্ত হলো, সাঁওতাল পরগনা, ঝাড়গ্রাম, সম্ভব হলে চক্রধরপুর কিংবা চাইবাসা যাওয়া যায়। আগে বেরিয়ে তো পড়া যাক, তারপর নাহয় দেখা যাবে কোথাকার জল গড়ায় কোথায়। যাত্রীদল ঠিক হলো—শক্তি, উৎপল, পবিত্র বল্লভ ও আমি। নির্ধারিত দিনে হাওড়া থেকে ট্রেনে চেপে ভোরের দিকে পৌঁছালাম ঝাড়গ্রামে। স্টেশনে নেমে আমাদের প্রথম গন্তব্য ছিল শক্তিদার কবিবন্ধু, ওই এলাকার রাজ কলেজের অধ্যাপক দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের (পরবর্তী সময়ে জীবনানন্দ গবেষক হিসেবে খ্যাত) বাড়ি। সে যাত্রায় ঘটল অনেক মজার কাহিনি। সব আজ আর মনেও নেই। তবে স্মৃতিতে ভাস্বর হয়ে আছে উৎপলদা, শক্তিদার সঙ্গে কাটানো ঝাড়গ্রামের সেই উত্তুঙ্গ ভ্রমণমুহূর্তগুলো।
বাংলা কবিতায় উৎপলকুমার বসুর কীর্তিগাথার কথা বলবেন সবাই। আমি শুধু বলব, ব্যক্তি উৎপলকুমারের সহৃদয়তা ও বন্ধুবাৎসল্যের কথা। কবিতায় যেমন বিন্দুতে ধারণ করেছেন জীবন ও জগতের বহু সিন্ধুসম উপলব্ধি এবং অনুভব, তেমনি মানুষ হিসেবে তাঁর বিরাট-প্রাণতার ছায়া আজও টের পাই আমার আপন আঙিনায়। ‘একে একে নিভিছে দেউটি’—কমলকুমার মজুমদার চলে গেলেন। রাত্রির স্বেচ্ছাচারী কল্লোলে হারিয়ে গেছেন শক্তি চট্টোপাধ্যায়ও। একে একে চলে গেলেন শামসের আনোয়ার, বিনয় মজুমদার, তারাপদ রায়, সন্দীপন চট্টোপাধ্যায়, শ্যামল গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, ভাস্কর চক্রবর্তীর মতো কলকাতা-জীবনে আমার ছায়াবৃক্ষরা। আর উৎপলকুমার বসু—তাঁকেও হারিয়ে ফেললাম এ মাসের ৩ অক্টোবর। স্মৃতিভারে আমি এখন পড়ে আছি একা।
তোমাকে বিদায় বলতে চাই না, প্রিয় উৎপলদা।