বিদায় হিচেনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৬২ বছর বয়সে চলে গেলেন ক্রিস্টোফার হিচেনস। দুরারোগ্য ক্যানসার তাঁর শরীরে বাসা বেঁধেছিল। মৃত্যুর আগে আগে দুঃখ করে বলেছিলেন, এমন একটা বাজে অসুখের সঙ্গে লড়াই না করে তিনি যদি ভালো কোনো কারণে অথবা কোনো দুষ্টশক্তির বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ পেতেন, অনেক স্বস্তির সঙ্গে মৃত্যুকে বরণ করতে পারতেন। ভ্যানিটি ফেয়ার পত্রিকায় তাঁর শেষ রচনায় হিচেনস ইঙ্গিত করেছিলেন মৃত্যু নিয়ে তিনি ভীত নন, কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করার শক্তি তাঁর কমে আসছে। ‘একসময় (নিৎসের কথা ধার করে) খুব বলতাম, মৃত্যু ঘটায় না এমন যেকোনো কিছুই আমাকে অধিক শক্তিশালী করে। এই কথা এখন আর আগের মতো সংশয়হীনভাবে বলতে পারি না।’বাঙালি পাঠকদের হিচেনসের নাম জানার কথা। তাঁর একটি বই হেনরি কিসিঞ্জারের বিচার বাংলায় অনূদিতও হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যার পেছনে কিসিঞ্জারের ও নিক্সন প্রশাসনের সমর্থনের কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে, তিনি অভিযোগ করেছিলেন। একজন রক্তচোষা জেনারেল, যে মদ ও মেয়েমানুষ ছাড়া আর কিছু বোঝে না, তার পেছনে ছাতা পেতে ছিলেন কিসিঞ্জার। মানবতার বিরুদ্ধে অপরাধের কারণে তার বিচার হওয়া উচিত। তিনি লিখেছিলেন, ‘কিসিঞ্জার একটা মাস্তান, ধড়িবাজ, মিথ্যুক ও খুনে।’ ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পেছনে মার্কিন প্রশাসনের হাত থাকতে পারে, এমন ইঙ্গিতও তাঁর সে বইতে রেখেছিলেন হিচেনস।পাঁড় নাস্তিক বলে সুনাম-দুর্নাম দুটোই ছিল হিচেনসের। তাঁর একটি বইয়ের নাম গড ইজ নট গ্রেট। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে নাস্তিকতার পক্ষে তর্ক করার সময় দেখেছি একদল শ্রোতা তাঁকে নায়কের মতো সম্মান জানাচ্ছে। অন্য দলের চোখে সেই তিনিই কালাপাহাড়। হিচেনস ক্যানসারে আক্রান্ত হয়েছেন শুনে কোনো কোনো বকধার্মিক সোল্লাসে বলেছিলেন, এই হলো ঈশ্বরের শেষ মার। এখন কোথায় পালাবে! শুনেছি, বিলেতে এই ধার্মিকজনেরা মৃত্যুর আগে তাঁর সুমতি হবে, এই ভেবে গির্জায় মোমবাতি জ্বেলে আসতেন। কিন্তু হিচেনস তেমন ভবি নন যে তিনি ভুলবেন। ‘যুক্তি দিয়ে যা জেনেছি, এখন সংকটে পড়ে নাকে খত দেব, তা কী করে হয়?’ বিরক্তি নিয়ে তিনি বলেছিলেন।আজীবন নিজের শরীরের ওপর অত্যাচার করেছেন হিচেনস। রাত জেগে আড্ডা ও আকণ্ঠ মদ্যপান, তাঁর যুবা বয়স থেকে অভ্যাস। মৃত্যুর শেষ কয়েক মাস যে নিয়ম তাঁকে বদলাতে হয়েছিল। কিন্তু যে প্রখর যৌক্তিকতা ও জ্ঞান তাঁকে বিশ্বজোড়া খ্যাতি দিয়েছিল, শেষ পর্যন্ত তাঁকে আগলে রেখেছিলেন হিচেনস। মৃত্যুতে বিন্দুমাত্র ভীত ছিলেন না হিচেনস। তাঁর একমাত্র ভয় ছিল লেখার ক্ষমতা কমে আসছে, শরীর তাঁর সে ক্ষমতা কেড়ে নিচ্ছে, এই উপলব্ধি। ভ্যানিটি ফেয়ার-এ তিনি লিখেছেন:‘আমি বেদনা উপশমের জন্য হাতে ও আঙুলে সদ্য ইনজেকশন নিয়ে লিখতে বসেছি। এই ব্যথার সবচেয়ে বড় পার্শ্বপ্রতিক্রিয়া হলো, এর ফলে শরীর ক্রমেই অসাড় হয়ে আসে। এখন এই ভয় আমাকে গ্রাস করা শুরু করেছে যে আমি হয়তো আর লিখতেই পারব না। লেখার ক্ষমতা নিঃশেষ হলে আমার জীবনধারণের ইচ্ছা যে বহুলাংশে হ্রাস পাবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি অনেক সময় লোক-দেখানো গর্ব করি, বলি যে লেখা কেবল আমার জীবিকার মাধ্যম নয়, লেখাই আমার জীবন। কিন্তু এখন সেই জীবন থেকে বঞ্চিত হওয়ার হুমকি দেখা দিয়েছে। এই উদ্বেগের সঙ্গে তুলনা চলে আমার গলার স্বর হারানোর আশঙ্কার সঙ্গে, যে আশঙ্কা এই মুহূর্তে দূর করা গেছে আমার কণ্ঠনালিতে ইনজেকশন দেওয়ার ফলে। চলৎশক্তিহীন হস্তদ্বয়ের কথা কল্পনা করে আমি এই ভেবে আশঙ্কিত যে আমার ব্যক্তিত্ব ও আত্মপরিচয় দুটোই ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে। আমার লেখার ও চিন্তা করার মাধ্যমসমূহ তার সঙ্গে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।’ওয়াশিংটনে থাকলেও এই শহরে ঘন ঘন আসতেন হিচেনস, ফলে তাঁকে নানা সময়ে নানা আসরে দেখার সুযোগ আমার হয়েছে। মনে আছে ‘৯২ ওয়াই’ কেন্দ্রে একবার হিচেনস ও সালমান রুশদি শব্দ নিয়ে এক মজার খেলায় মেতে উঠেছিলেন। শব্দের মধ্যে কোনো একটা অক্ষর বদলে দিলে কী মজা হয়, তা দেখানোর প্রতিযোগিতা। একজন বললেন, লাফটার হাউস ফাইভ (স্লটার হাউস ফাইভের প্রথম অক্ষর বদলে), অন্যজন মুখের কথা ফেলতে না ফেলতেই পাল্টা বললেন, রোমিও অ্যান্ড জুলি (জুলিয়েটের টি বাদ দিয়ে)। সেই অনুষ্ঠানে রুশদিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন হিচেনস তাঁর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে। হিচেনসের মৃত্যুর পর রুশদি টুইটারে এক বার্তায় লিখেছিলেন, ‘বিদায় বন্ধু। আজ থেকে এক মহান কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেল।’ব্রিটিশ লেখক ও সাংবাদিক হিচেনস তাঁর প্রথম জীবনে বামপন্থী, এমনকি ট্রটস্কিপন্থী বলেই পরিচিত ছিলেন। একসময় ব্রিটিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির পত্রিকা সোশ্যালিস্ট ইন্টারন্যাশনাল-এর নিয়মিত লেখক ছিলেন। ব্রিটিশ লেবার পার্টির বামপন্থী সদস্য হিসেবে কম বয়সেই নাম কিনেছিলেন, কিন্তু ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করায় সে দল থেকে তিনি বহিষ্কৃত হন। ১৯৮১ সালে ব্রিটেন থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন হিচেনস। এই দেশে খ্যাতি-অখ্যাতি দুই-ই তাঁর ভাগে জোটে। বামপন্থী পত্রিকা দ্য নেশন-এ নিয়মিত লিখতেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করলে তিনি সে যুদ্ধের অন্যতম প্রবক্তা হয়ে ওঠেন, ফলে নেশন-এর সঙ্গে তাঁর মতান্তর ঘটে। হিচেনস সাদ্দাম হোসেনের পতনকে শুধু স্বাগত জানাননি, ইসলামি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে নিজেও একজন সৈনিক হয়ে ওঠেন। ফলে বামপন্থীদের কাছে তিনি ব্রাত্য হয়ে উঠলেও মার্কিন দক্ষিণপন্থী মহল তাঁকে লুফে নেয়। কিন্তু নিজের নাস্তিকতার সঙ্গে কোনো আপস করতে রাজি না হওয়ায় তাদের চোখেও নিন্দনীয় হয়ে ওঠেন হিচেনস।অনেক কিছুতেই হিচেনসের বাড়াবাড়ি ছিল। তিনি কথা বলতেন বেশি, মদ খেতেন আকণ্ঠ, সিগারেট খেতেন একের পর এক। যেকোনো আড্ডায় অন্য সবার চেয়ে উঁচু গলায় কথা বলতেন। কিন্তু কখনোই যুক্তি ছাড়া, গভীর প্রত্যয় ছাড়া কোনো কথা বলতেন না, কোনো কথা লিখতেন না। দুই হাতে লিখতে পারতেন হিচেনস। রাজনীতি, দর্শন, সাহিত্য—বিশ্বের হেন বিষয় নেই, যা তাঁকে আগ্রহী করত না। প্রতি বিষয়েই তাঁর নিজস্ব মতামত ছিল, অধিকাংশ সময়েই সে মতামত অন্য অধিকাংশের মতের বিপরীতে। বিলেতে তাঁর সব পরিচিত বন্ধুবান্ধব যখন মার্গারেট থ্যাচারের নিন্দায় সরব, তখন হিচেনস তাঁর পক্ষ নিয়েছেন এই যুক্তিতে যে আর্জেন্টার সামরিক জান্তাকে ম্যাগি থ্যাচার ছাড়া আর কেউ ও রকম বেধড়ক ঠ্যাঙাতে পারত না। সারা পৃথিবীর মানুষ যখন মাদার তেরেসাকে ‘সেইন্ট’ বলে কুর্নিশ করছে, হিচেনস তখন তাঁকে প্রতারক বলে নিন্দা করেছেন। মাদার তেরেসার ধর্মবিশ্বাস নিয়ে তাঁর সন্দেহ ছিল, তবে সবচেয়ে কঠোর ভাষায় যে কারণে হিচেনস মাদার তেরেসার নিন্দা করেছেন, তা হলো গর্ভপাতের বিরুদ্ধে মাদার তেরেসার অনড় অবস্থান। তৃতীয় বিশ্বের মানুষ যখন জনসংখ্যা সমস্যা ও দারিদ্র্য নিয়ে খাবি খাচ্ছে, সে সময় ধর্মের নামে জন্মনিয়ন্ত্রণে বাধা দেওয়া ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে লিখেছিলেন হিচেনস। বাঙালি হিসেবে তাঁর কাছে আমাদের এই ঋণ অপরিশোধ্য।২৬ ডিসেম্বর ২০১১, নিউইয়র্ক