
ঢাকা আর্ট সেন্টারের দোতলার একটি ঘরে প্রদর্শনীটির আয়োজন। ছবি দেখে বিভ্রমে পড়তে হয়। কখনো কখনো আপনার মনে হতে পারে, এগুলো আঁকা ছবি নয়, আলোকচিত্র। খুব কাছে গিয়ে দেখলে ভুল ভাঙবে। পাঠক, আপনাদের বহু দিনের বাস্তবরীতির ছবি দেখার তৃষ্ণা মেটাবে এই প্রদর্শনী। এখানে জলরঙে আঁকা বাংলাদেশের পাখির অবয়বে ব্যবহৃত রং অতি চেনা পাখিকে হাজির করেছে তা-ই নয়, শুধু পেনসিল মাধ্যমে আঁকা নিসর্গ অথবা মানুষের অবয়বকেও অত্যন্ত যত্নে নির্মাণ করেছেন শিল্পী। বাংলার নিসর্গে যে লালিত্যময় ছন্দ আছে তাঁর কাজে সেটি স্পষ্ট। সব মিলিয়ে এ প্রদর্শনীতে যেন বা বাংলাদেশকে দেখতে পেলাম আমরা। দেখালেন অস্ট্রেলিয়ার এক শিল্পী—ম্যালকম আর্নল্ড।
দশ বছর ধরে বাংলাদেশের মানুষ আর প্রকৃতি স্মৃতিতে গেঁথে রেখেছেন শিল্পী ম্যালকম আর্নল্ড। তিনি মনে করেন, বাংলাদেশের মানুষের আচরণে রয়েছে এক রকম সরলতা। ফলে এ শিল্পীর জলরং, অ্যাক্রেলিক ও পেনসিলের কাজে সে ভাবনা স্পষ্ট। ম্যালকম আর্নল্ড আলোকচিত্রের চেয়ে বেশি বাস্তব নির্মাণরীতি অনুসরণ করে অনুরণন তুলেছেন দর্শকদের মনে। তাঁর আঁকা চিত্রকর্ম, আলোকচিত্র নিয়ে একটি প্রকাশনার মাধ্যমে বাংলাদেশের স্মৃতিকে আগলে রাখতে চান তিনি।

বাংলাকে এ শিল্পী দেখেছেন চূড়ান্ত বাস্তবরীতিতে। তবে তাঁর ছবির কোনো কোনোটিতে আছে শিল্পীর নিজস্ব ভঙ্গি—‘দ্য জেন্টেল ব্রিজ ইজ দেয়ার হেলপার’ শিরোনামের ছবিতে উঠানে ধান ঝাড়ছে দুজন নারী। পুরো ছবিতে ধান, নারী ও চিত্রতলের সাদা রঙের সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপনা একে প্রাণ দিয়েছে। একই বিষয়ে তিনি পেনসিলেও এঁকেছেন। পেনসিলের কাজে প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে কোমল ছায়ার প্রয়োগে। ধান কাটায় ব্যস্ত দুজন কৃষকের মনোযোগে কোমল ভাব ফুটিয়ে তুলেছেন সূক্ষ্ম রেখার সাহায্যে।
পেনসিলে আঁকা আরেকটি ছবি ‘ভিলেজ লাইফ’। সাদা কাগজের গায়ে মাঝারি টোনের সাহায্যে ছবিটি আঁকা। বাংলাদেশের গ্রামীণ জনপদের শান্ত রূপের কথা মনে করিয়ে দেয় এই ছবি। কিছু শিল্পকর্মে আর্নল্ড অনুসরণ করেছেন রেনেসাঁ-পরবর্তী ইউরোপীয় শিল্পীদের কাজের ধাঁচ, যেখান থেকে এসেছে তাঁর মসৃণতা ও বুনটধর্মিতা। শিল্পী স্মৃতিচারণা করেছেন এভাবে: ‘সার হ্যান্স হেসেন আমার কাজের গুরু। তাঁর কাজের ধরনেই আমি কাজ করি। এই চিত্রকরের বয়স এখন ৯০ বছর। এ প্রদর্শনী তাঁকে উৎসর্গ করছি।’
সুন্দরবনের জীববৈচিত্র্য, বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগার—বাঘের গায়ে ডোরা কাটা দাগ, চাহনিতে হিংস্রতা আর প্রকৃতির মধ্যে তাদের অবাধ বিচরণ মুগ্ধ করেছে আর্নল্ডকে। বাংলাদেশের গত এক দশকের অভিজ্ঞতায় গ্রামীণ জনপদের নানা পর্যায়ে ছবির বিষয় খুঁজে পেয়েছেন তিনি। তাঁর ছবিগুলো শেষাবধি যেন হয়ে উঠেছে আবহমান বাংলার ছবি।
৮ জুলাই শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হবে ২৫ জুলাই।