বিদ্রোহী থেকে বিজয়ী জাতির নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রম রিবেল টু ফাউন্ডিং ফাদার
ফ্রম রিবেল টু ফাউন্ডিং ফাদার

ফ্রম রিবেল টু ফাউন্ডিং ফাদার: শেখ মুজিবুর রহমান—সৈয়দ বদরুল আহসান 
প্রচ্ছদ: শশী ভূষণ প্রসাদ  প্রকাশক: নিয়োগী বুকস, নয়াদিল্লি, ভারত
পৃষ্ঠা: ২৮৯  ২০ ডলার
শেখ মুজিবুর রহমান জাতির মহত্তম সন্তান। জীবদ্দশায় তো বটেই, মৃত্যুর ৩৯ বছর পরও তিনি আমাদের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র। কিন্তু দুঃখজনক যে, শেখ মুজিবকে নিয়ে মঞ্চে-মাঠে বক্তৃতার ঝড় তুললেও বাংলা ভাষায় তাঁর একটি পূর্ণাঙ্গ জীবনী কেউ লিখেননি।
তবে ইংরেজি ভাষায় অন্তত দুটি বইয়ে ব্যক্তি ও রাজনীতিক শেখ মুজিবুর রহমানের উত্তরণ ও উদ্ভাসনের চিত্র পাই। প্রথমটি শেখ মুজিব: ট্রাম্ফ অ্যান্ড ট্র্যাজেডি, লিখেছেন কূটনীতিক এস এ করিম। আর দ্বিতীয়টির লেখক সাংবাদিক-গবেষক সৈয়দ বদরুল আহসান; শিরোনাম, ফ্রম রিবেল টু ফাউন্ডিং ফাদার: শেখ মুজিবুর রহমান। প্রকাশ করেছে ভারতের নিয়োগী বুকস।
আলোচ্য ফ্রম রিবেল টু ফাউন্ডিং ফাদার: শেখ মুজিবুর রহমান-এর ভূমিকা লিখেছেন ইতিহাসবিদ সালাহউদ্দীন আহমদ। তাঁর ভাষায় ‘বঙ্গবন্ধু জীবিতকালে যেমন, তেমনি মৃত্যুর পরও আমাদের স্মৃতিতে ভাস্বর হয়ে থাকবেন, বাংলাদেশের সর্বোচ্চ রাজনৈতিক প্রতীক হিসেবে।’ তাঁর এই বক্তব্যে অতিশয়োক্তি নেই।
সৈয়দ বদরুল আহসান বইটি শুরু করেছেন সেই দৃশ্যচিত্র দিয়ে, যেখানে সেনা সদস্যরা বঙ্গবন্ধুর শবদেহ তাঁর জন্মভূমি টুঙ্গিপাড়ার মাটিতে নামাচ্ছেন, সেদিন অঝোরধারায় বৃষ্টি পড়ছিল, যেন প্রকৃতিও শোকাহত ছিল তাঁর এই কৃতী সন্তানের মৃত্যুতে, যদিও সেই বৈরী ও বিরুদ্ধ পরিবেশে খুব কম মানুষই প্রকাশ্যে চোখের পানি ফেলতে পেরেছেন। আবেগঘন বর্ণনা। পাঠকের মন ছুঁয়ে যাবে।
সাত অধ্যায়ে বিভক্ত এই বইয়ে আমরা এমন এক রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রত্যক্ষ করি, রাজনীতি ছিল যাঁর ধ্যানজ্ঞান ও উদ্দেশ্য সাধনের হিরণ্ময় হাতিয়ার। শেখ মুজিব পাকিস্তানি শাসকগোষ্ঠীর ভ্রুকুটি উপেক্ষা করে তাঁর দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য লড়াই করে গেছেন। বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। জেলখানা হয়েছে তাঁর দ্বিতীয় বাড়ি। তিনি লক্ষ্যে ছিলেন অবিচল, সাংগঠনিক কাজে অতুলনীয়। তিনি ধাপে ধাপে বাঙিালির স্বাধিকারের আন্দোলনকে স্বাধীনতার পথে নিয়ে গেছেন।
শেখ মুজিব কেবল ইতিহাস নির্মাতা নন, তিনি নিজেও ইতিহাসের এক আশ্চর্য সৃষ্টি; গেল শতকের চল্লিশের দশকে সাম্প্রদায়িক মুসলিম লীগের কর্মী হিসেবে যিনি রাজনীতির পাঠ নিয়েছেন; পরবর্তীকালে তিনিই হয়ে ওঠেন বাঙালি জাতীয়তার প্রাণপুরুষ। সাতচল্লিশে দেশ বিভাগের পরই তিনি বুঝতে পারলেন, পাকিস্তান রাষ্ট্রকাঠামোয় কোনোভাবেই বাঙালিদের অধিকার নিশ্চিত হবে না। আর এ কারণেই অন্য দলের নেতারা যখন পাকিস্তানি শাসকদের সঙ্গে আপস রফায় ব্যস্ত, তখন শেখ মুজিব চূড়ান্ত সংগ্রামেরই প্রস্তুতি নেন। পাকিস্তানি শাসকগোষ্ঠী নির্বাচনের রায় না মেনে নিলে তিনি ছয় দফার আন্দোলনকে এক দফায় নিয়ে যান। অবশেষে একাত্তরের মুক্তিযুদ্ধ ও লাখ লাখ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হলো তাঁর স্বপ্নের বাংলাদেশ।
সৈয়দ বদরুল আহসান ফ্রম রিবেল টু ফাউন্ডিং ফাদার: শেখ মুজিবুর রহমান মূলত সেই স্বপ্ন ও স্বপ্নদ্রষ্টার কথাই তুলে ধরেছেন নানা তথ্য-উপাত্ত ও যুক্তির নিরিখে। তবে বইয়ে তিনি শেখ মুজিবের একটি রাজনৈতিক ভুলের প্রতিও পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটি হলো দীর্ঘ রাজনৈতিক জীবনের সহযোদ্ধা তাজউদ্দীন আহমদের সঙ্গে তাঁর বিচ্ছেদ; যা তাঁর ব্যক্তি এবং আমাদের জাতীয় জীবনে বড় ধরনের ট্র্যাজেডির কারণ হয়েছিল বলে লেখক মনে করেন।
শেখ মুজিবকে যাঁরা জানেন এবং যাঁরা জানেন না—উভয় শ্রেণির পাঠকের জন্যই বইটি অবশ্যপাঠ বলে মনে করি। এ রকম একটি বস্তুনিষ্ঠ জীবনীগ্রন্থ উপহার দেওয়ার জন্য সৈয়দ বদরুল আহসানকে আন্তরিক ধন্যবাদ।