
‘বহির্জগতের কাল্পনিক প্রতিলিপিই চিত্র, মনোজগতে ধরা নানা বস্তুর যে স্মৃতি তার আলেখ্যই চিত্র—এ দুটোই মত, মন্ত্র নয়। বাইরে যা দেখছি, খুঁটে খুঁটে তার কপি নেওয়া কিংবা চোখ উল্টে ভেতরের দিকে বাইরেরই যেসব স্মৃতি রয়েছে জমা তার হুবহু ছাপ তোলায় তফাত একটুও নেই, দুটোই একজাতির চিত্র-এ-ও ছাপ সে-ও ছাপ, কাপি ছবি নয়।’—খ্যাতিমান চিত্রকর অবনীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘মত ও মন্ত্র’ প্রবন্ধে স্মৃতির সঙ্গে ছবির সম্পর্ক বর্ণনা করেছেন এভাবেই। সম্প্রতি গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে বিপাশা হায়াতের চতুর্থ একক প্রদর্শনী দেখে এই কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল মাথায়।
প্রদর্শনীর শিরোনাম ‘স্মৃতির রাজ্যে’। শিল্পীর ভাষ্যমতে, ‘আমার ছবির টুকরো অংশগুলো প্রতিনিধিত্ব করে আমার টুকরো স্মৃতিগুলোকে। আর যে লাইনগুলো দিয়ে এগুলো আলাদা করা, সেটা একে আহ্বান করে আমার বর্তমানে। ক্যানভাসটা আসলে এ দুটি সময়—অতীত বর্তমান এবং আমার মৌলিক আবেগ ধরে রাখার জায়গা।’ বিমূর্তধারার এসব চিত্রমালায় বিপাশার নিজেকে ভাঙার চেষ্টা বিমোহিত করেছে দর্শককে।
৩৬টি চিত্রকর্ম আছে এখানে—২৮টি পেইন্টিং ও আটটি ড্রয়িং। ‘স্মৃতি’ বিষয়ক ভাবনাটি অনেক দিন ধরেই ছিল বিপাশার মধ্যে। প্রায় সাড়ে তিন বছর ধরে এ নিয়ে কাজ করেছেন তিনি।
মানুষ চিরকালই অভিযাত্রী, শূন্য থেকে এসে আমরা যেন হাঁটছি অজানার পথে। ভালোবাসা কিংবা অন্য যা কিছুতেই একে প্রকাশ করি না কেন, এ ভ্রমণ কখনো আনন্দের, বেদনার অথবা বিস্ময়ের—বিপাশার ছবিগুলো দেখার পর হয়তো এমন করে বলতে ইচ্ছে হতে পারে আপনারও। তাঁর কাজে সেই অর্থে কোনো গাঠনিক রূপান্তর নেই, কিন্তু কাজগুলো দারুণভাবে ফর্মবেইসড। মনে হয় মানুষের হৃদয়ের বিশাল ক্যানভাসের খোপ-কাটা ঘরে বহু রঙের স্মৃতিরা ভেসে বেড়াচ্ছে, কেউবা লুটোপুটি খাচ্ছে একে অন্যের গাঁয়ে; কোথাও আবার এক স্মৃতির সঙ্গে অন্য একটি স্মৃতি মিলেমিশে ভিন্ন কোনো রং ছড়াচ্ছে ক্যানভাসে। এই ফর্মগুলো শিল্পী নিয়েছেন তাঁর শৈশবে ঘুরে আসা ঐতিহাসিক প্রাচীন স্থাপত্যরীতি থেকে। আহামরি কোনো টেক্সচারের অবতারণা নেই এখানে, যা আছে তা অবচেতনভাবে রঙের সহজাত টেক্সচার। বলা যায়, স্বতন্ত্র ও সরল শিল্পভাষার পথে হেঁটেছেন বিপাশা।
কেবল অতীত স্মৃতি রোমন্থনই এই সিরিজের সর্বস্ব নয়, আছে বর্তমান ভাবনা; এমনকি পরাবাস্তব মনোজগৎও। পরাবাস্তব জগৎ আঁকতে গিয়ে শিল্পী বেছে নিয়েছেন জ্যামিতিক ফর্ম। একই সঙ্গে ব্যবহার করেছেন মোটা ও সূক্ষ্ম রেখা। ‘পৃথিবীতে আমার অস্তিত্ব’ ছবিটি কাগজে কোরিয়ান কালি ও তেল প্যাস্টেল মাধ্যমে করা সাম্প্রতিক সময়ের কাজ। ‘নক্ষত্রবাড়িতে সূর্যমুখী’—দর্শকের মনে এই চিত্র আগের কোনো সুন্দর সময়ের স্মৃতি উঁকি দেওয়ার আভাস দেয়। অ্যাক্রেলিক মাধ্যমের ছবি ‘স্বেপ্নরা’ আবার আমাদের সুন্দর স্বপ্নের মতোই মনোরম।
বিপাশা হায়াতের এই সিরিজের ছবিগুলোর ক্যানভাস যত বড়, দর্শকের দেখার মজা যেন ততই বেশি। কারণ, এতে ভাবনার বিস্তর স্বাধীনতা মেলে। তিন সপ্তাহব্যাপী প্রদর্শনীটি শেষ হবে ২৯ আগস্ট।