>

‘দ্য ভেজিটেরিয়ান’ উপন্যাসের জন্য এ বছর ম্যান বুকার পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরীয় কথাসাহিত্যিক হ্যান ক্যাং
২০১৬ সালের ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারজয়ী দ্য ভেজিটেরিয়ান দক্ষিণ কোরীয় নারী কথাসাহিত্যিক হ্যান ক্যাং-এর দ্বিতীয় উপন্যাস। এটি সর্বপ্রথম কোরিয়ান ভাষায় প্রকাশিত হয় ২০০৭ সালে। ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় ২০১৫ সালে। হ্যান ক্যাং-এর লেখার গুণমুগ্ধ ব্রিটিশ বংশোদ্ভূত ডেবোরা স্মিথ অত্যন্ত সাবলীল ভাষায় উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেছেন। বলে রাখা ভালো, ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারের জন্য মৌলিকভাবে ইংরেজি ভাষায় লেখা ফিকশানের পাশাপাশি ইংরেজিতে অনূদিত ফিকশানকেও বিবেচনায় নেওয়া হয়; এবং এ বছর প্রণীত নতুন বিধানে বলা হয়েছে, ২০১৬ থেকে ইংরেজিতে অনূদিত ফিকশান পুরস্কার পেলে পুরস্কারের মোট অর্থমূল্য লেখক ও অনুবাদক সমান ভাগে ভাগ করে নেবেন।
যা হোক, দি ভেজিটেরিয়ান ইংরেজিতে প্রকাশিত হওয়ার পর থেকেই প্রধানত দুটি কারণে—উপন্যাসের কাহিনি ও গঠনশৈলী—বিশ্বব্যাপী বোদ্ধা পাঠকদের সবিশেষ মনোযোগ আকর্ষণে সমর্থ হয়।
গোটা উপন্যাস তিনটি অংশে বিভক্ত। তিনটি ভিন্ন ভিন্ন গল্প নিয়ে আখ্যানটি সাজিয়েছেন হ্যান ক্যাং। তবে তিনটি গল্পই এগিয়েছে এক নারীকে কেন্দ্র করে। ইয়েঅং-হাই নামে এক নারীর জীবনের গুটিকয়েক আকস্মিক পরিবর্তনই এ উপন্যাসকে আগাগোড়া নিয়ন্ত্রণ করেছে। এককথায়, ইয়েঅং সবগুলো গল্পের কেন্দ্রে অবস্থান করছে। তার জীবনের একটি সিদ্ধান্ত কীভাবে পরিবারকে মাড়িয়ে সমাজের প্রচলিত ভিত বা প্রথাকে নাড়িয়ে দেয়, তা-ই পাঠকদের জানাতে চায় দ্য ভেজিটেরিয়ান। কী এমন প্রলয়ংকরী সিদ্ধান্ত নিয়েছে ইয়েঅং, যা তার সাদামাটা সংসার ও আটপৌরে জীবনাচরণে এনেছে বৈপ্লবিক পরিবর্তন? আমরা তা অবশ্যই জানব।
তবে আগে অল্প কথায় জানা জরুরি, কেমন ছিল ইয়েঅং-হাই ও তার স্বামী চিয়েঅং-এর পারিবারিক জীবন। উপন্যাসের শুরুতেই চিয়েঅং তার স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে আমাদের জানায়, ‘কোনোভাবেই উল্লেখ করার মতো কোনো বিশেষ গুণ ইয়েঅং-এর নেই।’
শুরুর কয়েক পৃষ্ঠা পড়ার পরই পাঠক জানবেন, এমন এক নারীকেই চিয়েঅং জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল, যে পুরোদস্তুর গৃহিণী হয়ে জীবন কাটিয়ে দেবে, কোনো দিন স্বামীর অবাধ্য হবে না এবং যার স্বামীর কাছে তেমন কোনো আশা-আকাঙ্ক্ষাও থাকবে না। ইয়েঅং-হাই তার স্বামীর প্রত্যাশার প্রায় শতভাগই পূরণ করেছে। তা ছাড়া জীবন নিয়ে তেমন কোনো উচ্চাশাও নেই তার। সে ছোটখাটো চাকুরে। এভাবেই কেটে যাচ্ছিল এ দম্পতির জীবন। হঠাৎ একদিন সব ওলট-পালট করে দিল ইয়েঅং-এর একটি সিদ্ধান্ত—সে আর কোনো দিন মাংস খাবে না। সাফ বলে দিল, এখন থেকে সে নিরামিষভোজী। স্বামী কারণ জানতে চাইলে বলল, ‘আই হ্যাড আ ড্রিম।’ স্বপ্নের কোনো ব্যাখ্যাও দেয়নি সে। যে কথা, সে কাজ। রেফ্রিজারেটর থেকে সব মাংস ছুড়ে ফেলে দিল ইয়েঅং।
এদিকে চোখের সামনে পারিবারিক জীবনের এমন জটিলতাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে চিয়েঅং-এর। শুধু তা-ই নয়, ইয়েঅং সিদ্ধান্ত নিয়েছে সে আর ব্রা পরবে না; ধীরে ধীরে পরিবারের মানুষের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিল সে। এমন পরিস্থিতি ইয়েঅং-এর বাবার বাড়ির লোকজনকেও দুশ্চিন্তায় ফেলে দিল। তার বাবা তাকে জোর করে মাংস খাওয়াতে চান। বাবার এ আচরণ সহ্য করতে না পেরে নিজেকে ছুরি দিয়ে আহত করে সে। এমন অবস্থায় পরিবারের সবাই ভাবতে থাকে সমাজের আর দশজন কী চোখে দেখবে ইয়েঅং-এর এই ‘উদ্ভট’ আচরণকে। ঔপন্যাসিক মন্তব্য করেন, ‘ইয়েঅং ভাবছে, সে তো কারও ক্ষতি করছে না, তার পরিবর্তনে সমাজ কেন এত মাথা ঘামাচ্ছে। তবে কি তার ব্যক্তিস্বাধীনতা বলতে কিছু নেই?’ মোটাদাগে এই হলো উপন্যাসের প্রথম ভাগের গল্প।
উপর্যুক্ত চরিত্র নিয়ে ভাবতে গিয়ে পাঠকের মনে প্রশ্ন আসতে পারে, কীভাবে বা কেন এমন একটি চরিত্র নির্মাণের কথা মাথায় এল লেখিকা হ্যান ক্যাং-এর? এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ক্যাং-এর ভাষ্য, ‘বছর কয়েক আগে “দ্য ফ্রুট অব মাই উইমেন” শিরোনামে একটি ছোটগল্প লিখেছিলাম। এক নারীর গাছের চারায় রূপান্তরিত হওয়ার গল্প এটি। নারীটি চারায় পরিণত হওয়ার পর তার স্বামী সেটিকে টবে রেখে দেয়। প্রতিদিন যত্ন করে। কিন্তু বসন্ত শেষে ওই চারাটি ফল দিয়ে নির্জীব হয়ে পড়ে। স্বামীটি অধীর আগ্রহে অপেক্ষা করে পরবর্তী বসন্তের জন্য, যখন সেই নারীরূপী চারাটি আবার জেগে উঠবে। গল্পটি প্রকাশিত হওয়ার পর আমি বোধ করলাম, এটি তো শেষ হয়নি। ওই একই নারীকে নিয়ে একটু ভিন্নভাবে চিন্তার ফসল দ্য ভেজিটেরিয়ান। এই উপন্যাস লিখতে গিয়ে বারবার ভেবে ঠিক করেছি, এর গল্পগুলো হবে মানুষ এবং তার নিষ্পাপতা ও হিংস্রতা নিয়ে।’
ঔপন্যাসিকের শেষ কথার রেশ ধরেই উপন্যাসভুক্ত দ্বিতীয় গল্প ‘মঙ্গোলিয়ান মার্ক’ বিশ্লেষণ করব আমরা। জানব, কীভাবে মানুষের মনে লুকিয়ে থাকে আদিমতা। ইয়েঅং-এর বড় বোনের স্বামী এ ভাগের কথক। সে তার স্ত্রীর কাছ থেকে জানতে পারে, ইয়েঅং-এর শরীরে নীলাভ জন্মদাগ আছে, যা সাধারণত মঙ্গোলীয় চিহ্ন নামে পরিচিত। যা হোক, এটি শোনার পর ইয়েঅং-এর প্রতি যৌন উন্মাদনার উদ্রেক হয় তার। যেহেতু সে একজন চিত্রকর, তাই তার কল্পনায় ইয়েঅং ও তার নিজের নগ্ন শরীরজুড়ে ফুল আঁকার কথা মনে আসে। এবং ওই অবস্থায় তারা দুজন একে অপরের প্রতি ভালোবাসায় মত্ত হবে। পাঠকদের মনে হতে পারে, উপন্যাসে এমন একটি চরিত্রের প্রাসঙ্গিকতা কোথায়? ব্যাপারটি একটু খোলসা করতে ২০১৫ সালে অ্যালডেন মাজকে দেওয়া হ্যান ক্যাং-এর একটি সাক্ষাৎকারে ঢুঁ মারা জরুরি। দ্বিতীয় অংশের গুরুত্ব বিষয়ে ক্যাং বলেন, ‘ইয়েঅং-এর চরিত্র বিশ্লেষণের পাশাপাশি আমি মানবমনের গোপন রহস্যের খানিকটা উন্মোচন করতে চেয়েছি। বড় বোনের স্বামী হিসেবে যে নামহীন চরিত্রটি দেখিয়েছি, তাতে ফুটে উঠেছে কীভাবে যৌনতা মনের ভেতরে বেড়ে ওঠে। তবে এর প্রকাশ কোনো কোনো সময় ভয়াবহ হয়ে ওঠে, আবার কেউ কেউ একে নিয়ন্ত্রণ করতে পারে। এ ব্যক্তি পুরুষতান্ত্রিক সমাজের একজন প্রতিভূ হিসেবে ইয়েঅং-এর মতো নারীর অসহায়ত্বের সুযোগ নিতে চায়। সহজ করে বললে, আমি দেখাতে চেয়েছি শিল্প কীভাবে সান্ত্বনার মাধ্যম হয়ে ওঠে এবং শিল্পের ব্যর্থতা কীভাবে একজনের অনুভূতি বা ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে। আমাদের চারপাশে এমন চরিত্র হরহামেশাই দেখা যায়।’
এবার জানা যাক উপন্যাসের তৃতীয় অর্থাৎ শেষ গল্পের কথা। ‘ফ্লেমিং ট্রিজ’ শীর্ষক এ অধ্যায়টির কথক ইয়েঅং-হাইয়ের বড় বোন ইন-হাই। গল্পের শুরুতে দেখা যায়, মাংসের প্রতি অনীহা ইয়েঅং-এর তো বেড়েছে, উপরন্তু সব ধরনের খাবারের প্রতি তৈরি হচ্ছে অনীহা। চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে। ইন-হাই প্রতিদিন বোনকে দেখতে যায়। বোনকে দেখে তার করুণা হয়, আবার হিংসাও হয়। কারণ, তার বোন নিজের মতো করে জীবনকে পরিচালনা করছে, যা ইন-হাই ইচ্ছে করলেও পারবে না। বোনের এই আত্মত্যাগের মধ্যে স্বাধীনতা থাকলেও সে খুব করে চায় তার বোন আবার ‘স্বাভাবিক’ জীবনে ফিরে আসুক। তবে কি ইয়েঅং অস্বাভাবিক জীবন যাপন করছে? মোটেও না। অন্য সবার কাছে ইয়েঅং-এর জীবনপ্রণালি অস্বাভাবিক হলেও তার নিজের দৃষ্টিতে তেমনটি না।