বিপ্লবের ব্যবস্থাপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ বছরের জেলজীবন (১৯৬২-১৯৯০) ও বর্ণবাদী স্বদেশকে বদলে দেওয়ার আন্দোলন শেষে নেলসন ম্যান্ডেলা সাধারণ নির্বাচনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন মে ১৯৯৪। ক্ষমতা থেকে সরে দাঁড়ালেও তিনি হয়ে রইলেন গণমানুষের মুখপাত্র।কারাবন্দী জীবনের শুরুতে তিনি নোটবইয়ে যা লিখেছেন, তার কয়েকটি এখানে অনূদিত হলো। এগুলো মূলত বিপ্লব নিয়ে—কালো মানুষের বিপ্লব, আলজেরিয়ায় গণমানুষের বিপ্লব ও বর্ণবাদের বিরুদ্ধে বিপ্লব। ১৯৬২-এর নোটবই থেকে—এক. সেনাবাহিনী গড়ে তুলতে এবং জনসমর্থন সংগঠিত করতে রাজনৈতিক সচেতনতা মুখ্য হলেও বাস্তব কতগুলো বিষয় দৃষ্টি এড়িয়ে গেলে চলবে না। যেমন রাজনৈতিকভাবে পরিপক্ব নন, এমন একজন নারীর ক্ষেত্রে দেখা যায় তাঁর বয়ফ্রেন্ড কিংবা স্বামী কিংবা পুত্র সেনাবাহিনীতে রয়েছেন, এ কারণেই বিপ্লবের জন্য একটি বড় কিছু করে ফেলতে পারেন। কোনো কোনো গ্রাম নিজস্ব উদ্যোগে অনেক এগিয়ে যেতে পারে, তা অবশ্যই উৎসাহিত করতে হবে।দুই. বিপ্লবী সেনাবাহিনী গড়ে তুলতে হলে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে।বন্ধুপ্রতিম দেশে প্রশিক্ষণ গ্রহণের গুরুত্ব অস্বীকার করা যায় না—কিন্তু তা হতে হবে সামগ্রিক পরিকল্পনার একটি অংশ মাত্র। তিন. ফরাসিদের ওপর বিপ্লবীদের সফল জমকালো আক্রমণ আলজেরিয়ার সাধারণ মানুষের মর্যাদাবোধ পুনরুদ্ধারে বিশেষ ভূমিকা পালন করেছে। আলজেরিয়ায় বিপ্লবীরা আঞ্চলিক কমান্ডো প্রতিষ্ঠা করে তাদের বিশেষায়িত দায়িত্ব প্রদান করা হয়। তাদের কার্যক্রমের কোনো আর্থিক ফায়দা না থাকলেও তা জনগণের মনোবল বাড়িয়ে দিয়েছে। তবে এ ধরনের কর্মপরিকল্পনা ব্যর্থ হলে চলবে না। চার. বিপ্লব শুরুর আগে কিছু বিবেচনা মনে রাখতে হবে। সংগঠন অতীব জরুরি। সবার আগে সারা দেশে নেটওয়ার্ক স্থাপন করতে হবে। যেসব বিপ্লব ব্যর্থ হয়েছে, সেগুলোসহ সব বিপ্লব সম্পর্কে ভালো করে পড়াশোনা করতে হবে। পাঁচ. জনগণের সামরিক প্রশিক্ষণ না থাকার বিষয়টি নিয়ে বিপ্লবের সংগঠকদের অকারণ দুশ্চিন্তার কারণ নেই। আলজেরিয়ার ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের জ্যেষ্ঠ কমান্ডার ও সমর কৌশলীদের কোনো সামরিক পূর্বাভিজ্ঞতা ছিল না। সেনাসদস্য (মিলিটারি) এবং জঙ্গির (মিলিট্যান্ট) মধ্যে পার্থক্য রয়েছে। আলজেরিয়ার নারীরা কেবল গুলিই করতে পারতেন না, তাঁরা রাইফেলের বিভিন্ন অংশ খুলতে পারতেন।ছয়. জনগণকে যে প্রতিশোধমূলক ভোগান্তির শিকার হতে হবে, তা মেনে নেওয়ার সাহস থাকতে হবে। কিন্তু সচেতনভাবে টার্গেট ঠিক করে আমাদের ভোগান্তি কমাতে হবে। যেসব টার্গেট লোকালয়ের কাছে, সেগুলো এড়িয়ে দূরের টার্গেটে আক্রমণ চালাতে হবে। জনগণ ও বিশ্বের কাছে এটা মনে হতে হবে যে এতে জনপ্রিয় বিপ্লবী আন্দোলনের উপাদান রয়েছে। শত্রুর কাছে যেন এটা প্রতিভাত হয় যে অভ্যুত্থান কেবল অল্প কিছুসংখ্যক লোকের।সাত. শহর ও গ্রামে গেরিলা কার্যক্রম অবশ্যই সঠিকভাবে সমন্বিত হবে।