বিবাহের সারাৎসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির লাড্ডু খেয়ে বা না খেয়ে পস্তানোর কথাটি তো সবারই জানা। আর সেই লাড্ডুর আরেক নাম বিবাহ। অনেকেই বলেন, বিবাহ অমৃত সুধা পান করা না করা সমান। আর এই বিয়ে নিয়েই রয়েছে অগণিত আলোচনা। বেশির ভাগ মানুষের আগ্রহ রয়েছে বিষয়টি নিয়ে। বিখ্যাত মনীষীদের জীবনে রয়েছে বিবাহ নিয়ে নানা ঘটনা। নানা ধরনের মতামত, উদাহরণ, দৃষ্টিভঙ্গি রয়েছে এই একটি বিষয় নিয়েই। বিবাহ দর্পণ সে রকম নানা দিকে আলোচনা বিস্তারেরই একটি সংকলন। সম্পাদকদ্বয় এই বইটিতে ৩৫টি নিবন্ধ যুক্ত করেছেন। আর এই রচনাগুলো নিঃসন্দেহে সব ধরনের পাঠককে আকৃষ্ট করবে। কারণ বিবাহ বিষয়ে এর হরেক রকম নিবন্ধ। বিবাহের ইতিহাস ও ভবিষ্যৎ, ধর্মীয় ব্যাখ্যা, বিবাহের কোষ্ঠ্যবিচার, বিবাহ উপকরণ, আবার অঞ্চলভেদে বিবাহের পদ্ধতি ভিন্নতাবিষয়ক নিবন্ধ রয়েছে বইটিতে। এখানেই শেষ নয়। বিবাহে ঘটকের প্রয়োজনীয়তা, পরকীয়া, সতীত্ব ধারণা, বিধবা বিবাহ, বিজ্ঞানে বিবাহের যুক্তিবোধ, সমলিঙ্গ বিবাহ প্রসঙ্গও উঠে এসেছে এখানে। সেই সঙ্গে রয়েছে বাংলা সিনেমায় বিবাহ, বিয়ের কবিতা, দাম্পত্য জীবন নিয়ে নানা আলোচনা।সম্পাদকেরা এখানেই ক্ষান্ত দেননি, কারণ বইটিতে আরও যুক্ত হয়েছে চমকপ্রদ এক বিষয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়ের মতো বিশিষ্ট বাঙালির বিয়ের বিচিত্র সব কথা এখানে রয়েছে। এতসব বিখ্যাত জনের আলোচনার ভিড়ে রবীন্দ্রনাথ ঠাকুরও বাদ পড়েননি। ঠাকুরবাড়ির বিবাহ কথা ও রবিঠাকুরের বিয়ে নিয়ে নিবন্ধও এখানে স্থান পেয়েছে।চিঠির কাগজের উপরে লেখা ছিল ‘আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়’, স্বয়ং রবীন্দ্রনাথ চিঠিটি লিখে নিজের বিয়ের নিমন্ত্রণ নিজেই করেছিলেন। বিয়ে নিয়ে এমনসব শৈল্পিক রসবোধের নিদর্শনও পাঠক বইটিতে খুঁজে পাবে। এক কথায় বিবাহ নিয়ে চমকপ্রদ ও তাত্ত্বিক আলোচনায় সমৃদ্ধ এই বই। যা নিঃসন্দেহে পাঠককে সমৃদ্ধ করবে। সুচিত্রা সরকার