বিবেকের নিক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙচুর চলছেই বিবেকের বাড়িতে
হিসাবের কষাকষি অঙ্কের সারিতে;
বারংবার ভুল করি যোগ ও বিয়োগে
হিমশিম খেতে হয় ছাঁটাই ও নিয়োগে।

নিক্তিটা ঠিকঠাক মেপে চলে অবিরাম
নেই কারচুপি তার, চায় না সে প্রতিদান;
খেতে বসে মেপে দেয় এটা খাও, ওটা না
বাড়াবাড়িতে ধাক্কা দিয়ে করে দেয় পিছপা।

দায়িত্ব পালনে মনে করে দেয় কত কিছু
ভুল কিছু হয়ে গেলে করে দেয় মাথা নিচু;
বিবেকহীন বিত্তবানের স্থান আস্তাকুঁড়ে
বিবেকের ক্ষুর-কাঁচি ঠিকই দেয় মাথা মুড়ে।

বিবেকবান দরিদ্রই জিতে নেয় সিংহাসন
রাজমুকুট জিতলেও সমাজে নেই আসন;
উত্তল-অবতল বিবেকের আয়না
দুদিকেই ছবি ওঠে দেখা তো যায় না।

ঠিকঠাক সময় দেয় বিবেকের ঘড়িটা
অনিয়মে গলায় চেপে দেয় ফাঁসির দড়িটা;
রায়টা নিখুঁত যখন বিবেকের মামলা
অযথাই কাটাছেঁড়া হানাহানি হামলা।

বিবেকের জানালা খোলা রাখি সর্বদাই
দিন শেষে যেন কেউ না ডুবি হতাশায়;
রিপুটা বসে এনে চলি যদি সকলে
সোজা পথ সহসাই এসে যাবে দখলে।

বিবেকের দংশনে বিষে নীল হয়ে যাই
প্রভু, এসেছি ফিরে—ক্ষমা করো, ক্ষমা চাই।