বিমূর্ত অভিব্যক্তির অন্তরালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ব্রেইন স্টর্ম’, শিল্পী: আলী আকবর
‘ব্রেইন স্টর্ম’, শিল্পী: আলী আকবর

শিল্পী সহজ স্বীকারোক্তি করেন। বলেন, ‘আমি আকবর, জানি না কী করছি? ছবি আঁকি, ভালো লাগে। মানুষ ও প্রকৃতি আমার কাজের বিষয়।’ সাধারণ দর্শক হয়তো আলী আকবরের ক্যানভাসে মানুষ ও প্রকৃতির মূর্ত রূপ দেখতে পাবেন না। কিন্তু বিমূর্ত অভিব্যক্তিবাদ সম্পর্কে যাঁদের ন্যূনতম ধারণা রয়েছে, তাঁরা সহজেই ক্যানভাসের নানা পরতের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন। পরতের পর পরতে রং লেপনের মধ্য দিয়ে ক্যানভাসের উপরিতলে ভারী টেক্সচার বা বুনটের এবড়োখেবড়ো অবস্থা, কোথাও কোনো অংশে প্রচুর ফাটল সৃষ্টি হওয়ার ভেতর দিয়ে শিল্পী এই জগৎকে প্রকাশ করেন নিজের অভিজ্ঞতার আলোকে।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারিতে ‘অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার’ শিরোনামে একক প্রদর্শনীর শিল্পকর্মগুলো এভাবে মিথস্ক্রিয়া সৃষ্টি করেছে। আলী আকবর মনোযোগী লাল, নীল, হলুদ—তিন রঙের তৈরি জগৎ নিয়ে। আর লাল, নীল, সবুজের সমন্বয়ে যে জগৎ, তার সঙ্গে যোগাযোগ ঘটান মৌলিক তিন রঙের, মানুষের জীবনের। সর্বোপরি সাদা রঙেই সব ছবির সমাপ্তি। ফলে এটি একটি গবেষণার মতো চলমান প্রক্রিয়া। বলা যেতে পারে, এ প্রক্রিয়া তাঁর নিজস্ব।
প্রাথমিক দর্শনে জ্যাকসন পোলক, ডিকুনিংকে মনে হতে পারে আলী আকবরের প্রাথমিক উৎসাহবিন্দু হিসেবে। কিন্তু আরও গভীরে প্রোথিত মনোযোগ তাঁকে স্বকীয় করেছে। কাছে থেকে দেখা ক্যানভাসের রং, বুনট, রেখা খানিকটা দূরে গিয়ে দেখলে নানা রকম মূর্ত ও গতিশীল অবয়বের সন্ধান ও সম্ভাবনাকে হাজির করে।
গ্যালারিতে কয়েকটি সিরিজের কাজ রয়েছে। ‘বৃষ্টি’ সিরিজের চিত্রকর্মগুলো যেন বৃষ্টির সঙ্গে মানুষের বাস্তবতা ও রোম্যান্টিসিজমে আবদ্ধ। অনেক প্রাণবন্ত, মাদকতাময়। শিল্পী বলেন, ‘এই সিরিজের কিছু কাজ আসলেই বৃষ্টিস্নাত। ছবি এঁকে ছাদে শুকোতে দিয়েছি। রাতে বৃষ্টিতে ক্যানভাস ভিজেছে। সকালে উঠে দেখে ভালো লাগল। ওগুলোতে আর কাজ করিনি। ওভাবেই রেখেছি।’
প্রদর্শনীকক্ষের বাইরে ও ভেতরে দুটি ইনস্টলেশন রয়েছে। কালোর মধ্যখানের ইনস্টলেশনটি শিল্পীর স্টুডিওতে ব্যবহৃত রঙের কৌটা, টিউব, ব্রাশ ইত্যাদির স্তূপের চূড়ায় একজন গৌতম বুদ্ধ। শিল্পী কি সংকেত পাঠান বুদ্ধ বরাবর? অস্থির সময়ের অবগাহনে উত্থিত প্রশ্নের মীমাংসা খোঁজেন কি? প্রদর্শনীকক্ষে সদা চলছে ছোট আকারের একটি ভিডিওচিত্র। আলী আকবর কীভাবে কাজ করেন, কী তাঁর যাত্রাপথ—সেসবের সঙ্গে দর্শকের পরিচয় ঘটে এসবের মধ্য দিয়ে। শিল্পী যেন নিজেকে স্পষ্টভাবে উন্মোচিত করতে চান। কিন্তু তাঁর ক্যানভাসের যাত্রা-প্রক্রিয়া বলে দেয়, আদতে শিল্পী নিজের অনেক কিছুই সকলের চোখের অন্তরালে রেখে দেন। সুতরাং আবির্ভাব ঘটে এক অন্তর্মুখিনতার।
২৫ জুন শুরু হয়ে প্রদর্শনী শেষ হয়েছে ৯ জুলাই।