বিমূর্ত পশ্চাৎপটে সারল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির চিত্রশালা ঢাকা আর্ট সেন্টারে চলছে শিল্পী মোহাম্মদ ইউনুসের একক প্রদর্শনী। শিরোনাম ‘দৃশ্যশিল্পের বহুস্তরিক অভিব্যক্তি’ (আ ইমেজ অব মাল্টিলেয়ার এক্সপ্রেসিভনেস)। গত দশ বছরের তাঁর নানা ধরনের চিত্রতল নির্মাণের পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের সম্মিলিত উপস্থাপনা এই প্রদর্শনী। বাংলাদেশে পঞ্চাশের দশকে নির্বস্তুক চিত্রভাষার আঙ্গিকগত নিরীক্ষা শুরু হয়েছিল। এর পরিণত ও পরিশীলিত রূপ দেখা যায় ষাটের দশকে। এ সময়ে মূলত শিল্পের নানা উপাদান রং, রেখা, ফর্ম, পরিসরে নতুন মাত্রা, শিল্পীর মনোভঙ্গি ব্যক্ত হয়েছে। মুক্তিযুদ্ধ শিল্প অভিজ্ঞতায় নতুন ভাষা দিয়েছে; শিল্পীদের আরও সংবেদনশীল করেছে। শিল্পী ইউনুসের মনভূমিতে মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিবাদী, লড়াকু অভিব্যক্তি শিল্পী ইউনুসের শিল্পচেতনাকে বলিষ্ঠ করে তুলেছে। তিনি আয়ত্ত করেছেন চিত্রপটকে বৈচিত্র্যপূর্ণ করে তুলতে নিজস্ব কিছু পদ্ধতি, যা তার নির্বস্তুক ভাষাকে স্বয়ংসম্পূর্ণ করেছে। তিনি সবচেয়ে স্বচ্ছন্দবোধ করেন তেলরং এবং অ্যাক্রেলিকে। এই প্রদর্শনীতে তার শিল্পকর্মের সংখ্যা প্রায় সত্তুর। মূলত বাস্তবের প্রতিনিধিত্বশীল বিষয়ের অনুকরণে নয়, বরং ক্যানভাসে নির্বস্তুক বিষয়ের আনাগোনাই বেশি। যদিও তার অধিকাংশ ক্যানভাসে এখনকার প্রবণতা হলো বিমূর্ত পশ্চাৎপটে শিশুসুলভ সারল্যের অভিব্যক্তি। তিনি স্পেসের ভারসাম্য তৈরি করেন; দ্বিমাত্রিক চিত্রতলে শিশুর মতো খেয়ালি রং, রেখায় আঁকেন। প্রধানত তিনি বুনট নির্মাণ করেন নানা রূপে, যতক্ষণ পরিশুদ্ধ মনে না করেন; আগের মতো সম্পূর্ণ নির্বস্তুক থেকে এখন কিছু অবয়বের ইঙ্গিত পাওয়া যায় তাঁর ক্যানভাসে। কম্পোজিশনে সরল-সহজ প্রসারণের চেয়ে প্রক্ষিপ্ত আবেগই লক্ষণীয়। তিনি বর্ণ ও গড়নের অন্তর্মুখী দ্বন্দ্বের মুক্তি খুঁজেছেন। ক্যানভাসে পুরু রঙের আস্তরণ দর্শককে স্পর্শ করে। তিনি বলেন, ‘নিয়ম শিখে নিয়ম ভাঙাতেই আমার আনন্দ’। নিজের আনন্দ আর ভালো লাগা থেকেই ছবি আঁকেন তিনি। সামাজিক দায়বদ্ধতা নিয়ে তিনি ভাবতে চান না। তবে দায়বদ্ধতা নিয়ে আঁকার প্রয়োজনীয়তা অনুভব করেন। চিত্রতলে রং ব্যবহারে নিরীক্ষা প্রবণতা, ক্যানভাসের আকৃতিগত বৈচিত্র্য ইত্যাদি নানা সম্ভাবনাকে যাচাই করে দেখেন তিনি। চিত্রকর্মে রেখাঙ্কন বা বর্ণলেপন বিচ্ছিন্ন বা স্বতন্ত্রভাবে অবস্থান না করে বিষয়ের সঙ্গে পরস্ফুিট হয়। কল্পনায় নয়, বরং কাজের নানা পর্যায়ে বিভিন্ন অনুষঙ্গ ক্যানভাসে বিদ্যমান রেখে তিনি পরিসরের বন্ধন সীমায় পরিপ্রেক্ষিত এবং গভীরতায় রহস্যময়তা তৈরি করেন।বিমূর্ত চিত্রের প্রতিটির নামকরণ করেছেন শিল্পী। সাধারণত বিমূর্তায়ন দুর্বোধ্য এবং কোনো আলাদা শিরোনাম দেখা যায় না। তিনি চেয়েছেন দর্শক খুব সহজেই চিত্রকর্মের সঙ্গে একাত্মতা বোধ করে নতুন পৃথিবী অবলোকন করুক। শিল্পী ইউনুসের কাজে রঙের বৈচিত্র্য আছে। তাঁর রঙের নিরীক্ষায় সূক্ষ্মাতিসূক্ষ্ম অভিব্যঞ্জনা চোখে পড়ে; অভিজ্ঞতার তারুণ্য এবং স্বতঃস্ফূর্ততা সুস্পষ্ট তাঁর চিত্রকর্মে। আদর্শ বা তত্ত্বের বাইরে গিয়ে শুধুই নিজস্বতায় নিমগ্ন তিনি। রঙের বৈচিত্র্যময় দীপ্তি শিল্পীর তীক্ষ অনুভূতি এবং দৃষ্টির আবেগকে সুস্পষ্টভাবে উপস্থাপন করে। বস্তুর প্রতিনিধিত্বশীল দৃশ্যমান কোনো বস্তুর সমতা বা গঠনকে নির্ণয় না করা গেলেই তা বিমূর্ত শিল্প হিসেবে চিহ্নিত হয়। বিমূর্ত শিল্পীর কাছে গাঠনিক স্বরূপ এবং রঙের রূপব্যঞ্জনা সৃষ্টিই প্রধান। জ্যামিতিক সংবদ্ধতা এবং রেখা ও রঙের উন্মাদনা পুনর্নির্মাণ করে উদ্ভাসিত হয় সামগ্রিক চিত্রপট। শিল্পী ইউনুস গড়ন-গঠন-আঙ্গিক-কাঠামোতে মুন্সিয়ানার পাশাপাশি একটি ভিন্নমাত্রার দৃশ্যকল্প নির্মাণে পারঙ্গম।আমাদের শিল্পপ্রবণতার একটা মোটামুটি ধারণা পাওয়া যায় শিল্পী মোহাম্মদ ইউনুসের এই প্রদর্শনীতে।প্রদর্শনী চলবে ১০ ফেব্রুয়ারি, রোববার পর্যন্ত।