বিমূর্ত স্বাধীনতার প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠোর শ্রম ও সময় দিয়ে শিল্প সৃষ্টির বিভিন্ন ধাপে শিল্পীর যাতনার অবসান ঘটে সৃষ্ট শিল্পের চূড়ান্ত পরিণতি দেখে। এ এক সাহসী যাত্রা। এই অ্যাডভেঞ্চারে রয়েছে অপরিসীম উন্মাদনা ও সৃষ্টির আনন্দ। উপরন্তু যখন বিমূর্তায়ন হয়েছে শিল্পীর আবেগ-অনুভূতি, তখন শিল্প আরেকটি দৃশ্য-ভাষা নিয়ে প্রথম আবির্ভাব হয়েছিল ১৯৪০-এ আমেরিকায়। প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী এই শিল্পধারা তৎকালীন আমেরিকায় ব্যক্তিস্বাতন্ত্র্যবাদকে উৎসাহিত করেছিল সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অবমূল্যায়নের মার্কিনি দৃষ্টিভঙ্গিতে। কিন্তু বর্তমানের শিল্পচর্চার গতিপ্রকৃতি অনেক বেশি যুক্তি-প্রমাণসাপেক্ষ সততানির্ভর। তাই শিল্পীরা পূর্ববর্তী বিভিন্ন শিল্পধারায় ছবি আঁকলেও নিজ অনুভূতির স্বকীয়তাকে বক্তব্য ও বিশ্বাসে, জাতীয় ও আন্তর্জাতিক সংস্কৃতির দৃষ্টিকোণে দেখছেন। শিল্পী এ কে এম আলমগীর হকের ৫৯টি শিল্পকর্ম উপরিউক্ত আলোচনার আঙ্গিকে সাযুজ্যপূর্ণ উপায়ে প্রদর্শিত হয়েছে ‘অনুভবে নিসর্গ’ শিরোনামে। শিল্পী আলমগীর হক একাধারে ছাপচিত্র শিল্পী ও চিত্রশিল্পী। ‘অনুভবে নিসর্গ’ একক প্রদর্শনীটি মূলত ছাপচিত্র মাধ্যমে করা শিল্পকর্মের প্রদর্শনী।বাস্তব নিসর্গ থেকে লব্ধ নান্দনিক অভিজ্ঞতাকে নিজ প্রভায় অনুভূতির আদলে একটি ফলাফলের দিকে ধাবিত করেছেন। বিমূর্ত অভিব্যক্তিবাদী রীতিতে ছাপচিত্রের এচিং-অ্যাকুয়াটিন্ট এবং ওয়াটার লেস লিথোগ্রাফ মাধ্যমে শিল্পকর্ম করেছেন। ছাপচিত্র মাধ্যমের কৌশলগত দিক থেকে শিল্পীর দীর্ঘ অভিজ্ঞতাসমৃদ্ধ দক্ষতার পরিচয় সহজেই নির্ণেয়। এচিং (তাম্রতক্ষণ) অ্যাকুয়াটিন্ট মাধ্যমে শিল্পী চতুষ্কোণ জ্যামিতিক আঙ্গিকের বিভিন্ন আকারের প্লেট ব্যবহার করেছেন। দেশ বা স্থান বিভাজন ঘটেছে আঙ্গিকের প্রয়োজনে। কয়েক রকমের প্লেটে বিভিন্ন তলে টেক্সচার বা বুনট বিবিধ কায়দায় সৃষ্ট। সবগুলো টেক্সচার ও রেখার গূঢ়তা এবং রঙের খুব পরিমিত ব্যবহার চমৎকারিত্বে পূর্ণ। রঙের ব্যবহারে উষ্ণ ও শীতল রঙের সুচারু ব্যবহার দৃষ্টিকে প্রশান্তি দেয়।১৯৫০ সাল অবধি দাপটের সঙ্গে প্রভাব বিস্তারকারী বিমূর্ত অভিব্যক্তিবাদী আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। এই মতবাদ সমাজের অধিকাংশ দর্শকের সঙ্গে খুব বেশি সংশ্রব পায়নি কখনোই। আমাদের দেশেও আধুনিক কাল পর্বে চিত্রশিল্প চর্চায় ইউরোপীয় বিমূর্ত বা ঘনকবাদের চর্চা করেছেন শিল্পীরা। কিন্তু প্রয়োজন ছিল এই চর্চার সঙ্গে দেশীয় ঘরানার একটি শক্তিশালী শিল্পরীতি উদ্ভবের, যা একরকম থাকলেও বর্তমান প্রজন্মে এমন কোনো প্রভাবশালী মাধ্যম নিয়ে হাজির হয়নি। শিল্পী আলমগীর হকের শিল্পভাষা সমুন্নত এবং শিল্পকর্ম দেখে দর্শক উৎসের সঙ্গে সম্পর্কহীন স্বাধীন অর্থ তৈরি করার মতো স্বাধীনতা রাখে। আবার এই দুর্বোধ্যতা একধরনের একঘেয়েমি সৃষ্টি করেছে। প্রদর্শনীর ‘ওয়াটার লেস লিথোগ্রাফ’ মাধ্যমের কাজগুলো এচিংয়ের মতো সুপরিকল্পিত নয়। বরং বিমূর্ত অভিব্যক্তিবাদী ঘরানায় ক্যালিগ্রাফিক স্টাইলের অর্থাৎ অনেক বেশি মুক্ত ও স্বাধীনভাবে সক্রিয়তা নিয়ে নির্মিত। এচিংগুলো অনেক বেশি আইকনিক। অর্থাৎ, কেন্দ্রীয়ভাবে একটি ফর্মের প্রাধান্য লক্ষণীয়। প্রদর্শনীতে ১৯৯৩ থেকে ২০১১ সাল অবধি করা কাজ রয়েছে। ‘ম্যাটার, ফর্ম অ্যান্ড কালার’, ‘আনটাইটেলড ল্যান্ডস্কেপ’, ‘প্রিন্ট’ ইত্যাদি সিরিজে অধিকাংশ চিত্রকর্মতে সাধারণ ছন্দ সৃষ্টি করা হয়েছে। ‘ইটারনিটি অ্যান্ড লিমিটেশন’ শিরোনামের চিত্রকর্মটি এচিং মাধ্যমে করা। সাদা রিলিফ (অ্যামবুশ) অংশ এবং সঙ্গে বিভিন্ন ধরনের রেখা ও ফর্মের সংক্ষিপ্ততম ব্যবহার ছাপাইগুণে সমৃদ্ধ, আরও বেশি গভীরতর বিমূর্ত অভিব্যক্তি প্রকাশ। অনুভবে-নিসর্গে অর্থাৎ নিসর্গের কাছে প্রশান্তি খুঁজতে চাওয়া, সৃষ্টিশীল মনের আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটানোর প্রবণতা বর্তমানের জটিলতার হিসাব-নিকাশের পৃথিবীর একটি বড় অংশের মধ্যেই লক্ষণীয়। প্রদর্শনীটি বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চলেছে।শিল্পী এ কে এম আলমগীর হক: ১৯৫৩ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিংস বিভাগ থেকে বিএফএ এবং ১৯৭৯ সালে ভারতের এমএস ইউনিভার্সিটি অব বরোদা থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত দেশে-বিদেশে প্রায় ১৫টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। তিনি ২০০০ সালে কানাডার সাসকাচুয়ান আর্টস বোর্ড প্রদত্ত ইন্ডিভিজ্যুয়াল অ্যাসিস্ট্যান্স গ্র্যান্ট এবং ১৯৯৪ সালে স্পেনের বার্সেলোনায় মিনি প্রিন্টস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেন। ১৯৯০ সাল থেকে শিল্পী কানাডায় অবস্থান করছেন।