বিমূর্ততার সংশ্লেষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লাইফ, আর্থ অ্যান্ড সারফেস’, শিল্পী: মোহাম্মদ টোকন
‘লাইফ, আর্থ অ্যান্ড সারফেস’, শিল্পী: মোহাম্মদ টোকন

যেকোনো বিমূর্ত চিত্রকলা মূর্তজগতের বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। কারণ, বস্তুর অস্তিত্বেই চেতনার জন্ম। মোহাম্মদ টোকনের চিত্রভাষায় যতটা বিমূর্তায়ন ঘটেছে, মূর্তজগতের সঙ্গে সূত্রায়ণ সৃষ্টি হয়েছে ততটাই। ‘লাইট, ডার্ক, স্পেস’ শিরোনামের একক এই চিত্র প্রদর্শনীটি শুরু হয়েছে বেঙ্গল আর্ট লাউঞ্জে।
আলো, আঁধার, স্থান বিভাজন হলো ছবি আঁকার খুব প্রাথমিক স্তরের বিষয়ে। জগতের সবকিছুই দৃশ্যমান হয় এই তিনের সমন্বয়ে। মোহাম্মদ টোকনের চিত্রকর্মগুলোয় কোনো অবয়বধর্মী আঙ্গিক নেই; বরং নানা ধরনের রঙের ক্রমের সমন্বয়ে সৃষ্টি হয়েছে চিত্রতল। কোনো রেখা বা খুব শক্তভাবে তুলির আঁচড়েরও দেখা মেলে না তাঁর কাজে। তবে কী পাওয়া যায় এ শিল্পীর ছবিতে? দেখা মেলে একপ্রকারের স্বাধীনতার। দর্শক প্রবেশ করেন রং লেপনের বিচিত্র জগতে। অনেক কিছুই নিজের মতো ভেবে এবং দেখে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়। এভাবে শিল্পীর অভিব্যক্তির সঙ্গে মেলবন্ধন তৈরি হওয়ার সুযোগ ঘটে দর্শকের।
মোহাম্মদ টোকনের চিত্রকর্মের মধ্যে পশ্চিমের ইম্প্রেশনিজম, রোমান্টিসিজম কিংবা অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের মিলিত সম্পর্ক খুঁজে পাওয়া যায়। কিন্তু আমেরিকাপ্রবাসী শিল্পীজীবনের অভিজ্ঞতার সঙ্গে যেভাবে শিল্পী দেশের প্রতি ভালোবাসার মেলবন্ধন ঘটান, ক্যানভাসে নিজস্বতা সৃষ্টি করেন অনেকটা সেভাবেই। চিত্রতলের স্বাধীনতাকে তিনি প্রকাশ করেছেন ছবির ‘শিরোনাম’-এর মাধ্যমে। দর্শক যখন শিল্পীর দেওয়া শিরোনামের সঙ্গে ছবি দেখার ওই মুহূর্তের অভিজ্ঞতা ও নিজ অস্তিত্বের অভিজ্ঞতার সমন্বয় খোঁজেন, একটি চিত্রকর্ম তখন ব্যস্ত শিল্পকর্ম হয়ে ওঠার প্রয়াসে। ‘ডোন্ট লেট দ্য সান গো’ শিরোনামের চিত্রকর্মটিতে আছে সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে আকাশের অন্তিম অবস্থা। সুতরাং ছবিটির শিরোনাম এই চিত্রকর্মের গুণগত বিমূর্ত বৈশিষ্ট্যকে ভাষাগত মূর্ততায় নিয়ে আসে। ‘লাইফ, আর্থ অ্যান্ড সারফেস’, ‘দ্য শ্যাডোস আর ফলিং’, ‘ওয়াক ইন টু দ্য লাইট’, ‘দ্য ডেড এন্ড’, ‘দি ইভনিং উই মেট’ চিত্রকর্মগুলোয় রং লেপনের এক নরম আবহ সৃষ্টি হয়েছে, যা শিল্পী করেছেন খুবই আত্মবিশ্বাসের সঙ্গে। ছবিতে কাব্যিক গুণাবলি কিংবা কখনো আধ্যাত্মিকতার আবহ নির্মিত হয়েছে প্রত্যেক তলের পরতের মধ্য দিয়ে। শিল্পীর এই ছবিগুলো অ্যাক্রিলিক মাধ্যমে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে আঁকা।
৩১ জানুয়ারি শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।