বিমূর্তে অবগাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল গ্যালারির ‘সৃজনে ও শেকড়ে’ শীর্ষক প্রদর্শনীমালার পঞ্চম প্রদর্শনী শুরু হয়েছে ১৫ অক্টোবর। ১০ জন শিল্পীর ৪০টি শিল্পকর্ম নিয়ে এ আয়োজন। প্রদর্শনীতে সত্তর, আশি ও নব্বইয়ের দশকের শিল্পীদের সমাবেশ ঘটেছে। শিল্পীদের মধ্যে হামিদুজ্জামান খান, রেজাউল করিম, সৈয়দ আবদুল্লাহ খালিদ, বীরেন সোম এবং হাসি চক্রবর্তীর জন্ম চল্লিশের দশকে। সত্তরের দশকের মাঝামাঝি শিল্পী হিসেবে এঁদের আবির্ভাব। হামিদুজ্জামান খান বাংলাদেশের ভাস্কর্যশিল্পীদের মধ্যে অন্যতম। ভাস্কর্য নির্মাণের পাশাপাশি তিনি চিত্রকলার চর্চাও করেন। এ প্রদর্শনীতে তাঁর চারটি কাগজের ওপর জলরং ও কালিতে করা চিত্রকর্ম স্থান পেয়েছে। চারটি ছবিই নিসর্গের রূপায়ণ। ‘মর্নিং ইন অটাম’, ‘মিডনাইট ভিউ’, ‘মুনলিট নাইট’, ‘পদ্মা বাই নাইট’ ছবিগুলোতে রাতের প্রকৃতির অন্ধকার গাঢ় রং বিমূর্ততার আভাস জাগায়। রেজাউল করিম বিমূর্ত আঙ্গিকেই ছবি আঁকেন। এ প্রদর্শনীতে সুনামি সিরিজের তাঁর চারটি ছবি রয়েছে। সুনামির ধ্বংসলীলা শিল্পী নির্বস্তুকতায় ধরতে চেষ্টা করেছেন। আবদুল্লাহ খালিদের চিত্রকলায় প্রকৃতির উপস্থিতি সরব। প্রকৃতির রঙের ঐশ্বর্য তাঁর ছবিতে রং ব্যবহারের প্রাচুর্য এনেছে। উজ্জ্বল দীপ্যমান রং তাঁর ছবিতে বস্তুকে ছাপিয়ে নির্বস্তুকের আমেজ এনেছে। বীরেন সোমের দুটি ছবি ‘বিটুইন সি অ্যান্ড ল্যান্ড’ ও ‘ব্লু মুন’ বিমূর্ত আঙ্গিকে প্রকৃতিকে উপস্থাপন করেছে। ‘ওয়াল’ শিরোনামে অন্য দুটি ছবিও বিমূর্ত আঙ্গিকে করা। তাঁর ছবিতে বৈচিত্র্য তৈরি হয়েছে গাঢ় থেকে হালকা নানা স্তরের রঙের পর্দার উপস্থিতির ফলে। তরুণ কুমার ঘোষের জন্ম পঞ্চাশের দশকে। আশির দশকে শিল্পী হিসেবে আবির্ভাব তাঁর। ইফতেখার উদ্দিন আহমেদ, আহমেদ নাজির ও রফি হকের জন্ম ষাটের দশকে। এ চারজন শিল্পীর বিমূর্ত আঙ্গিকের ছবিগুলো বিশ্লেষণাত্মক। বস্তু বা ঘটনার অন্তর্নিহিত স্বরূপকে তাঁরা ধরতে চাইছেন নির্বস্তুকতায়। সেখানে রং, ফর্ম, টেক্সচার—সবই আছে, তবে তা পরিচিত রূপে নয়। তরুণ ঘোষের বেহুলা সিরিজের ছবি দুটি লোকসাহিত্যের কাহিনি নিয়ে রচিত। ইফতেখার উদ্দিন আহমেদের ‘সাকসেস’, ‘পাস্ট অ্যান্ড প্রেজেন্ট’, ‘সার্চিং ফর স্পেস’, ‘সার্চিং ফর বিউটি’ ছবিগুলো উষ্ণ ও শীতল রঙের বৈপরীত্যে আকর্ষণীয় হয়ে উঠেছে।হাসি চক্রবর্তীর আধা বিমূর্ত রীতিতে আঁকা ছবিগুলোতে নারীদেহের বিন্যাস রয়েছে। অন্ধকার ও উজ্জ্বল রঙের বৈপরীত্যের সঙ্গে রয়েছে অনেকটা নক্সাধর্মী বিভিন্ন অর্গানিক আকার।প্রদর্শনীতে কনিষ্ঠতম শিল্পী তাসাদ্দুক হোসেন। নব্বইয়ের দশকে বিকাশ লাভ করা এ শিল্পীর চারটি ছবিতেই অবয়ব মূর্ত। টুথব্রাশ, পানির মগ, কল, পর্দা, দেয়াল প্রভৃতি বিষয় উপস্থাপনার কৌশলে পরাবাস্তব আবহাওয়া তৈরি করেছে। সারফেস অ্যান্ড ইনসাইড দি সারফেস সিরিজগুলোতে লোকশিল্পের মোটিফের উপস্থিতি ছবির একটি কেন্দ্রবিন্দু তৈরি করেছে।প্রদর্শনী চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।