বিরানপুরীর অট্টালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁয়ে ঢুকতেই শুনলাম, এই গাঁয়ে একটা পাহাড় ছিল। অবাক হলাম। কথাটার মানে দাঁড়ায়—আগে ছিল, এখন নেই। আছেটা কী করে নেই হলো, আর জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার এই প্রত্যন্ত গ্রাম ফতেহপুরের সমতলভূমিতে কেমন করে পাহাড় এসেছিল, তা আমার কাছে বিস্ময় হয়ে রইল। তবে এ-পথ সে-পথ ঘুরে সর্বাঙ্গে ধুলো মেখে আসল জায়গাটায় যখন এলাম, তখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রইল না। আপনাআপনিই ছিন্ন হলো রহস্যের জটাজাল। বুঝলাম, সেই পাহাড়টা ছিল অতি পুরোনো এক ঢিবি।সেটির উচ্চতা ছিল প্রায় ৫০ ফুট অর্থাৎ প্রায় ১৫ দশমিক ২৪ মিটার। ঢিবির মাটির নিচে ছিল প্রাচীনকালের দালানকোঠা। এখন সেই ঢিবি কেটে দালানকোঠা ভেঙে লুটে নেওয়া হয়েছে এর ইট-পাথর। যাঁরা নিজ চোখে সেই ধ্বংসযজ্ঞ ঘটতে দেখেছেন, এমন বেশ কয়েকজনেরই দেখা পেয়ে গেলাম। তাঁদের মুখেই শুনলাম ইতিবৃত্ত।দেখেশুনে, ঘুরেফিরে এবং কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করে বুঝলাম, এখানে অতি অবশ্যই একটি প্রাচীন ইমারত-অট্টালিকা ছিল। বহুকাল আগে তা পরিত্যক্ত ও ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর এর ওপর জমতে শুরু করেছিল ধুলো। এক-দুই বছর নয়, দশ-বিশ বছরও নয়, শত শত বছর ধরে জমেছে তা। এর ওপর গজিয়েছে গাছপালা। মানুষের বসবাস না থাকায় পুরো এলাকাই হয়ে গেছে এক বিরানপুরী। মানুষ না থাকলে কী হবে, গাছগাছালি-পাখপাখালি—কোনো কিছুরই কমতি ছিল না সেখানে।এভাবেই কেটে গেল শত-সহস্র বছর। তারপর আবার জমল মেলা। মানুষের মেলা। তবে এই মেলার তোড়ে প্রাচীন কীর্তি সব লোপাট হতে লাগল। তাতেই ধ্বংস হলো এই ঢিবিসহ আশপাশের সব প্রাচীন কীর্তিসম্ভার।ধ্বংস হয়ে যাওয়ার আগে পর্যন্ত ঢিবিটার একটা নাম ছিল, সেটি হলো রাজবাড়ির ধাপ। সেটার এক কোনায় দয়া করে বাঁচিয়ে রাখা হয়েছে একটা খেজুরগাছসহ ঢিবির ঢালের একটা অংশকে। সেই অংশটা আশপাশের ভূমি থেকে প্রায় ১১ ফুট উঁচু। এর ওপরই দাঁড়ানো আছে গাছটা। আর এর গোড়ায় ছড়ানো আছে প্রায় ১৪ ইঞ্চি লম্বা, ১২ ইঞ্চি চওড়া ও দুই ইঞ্চি পুরু ইট। ইটগুলো বিশালাকৃতির হলেও সম্ভবত প্রাচীনতার কারণে ভঙ্গুর।ঢিবিটির পেছনের মলপুকুরা নামের প্রাচীন ও গভীর জলাশয় থেকে প্রায় ছয় ফুট উঁচু কালো পাথরে তৈরির পাশাপাশি দাঁড়ানো তিনটি মূর্তি পাওয়া গিয়েছিল বলেও জানলাম। এর মাঝেরটি ছিল পুরুষমূর্তি। দুপাশের দুটি ছিল নারীমূর্তি। এই জলাশয়, ঢিবি সবই ঢাকা ছিল গহিন জঙ্গলে। সেই জঙ্গলে আরও ছোট ছোট ঢিবি ছিল। সেই সব ঢিবি এবং অন্য কিছু জলাশয় থেকে মিলেছে পাথরের তৈরি বিপুলসংখ্যক মূর্তি। ডাইমা পুকুর নামের এক প্রাচীন জলাশয় থেকে ৩০টি পাথরের মূর্তি পাওয়ার সংবাদও পেলাম। কালো পাথরের তৈরি দুটি বিষ্ণু ও গণেশমূর্তি যে রাজবাড়ি ধাপ থেকে পাওয়া গেছে, সে কথাও শুনলাম। জঙ্গল কেটে বসতি গড়ার আগে জঙ্গলময় ছিল এখানে-সেখানে পোড়ামাটির চাক বসানো প্রাচীন কুয়ো। সেই চাক আজকের মানুষের কোনো কাজে না লাগলেও প্রত্নকীর্তি ও ইতিহাসের স্মৃতিচিহ্ন ধ্বংসের নেশায় একালের মানুষ সেগুলো তুলে-খুলে নিশ্চিহ্ন করে ছাড়ে। বগুড়ার মহাস্থানগড় ও মেহেরপুরের আমপথে মানুষকে নিজ চোখে এমন প্রাচীন কুয়োর চাক খুলে নিতে দেখেছি।রাজবাড়ি ধাপে পোড়ামাটির ফলকচিত্র এবং পাথরে উত্কীর্ণ রিলিফ প্রাপ্তির সংবাদ পেলাম এবং জানলাম, খুঁজলে তেমন দু-একটার দেখা মিললেও মিলতে পারে।শিকারি নেকড়ের মতো চকচক করে উঠল আমার দুটি চোখ। তন্নতন্ন করে খুঁজে ভাগ্যগুণে পেয়েও গেলাম মহার্ঘ দুটি জিনিস। একটি হলো পোড়ামাটির ফলকচিত্র, অন্যটি কালো পাথরের ওপর ফুটিয়ে তোলা অপূর্ব মূর্তি। লম্বা একটা পাথরের ওপরের অংশে আছে মুখ হাঁ করে রাখা ঘোড়ার মূর্তি, এর নিচে আছে চুল খোঁপা করে বাঁধা একটি নারীমূর্তি। সবচেয়ে নিচে আছে হাতির মূর্তি। অসাধারণ ও নিখুঁত সেই মূর্তিগুলোর অবয়ব। আর টেরাকোটা অর্থাৎ পোড়ামাটির ফলকচিত্রটিতে হাত-পা ছড়ানো একটি পুরুষমূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। মুগ্ধ নয়নে চেয়ে রইলাম অপূর্ব এই প্রত্নকীর্তির দিকে।নিশ্চয়ই এখানকার ইমারতের গায়ে সাঁটা ছিল পোড়ামাটির ফলকচিত্র। পাথরের বিপুলসংখ্যক মূর্তিও যে এখানে ছিল, তার প্রমাণ এই কালো পাথরের উত্কীর্ণ মূর্তি। প্রাণিমূর্তিগুলো মুসলিম আগমন অর্থাৎ সম্ভাব্য খ্রিষ্টীয় ত্রয়োদশ শতকের পূর্ববর্তী কালের বলে মনে হয়। পাল বা সেন যুগের তো বটেই, এখানে গুপ্ত যুগের স্থাপনা থাকারও সম্ভাবনা প্রবল। রাজবাড়ি ঢিবিতে সুউচ্চ ধর্মমন্দির ছিল বলে মনে হয়। এখানে হাজার বছরের চেয়েও অনেক বেশি প্রাচীন ইমারত-অট্টালিকাসমৃদ্ধ এক নগর জনপথ ছিল বলে আমার বিশ্বাস। সেই শহর আমাদের স্মৃতি থেকে হারিয়ে গেছে। কিন্তু সেই বিরানপুরীর অন্তত একটি অট্টালিকা বা এর অংশবিশেষ যদি আমরা রক্ষা করতে পারতাম, তাহলে আগামী বাংলাদেশ দেখত, কত গৌরবময় অতীত ছিল আমাদের।