বিল গেটস ও জাকারবার্গের প্রিয় ৫ বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বিল গেটস ও জাকারবার্গ
বিল গেটস ও জাকারবার্গ

পৃথিবীর সবচেয়ে ধনী, সফল ও ব্যস্ত দুই ব্যক্তি বিল গেটস ও মার্ক জাকারবার্গকে একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে নিবিষ্ট পাঠকদের কাতারেও ফেলা যায়। বিল গেটস বছরে গড়ে ৫০টি বই পড়েন বলে নিউইয়র্কটাইমসকে জানিয়েছেন। অর্থাৎ, সপ্তাহে একটি করে বই পড়েন তিনি। আর ফেসবুকে নিজের তৈরি করা বুক ক্লাবে জাকারবার্গ প্রতি দুই সপ্তাহে একটি করে পঠিত বইয়ের রিভিউ লেখেন। তাঁদের সুপারিশ করা পাঁচটি করে অবশ্যপাঠ্য বইয়ের তালিকা নিচে দেওয়া হলো

বিল গেটসের ৫ বই

দ্য বেস্ট উই কুড ডু

* লেখক: থি বুই

ভিয়েতনামি অ্যাক্টিভিস্ট ও ব্লগার থি বুইয়ের এ বইটি একটি আত্মজীবনীমূলক গ্রাফিক উপন্যাস। বইটিতে তিনি ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে আসা তাঁর মামা-বাবার দুর্দশা আর সংগ্রাম তুলে ধরেছেন।

এভিক্টেড: পভার্টি অ্যান্ড প্রফিটইন দ্য আমেরিকান সিটি

* লেখক: ম্যাথিউ ডেসমন্ড

অর্থনৈতিক মন্দার কালে যুক্তরাষ্ট্র্রের মিলওয়াকি শহরের দরিদ্রতম এলাকায় সংকটে পড়া পরিবারগুলোর জীবনসংগ্রামের কাহিনি বলা হয়েছে এ বইতে। বইটি এ বছর জেনারেল ননফিকশন ক্যাটাগরিতে পেয়েছে পুলিৎজার পুরস্কার।

 বিলিভ মি: আ মেমোয়ার অব লাভ, ডেথ অ্যান্ড জ্যাজ চিকেনস

* লেখক: এডি ইজার্ড

ব্রিটিশ কমেডিয়ান ইজার্ডের আত্মজীবনী। গেটস মনে করেন, ইজার্ডের সঙ্গে তাঁর শৈশবের অনেক মিল। দুজনেই বেশ অমিশুক, বেমানান ছিলেন, দুজনেই কলেজ থেকে বাদ পড়েছেন এবং ক্যানসারে মাকে হারিয়েছেন।

দ্য সিমপ্যাথাইজার

* লেখক: ভিয়েত থান নগুয়েন

ভিয়েতনামি বংশোদ্ভূত আমেরিকান অধ্যাপক নগুয়েনের এই প্রথম উপন্যাসটি ২০১৫ সালে পুলিৎজার পুরস্কার পায়। পটভূমি ভিয়েতনাম যুদ্ধ। নামহীন এক উত্তর ভিয়েতনামি গুপ্তচরের স্মৃতিচারণে পুরো গল্পটি বলা।

এনার্জি অ্যান্ড সিভিলাইজেশন:

আ হিস্ট্রি

* লেখক: ভাকলাভ স্মিল

স্টারওয়ার্স সিনেমার ভক্তেরা যেমন ওই সিরিজের নতুন সিনেমার জন্য তৃষিত থাকেন, বিল গেটসও তেমনি চেক-কানাডিয়ান এই বিশেষজ্ঞের নতুন গবেষণা বইয়ের জন্য অপেক্ষা করেন। স্মিল এ বইতে দেখিয়েছেন, কৃষিকাজ আসলে জ্বালানিকে আরও দক্ষভাবে খাদ্যে রূপান্তরের কৌশলমাত্র। কৃষিকাজ শিখে মানুষ জ্বালানি ব্যবস্থাপনায় বিরাট বিপ্লব ঘটিয়েছে।

মার্ক জাকারবার্গের ৫ বই

ক্রিয়েটিভিটি ইনক.

* লেখক: এড ক্যাটমুল

অ্যানিমেশন কোম্পানি পিক্সারের প্রতিষ্ঠাতা ক্যাটমুল শোনাচ্ছেন বাণিজ্যিক উদ্যোগের সাফল্যের পেছনে সৃজনশীলতা কীভাবে ভূমিকা রাখে সেই কাহিনি। বইতে ক্যাটমুল বলেছেন, কর্মীদের স্বাভাবিক সৃজনশীলতার পথে বাধা হয়ে দাঁড়ায় এমন কোনো কিছুই কোম্পানির বসদের করা উচিত নয়।

বেটার অ্যানজেলস অব আওয়ার নেচার

* লেখক: স্টিভেন পিংকার

জাকারবার্গ স্বীকার করেন, হার্ভার্ডের মনোবিজ্ঞানী পিংকারের তথ্যে ঠাসা ৮০০ পৃষ্ঠার এ বই হাতে নিলে ভয় পেয়ে যেতে হয়। কিন্তু পিংকারের ঝরঝরে গদ্য আর উপস্থাপন ভঙ্গির কারণে যে কারও স্বীকার করে নেওয়া ছাড়া উপায় থাকে না যে যতই দিন যাচ্ছে, মানব সমাজে সহিংসতার পরিধি ও তীব্রতা ততই কমছে। বিল গেটসও এই বইকে তাঁর পড়া সেরা বইগুলোর একটি বলে মনে করেন।

গ্যাং লিডার ফর আডে

* লেখক: সুধীর ভেংকটেশ

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার অধ্যাপক ভেংকটেশ এক গবেষণার অংশ হিসেবে ১৯৯০-এর দশকে শিকাগোর একটি অপরাধ চক্রের ভেতরে গোপনে ঢুকে পড়েছিলেন। সমাজের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ও সাংস্কৃতিক বলয়ে বসবাসকারী লোকজনের পরস্পরকে বুঝতে না পারা এবং তাদের মধ্যে যোগাযোগের দূরত্ব এ বইয়ের উপজীব্য।

দ্য স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেভোলিউশনস

* লেখক: টমাস কুন

১৯৬২ সালে প্রকাশিত বিজ্ঞানের দর্শনবিষয়ক এ বইয়ের বিষয়বস্তু বিজ্ঞানের বিবর্তন ও আধুনিক বিশ্বে তার প্রভাব। এই বইতেই প্রথম ‘প্যারাডাইম শিফট’ শব্দটা প্রয়োগ করা হয় জগৎকে ব্যাখ্যার দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন অর্থে।

হোয়াই নেশসন ফেইল

* লেখক: ড্যারোন অ্যাসেমোগলু ও জেমস রবিনসন

এমআইটির অর্থনীতিবিদ ড্যারোন অ্যাসেমোগলু এবং হার্ভার্ডের রাষ্ট্রবিজ্ঞানী জেমস রবিনসন দেখিয়েছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে কোনো দেশের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করা যায় না। জাকারবার্গ স্বীকার করেছেন, এ বই পড়েই তাঁর মধ্যে দাতব্য কাজে নিজের সম্পদ বিলিয়ে দেওয়ার আগ্রহ তৈরি হয়েছে। কেননা, এ বই থেকেই তিনি বিশ্বজুড়ে দারিদ্র্যের কারণ বুঝতে পেরেছেন।