বিলাসবহুল হোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্নবিদেরা অবাক হয়ে গিয়েছিলেন নিদর্শনটি আবিষ্কার করে। খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকেই এই ধরনীতে বিলাসবহুল হোটেলের উপস্থিতি ছিল। গ্রিসের করিন্থিয়ানে মাটি খুঁড়ে প্রত্নবিদেরা যে বিলাসবহুল হোটেলটির সন্ধান পান, তাতে সুযোগ-সুবিধার পরিমাণ আজকের জামানার কোনো হোটেলের চেয়ে কম ছিল না। দুই তলাবিশিষ্ট এই হোটেলের সামনে-পেছনে ছিল প্রচুর খালি জায়গা। ছিল দারুণ এক গাড়ি বারান্দা। বলা বাহুল্য, এই হোটেলে আসা ধনীদের শকট দাঁড়িয়ে থাকত ওই গাড়ি বারান্দার নিচে।দুই তলা হোটেলটির প্রথম তলায় ছিল বেশ কয়েকটি বিলাসবহুল স্যুট। একটি নির্দিষ্ট করিডরের দুই পাশে ছিল এই স্যুটগুলোর অস্তিত্ব। অনেকটা হালের তারকা হোটেলগুলোর মতো। দ্বিতীয় তলায় প্রত্নবিদেরা আবিষ্কার করেছেন ৩১টি ছোট-বড় পানশালা। প্রতিটির সঙ্গে আবার ছিল লাগোয়া স্টোররুম। পানশালাগুলোর প্রতিটিতে সন্ধান পাওয়া গেছে ঠান্ডা পানি সরবরাহ ব্যবস্থার। পাওয়া গেছে বড় বড় কনটেইনারের সন্ধান। প্রত্নবিদদের মতে, ওই কনটেইনারগুলো ছিল পানশালায় বরফ-শীতল পানি সংরক্ষণের মূল উপকরণ। ঠান্ডা পানির পাশাপাশি ওই পানশালাগুলোয় ভালো-মন্দ খাদ্য গ্রহণেরও ব্যবস্থাও ছিল বলে আলামত পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা।  দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল