বিলেতি ঘড়িটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

শার্লক হোমস ধ্রুবর ভীষণ প্রিয়। ধ্রুব কয়েকবার পড়েছে। তবুও বারবার পড়তে ভালো লাগে। কতবার বড় ভাই ঋদ্ধকে বলেছে ‘ভাইয়া, তুমি আর আমি মিলে চলো একটা গোয়েন্দা দল বানাই!’ শুনে ভাইয়ার সে কী হাসি! ভাইয়া বলে, ‘তুই হবি গোয়েন্দা! গোয়েন্দা হতে বুদ্ধি লাগে বুঝলি? আছে তোর সেই বুদ্ধি?’ ভাইয়ার কথা শুনে ধ্রুবর ভীষণ অপমান বোধ হয়। ভাইয়া ক্লাসে ফার্স্ট হয়। তাই নিজেকে বুদ্ধিমান মনে করে। ক্লাসে ফার্স্ট না হয়েও যে বুদ্ধিমান হওয়া যায় ভাইয়াকে সেটা কে বোঝাবে? ধ্রুব ক্লাস থ্রিতে পড়ে। পড়ার বইয়ের চেয়ে গল্পের বই পড়তেই ওর বেশি ভালো লাগে। 
ধ্রুবর গোয়েন্দা হতে চাওয়ার কথা শুনে ভাইয়া শুধু হেসেই ক্ষান্ত হয়নি। ছোট চাচাকেও বলে দিয়েছে ধ্রুবর এই ইচ্ছের কথা। ছোট চাচা অবশ্য হাসেনি। বলেছে ‘গোয়েন্দা হতে হলে চোখ-কান সজাগ রাখতে হয়। দেখ চেষ্টা করে পারিস কি না। আর এই বয়সে গোয়েন্দা হয়ে করবিই-বা কী? লেখাপড়া করে বড় হ, তখন দেখা যাবে।’
চাচার কথা শুনে ধ্রুব খুশি হতে পারেনি। বড়দের এই এক সমস্যা। সব কথার শেষে কেন যেন পড়াশোনার কথা এসে যায়। ধ্রুব দমে যাওয়ার পাত্র নয়। সে তার চেষ্টা চালিয়ে যায়।
একদিন সকালে। দাদুর ঘরে শোনা গেল ভীষণ হইচই। ধ্রুব চোখ কচলাতে কচলাতে গেল সেখানে। বাবা-মা-চাচা-ভাইয়া সবাই হাজির। ঘটনা কী? দাদুর ঘরের দেয়ালে যে পুরোনো দেয়াল ঘড়িটা ছিল, সেটা নেই! দাদুর এক বন্ধু সেই ব্রিটিশ আমলে বিলেত মানে ইংল্যান্ড থেকে এনে দিয়েছিল। ঘড়িটা যদিও এখন আর চলত না। তবুও বন্ধুর স্মৃতি হিসেবে দাদু সেটা দেয়ালে টানিয়ে রেখেছিল।
চাচা বলল, বাবা নাকি ভোরেও ঘড়িটা দেয়ালে দেখেছিল। সকালে বাথরুম থেকে আসার পর দেখে ঘড়িটা নেই। ধ্রুব আপনমনেই বলে ওঠে, ‘এত কিছু থাকতে চোর ঘড়িটাই নিল, আর কিছু নিল না কেন?’ শুনে ভাইঠা টিপ্পনি কাটে, ‘তুই তো খুব গোয়েন্দা হতে চেয়েছিলি। এবার কর না গোয়েন্দাগিরি!’
ভাইয়ার কথা শুনে চাচা আর বাবা মিটিমিটি হাসতে থাকে। ধ্রুব লজ্জা পেয়ে যায়। নিজের ঘরে এসে ভাবে, ভাইয়া কথাটা খারাপ বলেনি। এই সুযোগে গোয়েন্দাগিরির প্র্যাকটিসটা করে নেওয়া যায়। দাদুর ঘরের ভিড় কমে এলে ধ্রুব সেদিকে পা বাড়ায়। যেখানে ঘড়িটা ছিল, সেখানে তাকিয়ে থাকে। ওখান থেকে নিতে হলে টেবিল বা চেয়ারে উঠে কাজটা করতে হবে। শিশু বা খাটো লোকের পক্ষে কাজটা সম্ভব নয়। যে কাজটা করেছে সে নিশ্চয়ই লম্বা। কিন্তু বাড়ির ভেতর ঢুকল কী করে? সদর দরজা কি খোলা ছিল?
‘ভাই, তুমি কি কিছু ভাবছ?’ ধ্রুবকে দেখে দাদু বলে।
‘আচ্ছা দাদু, এত কিছু থাকতে চোর ঘড়িটা নিল কেন?’
ধ্রুবর কথায় দাদু কেমন অপ্রস্তুত হয়ে যায়। ‘তা তো ভেবে দেখিনি। নিশ্চয়ই চোরের পুরোনো জিনিসের প্রতি লোভ আছে।’
দাদুর এই কথাটা চট করে ধ্রুবর কানে লাগে। পুরোনো জিনিসের প্রতি লোভ... তার মানে চোর গরিব নয়। নিশ্চয়ই ধনী চোর! তাই পুরোনো আর শৌখিন জিনিসের প্রতি লোভ। ধ্রুব মায়ের কাছে যায়। ‘মা সকালে কি সদর দরজা খোলা ছিল?’
‘কই, না তো! আর সকাল থেকে সবাই ঘরে ছিল। দরজা খোলাই হয়নি।’
এ তো জটিল রহস্য! ধ্রব ভেবে দেখে, প্রথমে বাড়ির ভেতর থেকেই কাজ শুরু করতে হবে।
প্রথমে সে যায় ভাইয়ার ঘরে। ভাইয়া বিছানায় শুয়ে কী যেন পড়ছে। ধ্রুব ভাইয়ার সামনে দাঁড়িয়ে ইতস্তত করতে থাকে।
ভাইয়া বলে ‘কিছু বলবি?’
‘ইয়ে...তুমি যদি রাগ না করো, আমি তোমার ঘরটা একটু খুঁজে দেখব।’
‘কী খুঁজবি?’
‘না মানে...দাদুর ঘড়িটা।’
ভাইয়া এবার রেগে যায়। ‘তুই আমাকে চোর মনে করিস?’
‘না না। আসলে কোনো কিছু খুঁজে না পাওয়া গেলে সবাইকেই সন্দেহ করা উচিত।’
‘ও, বুঝেছি। গোয়েন্দাগিরি? ঠিক আছে, কর।’
ভাইয়ার ঘরে, এমনকি চাচার ঘরেও কিছু পাওয়া গেল না। বাকি রইল মা-বাবার ঘরটা। ধ্রুব মা-বাবাকে সন্দেহের বাইরে রেখেছে। কিন্তু কেউ যদি মায়ের ঘরে রেখে আসে। মায়ের ঘরেও না থাকলে বুঝতে হবে, ঘড়ি বাড়ির বাইরে চলে গেছে।
খুঁজতে খুঁজতে হঠাতই ধ্রুব ঘড়িটা পেয়ে যায় মায়ের ঘরে পুরোনো কিছু জামাকাপড়ের ভাঁজে। এ কী অবাক কাণ্ড!’
‘মা! দেখো দেখো, ঘড়িটা পেয়েছি এখানে!’ ধ্রুব চেঁচিয়ে ওঠে।
মা রান্নাঘর থেকে ছুটে আসে, ‘এখানে পেয়েছিস? কিন্তু এটা এখানে এল কীভাবে?’
সবাই চুপচাপ। ভাইয়া কেমন মুখ ভার করে আছে। অবশেষে ছোট চাচা আর চুপ থাকতে পারল না। বলল, ‘আসলে ধ্রুব কেমন গোয়েন্দাগিরি শিখেছে, দেখার জন্য আমি আর ঋদ্ধ ঘড়িটা সরিয়ে রেখেছি। শুধু মজা করার জন্য।’ সবাই মানতে বাধ্য হলো ছোট্ট গোয়েন্দা ধ্রুব আসলেই কম যায় না। রহস্য উদ্ঘাটনে কারও যদি প্রয়োজন হয়, তো ধ্রুবর সাহায্য নেওয়াই যায়!