বিশদ বর্ণনার পরিশীলিত প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী: আজমির হোসেইন
শিল্পী: আজমির হোসেইন

আজমির হোসেইন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কিছুদিন আগে দেশে ফিরেছেন এবং দেশেই থাকবেন স্থির করেন। দেশে ফেরার পর দুটি দলগত প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এটি তাঁর প্রথম একক প্রদর্শনী। মূর্ত, বিমূর্ত, ভাষা, দক্ষতা এসব নিয়ে অনেকের অনেক ধরনের ব্যাখ্যা আছে এবং থাকবে; আর এই ব্যাখ্যা আমাদের জন্য তৈরি করে নতুন প্রকাশভঙ্গি। আজমিরের কাজের প্রকাশভঙ্গি সম্পর্কে একজন ফোনে জিজ্ঞেস করলেন কি অ্যাবসট্রাক্ট? আমিও অবলীলায় বললাম, হ্যাঁ। বাস্তবে কি আমি ঠিক উত্তর দিয়েছি? নিজের কাছে প্রশ্ন রাখি আমি, নিজেই বলব, আমি ভুল বলেছি। আজমির দৃশ্যের জ্যামিতিক রূপায়ণ ঘটান মনোভূমির আয়নার। আপাত দৃষ্টিতে বিমূর্ত মনে হলেও বেশির ভাগ কাজে একপ্রকার বর্ণনার আভাস থাকাই, ঠিক সরাসরি বিমূর্ত কাজ বলা যায় না। তাই বিমূর্তের আবহে এসেছে নানা ভূচিত্র। ঘটনা, মুহূর্ত, বৃষ্টি, রোদ, জল, ব্রুকলিন ব্রিজ এসে নানা ঘটনায় তাঁর একেকটি ছবি এবং তাঁদের গল্প বিশদ বর্ণনাময়। এসব গল্পের কোনো কিনারা নেই আর এই কিনারার বিলোপই তাঁর গল্পগুলোকে দিয়েছে ভিন্নমাত্রা। যেখানে একটি দৃশ্য, দৃশ্যকল্প অবয়ব হারিয়ে হয়ে উঠেছে তার অতিরিক্ত কিছু। মাধ্যমগত দক্ষতার প্রশ্নে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় তাঁর বর্ণলেপন-পদ্ধতি আমাদের চেনাজানা বর্ণলেপন-পদ্ধতি থেকে স্বতন্ত্র। অভিব্যক্তির প্রকাশকে বাঙ্ময় করতে মাধ্যমের দ্বারস্থ হন তিনি। তাই জলরঙের সঙ্গে সুতা, তার, টেবিলম্যাটের টুকরা অথবা কোনো ইলেকট্রনিক যন্ত্রের যন্ত্রাংশ, কত কিছুই না ব্যবহার করেন তিনি।

পরিচ্ছন্নরূপে, বিশদ বর্ণনার পরিশীলিত প্রকাশ এই মিলে আজমিরের চিত্রজগৎ। প্রথম দেখায় যে কারও ভ্রম হবে প্রিন্টের শো হিসেবে। একটু লক্ষ করলেই তা পরিবর্তিত হয়ে তৈরি হবে বিস্ময়। জলরঙের বহুবিচিত্র প্রয়োগ এবং তার স্বচ্ছতা, পরিকল্পিত লাইন, নানা রকমের বিন্দুর প্রয়োগ—সব মিলিয়ে একটা ভিজুয়াল হারমনি তৈরি হয়। গ্রাফিক কোয়ালিটি একেকটা কাজকে দুর্বল করে ফেলে, যদি তার প্রয়োগে পরিমিতি না থাকে। আজমিরের কড়া সমালোচকেরা তাঁকে ওই দোষে দুষ্ট বলবেন। তাঁরা বলতে চাইবেন বেশি দৃষ্টিনন্দন এবং আলংকারিক। তবে একটু লক্ষ করলেই আমরা দেখব তাঁর পরিমিতিবোধ, যা প্রশংসার দাবি রাখে।

শিল্পী: আজমির হোসেইন
শিল্পী: আজমির হোসেইন

এই পরিমিতি তিনি দেখিয়েছেন নানা মাধ্যমের প্রয়োগে। আবার ঠিক কোথায় কতটা প্রিন্ট ব্যবহার করবেন সেটা নির্ধারণ করেছেন বুদ্ধিদীপ্ত বিবেচনায়। এত বুদ্ধি-বিবেচনা কি শিল্প সৃষ্টি করতে পারে? আমাদের সামনে দুই ধরনের উদাহরণ আছে—যিনি যেমন তাঁর প্রকাশ তেমন।

আজমির হোসেইনের কাজের আরেকটি দিক না বললেই নয়। তা হলো, তাঁর কাজ সামনাসামনি না দেখে শুধু প্রিন্ট দেখলে এই কাজের স্বাতন্ত্র্য নির্ধারণ করা দুরূহ। তবে চাক্ষুস অবলোকনে বর্ণলেপন-সৃষ্ট নানা বুনটের দক্ষ কারুকাজ থেকে উৎসারিত দৃশ্যপটের ব্যঞ্জনা একটা নতুন ভাষার কথা বলে, তৈরি করে এক ভিন্ন দৃশ্যপট। ৫৭টি শিল্পকর্ম নিয়ে ধানমন্ডি ২৭ নম্বরের বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে ৩ মে থেকে ১৬ মে পর্যন্ত প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।