বিশাল অজানায় প্রস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী সুইডিশ কবি টমাস ট্রান্সট্রোমার মারা গেছেন সম্প্রতি। তাঁর প্রতি শ্রদ্ধা

টমাস ট্রান্সট্রোমার (১৫ এপ্রিল ১৯৩১-২৬ মার্চ ২০১৫), প্রতিকৃতি: মাসুক হেলাল
টমাস ট্রান্সট্রোমার (১৫ এপ্রিল ১৯৩১-২৬ মার্চ ২০১৫), প্রতিকৃতি: মাসুক হেলাল

দীর্ঘ জীবনই বলা যায়, বেঁচেছেন ৮৩ বছর (১৫ এপ্রিল ১৯৩১-২৬ মার্চ ২০১৫), যদিও শেষ ২৫ বছর ছিলেন বাকশক্তিব্যাহত হয়ে (১৯৯০ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে পঙ্গু ও বাকশক্তিরহিত হন)। তবে লেখালেখিতে বরাবরই ছিলেন অল্পপ্রজ। কয়েক শ কবিতা আর হাতে গোনা কয়েকটি গদ্য। কিন্তু যা লিখেছেন, তা-ই হয়ে উঠেছিল তাৎপর্যপূর্ণ। টমাস ট্রান্সট্রোমার ইউরোপীয় কবিতার ধ্রুপদি আধুনিকতার এক পুনর্জাগরণ ঘটান এ অর্থে যে সমসাময়িক হারমেটিক ও নির্বেদ কবিতার পরিবর্তে চিত্রকল্প ও উন্মীলনঋদ্ধ নতুন কবিতা রচিত হয়েছে তাঁর হাতে। তাঁর কাছে কবিতা হলো ভাষায় জীবনের প্রকাশ।
অনুপম ‘সুইডিশনেস’, যা জাদুকরি চিত্রকল্প ও অস্তিত্বের নবতর বাস্তবতার হাত ধরে অন্য মাত্রা পেয়েছে ট্রান্সট্রোমারের কবিতায়। তিনি ছিলেন এমন এক বিশ্বনাগরিক, যার শিকড় গেড়ে আছে সুইডেনের মৃত্তিকায়। সুইডিশ অন্তর্বীক্ষণ দিয়েই বিশ্ববীক্ষণকে ধারণ করেছিলেন ট্রান্সট্রোমার। এই ‘সুইডিশনেস’ আসলে কিছুই নয়, তা হলো একাধারে ঐতিহ্যিক আর আধুনিক স্বকীয় দৃষ্টিভঙ্গি ও চেতনা, যা অবিরত পরিবর্তনের ভেতর দিয়ে যায় এবং আহ্বান জানায় পরিবর্তনকে। কার্ল ইয়োনাস লভ আলামকভিস্ট (১৭৯৩-১৮৬৬) অন্যভাবে বলেছেন: সুইডেনীয়ত্ব সুইডিশেরই অন্তর্গত, চিৎকার করে নিজেকে সুইডিশ বলে প্রতিপন্ন করার চেয়ে তা বড় কিছু।
ট্রান্সট্রোমারকে বলা হয় পরাবাস্তববাদ আর আত্মজৈবনিক বাস্তববাদের এক সার্থক সংশ্লেষক। তাঁর বন্ধু ও কবিতার বিশিষ্ট ইংরেজি অনুবাদক রবার্ট ব্লাই বলেছেন, ট্রান্সট্রোমারের কবিতা হলো নীরবতা ও গভীরতার কবিতা। সুইডিশ হিসেবে দীর্ঘদিন পর সাহিত্যে নোবেল পেয়েছেন, কিন্তু তারও আগে পেয়েছেন নামকরা অনেক পুরস্কার। ১৯৯০ সালে যখন তাঁকে নিউস্টাড পুরস্কার দেওয়া হয়, অন্যতম জুরি জান ক্যাপলিনস্কি সে সময় বলেছিলেন: তাঁকে বিবেচনা করা যায় আমাদের সময়ের একজন অসাধারণ কবি হিসেবে, এমন একজন কবি, যাঁর কবিতা আমাদের অনেক কিছু বলে, বিশেষত উত্তর ইউরোপ ও উত্তর আমেরিকার মানুষকে। নিজের সৃষ্টিতে ট্রান্সট্রোমার আধুনিক ও ঐতিহ্যের, জীবন এবং শিল্পের এক সংশ্লেষণকে অর্জন করতে সমর্থ হয়েছেন। তিনি আরও বলেছিলেন, আধুনিক অস্তিত্বের অতি অনুদ্দীপিত বাস্তবতার ভেতর জীবন সঞ্চার করতে পেরেছেন ট্রান্সট্রোমার। আর এভাবেই প্রসারিত হয় জগতের কাব্যিক পরাদৃষ্টির পরিসর। সত্যিকার অর্থেই তিনি জগতের একজন সমসাময়িক কবি।
২০১১ সালে যখন ট্রান্সট্রোমার নোবেল পেলেন, নোবেল কমিটি তাঁর সম্পর্কে যা বলেছে, তা-ও অনেকটা এই রকম: তাঁর দার্ঢ্য, স্বচ্ছপ্রায় চিত্রকল্পের মাধ্যমে তিনি বাস্তবের খোলামেলা অধিগম্যতা দেন আমাদের।
দুটি উক্তিতেই গুরুত্বারোপ করা হয়েছে এমন কিছু, যা তাঁকে বিশিষ্ট করেছে বিশ্বসাহিত্যে।
ট্রান্সট্রোমারকে বলা যাবে না অতিপ্রজ লেখক, কেননা তিনি লেখেননি শত-সহস্র কবিতা। তবে যা লিখেছেন, তা এসেছে সত্যিকার প্রেরণার তাগিদে। সুইডিশ সাহিত্যিক গুন্নার এডমান বলেন, কবিতার বইয়ের সংখ্যা দিয়ে তাঁর কবিতা বিচার্য নয়, তাঁর কবিতার ওজন তাঁর বইয়ের ওজনের চেয়েও বেশি। আমরা যখন তাঁর কবিতার গভীরে প্রবেশ করি, তখন উদ্ঘাটিত হয় জীবনের গভীরতম প্রশ্ন, যার মধ্যে থাকে রহস্যময় প্রকৃতির নিগূঢ় আত্মিক সম্পর্ক ও গতিময় অন্তর্বস্তুসকল। অনেক আগ থেকেই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বে। তাঁর কবিতা ইতিমধ্যে বহু ভাষায় অনূদিত হয়েছে। উত্তর ইউরোপ ও উত্তর আমেরিকায় তিনি তুমুল প্রভাবসঞ্চারী।
টমাস ট্রান্সট্রোমারের প্রথম দিকের কবিতা অনেকটা রোমান্টিক ধাঁচের, যেখানে দেখা যায় অষ্টাদশ ও ঊনবিংশ শতকের ভাব ও উপাদানের উপস্থিতি। যৌবনে তরুণ কবি হিসেবে তিনি প্রভাবিত হয়েছিলেন গ্রিক ও লাতিন কবিতায় এবং কবিতা লিখেছিলেন সুইডিশ চিরায়ত ছন্দে, ধ্রুপদি ফর্মে। এর প্রমাণ মেলে তাঁর প্রথম কাব্য ১৭টি কবিতায়। এখানে দৃষ্টিগোচর হয় ঐতিহ্যবাহী সুইডিশ ছন্দ টেট্রামিটার, পেট্রামিটার, আলকেয়িক ও স্তবক-বিন্যাসে ধ্রুপদি প্যাটার্নের প্রয়োগ। কিন্তু ধীরে ধীরে তাঁর ভাষা সুইডেনের কথ্য ভাষায় চলে আসে—লিখতে থাকেন গদ্যে, মুক্তছন্দে। তাঁর কবিতার মূল বৈশিষ্ট্য হলো প্রশস্ত ও পৃথক পৃথিবী থেকে আসা চিত্রকল্পের সম্মিলন আর অন্তর্গত পরিসর। সমালোচক-অনুবাদক রবার্ট ব্লাই এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, সম্ভবত এর অন্যতম কারণ হলো চার বা পাঁচটি প্রধান চিত্রকল্প, যা টমাস ট্রান্সট্রোমারের প্রতিটি কবিতায় প্রতিভাত হয়, এবং তা বেরিয়ে আসে মনের ব্যাপক অন্দর-উৎস থেকে। তাঁর কবিতা, এমন এক রেলস্টেশনের মতো, যেখানে রেলগাড়িগুলো দূর থেকে এসে একই জায়গায় অল্প সময়ের জন্য দাঁড়ায়, আবার ছেড়ে যায় অজানার উদ্দেশে। এ এক রহস্যের অবতারণা, রহস্যের বাতাবরণ। এ জন্যই রহস্যময়, কারণ চিত্রকল্পগুলো মিলিত হওয়ার উদ্দেশ্যেই দূরত্বশীল থাকে। ব্লাই আরও বলেছেন, চিত্রকল্পে আছে তাঁর বিস্ময়কর দখল। ট্রান্সট্রোমার জানেন একটি চিত্রকল্পের সঞ্চারের জন্য কতটুকু জায়গা দরকার—যেন তার ভেতর সবকিছু ঠিকমতো ঠাসা থাকতে পারে। কবিতা—যেন এক বেহালা-শরীরের মতো।
ট্রান্সট্রোমারের কবিতার অন্যতম ইংরেজি অনুবাদক রবিন ফালটনও চিত্রকল্পগুলোর বিস্ময়কর স্বচ্ছতা ও তার দৃশ্য-সম্বন্ধের আশ্চর্যময় পরিবর্তনীয়তার কথা বলেছেন, যদিও অনুবাদে মূল সুইডিশ সাংগীতিকতা হারিয়ে যায়। কবি নিজেও বলেছেন, অনুবাদে তাঁর কবিতা অন্য রকম হয়ে যায়। তাঁর চিত্রকল্পগুলো বিশেষভাবে নাড়া দেওয়ার মতো। কারণ, এই চিত্রকল্প কবিতাকে এমনভাবে সমাপ্ত করে, যেখানে অবশেষে অনুরণিত হতে থাকে ‘কসমিক ইমেজ’। চিত্রকল্পের বাতাবরণে কখনো কখনো হানা দেয় দার্শনিকতা। যেমন: ‘ভেরমেয়ার’ নামে একটি কবিতায় তিনি বলেন, ‘পরিষ্কার আকাশ জায়গা করে নেয় দেয়ালে হেলে/ এ যেন শূন্যের প্রতি প্রার্থনা/ আর শূন্য আমাদের দিকে ফিরে/ ফিসফিস করে বলে:/ আমি নই শূন্য, আমি উন্মুক্ত।’
সংগীতের ঐকতান ট্রান্সট্রোমারের কবিতার এক বিশেষ দিক। ‘আল্লেগ্রো’ কবিতায় বলেছেন, ‘সংগীত হলো ঢালুতে দাঁড়ানো কাচের ঘর;/ পাথরেরা উড়ছে, পাথরেরা ঘুরছে।’ শুধু ‘ইমেজিস্ট’ হিসেবে টমাস ট্রান্সট্রোমারের বহির্বিশ্বে পরিচিতি হওয়ার একটি কারণ বোধ হয় এই যে, অধিকাংশ অনুবাদ তাঁর কবিতার সূক্ষ্মতম সংগীতপ্রবাহকে ধারণ করতে পারে না। যদি পারত, তবে অন্য পরিচয়ে তাঁকে অভিধামণ্ডিত করা যেত। তিনি নিজে ছিলেন সংগীতপ্রেমী। সংগীত যে তাঁর অন্যতম সংরাগ, এর প্রমাণ পাওয়া যায় যখন তিনি পাইলট পুরস্কার পান, সে সময় পুরস্কারের টাকায় কিনেছিলেন একটি গ্র্যান্ড পিয়ানো। ট্রান্সট্রোমারের অনেক কবিতার নামও সংগীতবিষয়ক; যেমন: ‘সি মেজর’, ‘লেমেনটো’, ‘আল্লেগ্রো’, ‘নকটার্ন’, ‘মাদ্রিগাল’ ইত্যাদি।
সংগীতের সাধনা এই কবির কাছে ছিল প্রকৃতির ধারাবাহিক প্রকাশের অংশ ও নিজেকে প্রকাশের মাধ্যম। প্রতিটি শব্দের ভেতরেই কোনো না কোনোভাবে থাকে সংগীতময়তা। সংগীতের এই সর্বজনীন আবেদনকে ট্রান্সট্রোমার কবিতায় এনেছেন নানাভাবে। বহমান সময়ের ভেতর সংগীত সঞ্চার করে নতুন রূপ। গুরনার হার্ডিংকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রান্সট্রোমার অবশ্য স্বীকার করেছেন, তিনি সাংগীতিক শব্দলেখা অপেক্ষা ছবির প্রতি বেশি অন্বিষ্ট ছিলেন। তবে তাঁর জীবনে সংগীতের গভীর প্রভাবের কথা বলতে গিয়ে বলেছেন, কোনো না কোনোভাবে এই প্রভাব কাব্যিক রূপান্তরণে পর্যবসিত। এ সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, সংগীত তাঁর কাছে সাহিত্যের চেয়েও তাৎপর্যপূর্ণ, কারণ এর সঙ্গে তাঁর রয়েছে একধরনের সরল আত্মীয়তা। এটা এমন কিছু নয়, যার সঙ্গে তিনি পেশাগতভাবে জড়িত; তবে এমন কিছু, যা দিয়ে তিনি সহায়তা করেন নিজেকে। এক প্রশ্নের উত্তরে ট্রান্সট্রোমার বলছেন, কৈশোরে সংগীতকার হওয়ার ইচ্ছে ছিল তাঁর, ফলে কিছু নিশ্চিত সাংগীতিক তাড়না তিনি পেয়ে যান, যা নানাভাবে যুক্ত হয় তাঁর কবিতায়। এটা ঠিক ছায়ার মতো পাশে থেকে পূর্ণ করে চলে কবিতাকে, এগুলো লিখিত রূপ পায় না, তবে অবচেতন মনে অস্তিত্বশীল থাকে অবিরত। এভাবেই এক অন্তর্মুখী ভাষায় কবিতা লিখেছেন টমাস ট্রান্সট্রোমার, যা ঠিক শূন্যের দিকে প্রার্থনার মতো।
টমাস ট্রান্সট্রোমারের কবিতাকে বলা যায় ‘মুহূর্তের ইউটোপিয়া’। স্পেসীয় ইউটোপিয়া-উদ্ভূত ক্ষণস্থায়ী ইউটোপিয়া থেকে সৃষ্টি হয় ব্যক্তিত্বের ইউটোপিয়া, এবং চূড়ান্তে তা হয়ে যায় সময়ের ইউটোপিয়া। বলা যায় এটা একমুহূর্তের প্রকাশ। এখানে আধুনিকতার নান্দনিকতা নিজেকে প্রকাশ করে নতুনভাবে। কিন্তু কোনো মুহূর্তের ইউটোপিয়াই সম্ভব নয়, যদি সেখানে না থাকে প্রাসঙ্গিক বিন্দু; আমাদের বাইরের সত্তার একটি স্থির প্রাসঙ্গিক বিন্দু, যাকে আমরা তুলনা করতে পারি। তাঁর ভাষায়, জীবন হলো এক অধিকৃত এলাকা, অস্তিত্ব অন্যের কাছে বন্দী। ট্রান্সট্রোমারের কবিতা একধরনের সংলাপ, যা গুরুত্বপূর্ণ ধর্মীয় ও দার্শনিক আলোচনায়—যেন বলছে অন্য কেউ। তবে ধর্মীয় প্রকাশের চেয়ে তা ভিন্ন। সুইডিশ ধর্মীয় ইতিহাসবিদ মার্টিন পি নিলসন বলেন, ধর্ম হলো মানুষের অর্থময়তার অন্বেষণ, এ অর্থে ট্রান্সট্রোমারও ধর্মীয় কবি এবং বার্ট্রান্ড রাসেল, আইনস্টাইনও ধর্মীয় ব্যক্তিত্ব।
ট্রান্সট্রোমারের কবিতার পৌনঃপুনিক ভাব হলো রহস্যময়তা: আশ্চর্যজনক কিছুর উপস্থিতি, যাকে কবি বলেছেন ‘বিশাল অজনা’ (দ্য গ্রেট আননোন); এবং এর অংশ হয়ে যান তিনি নিজেও। এই বিশাল অজানা এমন এক আমোঘ শক্তি, যা আমাদের সৃষ্টি করে, করে সংক্রমিত। এই অজানা আমাদের বিদ্ধ করে, ভেতরে কাজ করে, ছুড়েও ফেলে দেয়।
মৃত্যু সম্পর্কে একটি কবিতায় রূপকাভাসে বলেছেন ট্রান্সট্রোমার, ‘জীবনের মধ্যাহ্নে এ রকমই ঘটে যে মৃত্যু আসে/ আর তোমার মাপজোখ নেয়।/ মৃত্যুর এই আগমনের কথা সকলেই ভুলে যায়/ আর জীবন এগোয় পূর্ববৎ/ কিন্তু সেই জামা সেলাই হতে থাকে নীরবতায়।’
এখন নীরবতায় সেলাই হওয়া সেই জামা গায়ে গলিয়েই তিনি চলে গেলেন ‘সোজাসুজি অদৃশ্যে’।