
১৮৭৩ সালে প্রকাশিত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ (আশি দিনে বিশ্বভ্রমণ) বিশ্বসাহিত্যের একটি যুগান্তকারী অ্যাডভেঞ্চার উপন্যাস। ‘যুগান্তকারী’ বলছি কারণ এ বইটি এমন একটি সময়ে লেখা, যখন গোটা ইউরোপ কৃষিভিত্তিক সমাজব্যবস্থা থেকে শিল্পনির্ভর সমাজ নির্মাণের পথে হাঁটতে শুরু করেছে। অর্থকষ্ট, পূর্ববর্তী উপন্যাসগুলোর রয়্যালটি না পাওয়া, আকস্মিক বাবার মৃত্যু প্রভৃতি টানাপোড়েন থাকা সত্ত্বেও ফরাসি লেখক জুল ভার্ন আলোচ্য উপন্যাসটি নিয়ে ঢের আশাবাদী ছিলেন।
এক বিকেলে প্যারিস ক্যাফেতে বসে পত্রিকা পড়তে পড়তে ভার্নের মাথায় আসে উপন্যাসটির প্লট। তা ছাড়া ১৮৬৯-৭০ সালের তিনটি বৈপ্লবিক অবকাঠামোগত উন্নয়ন—আমেরিকায় প্রথম আন্তর্মহাদেশীয় রেল যোগাযোগ চালু, উপমহাদেশের সর্বত্র ভারতীয় রেল যোগাযোগের বিস্তার ও সুয়েজ খালের দ্বার উন্মোচন—তাঁকে উসকে দেয় আশি দিনে বিশ্বভ্রমণ-এর মতো একটি ধ্রুপদি উপন্যাস লিখতে।
খুবই সহজ ও সাদামাটা একটি ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে উপন্যাসটি। গল্পের প্রধান চরিত্র ফিলিয়াস ফগ। গোটা শহরজুড়ে রয়েছে তাঁর ভদ্রতার খ্যাতি। খুবই চাপা স্বভাবের মানুষ। তাঁর ব্যক্তিগত জীবনের ছিটেফোঁটাও কেউ জানে না। একটিই তাঁর বড় পরিচয়—রিফর্ম ক্লাবের সদস্য তিনি। সময়ের মূল্য তাঁর কাছে সবচেয়ে বেশি। নিষ্ঠার সঙ্গে কাজ করতে পছন্দ করেন। সবার কাছ থেকে প্রত্যাশা করেন নিষ্ঠা ও নিয়মানুবর্তিতা। এবং এর প্রমাণও পাওয়া যায় গল্পের শুরুতে। সামান্য ভুলের কারণে ব্যক্তিগত চাকর জেমস ফস্টারকে চাকরি থেকে বিদায় জানান।
প্রতিদিন নিয়ম করে রিফর্ম ক্লাবে যান ফগ। বেশ সময় ধরে খবরের কাগজ পড়েন। সন্ধ্যায় ক্লাবের সদস্যদের সঙ্গে তাস খেলেন।

অনুবাদ: শেখ আবদুল হাকিম
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রকাশকাল ফেব্রুয়ারি ২০১৬
১৬০ পৃষ্ঠা
দাম ২৩০ টাকা
একদিন তাস খেলতে খেলতে রিফর্ম ক্লাবের সদস্যদের মধ্যে আলোচনা হচ্ছে, কীভাবে ব্যাংক অব ইংল্যান্ড থেকে পঞ্চান্ন হাজার পাউন্ড চুরি হলো। চুরির কারণ হিসেবে একেকজন একেক কথা বলছেন। হঠাৎ ফগ বলে ওঠেন, দুনিয়া আকারে ছোট হয়ে গেছে, তাই চোরকে ধরা খুব একটা কঠিন হবে না। তিনি আরও যোগ করেন, মাত্র আশি দিনে এখন পৃথিবী ঘুরে আসা সম্ভব। এ কথার সত্যতা প্রমাণে দৈনিক টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন পড়ে শোনাতে থাকেন। খবরটি প্রথমে বিশ্বাস করতে চায়নি ক্লাবের কেউ; উল্টো ফগ সাহেবকে আশি দিনে পৃথিবী ঘুরে আসার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিল একজন—স্টুয়ার্ট। সে রাতেই নিজের অর্ধেক সম্পদ অর্থাৎ বিশ হাজার পাউন্ড বাজি রেখে ফগ বেরিয়ে পড়লেন বিশ্বভ্রমণের উদ্দেশে। সঙ্গে নিলেন গৃহভৃত্য প্যাসপারতুকে। ওদিকে ফগের পিছু নিয়েছে এক গোয়েন্দা—ফক্স। কারণ তার ধারণা, ব্যাংক অব ইংল্যান্ড থেকে যে পঞ্চান্ন হাজার পাউন্ড চুরি হয়েছে সেই চোরের সঙ্গে ফিলিয়াস ফগের মুখাবয়বের অনেক মিল রয়েছে। আশি দিনের এই সফরে গোয়েন্দা ফক্স যত বেশি বাধার সৃষ্টি করেছে, তা প্রকৃতিসৃষ্ট বাধাকেও হার মানায়। যদিও শেষ নাগাদ নির্দোষ ফগকে দোষী প্রমাণে ব্যর্থ হয় ফক্স। যা হোক, পাঠকদের অনেকেই জানেন, ফগ সাহেবের এই সফর মোটেই সহজ কোনো বিষয় ছিল না। ভ্রমণের ঠিক দশ দিনের মাথায় সুয়েজ থেকে বোম্বে যাওয়ার পথে এলাহাবাদের কাছাকাছি বুন্দেলখন্ড নামের একটি জায়গায় একটু বেশি সময়ই খরচ করতে হলো তাঁকে। সতীদাহের মতো বর্বর প্রথা চালু ছিল ভারতের এই অঞ্চলটিতে। সতীদাহের নিষ্ঠুর শিকার হতে যাচ্ছিল এমন একজন তরুণীকে বাঁচাতে এগিয়ে যান ফিলিয়াস ফগ। নিজের জীবনকে বাজি রেখে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে আউদা নামের সুন্দরী নারীকে। এ পর্বতসম কঠিন কাজে সফল হতে প্যাসপারতুর বুদ্ধিমত্তা শক্তি ও প্রেরণা জুগিয়েছিল তাঁকে। আবার আমেরিকা যাওয়ার পথে রেড ইন্ডিয়ানরা যখন ট্রেনে হামলা করে প্যাসপারতুসহ আরও দুজনকে বন্দী করে রাখে, তখন সবাইকে বীরত্বের সঙ্গে উদ্ধার করেন ফগ।
আশি দিনে ফিলিয়াস ফগের জীবনে উপর্যুক্ত ঘটনাবলি ছাড়াও ঘটে যায় নানান লোহমর্ষক ও রোমাঞ্চকর ঘটনা। শেষ অবধি এটিও আবিষ্কৃত হয় যে নির্দিষ্ট সময়ের চব্বিশ ঘণ্টা আগেই ফগ তাঁর অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছেন।
এখন হয়তো অনেকেরই জানতে ইচ্ছে করছে, আউদার ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটে কিংবা প্যাসপারতুর চাকরি আছে তো? এমন অনেক রহস্যের জট খুলতে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য অত্যন্ত সাবলীল ভাষায় জুল ভার্নের এই বিশ্বসমাদৃত উপন্যাসটি অনুবাদ করেছেন শেখ আবদুল হাকিম। শুধু তা-ই নয়, ঔপন্যাসিকের ভূগোল চেতনাকেও তিনি ধারণ করেছেন চমৎকারভাবে।