অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট উপন্যাসের সরাসরি নায়ক প্রথম বিশ্বযুদ্ধ। তার ডালপালা বহুব্যাপ্ত হলেও সূচনাটা জার্মানির মাটিতে। ভয়াবহ তার রূপ। অন্তত জার্মানির পক্ষ থেকে এই যুদ্ধে যারা যোগ দিচ্ছে, দু-একজন ছাড়া তাদের প্রায় সবারই বয়স ‘উনিশের কাছাকাছি’। তাদের একজনের ভাষ্যে চলমান যুদ্ধের রূপটা এ রকমের, ‘আমরা যাব কোথায়? জীবনের শিকড় মাটিতে গেড়ে বসার আগেই অতীতের স্মৃতি মুছে গেছে যুদ্ধের তোড়ে। যুদ্ধ সবকিছু ধুয়ে মুছে দিয়েছে। এখন আমরা পতিত জমির মতোই। আর কখনো আমাদের জীবনের ফুল ফুটবে না।’
‘কোথায় এর শেষ জানি না। যুদ্ধ আমাদের স্বাভাবিক মূল্যবোধকে কী ভীষণ পাল্টে দিয়েছে? সবকিছু কেমন বদলে গেছে।’
সত্যিই তাই। আলোচ্য উপন্যাসের প্রতিটি অধ্যায় তার জ্বলজ্বলে সাক্ষ্য। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধের প্রকৃত রূপ এরিক মারিয়া রেমার্ক তুলে ধরেছেন রক্ত-মাংসসমেত। কারণও সুস্পষ্ট। কেননা লেখক নিজে ছিলেন এই যুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী।

অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এরিক মারিয়া রেমার্ক
রূপান্তর: শেখ আবদুল হাকিম
প্রচ্ছদ ও অলংকরণ: ধ্রুব এষ
প্রকাশক: প্রথমা প্রকাশন
অক্টোবর ২০১৫
১৯২ পৃষ্ঠা
দাম: ৩৩০ টাকা।
উপন্যাসের শুরুই হচ্ছে যুদ্ধের এক রূঢ় সত্যের স্বরূপকে তুলে ধরার মধ্য দিয়ে। যুদ্ধে খাবার সরবরাহ, সৈন্যদের খাবার প্রাপ্তি এক নিত্যকার অনিশ্চিত ঘটনা। কিন্তু মাঝেমধ্যে সেখানেই ঘটে থাকে নাটকের মতো কিছু—হিসাব করে রান্না করতে হয়। কিন্তু উপন্যাসটির শুরু হচ্ছে সেই হিসেবে পাল্টে দেওয়ার ঘটনার মাধ্যমে। যতজনের জন্য রান্না করা হয়েছে, লাইনে আজ ততজন দাঁড়ায়নি। কারণ? কারণ আর কিছুই না। যুদ্ধের ফ্রন্টে তাদের সহযোদ্ধাদের কেউ কেউ মারা গেছে, কেউ আহত হয়ে হাসপাতালের বেডে শয্যাশায়ী। ফলে খাবারের জন্য আজ যারা লাইনে দাঁড়িয়েছে, তাদের একজন বলছে, ‘তাহলে আজ পেট ভরে খেতে পারব আমরা।’

উপন্যাসের নায়ক উত্তম পুরুষে বলে যায় তার নিত্যদিনের অভিজ্ঞতা, তুলে ধরে অন্য সহযোদ্ধাদের কথাও। কখনো সে নির্বিকার, কখনো সমালোচনামুখর, কখনো মানবিক বোধে সিক্ত, কখনোবা ঘটনার মুখে বোধশূন্যহীনও।
কেমারিখের একটি পা আঘাতপ্রাপ্ত হয় যুদ্ধক্ষেত্রে। পরে সেটি কেটে ফেলতে হয়। সবাই সহানুভূতিশীল। কিন্তু হলে কী হবে? কেমারিখ আর জুতা পরতে পারবে না। সেই জুতার দিকে দৃষ্টি পড়ে সবার। এই ঘটনা-পরবর্তী দৃশ্যটা আঁকা হয়েছে এইভাবে, ‘...কেমারিখের বুট দখল করার লোভে মুলার ব্যতিব্যস্ত। ওর মৃত্যুর সময় আমরা কেউ হাসপাতালে না থাকলে ওর বুট হাতছাড়া হয়ে যাবে ভেবে সারাক্ষণ উদ্বেগের মধ্যে আছে, স্বাভাবিক অবস্থায় এমন নিষ্ঠুর ভাবনা কি ওর মাথায় আসত? নিশ্চয়ই না।’ উত্তম পুরুষে লেখক নায়কের মুখ দিয়ে আরও বলাচ্ছেন, ‘সবচেয়ে বড় কথা, যুদ্ধক্ষেত্রে বাস্তবতাই একমাত্র সত্য, আবেগ নয়। সেখানে আবেগ অচল। যুদ্ধের মাঠে ভালো বুট সহজে মেলে না।’ এমন উচ্চারণ রেমার্কের পক্ষেই করা সম্ভব। কেননা আগেই বলেছি, যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তাই যুদ্ধের রূঢ় বাস্তবতা তাঁর চেয়ে কে আর অতটা মর্মে ধারণ করতে পারবেন! ফলে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট-এর পাঠ আমাদের সরাসরি নিয়ে যাবে যুদ্ধের ময়দানে এবং যুদ্ধের বীভৎস রূপকে চোখের সামনে তুলে ধরে বলবে, যুদ্ধের আসল চেহারা দেখুন।
প্রথম বিশ্বযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত জার্মানির একটি ফ্রন্টে সংঘটিত যুদ্ধ, সেই যুদ্ধে অংশগ্রহণকারী পাত্রপাত্রীদের ভূমিকা, যুদ্ধকালীন সংকট ও জীবনাচার, ধসে পড়া মূল্যবোধ, যুদ্ধের সমাপ্তি ও পরিণতির ছবি যে ভাষায়, যেভাবে রেমার্ক এখানে তুলে ধরেছেন, তা তুলনাবিহীন। ব্যঙ্গের আশ্রয় নিতেও দ্বিধা করেননি তিনি। যুদ্ধের রূপ বর্ণনায় ছিল না তাঁর বিন্দুমাত্র লুকোছাপা। শেষে উপন্যাসের নায়ক আমাদের জানায়, ‘পুরোনো সঙ্গীরা সবাই ইতিহাস হয়ে গেছে। কেউ বেঁচে নেই। আমাদের ক্লাসের সাতজনের মধ্যে একা শুধু আমি পড়ে আছি।’ তারপরও আশাবাদীর সুরে বলছেন, ‘অতীত স্মৃতি কিছুই আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না।’
শেখ আবদুল হাকিমের ঝরঝরে গদ্যে অনূদিত এই উপন্যাস আমাদের অনুবাদ-সাহিত্যকে নিঃসন্দেহে সমৃদ্ধ করবে। ধ্রুব এষের প্রচ্ছদ উপন্যাসের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং খুবই দৃষ্টিনন্দন।