বিশ্বাস করতাম করো নয় মরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনোদবিহারী চৌধুরী ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ। মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোদ্ধা। রাজনীতি, অর্থনীতি সমাজনীতির পাশাপাশি ইতিহাস, সংস্কৃতি ও সাম্প্রদায়িকতা প্রসঙ্গে ২০০৫ সালের জানুয়ারি মাসে তাঁর মুখোমুখি হন রাজীব মীর্নরাজীব মীর: কোন আদর্শে উজ্জীবিত হয়ে আপনারা ব্রিটিশবিরোধী সশস্ত্র লড়াইয়ে নেমেছিলেন?বিনোদবিহারী চৌধুরী: কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই নয়। বলা হতো, ব্রিটিশদের সূর্য অস্ত যায় না। তখন বিশ্বব্যাপী ব্রিটিশ ত্রাস। আমাদের প্রিয় মাতৃভূমিও তার থাবা থেকে বিচ্ছিন্ন ছিল না। স্বাধীনতার প্রতি একান্ত আগ্রহ ও স্বরাজ প্রতিষ্ঠায় দৃঢ় মনোবল নিয়েই আমরা এগিয়েছিলাম। ১৯২৯ সালে চট্টগ্রাম শহরের অভয় মিত্র শ্মশান ঘাটে মাস্টারদা সূর্য সেনের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় আমার। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্তর দিয়ে অনুভব করেছি, একটি মহান কাজ করে দেশের নিপীড়িত, অত্যাচারিত লোকের জন্য মৃত্যু হচ্ছে মহৎ মৃত্যু। শিয়াল-কুকুরের মতো মরে তো কোনো লাভ নেই। বিপ্লব হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসক-শোষক তাড়িয়ে স্বাধীনতা অর্জন এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশের জনগণের জন্য মুক্তি আনা। আমাদের বিপ্লবী দলের অন্যতম লক্ষ্যই ছিল সশস্ত্র আন্দোলনের মাধ্যমে দেশের জনগণের জন্য মুক্তি, প্রয়োজনে মৃত্যুকে বরণ করে নেওয়া। বিশ্বাস করতাম, করো নয় মরো। মাস্টারদার একজন সৈনিক হিসেবে যুদ্ধ করতে গিয়ে আমি জালালাবাদ পাহাড়ে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম। মাস্টারদার সিদ্ধান্তকে আমরা সবাই মেনে চলতাম। ত্যাগ, নির্মোহ আর দেশপ্রেমসহ অন্য গুণাবলি ও সংগঠনের প্রতি অবিচল নিষ্ঠা ও বিশ্বাসই আমাদের ভারতবর্ষ স্বাধীন করার আন্দোলনের উদ্দীপনা হিসেবে কাজ করেছে। রাজীব: ১৯৩০ সালে যুব বিদ্রোহ সম্পর্কে কিছুটা জানলেও ১৯২১ সালের অসহযোগ আন্দোলন সম্পর্কে তেমন কিছু জানি না। আপনি কিছু বলবেন কি?বিনোদবিহারী: সর্বভারতীয় কোনো আন্দোলনের কথা বলা হলে আমি বলব, তা ১৯২১ সালের অসহযোগ আন্দোলন। কন্যা কুমারী হতে হিমালয় পর্যন্ত অকুণ্ঠ জনসমর্থন নিয়ে পরিচালিত হয়েছিল এ আন্দোলন। একটা কবিতার ছন্দ আমার এখনো বেশ মনে পড়ছে—‘রাম রহিম ন জুদা কর ভাইমনটা খাঁটি রাখো জি,ওরা দু’ভাই এতে দু’ঘর বেঁধেএকই দেশে বসতি।’আমি বলব, সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ এটি। ১৯২২ সালের ঘটনা। গোরক্ষপুর জেলার চৌরীচোরার অহিংস জনতা জালিয়ান ওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে গিয়ে চৌরীচোরা থানার পুলিশ সাব-ইন্সপেক্টরসহ ২১ জনকে পুড়িয়ে মারল এবং যথারীতি ব্রিটিশ শুরু করল তার দমননীতি। ‘রেগুলেশন অ্যাক্ট অব ১৯১৮’-এ বিনা বিচারে, বিনা কারণে শত শত মানুষকে আটকে রাখা হলো। আসাম, উড়িষ্যা, বাংলা ও বিহার ইত্যাদি অঞ্চলের মানুষ তখন ভীষণ বিক্ষুব্ধ। খিলাফত আন্দোলন তাগিদ দিতে শুরু করল অহিংস আন্দোলন বাতিল করার জন্য। অবশেষে গান্ধীজি আন্দোলন বন্ধ করলেন। হিংসার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি বললেন, দেশ এখন প্রস্তুত নয়। আমি মনে করি, এই একটি ঘটনাই গান্ধীজির আন্দোলনে ভাটা পড়ার কারণ।রাজীব: মাস্টারদার ফাঁসি-পরবর্তী আপনাদের আন্দোলন কেমন ছিল?বিনোদবিহারী: মাস্টারদার ফাঁসি হয় ১৯৩৪ সালের ১২ জানুয়ারি। জেল থেকে বেরিয়ে ১৯৩৯ সালে আমাদের বিপ্লবী সংঘের বৈঠকে ঠিক হলো, ব্রিটিশদের বিরুদ্ধে আর গোপন সশস্ত্র লড়াই নয়। সেদিন ভুপেন্দ্রনাথ দত্ত, অরুণ চন্দ্র গুহ, মনোরঞ্জন দত্ত, সুরেন্দ্র মোহন ঘোষ, জীবন ব্যানার্জি, পূর্ণ চন্দ্র দাশসহ অনেকেই এ সিদ্ধান্তের পক্ষে ছিলেন। রাজীব: অনেকে মাস্টারদা সূর্য সেনকে সন্ত্রাসবাদী আন্দোলনের রূপকার বলে থাকেন। এটি কেন বলা হয়?বিনোদবিহারী: (খুবই বিমর্ষ ও ক্লান্ত ভঙ্গিতে) আমরা অকৃতজ্ঞ জাতি; আমরা অবশ্যই অকৃতজ্ঞ। মাস্টারদাকে অনেকেই তস্কর, ডাকাত, সন্ত্রাসী ইত্যাদি বলেই চলেছে। সূর্য সেন কোনো কিছুই কি ব্যক্তিস্বার্থের জন্য করেছেন? অর্থ-সম্পত্তি, যশ-খ্যাতি ও গাড়ি-বাড়ির লোভে কি তিনি স্বদেশি আন্দোলনে এসেছিলেন? না। আজ যারা বলছে, তারাই এগুলোর চর্চা বেশি বেশি করছে। টাকার রাজনীতি আমাদের দেশে যারা করছে, তারাই মাস্টারদা সম্পর্কে এমন কুৎসা রটাচ্ছে।্নরাজীব: রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘সাত কোটি সন্তানেরে/ হে মুগ্ধ জননী/ রেখেছ বাঙালি করে/ মানুষ করনি’। তাহলে সঠিক মানুষ হতে গেলে আমাদের কী করতে হবে?বিনোদবিহারী: সৎ গুণের অধিকারী হতে হবে। চারিত্রিক ধর্ম ঠিক রাখতে হবে।রাজীব: ধর্ম বলতে আপনি কী বোঝাতে চাইছেন?বিনোদবিহারী: ধর্ম হলো কর্ম। আল্লাহর ইনসানিয়াতকে ভালোবাসতে হবে। সেবার চেয়ে বড় ধর্ম আর নেই। (He preyth best who loveth best) বিবেকানন্দের একটি উক্তি আমি বলব, ‘বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর।’ বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছেন, ‘ধর্ম হলো মানুষের সৎ গুণাবলির সমাহার।’রাজীব: বর্তমানে স্বাধীন জাতি হিসেবে আমাদের দুর্বলতা কোথায়?বিনোদবিহারী: শুধু শোষণের দৃষ্টিভঙ্গি নিয়ে চলছিল পাকিস্তান সরকার। আমাদের এই ভূখণ্ডের সব সম্পদ তাদের স্বার্থেই পাচার করা হয়েছিল। শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা—সব বিষয় নিয়ে পাকিস্তানি শাসকদের আগ্রাসনই জনগণকে পাকিস্তানবিরোধী আন্দোলন করতে বাধ্য করে। যেমন ধরো, ওরা পাকিস্তানের বিভিন্ন প্রদেশে বারবার রাজধানী স্থানান্তর করেছিল কেন?ক্রমাগত সাম্প্রদায়িকতার প্রসারে সমাজের অরাজকতা আজও থেমে নেই। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়কাল থেকেই এটা নিরন্তর ঘটে চলছে। যুদ্ধের পর একেকটা জেলায় অন্তত চার-পাঁচজন রাজাকার যদি আমরা মেরে ফেলতে পারতাম, তাহলে আজ আমাদের এ অবস্থার মধ্যে পড়তে হতো না।রাজীব: উপমহাদেশে সাম্প্রদায়িকতা কখন থেকে শুরু হয়েছিল?বিনোদবিহারী: আমি বলব, সাম্প্রদায়িকতার জন্ম ৪৭-এরও আগে। বঙ্গভঙ্গের মধ্য দিয়ে ব্রিটিশরা এ দেশের সাম্প্রদায়িকতাকে বাড়িয়ে দেয় এবং এটি ছিল জাতিগত ঐক্য বিনষ্টের জন্য ব্রিটিশদের অন্যতম কারসাজি। আর বর্তমান সময়ের সাম্প্রদায়িকতা স্পষ্টতই দেশীয় শাসনব্যবস্থার কারণে সৃষ্ট।রাজীব: তার মানে বর্তমান দেশীয় পরিস্থিতিতে আপনি সন্তুষ্ট নন?বিনোদবিহারী: নিঃসন্দেহে না। বর্তমানে বিপ্লব দরকার। স্বাধীনতার সুফল জনগণ ভোগ করছে না। অর্থনৈতিক স্বাধীনতা আমাদের আসেনি। এখনো আমরা অর্থনৈতিকভাবে অন্য অনেক ধনী দেশের ওপর নির্ভরশীল। আমাদের স্বাধীন জাতীয় অর্থনীতি গড়ে ওঠেনি—প্রচলিত রাজনীতি সম্পর্কে জনগণকে মোহমুক্ত হতে হবে। বর্তমানে শাসক (চারদলীয় জোট) সরকারের দমননীতিকে কি তুমি সমর্থন করবে? একইভাবে ‘শত্রু সম্পত্তি আইন’ বহাল রেখেছিল আওয়ামী লীগ সরকার। আর ওই এরশাদের কথা তো বলতে বাধে। যার নিজেরই কোনো চরিত্র নেই। অন্যদিকে জামায়াত একটি সম্পূর্ণ ধর্মাশ্রয়ী উগ্র সাম্প্রদায়িক দল, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। রাজনীতির কোলাহলে সব দল আজ এক। আর বামদের মধ্যে রয়েছে অনৈক্য। এখন দরকার প্রগতিশীলদের বিভক্তি কাটিয়ে ওঠা।রাজীব: আপনার কথায় চট্টগ্রামের ঐতিহাসিক বীরত্বের ও সাহসের পরিচয় স্পষ্ট। চট্টগ্রামকে বীর চট্টলা বলা হয় কেন?বিনোদবিহারী: আমি মনে করি, বীর চট্টলা বলার সঙ্গে চট্টগ্রামের একটি বিশেষ মর্যাদা ও স্বাতন্ত্র্য রয়েছে। সেই ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলার স্বাধীনতা পর্যন্ত সময়কালে চট্টগ্রামেই সবচেয়ে বেশি লোক ফাঁসিতে প্রাণ দেন। এ বিসর্জন ও আত্মদানকে স্মরণীয় করে রাখতেই বীর চট্টলা আখ্যায়িত করা হয়।রাজীব: ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিচিহ্ন সংরক্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি কিছু করা যায় না?বিনোদবিহারী: সারা চট্টগ্রাম ঘুরে মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতার স্মৃতিচিহ্ন সংরক্ষণের কোনো উদ্যোগই তো দেখি না। এটি আমাকে চরমভাবে হতাশ করেছে। আমরা কি আমাদের জাতীয় জীবনে তাঁদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করছি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (তৎকালীন) আমি এককালীন এক লাখ টাকা অনুদান দিয়েছিলাম। যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তত বছরে একবার সূর্য সেনের ফাঁসি দিবসে একটি আলোচনা সভার আয়োজন করে। কিন্তু উপাচার্যের সঙ্গে চার-পাঁচবার সাক্ষাৎ করার পরও কোনো ফল পাইনি। এই টাকা সঠিক খাতে ব্যবহারের ব্যাপারে আমি এখন প্রশ্ন তুলছি। আশার কথা, প্রতিবছর চট্টগ্রামে একটিই বাম দল শুধু সূর্য সেন ও প্রীতিলতাকে স্মরণ করে অনুষ্ঠান করে থাকে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।রাজীব: বর্তমান প্রজন্মের উদ্দেশে কিছু বলুন।বিনোদবিহারী: যে দেশে বীরের সম্মান, আদর বা কদর নেই, সে দেশে জ্ঞানী-গুণী জন্মাবে না এবং সে দেশে বীর সৃষ্টি হবে আশা করা যায় না। ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ ও উজ্জীবিত করার জন্য সৎ, নির্ভীক ও সাহসী ব্যক্তিদের যথাযোগ্য সম্মানের আসনে স্থান দেওয়া অত্যন্ত জরুরি। দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে হলে এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের সঠিক পথে পরিচালনার জন্য এটা অপরিহার্য। বর্তমানে বাংলাদেশের যে সামাজিক ও নৈতিক অবক্ষয় চলছে, তার প্রতিরোধ করতে এগিয়ে আসা তো সবারই অবশ্য কর্তব্য। তা না হলে ভবিষ্যৎ অন্ধকার।মুক্ত মন রাখো, মানুষকে ভালোবাসো, ধর্মভেদে নয়। নির্লোভ, নির্মোহ ও ত্যাগী হও। হিংসা করে কিছু হয় না। সাম্প্রদায়িক মনোভাব নিয়ে কোনো দেশ কখনো উন্নতি করতে পারে না।