বিশ্বায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

আমার সঙ্গে তোমার মনপ্রাণ না মিশলে
বিশ্বায়ন-প্রক্রিয়া অসমাপ্ত রয়ে যাবে
পুণ্যকর্ম রসাতলে গিয়ে
গলা বাড়িয়ে বলবে:
আগেভাগেই এমন ডুবলে তুমি ইহজন্মের পাপে
ইহজন্ম, ইহজন্ম, আহ্ কী পরম পরজন্ম
সেখানেও শুনব বুঝি ক্ষণে ক্ষণে
‘কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জবনে’
আহা বিশ্বায়ন! বলি তোমার বাঁশিতে কেমন সুর
যা শুনে প্রকৃতি কেঁপে ওঠে ৬.৭ রিখটরে
ঝাঁকুনি খায় ঘরবাড়ি নদী-নালা, সমুদ্র-পর্বত
জাহান্নামে যায় দেখ মনুষ্য-রূপায়ণ
অশ্রুর অগ্নিতে গলে যায় ভীতিবিহ্বল দুনয়ন
আমার সঙ্গে তোমার মনপ্রাণ মেশে না বলে
বিশ্বায়ন-প্রক্রিয়াই অসমাপ্ত থেকে যায়
শিরশির করে ওঠে খাল-বিল পাখ-পাখালি,
সন্ত্রস্ত ইঁদুর।