বিশ্বের ছয় ধনীর অর্ধেক সম্পদ এখন গরিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের মে মাসের এক সন্ধ্যা। সারা বিশ্বের গণমাধ্যমগুলোতে খবর রটে গেল, ডেভিড রকফেলারের নিমন্ত্রণে যুক্তরাষ্ট্রের কয়েকজন শীর্ষস্থানীয় ধনকুবের এক প্রীতি নৈশভোজে মিলিত হতে যাচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস, ‘বিনিয়োগ গুরু’ নামে পরিচিত ওয়ারেন বাফেট, আরেক ধনী অপরাহ উইনফ্রে ও নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ। গণমাধ্যমগুলোর জিজ্ঞাসা, কী আলোচনা করতে পারেন তাঁরা? নৈশভোজে মিলিত হওয়া ধনকুবেররা নৈশভোজের রহস্য ভাঙলেন না। বলা হলো, বিভিন্ন বিষয়ে ‘মতবিনিময়’ করতেই তাঁদের এই প্রীতি সম্মিলন। অথচ তাঁরা সেদিনের সেই গোপন নৈশভোজে নিয়েছিলেন বিশ্ব কাঁপিয়ে দেওয়া এক সিদ্ধান্ত। তাঁরা একমত হয়েছিলেন, সারা জীবনে অর্জিত সম্পদের একটা বড় অংশ তাঁরা বিলিয়ে দেবেন গরিব মানুষের জন্য। ওয়ারেন বাফেট সেই নৈশভোজে ঘোষণা দিয়েছিলেন, তিনি তাঁর আর্থিক প্রতিষ্ঠান ‘বার্কশায়ার হার্থাওয়ে’র ৯৯ শতাংশ শেয়ার সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করবেন। চিন্তাটি অবশ্য প্রথম এসেছিল মাইক্রোসফটের কর্ণধার বিল গেটসের মাথায়। তিনি চিন্তা করেছিলেন, ভাগ্য তাঁদের এত দিয়েছে, কিন্তু এই পৃথিবীর নানা প্রান্তেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কোটি কোটি অভুক্ত, দারিদ্র্যপীড়িত, সহায়-সম্বলহীন মানুষ। বিশ্বের ধনীরা যখন অবকাশ যাপন করতে প্যারিস, লাসভেগাস বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের কোনো দ্বীপে যাচ্ছেন, ঠিক তখনই আফ্রিকা কিংবা এশিয়ার অনেক দেশের মানুষের দুবেলা দুমুঠো অন্নের সংস্থান হচ্ছে না। শিশুর জন্ম দিতে গিয়ে অসংখ্য মায়ের জীবনপ্রদীপ নিভে যাচ্ছে কেবল অর্থের অভাবে, সুচিকিত্সা না পাওয়ায়। ম্যালেরিয়া সারা পৃথিবীতে কেড়ে নিচ্ছে লাখ লাখ মানুষের জীবন। নিজের বিবেকের তাড়নাতেই হয়তো বিল গেটস ব্যাপারটি নিয়ে অন্য ধনকুবেরদের সঙ্গে আলোচনা করেছিলেন। একে একে এই মহৎ উদ্যোগে যোগ দিলেন মিডিয়া মোগল টেড টার্নার, ওরাকলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, বিশ্বের সবচেয়ে ধনী তেল ব্যবসায়ী টি বুন পিকেনস, অন্যতম বৃহৎ বিনিয়োগ ব্যবসায়ী রোনাল্ড পার্লম্যান।বিখ্যাত ধনকুবেরদের এই যুগান্তকারী সিদ্ধান্ত ইতিমধ্যেই সারা পৃথিবীতে হইচই ফেলে দিয়েছে। কেউ হয়তো বলতে পারেন, এই ধনকুবেররা জীবনে অনেক পেয়েছেন, ভোগবিলাস তাঁদের জীবনে তো কম হয়নি। এই মুহূর্তে জীবনের কাছ থেকে হয়তো আর কিছুই পাওয়ার নেই তাঁদের। জীবনের সব রূপ-গন্ধ-রস উপভোগ করে তাঁরা এখন নেমেছেন দান-খয়রাতে। সমালোচকদের এই মনোভাব প্রণিধানযোগ্য হলেও এটা ঠিক, এ মুহূর্তে তাঁদের এই কল্যাণচিন্তা নতুন করে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশেই মানুষের চিন্তাচেতনার জগতে এনেছে আমূল পরিবর্তন। অনেক ধনীই নিজেদের সম্পদকে দরিদ্রদের কল্যাণে ব্যয় করতে ব্রতী হচ্ছেন। দানের অপার আনন্দে ভাসতে চাইছেন এখন সবাই। মোট কথা, গোটা উদ্যোগই মানুষের অন্তরের বিশালতাকে আবার নতুন করে সামনে নিয়ে এসেছে। ফোর্বস সাময়িকী সম্প্রতি এক তথ্যে জানিয়েছে, বিশ্বের সেরা ৪০০ জন ধনকুবেরের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ১ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার। এই ৪০০ জন ধনকুবের যদি তাঁদের মোট সম্পদের অর্ধেকও জনহিতকর কাজে দান করে দেন তাহলে তার পরিমাণ দাঁড়ায় ৬০০ বিলিয়ন মার্কিন ডলার। একবার ভাবুন তো, এই ধনীদের কল্যাণে ৬০০ বিলিয়ন ডলার যদি মানুষের কল্যাণে সব সময় ব্যয় করা হয়, তাহলে দরিদ্র জনগোষ্ঠীর কী পরিমাণ উপকার হয়! এই ৬০০ বিলিয়ন ডলার দিয়ে ভাগ্য বদলে দেওয়া যায় আফ্রিকা, এশিয়ার লাখ লাখ দরিদ্র মানুষের। বিল গেটস অবশ্য অনেক আগে থেকেই বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নামের একটি জনহিতকর প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের কল্যাণে অর্থ ব্যয় করে যাচ্ছেন। গেটস দম্পতির স্বপ্ন, তাঁরা তাঁদের নিজেদের অর্থ ব্যয় করে বিশ্বমানবতার স্বাস্থ্যব্যবস্থায় আনবেন যুগান্তকারী পরিবর্তন। তাঁরা বিশ্বের অনেক দেশেই দাতব্য চিকিত্সালয় খুলে দরিদ্র জনগণকে বিনা মূল্যে চিকিত্সা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভারটিসের সঙ্গে বিল-মেলিন্ডা গেটস ফাউন্ডেশন যৌথভাবে উদ্যোগ নিয়েছে ম্যালেরিয়ার প্রতিষেধক ওষুধ তৈরি করার। শিশুরা যেন ম্যালেরিয়ার সেই ওষুধটি পছন্দ করে, সে জন্য গেটস ফাউন্ডেশন নোভারটিসকে বলে দিয়েছে, সেই ওষুধটি যেন খেতে সুস্বাদু হয়, আর শিশুদের কাছে তা যেন হয় লজেন্স-ক্যান্ডি খাওয়ার মতোই আনন্দময় একটা ব্যাপার। ওয়ারেন বাফেট, বিল গেটস, মাইকেল ব্লুমবার্গ, অপরাহ উইনফ্রে প্রমুখ যে উদ্যোগের সারথি হয়েছেন, তাতে অনেক বিলিয়নিয়রের মতো যোগ দিতে শুরু করেছেন সাধারণ ধনীরাও। তাঁরাও যাঁর যাঁর সামর্থ্যমতো দান করছেন তাতে। তবে বিল গেটস ও ওয়ারেন বাফেট জানিয়েছেন, সাধারণ ধনীরা এই উদ্যোগে দান করতে চাইলে তাঁরা আপত্তি না করলেও তাঁদের প্রধান লক্ষ্য বিশ্বের সেরা ধনকুবেরদের এই উদ্যোগে শামিল করা। এর পেছনের মূল কারণটা পরিষ্কার। তাঁরা সবাই চাইছেন, দানের ফলে মানুষের কল্যাণে ব্যয়িত অর্থের পরিমাণ যেন খুব তাড়াতাড়িই এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, যার মাধ্যমে যেন অনেক বৃহৎ পরিসরে মানুষের জন্য, দারিদ্র্যের বিরুদ্ধে কাজ করতে পারেন তাঁরা। বিল গেটস ও ওয়ারেন বাফেট প্রাথমিকভাবে ঠিক করেছেন, তাঁরা যুক্তরাষ্ট্রের ধনকুবেরদের এই মহৎ যাত্রার সঙ্গী করবেন। তারপর তাঁরা ইউরোপ, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, চীন ও ভারতের ধনকুবেরদের তাঁদের সহযাত্রী হওয়ার আমন্ত্রণ জানাবেন। দানশীলতার যে মহৎ দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন গেটস-বাফেট-রকফেলার ব্লুমবার্গ-টার্নার, অপরাহসহ মার্কিন যুক্তরাষ্ট্রের ছয় ধনীর এই মহৎ উদ্যোগ গরিব মানুষের দুঃখ-জরা কিছুটা হলেও লাঘব হবে, অনেক নিরন্ন মানুষ দুবেলা পেট পুরে খেতে পারবে—এ-ই বা কম কী।ওয়ারেন বাফেটএই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় ধনকুবের। তাঁর মোট সম্পদের পরিমাণ ৬২ বিলিয়ন মার্কিন ডলার। সারা জীবন তিনি ‘বার্কশায়ার হার্থাওয়ে’র মাধ্যমে ৬২ বিলিয়ন ডলারের সম্পদ তৈরি করলেও এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি গত সিকি শতাব্দী ধরে কেবল একটি নির্দিষ্ট অঙ্কের অর্থই মাসিক বেতন হিসেবে গ্রহণ করেন—এক লাখ ডলার। এ ব্যাপারে বাফেটের বক্তব্য খুবই পরিষ্কার, একজন মানুষের জীবনধারণের জন্য এর চেয়ে বেশি অর্থের প্রয়োজন নেই। নিজে বিলিয়নিয়র হলেও বাফেটের সাধারণ জীবন-যাপন ইতিমধ্যেই পরিণত হয়েছে দুর্দান্ত এক কিংবদন্তিতে। তিনি এখনো বাস করেন ১৯৫০ সালে কেনা পুরোনো বাড়িতে, ম্যাকডোনাল্ডের বার্গার আজও তাঁর অত্যন্ত প্রিয়। টেড টার্নারবিশ্বখ্যাত টেলিভিশন চ্যানেল কেব্ল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) প্রতিষ্ঠাতা। জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে প্রায় এক বিলিয়ন ডলার দান করেছেন। তাঁর অর্থ দিয়েই গড়ে উঠেছে ইউনাইটেড ন্যাশনস ফাউন্ডেশন। এই ধনকুবেরের ব্যবসায়ী-জীবন শুরু হয়েছিল বিজ্ঞাপনী ব্যবসা দিয়ে। ১৯৬৩ সালে তাঁর বাবা হঠাৎ আত্মহত্যা করলে তিনি সেই ব্যবসায়ের হাল ধরেন। এর পর থেকেই শুরু হয় তাঁর সাফল্যের পথচলা। বিল গেটসআজ থেকে ১৩ বছর আগে হার্ভার্ডের এক ছাত্রের কাণ্ড দেখে অনেকেই হেসেছিলেন। এমন একজন মেধাবী ছাত্র, সে কিনা হার্ভার্ড ছেড়ে দিচ্ছে! মাইক্রোসফট নামের একটি প্রতিষ্ঠান তৈরি করে গেটস পাল্টে দিলেন গোটা পৃথিবীর তথ্যপ্রযুক্তির দিকদর্শন। আজ ২০১০ সালে তাঁর সম্পদের পরিমাণ ৫৮ বিলিয়ন ডলার। স্বভাবগতভাবেই দানবীর বিল গেটস প্রতিষ্ঠা করেছেন বিল-মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। প্রতিজ্ঞা করেছেন, মৃত্যুর আগেই নিজেদের মোট সম্পদের একটি বড় অংশ পৃথিবীর দরিদ্রজনদের চিকিত্সা-সুবিধা বৃদ্ধির প্রয়োজনে কাজে লাগাবেন।ডেভিড রকফেলারএকসময় বিশ্বে ধনকুবের বলতে উচ্চারিত হতো জন ডি রকফেলারের নাম। এই জন ডি রকফেলার ছিলেন আলোচ্য ডেভিড রকফেলারের বাবা। ১৯১৫ সালের ১৫ জুন জন্ম নেওয়া ডেভিড রকফেলারের বর্তমান বয়স ৯৫ বছর। জীবনে অর্জন করেছেন ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের সম্পদ। তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন, নিজের সম্পদের অর্ধেক কিংবা তার চেয়ে বেশি অংশ দাতব্য প্রয়োজনে ব্যয় করার। শিক্ষাজীবন কাটিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। প্রাথমিক জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি তাঁর বাবার প্রতিষ্ঠিত রকফেলার ব্যাংকের ব্যবসায়ের অংশীদার হন। অপরাহ উইনফ্রেটেলিভিশনের টকশোও যে খুব জনপ্রিয় হয়ে উঠতে পারে, তা আপরাহ উনফ্রেই প্রমাণ করেছেন। কেবল টকশো করেই উনফ্রে পরিণত হয়েছেন বিশ্বের অন্যতম ধনীদের একজনে। যুক্তরাষ্ট্রের একমাত্র আফ্রো-আমেরিকান বিলিয়নিয়র। ধনকুবের হলেও তিনি ইতিমধ্যেই বিশ্বের অন্যতম সেরা দানশীল হিসেবে পরিচিত। দানশীলতার জন্যই উইনফ্রে অর্জন করেছেন অজস্র পুরস্কার।