বিশ্বের প্রাচীনতম ফটো স্টুডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহস্য-রোমাঞ্চ সিরিজের যাঁরা পোকা, তাঁরা নিশ্চয়ই সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদার ‘গোরস্থানে সাবধান’ কাহিনিটি পড়েছেন। সেখানে রহস্যের জাল ছিন্ন করতে ফেলুদা কলকাতার একটি পুরোনো ফটো স্টুডিওর সাহায্য নিয়েছিলেন। ফেলুদার গোয়েন্দা কাহিনি কাল্পনিক হলেও, বোর্ন অ্যান্ড শেফার্ড নামের সেই ফটো স্টুডিওটি কিন্তু কাল্পনিক নয়। বরং সেটি ইতিহাসের অন্যতম নিদর্শন হয়ে আজও দাঁড়িয়ে আছে কলকাতার বুকে। বোর্ন অ্যান্ড শেফার্ড কেবল কলকাতারই নয়, গোটা পৃথিবীরই সবচেয়ে প্রাচীন ফটো স্টুডিও। অষ্টাদশ ও ঊনবিংশ শতকের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে এই বোর্ন অ্যান্ড শেফার্ড ফটো স্টুডিও। কলকাতার সুরেন ব্যানার্জি স্ট্রিটে অবস্থিত এই ফটো স্টুডিওটি ইতিহাসবিদদের অনেক দিন ধরেই সরবরাহ করে এসেছে অনেক ঐতিহাসিক মুহূর্ত।স্যামুয়েল বোর্ন ও চার্লস শেফার্ড নামের দুই স্বপ্নচারী ব্রিটিশ ফটোগ্রাফার প্রতিষ্ঠা করেছিলেন এই বোর্ন অ্যান্ড শেফার্ড নামের ফটো স্টুডিওটি। কৃষক-পরিবারে জন্ম নেওয়া স্যামুয়েল বোর্ন অনেকটা শখের বশেই ছবি তোলা শুরু করেছিলেন। একসময় নটিংহ্যামের মুর অ্যান্ড রবিনসন ব্যাংকের কাজের চেয়ে ছবি তোলাটাই তাঁর কাছে মূল হয়ে ওঠে।ভালো ছবি তোলার জন্য ধীরে ধীরে বোর্নের খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে চারদিকে। ১৮৫৯ সালে নটিংহ্যামে অনুষ্ঠিত হয় তাঁর একটি একক আলোকচিত্র প্রদর্শনী। সেখানে ব্যাপক প্রশংসিত হওয়ায় পরের বছর লন্ডনে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হয় তাঁর একটি একক আলোকচিত্র প্রদর্শনী।এরপর মুর অ্যান্ড রবিনসন ব্যাংকের চাকরি ছেড়ে পুরোপুরি ফটোগ্রাফার বনে যান স্যামুয়েল বোর্ন, ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন ঘরের বাইরে। ১৮৬৩ সালে তিনি ছবি তুলতে আসেন ভারতীয় উপমহাদেশে। এই উপমহাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং এই অঞ্চলের বিভিন্ন স্থাপত্য নিদর্শন দারুণভাবে আকৃষ্ট করে স্যামুয়েল বোর্নকে। ১৮৬৩ সালে কলকাতায় এসে তিনি চিন্তা করেন বাণিজ্যিকভাবে ফটোগ্রাফিকে কীভাবে এগিয়ে নেওয়া যায়। সেই চিন্তা থেকে কলকাতায় আগে থেকেই অবস্থানকারী এক ব্রিটিশ ফটোগ্রাফারের সঙ্গে যৌথভাবে গড়ে তোলেন ‘হাওয়ার্ড অ্যান্ড বোর্ন’ নামের একটি ফটোগ্রাফি স্টুডিও। পরের বছর হাওয়ার্ড ও বোর্নের সঙ্গে যুক্ত হন চার্লস শেফার্ড নামের আরেক ফটোগ্রাফার। তখন এই প্রতিষ্ঠানটির নামকরণ হয় ‘হাওয়ার্ড, বোর্ন অ্যান্ড শেফার্ড’। কিন্তু পরে স্যামুয়েল বোর্ন ও চার্লস শেফার্ডের সঙ্গে হাওয়াডের্র মতপার্থক্য সৃষ্টি হলে ১৮৬৪ সালে হাওয়ার্ড ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নেন। তখন এটির নাম হয় বোর্ন অ্যান্ড শেফার্ড। এর পরই শুরু হয় বোর্ন অ্যান্ড শেফার্ডের ঐতিহাসিক পথচলা। কালের বিবর্তনে সেই স্টুডিওটিই এখন পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে পুরোনো ফটোগ্রাফি স্টুডিওতে।ব্রিটিশ মিউজিয়ামে উপমহাদেশের যেসব ঐতিহাসিক আলোকচিত্র রক্ষিত রয়েছে, তার প্রায় সবই স্যামুয়েল বোর্ন ও চার্লস শেফার্ডের ক্যামেরায় তোলা। বোর্ন অ্যান্ড শেফার্ড স্টুডিওতে প্রায় হাজার খানেক ঐতিহাসিক আলোকচিত্রের নেগেটিভ সংরক্ষিত ছিল। তবে ১৯৯১ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সেই নেগেটিভগুলোর বেশির ভাগই ধ্বংস হয়ে যায়।উনিশ শতকে বোর্ন অ্যান্ড শেফার্ড সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরিবেশকের মাধ্যমে আলোকচিত্র সরবরাহের কাজ চালু করেন। কেবল ভারতবর্ষেই নয়, ব্রিটেনেও একইভাবে পরিবেশকের মাধ্যমে আলোকচিত্র সরবরাহ করা শুরু করেন তাঁরা। আজকের দিনে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানের ছবি তোলার জন্য ফটোগ্রফারের সঙ্গে যে চুক্তি হয়, তা এই বোর্ন অ্যান্ড শেফার্ডই এই উপমহাদেশে প্রথম চালু করেন।ছয় বছর বোর্ন অ্যান্ড শেফার্ডের ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন স্যামুয়েল ব্রাউন। ১৮৭০ সালে তিনি নটিংহ্যামে ফিরে যান এবং ব্রিটানিয়া কটন মিল নামের একটি সুতার কারখানা প্রতিষ্ঠা করেন।বোর্ন অ্যান্ড শেফার্ডের ফটোগ্রাফি ব্যবসার একচেটিয়া ব্যাপারটি হারিয়ে যেতে থাকে মূলত ১৯০০ সাল থেকে। স্যামুয়েল বোর্নের বিদায়ের পরও চার্লস শেফার্ড একাই বোর্ন অ্যান্ড শেফার্ডের ব্যবসার হাল টেনে ধরেছিলেন, কিন্তু পরে মালিকানা বদলে যাওয়ায় নতুন মালিকেরা আগের মতো দক্ষতার সঙ্গে স্টুডিওটি চালাতে ব্যর্থ হন। ফলে দিনে দিনে ম্লান হয়ে আসা বোর্ন অ্যান্ড শেফার্ড স্টুডিওর অতীত গৌরবটুকুই এখন কেবল অবশিষ্ট আছে।নাইর ইকবাল