বিষাদের স্নিগ্ধ আকাশ
নাইমা হক নিভৃতচারী একজন শিল্পী। শিল্পের মননভূমিতে স্বকীয় উজ্জ্বলতায় দীপ্তমান। অথচ নিজেকে তিনি ‘নেগেটিভ স্পেস’ বলে আখ্যায়িত করেন। একটি ড্রয়িংয়ে সাবজেক্ট আঁকার পর যে অংশটি শূন্য থাকে, তার সঙ্গেই নিজেকে তুলনা করেন তিনি। নেগেটিভ স্পেসের মতো নিঃসঙ্গতায় তিনি সৃজন করে চলেছেন শিল্প সততার বর্ণিল আবহ। সমাজে নারী হিসেবে নানা ঘাত-প্রতিঘাতকে অতিক্রম করে স্থিতধী হয়েছেন এই শিল্পী। ভীষণ সাদাসিধে-শান্তিপ্রিয় শিল্পী নাইমা হক বলেন, ‘প্রতিদিন একই রকম ছবি আঁকা যায় না। কারণ, আমার প্রতিদিনের অনুভূতি একই রকম নয়।’ অনুভূতির গতিময়তা বিচরণ করে তাঁর ক্যানভাসে। শিল্পে প্রাণ প্রতিষ্ঠা করাই তাঁর অনুধ্যান।শিল্পীর জীবন অভিজ্ঞতা চিত্রপটে এসেছে কখনো বিমূর্ততায়, কখনো প্রকাশবাদী ভঙ্গিতে, কখনো ফর্ম আর কখনো শুধুই রং আর রেখায়। জল-ভূমি-প্রকৃতি-লতাগুল্ম-দেহরেখা বর্ণিল লাবণ্যে উপস্থাপিত হয়। তাঁর কম্পোজিশনে এক ধরনের প্রশান্তি লক্ষণীয়। চিত্রপটে লাল, হলুদ, সবুজ, নীল ও কালো রঙের উজ্জ্বল স্ফুরণ আকাঙ্ক্ষা আর রূপের প্রতিনিধিত্ব করে।শিল্পীর বুক ইলাস্ট্রেশন ভাবনা সম্পূর্ণভাবে নতুন ও ব্যতিক্রমী। ইলাস্ট্রেশনকে তিনি সিরিজ অব পেইন্টিং বলেন। তাঁর ‘মিরাকল অব ডটস’-এ তিনি দেখিয়েছেন বিন্দুর নানা গতিবিধি। এর প্রকাশনা বিষয়ের জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, পাবলিশার্স ও অন্যরা বলেছিলেন, এই ইলাস্ট্রেশন সাধারণের বোধগম্য হবে না। তিনি বলেন, ‘ষাটের দশকে জন্ম নিয়ে যদি এটা আমি সৃজন করতে পারি, তবে নব্বইয়ের দশকের দর্শক তা বুঝতে পারবে না—এটা হয় না।’ প্রাসঙ্গিকভাবেই তিনি বলেন, ‘শিল্পী-সাহিত্যিকদের মধ্যে দর্শক-পাঠকদের হেয় প্রতিপন্ন করার একটা প্রবণতা রয়েছে আমাদের, যা পরিবর্তন হওয়া জরুরি; সত্য-সুন্দর-সৃজনশীল যা কিছু, তা গ্রহণ করার প্রস্তুতি প্রত্যেক মানুষের রয়েছে।ইন্দিরা রোডের ঘনবসতিপূর্ণ এলাকায় হঠাৎ এক চিলতে বনভূমি! কংক্রিটে আচ্ছাদিত এই শহরে এমন সবুজের সমারোহে বসবাস রীতিমতো ঈর্ষণীয়। সেখানে একজন শিল্পীর স্টুডিও নিঃসন্দেহে শিল্পচৈতন্যকে আরও গভীরতায় পৌঁছে দেওয়ার পেছনে ভূমিকা রাখে। সুউচ্চ পাঁচিলে ঘেরা বাড়ির প্রধান ফটক পেরিয়ে সুরকি বিছানো দীর্ঘ পথ, দুই পাশে গভীর সবুজ গাছ-গাছালি, নানা প্রজাতির ফুল ও ফলের গাছ এবং বিশালাকৃতির ক্যাকটাসের সজীব ঔদার্যের শেষ প্রান্তে একটি পুরোনো স্থাপত্যের ত্রিতল বাড়ি। দরজা খুলেই শিল্পীর স্মিত হাসিমুখের অভ্যর্থনা তাঁর স্টুডিওতে। এক পাশে বসার আয়োজন, অন্য পাশে শিল্পীর রং, তুলি, ক্যানভাস আর বইয়ের ছড়াছড়ি। স্টুডিও থেকে সবুজ উৎসব বা সুনীল আকাশ দেখার আকুতি থেকেই হয়তো এত বৃহৎ খোলা জানালার পরিকল্পনা, সঙ্গে নিজস্ব বৈশিষ্ট্যে নির্মিত অ্যাকুরিয়াম, যা প্রাচীন পাহাড়ি গুহায় রঙিন মাছের আনাগোনায় প্রাণবন্ত। শিল্পী-পরিবারের প্রকৃতির সঙ্গে সান্নিধ্য খুব সহজেই বোঝা যায়।শিল্পী নাইমার শৈশবস্মৃতি খুব সুখকর নয়; তিনি স্কুলের নিয়মিত মেধাতালিকায় স্থান পাননি কখনো। এর প্রভাব পড়েছিল শিশুমনে। তাই তিনি ‘পিকচার বুক’ নিয়ে ভবিষ্যতে শিশুদের জন্য আরও নিবিড়ভাবে কাজ করতে চান। এ ক্ষেত্রে অনেক ধরনের কাজ করার সুযোগ রয়েছে। শিশুদের লেখাপড়াকে আকর্ষণীয় করার লক্ষ্যে টেক্সট বইগুলো মানসম্পন্ন করার উদ্যোগ নিতে আগ্রহী তিনি। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আগ্রহ তাঁকে অনুপ্রাণিত করবে। সৃজনশীলতাকে বিস্তৃত করার জন্য পিকচার বুক ভীষণ প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। শুধু ডেকোরেশনের জন্য ইলাস্ট্রেশন নয়, এটি একটা টেক্সটের ওপর ভিত্তি করে হয়; এখানে ছবি আঁকার সঙ্গে গল্পের প্রতিটি শব্দের সাদৃশ্য থাকা বাঞ্ছনীয়, যা পেইন্টিংয়ে ভিন্নভাবে উপস্থাপিত হয়।এই শিল্পী ফিগারেটিভ ও অ্যাবস্ট্রাক্ট—সব ধরনের চর্চায় সচল রয়েছেন। রঙের চৌকোণে জন্ম নেয় বিচিত্র বোধ; অপরিচিত অভিব্যক্তি চিত্রিত হয় নান্দনিকতায় সমৃদ্ধ হয়ে। শিল্পী নাইমা কখনো ফর্মের শূন্যতায় ভেসে বেড়ান। নিসর্গ আর মানবমনের অনুভূতি-অভিব্যক্তির শৈল্পিক পথে একাকী অবগাহন করেন। সৃজন জোয়ারে বর্ণস্রোতের বহতা, ফর্মের ভাঙা-গড়া, বিরূপ সময়ের বিশ্লেষণ—সবকিছু পরিশীলিত রূপ মূর্ত হয় শিল্পীর চিত্রপটে।[শিল্পী নাইমা হকের জন্ম ১৯৫৩ সালে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে বিএফএ শেষ করে ভারতের মহারাজা সায়াজি রাও ইউনিভার্সিটি অব বরোদা থেকে গ্রাফিক ডিজাইনে মাস্টার্স করেন। বুক ইলাস্ট্রেশনের জন্য তিনি জাপান থেকে ধারাবাহিকভাবে চারবার পুরস্কৃত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগে শিক্ষকতা শুরু করেন ১৯৮৬ সালে। বর্তমানে তিনি এই বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।]