বিষ্ণু দের কবিসত্তা
বিষ্ণু দে: কবি ও কবিতা—আহমদ রফিক \ ফেব্রুয়ারি ২০১০ \ বিভাস, ঢাকা \ প্রচ্ছদ: ধ্রুব এষ \ ১৩২ পৃষ্ঠা \ ১৫০ টাকারবীন্দ্র-উত্তর বাংলা কবিতার অন্যতম প্রধান স্থপতি কবি বিষ্ণু দে (১৯০৯-১৯৮২)। সম্প্রতি শেষ হয়ে গেল তাঁর জন্মশতবার্ষিকী। বিষ্ণু দের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে একুশের বইমেলা-২০১০-এ প্রকাশিত হয়েছে আহমদ রফিকের বই বিষ্ণু দে: কবি ও কবিতা। বিষয়-বিন্যাস ও বিশ্লেষণ-নৈপুণ্যে বিষ্ণু দে-সম্পর্কিত সমালোচনার ধারায় আহমদ রফিকের বক্ষ্যমাণ গ্রন্থ উল্লেখযোগ্য এক সংযোজন বলে বিবেচিত হবে। বিষ্ণু দের কবিতায় আছে নানা বাঁক, আছে রূপ আর রূপান্তরের বর্ণিল আয়োজন। প্রথম পর্বের এলিয়টীয় প্রবণতা অতিক্রম করে সন্দ্বীপের চর থেকে বিষ্ণু দের কবিতা নতুন পথে অগ্রসর হয়। চল্লিশের গোড়া থেকে পঞ্চাশের মধ্য পর্যায় সন্দ্বীপের চর থেকে নাম রেখেছি কোমল গান্ধার পর্যন্ত বিষ্ণু দের দ্বিতীয় কাব্য-অভিযাত্রা। এই যাত্রায় বিষ্ণু দের অন্বিষ্ট সমাজ-পরিবর্তন, অন্বিষ্ট বৈষম্যহীন সমাজ স্বপ্ন, অন্বিষ্ট ঐতিহ্য ও স্বদেশপ্রেম। আহমদ রফিকের এই বইয়ে প্রধানত বিশ্লেষিত হয়েছে সন্দ্বীপের চর থেকে নাম রেখেছি কোমল গান্ধার পর্যন্ত বিষ্ণু দের কাব্যভুবন। তবে সন্দেহ নেই, বিশেষ একটি পর্ব প্রাধান্য পেলেও ওই পর্বের বিশ্লেষণ থেকেই কৌতূহলী পাঠকের কাছে গোটা বিষ্ণু দে-ই সুষ্ঠুভাবে উদ্ভাসিত হয়ে উঠবেন। কেবল বিষ্ণু দের কবিতা নয়, বিষ্ণু দে-সম্পর্কিত মৌলিক কিছু প্রশ্ন ও বিতর্ক-বিষয়েও এ বইয়ে মননশীল ও যুক্তিগ্রাহ্য বিবেচনা পাঠককে নতুনভাবে আলোড়িত করবে। প্রসঙ্গত, স্মরণ করা যায় লেখকের এই ভাষ্য: ‘প্রধানত ওই বিশেষ পর্বের [চল্লিশ-পঞ্চাশের দশক] কবিতা নিয়ে, কবিতার চরিত্র, বৈশিষ্ট্য নিয়ে বর্তমান আলোচনা সীমিত। সেই সঙ্গে রয়েছে বহু বিতর্কিত বিষয়ের নিরপেক্ষ ব্যাখ্যা-বিশ্লেষণ, বিশেষ করে রয়েছে এলিয়ট ও কয়েকজন ফরাসি কবির বিষ্ণু দের কবি-ব্যক্তিত্বের মিথস্ক্রিয়া প্রসঙ্গ।’ বিষ্ণু দে: কবি ও কবিতা বইয়ে ছয়টি প্রবন্ধ। প্রবন্ধগুলোর শিরোনাম: ‘ব্যক্তিচেতনার বৃত্তাবদ্ধতা থেকে সমষ্টিচেতনায় উত্তরণ,’ ‘দুই স্রোতের বৈপরীত্যে’ ‘সন্দ্বীপের চর,’ ‘রাজনৈতিক অনাচার ও আত্মদ্বন্দ্বের চালচিত্রে অবিনাশী ‘অন্বিষ্ট,’ ‘ঐতিহ্য, স্বদেশ ও সমাজচেতনার নান্দনিক যাত্রা,’ ‘কবি বিষ্ণু দে: তাঁর চৈতন্যের দূরদেশী সহোদর’, এবং ‘মার্কসবাদী সহিত্য বিতর্কে বিষ্ণু দে।’ লক্ষণীয়, আহমদ রফিক সমগ্র বিষ্ণু দেকে ধরতে চাননি আলোচ্য গ্রন্থে, এখানে তাঁর অন্বিষ্ট বিষ্ণু দের কবিতার বিশেষ একটি পর্ব এবং কিছু মৌল-জিজ্ঞাসার সমাধান। ‘ব্যক্তিচেনতার বৃত্তাবদ্ধতা থেকে সমষ্টি চেতনায় উত্তরণ’ শীর্ষক প্রথম লেখায় আহমদ রফিক সংক্ষিপ্ত পরিসরে বিষ্ণু দের কবি মানসের বিবর্তনরেখা অঙ্কন করেছেন। আহমদ রফিকের পর্যবেক্ষণে ধরা পড়েছে: ‘... বংশ পরম্পরায় কলকাতাবাসী, নাগরিক চেতনার কবি বিষ্ণু দের ঐতিহ্যঘন লৌকিক কাব্যচেতনার জন্ম রিখিয়া ও সাঁওতাল পরগণার আদিবাসী জীবন ও সংস্কৃতিকেন্দ্রিক অভিজ্ঞতার সূত্রে। ...অভিজ্ঞতার সঙ্গে পাঠলব্ধ জ্ঞান ও উপলব্ধিও তাঁকে এ পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। যেমন সাহায্য করেছে স্বদেশ ও বিশ্ব পরিবেশ, অভিজ্ঞতা এবং রাজনৈতিক তত্ত্বকথার সচেতন পাঠ বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় নিয়ে কবিতার ফসল ফলানোর কাজে।’ সন্দ্বীপের চরকে আহমদ রফিক শ্রেণীচেতনা ও ঐতিহ্যচেতনানির্ভর স্বাদেশিকতার কাব্য এবং সমকালীন সামাজিক-রাজনৈতিক চালচিত্রের শব্দশিল্প হিসেবে বিবেচনা করেছেন। অন্বিষ্ট কাব্যে আছে স্বাধীন সমাজ ও মুক্ত মানুষের স্বপ্ন, আর সাত ভাই চম্পায় আছে পরাভব না-মানা জীবন সংগ্রামের অতুল সম্ভাবনার কথা। নাম রেখেছি কোমল গান্ধার কাব্য আহমদ রফিকের বিবেচনায় ঐতিহ্য, স্বদেশ ও সমাজচেতনার মাত্রা হিসেবে অভিধা পেয়েছে। আহমদ রফিকের আলোচনার উল্লেখযোগ্য বিশেষত্ব হচ্ছে, বিষয়ের পাশাপাশি কবিতার আঙ্গিক বিশ্লেষণেও তিনি থাকেন সমান সতর্ক। বক্ষ্যমাণ গ্রন্থেও সচেতন পাঠক তাঁর স্বাক্ষর পাবেন। গ্রন্থভুক্ত শেষ লেখাদ্বয়ে বিষ্ণু দের কবিমানসের দুটি মৌল প্রবণতার স্বরূপ সন্ধান করেছেন আহমদ রফিক। বিষ্ণু দের কবিচেতনায় এলিয়ট, পাউন্ড, লোরকা, আরাগঁ, এলুয়ার প্রমুখ কবি কীভাবে প্রভাব বিস্তার করেছেন, তার অনুপুঙ্খ বিশ্লেষণ আছে ‘কবি বিষ্ণু দে: তাঁর চৈতন্যের দূরদেশী সহোদর’ শীর্ষক লেখায়। ‘মার্কসবাদী সাহিত্য বিতর্কে বিষ্ণু দে’ শীর্ষক সর্বশেষ লেখায় চল্লিশের মার্কসবাদী বিতর্কের ধারায় বিষ্ণু দের স্বকীয় অবস্থান পর্যবেক্ষণ করেছেন আহমদ রফিক, নিরাসক্ত এবং নিরাবেগ দৃষ্টিতে। আহমদ রফিকের বিষ্ণু দে: কবি ও কবিতা বইটি আমাদের মননশীল এবং সৃষ্টিধর্মী গবেষণায় একটি বিশিষ্ট সংযোজন বলে বিবেচিত হবে। লেখকের কাছে বিষ্ণু দের কাব্য-সাধনার পূর্ণাঙ্গ কোনো বিশ্লেষণ পেলে আমরা আরও উপকৃত হব—এ কথা তাঁকে জানাতে প্রবল ইচ্ছা আমার।