বিস্মৃতির বিরুদ্ধে
জীবন ও রাজনৈতিক বাস্তবতাশহীদুল জহিরপ্রকাশক: হাক্কানি পাবলিশার্সজীবন ও রাজনৈতিক বাস্তবতা (১৯৮৮) প্রয়াত কথাশিল্পী শহীদুল জহিরের প্রথম উপন্যাস। এই উপন্যাসের কাহিনি ১৯৭১ আবার ২০১১-এরও। এই উপন্যাসের পটভূমি যেমন আরমানিটোলা, লক্ষ্মীবাজার, নয়াবাজার, সিদ্দিকবাজার, জিঞ্জিরা, পাটুয়াটুলি, নারিন্দা, ইংলিশ রোড, সোয়ারিঘাট, চক সার্কুলার রোড, চম্পাতলী, ভিক্টোরিয়া পার্ক, রায়সাবাজার, ওয়ারি, কলতাবাজার, মালিটোলার মতো পুরান ঢাকার অলিগলি-তস্যগলি, পাড়া-মহল্লা, তেমনি একই সঙ্গে গোটা বাংলাদেশই এর পটভূমি। কারণ, স্থান ও কালের সীমাবদ্ধ পরিসরকে আলোচ্য আখ্যান সবেগে ছিন্ন করে। বাস্তব ও কল্পনার বিভাজক রেখাসকল গুঁড়িয়ে দেয়। এই উপন্যাস যুগপ ৎ স্বপ্ন দেখা ও স্বপ্ন ছিনতাইয়ের বাস্তবতা জাজ্বল্য করে।একজন বদু মাওলানার প্রতীকে এখানে রং-বেরঙের ঘাতক-দালালের চেহারা পরিষ্কার ভেসে ওঠে পাঠকের চোখের সামনে। বদু মাওলানার মতো নিবেদিত রাজাকার কীভাবে একাত্তরের পর সাধারণ ক্ষমার বদৌলতে বীরদর্পে ফিরে আসে লক্ষ্মীবাজারের শ্যামাপ্রসাদ চৌধুরী লেনে; এই উপন্যাস শুধু সে মর্মান্তিক দৃশ্যই আমাদের দেখায় না, একই সঙ্গে বদু মাওলানার মতো রাজাকারদের জিঘাংসার শিকার নিহত মোমেনার মায়ের প্রতিবাদী অবয়বও স্পষ্ট করে। বদু মাওলানাকে উদ্দেশ করে ‘থুক দেই, থুক দেই, থুক দেই মুখে’র মধ্য দিয়ে মোমেনার মায়ের মতো লাখো শহীদ জননীর গণঘৃণাই যেন বর্ষিত হয়। এই আলোচনাকাল আমরা যেন ভুলে না যাই যে নব্বইয়ের দশক অর্থা ৎ জীবন ও রাজনৈতিক বাস্তবতার রচনাকাল ছিল বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের করালকাল। এবং এর কিছুকাল পরেই মোমেনার মায়ের মতোই জাহানারা ইমাম নামের এক শহীদ জননী বদু মাওলানার মতো স্বাধীনতার শত্রুদের বিচারের ডাক দেন। খণ্ড খণ্ড নানা বাস্তব বিদ্যুচ্চমকের মতো খেলে যায় জীবন ও রাজনৈতিক বাস্তবতার পাঠকের চেতনায়। এই যেমন অতীতের ঘাতক সমকালে এসে ‘রাজনীতিতে চিরদিনের বন্ধু অথবা চিরদিনের শত্রু বলে কিছু নেই’ তত্ত্ব আউড়ে মিশে যায় রাজনীতির মূল স্রোতে; আর এর বিপরীতে রক্তস্নাত স্বদেশে এক শহীদ পরিবারের সদস্য জনৈক আবদুল মজিদকে তখন ভাবতে হয় মুক্তিযুদ্ধ আমাদের এ কেমন বাস্তবতা উপহার দিল, যেখানে মুক্তিযোদ্ধা আর রাজাকারে কোনো তফাত থাকে না। তখন যুদ্ধাপরাধী বদু মাওলানার দাপট দেখে ঘৃণায়-গ্লানিতে নিজ মহল্লা ছেড়ে আবদুল মজিদের পরিবারকে পালিয়ে যেতে হয়।তবে এই পলায়নই শেষ কথা নয় কিংবা হেরে যাওয়া নয়। মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনাকে বিস্মরণের বিরুদ্ধে লড়াইটা জারি থাকে। তাই রাজাকারদের হাতে নিহত মোমেনার হতভাগ্য ভাই আবদুল মজিদ তাঁর মেয়ের নাম রাখেন মোমেনা। যেন মোমেনাই রাজাকারদের হাতে ধ্বস্ত বাংলা মায়ের করুণ প্রতিকৃতি। চেক কথাশিল্পী মিলান কুন্ডেরা শিল্পকে বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির সংগ্রাম হিসেবে বিবেচনা করেন। শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতাও আমাদের সেই ইঙ্গিতই দেয়।