বিহঙ্গরোদন বৃত্তান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আবার আসিব ফিরে ধানসিড়িটির

তীরে—এই বাংলায়
হয়তো মানুষ নয়—হয়তো বা শঙ্খচিল
শালিখের বেশে।’
—জীবনানন্দ দাশ

.
.

‘এখানে আমরা পাহাড়ের পাঁচ প্রজাতির বিদায়ী পাখির কথা বলছি। শুধু পাহাড়ি বনেই এরা টিকে ছিল। পাহাড়ি বন উৎখাত হয়ে গেলে এ দেশের কোথাও এ পাখি বসতি গড়বে না। দেশের মানুষ জানতেও পারবে না কী সম্পদ খোয়া গেল। কী সুদর্শন, সম্ভ্রান্ত, ব্যক্তিত্ববান আর তাক লাগানো পাখিগুলো বিলুপ্ত হলো বাংলাদেশ থেকে।...আগামী দশকেই হয়তো আমরা পাহাড়ি বনের এই পাঁচ প্রজাতির পাখি হারিয়ে ফেলব। লাখো বছর ধরে জমানো কয়েকটা মণিমুক্তা আমাদের প্রকৃতির শত-ছিন্ন ঝুলি থেকে পড়ে যাবে। কেউ এ বন থেকে সে ঝুলিতে আর এগুলো ফেরত দেবে না। ছেঁড়া ঝুলি না সেরে মুক্তা ফিরিয়ে এনে লাভও নেই, আবারও পড়ে যাবে।...আমাদের দাদার দাদার দাদারা চিনতেন সুদর্শন এ পাহাড়ি পাখিদের। অনেকেই ভালোবাসতেন এই মজার প্রাণীগুলোকে। তাঁরা মনে করতেন এরা উপকারী, এদের ক্ষতি করলে মানুষের দুর্দিন আসবে।’
পক্ষিবিদ ইনাম আল হকের লেখা পাখিদেরও আছে নাকি মন বইয়ের এ লাইনগুলো পড়তে পড়তে মনে পড়ল ষাটের দশকের গোড়ার দিকে ঢাকার বৃক্ষকুলের কোনো কোনো বিপন্ন প্রজাতি নিয়ে স্থানীয় দৈনিকে লিখতাম, অত্যধিক আবেগ ছিল লেখাগুলোতে (এই একটি মাত্র প্রজাতি আছে এই গোলচত্বরে, এটি লোপ পেলে...ইত্যাদি), বন্ধুরা হাসাহাসি করত। সংগত কারণও ছিল। ঢাকা তখনো এতটা জনসংকুল হয়ে ওঠেনি, রমনার বৃক্ষরাজির তখন ভরযৌবন, রেসকোর্সে বিস্তীর্ণ তৃণাঙ্গন। জীববৈচিত্র্য ধ্বংস, বাস্তুসংস্থানিক সংকট, জলবায়ু পরিবর্তন তখনো আমাদের স্পর্শ করেনি। তাই বন্ধুরা আমাকে ‘পাগলাটে’ ভাবতেই পারতেন।
ঢাকা তথা গোটা দেশের প্রকৃতিতে এখন ঘূণ ধরেছে, তার গোটা কাঠামো ঝরঝরে, গাছগাছালি পাখপাখালির দারুণ দুর্দিন, প্রায় অন্তিম দশা, তাতে প্রকট আসন্ন বিনষ্টির আলামত। ‘পৃথিবীর গভীরতর অসুখ এখন’, কিন্তু আমরা নির্বিকার।
কোথায় যেন পড়েছিলাম মৌমাছির বিলুপ্তি ঘটলে একই পরিণতি ঘটবে মানুষেরও। পাখির বিলুপ্তি ঘটলে মানুষের কী হবে? আলোচ্য বইটিতে মানুষেরও অভিন্ন ভবিতব্যের ইঙ্গিত আছে। ইনাম লিখেছেন, ‘একের পর এক পাখি বিলুপ্ত হয়ে গেলে অবশেষে আমাদেরই বিলুপ্তির দিন ঘনিয়ে আসবে।’ ইনাম আল হকের এ বইটির ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে পক্ষিকুলের জন্য মমতা ও ভালোবাসা।
অনেক বছর আগে রাসেল কার্সন বিহঙ্গবিহীন পৃথিবীতে নিথর বসন্তের আসার আশঙ্কা ব্যক্ত করেছিলেন এবং তাঁর সাইলেন্ট স্প্রিং নামের বইটি মহামতি নোবেল বিজয়ী আলবার্ট শুয়েটসারকে উৎসর্গ করে একটি উদ্ধৃতি দিয়েছিলেন: ‘মানুষ দূরদৃষ্টি ও পূর্বানুমানের ক্ষমতা হারিয়ে ফেলেছে। সে পৃথিবী ধ্বংস করে নিজের বিনষ্টি ঘটাবে।’
কার্সনের কথা আমাদের কানে পৌঁছায়নি, পৌঁছালে ইনামকে এত কষ্ট করে বইটি লিখতে হতো না। এই সকরুণ বিহঙ্গবৃত্তান্ত লেখার জন্য তাঁকে ধন্যবাদ।

পাখিদেরও আছে নাকি মন
ইনাম আল হক
প্রচ্ছদ: আনোয়ার হোসেন
প্রকাশক: বাংলাদেশ বার্ড ক্লাব
১৫৬ পৃষ্ঠা
দাম: ৪৫০ টাকা