বিহঙ্গের মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি গাছ কর্তন মানে অসংখ্য পাখি-হত্যা
বৃক্ষ তো বিহঙ্গের মা; ওরা বাচ্চা প্রসবকালে
মায়ের আশ্রয়ে ফিরে আসে—
মা খড়কুটো দিয়ে মগডালে বানিয়ে দেয়
একটি ডিম রাখার পাত্র—যাতে দুষ্টু ছেলেরা
কেড়ে নিতে না পারে ওদের নাতিদের

ভোর হওয়ার আগেই পল্লবের ইশারায় তারা
জাগিয়ে তোলে উড়ন্ত শিশুদের—
যাদের চঞ্চুতে বয়ে আনা আলোর কুচি
ছড়িয়ে যায় লোকালয়ে
ওদের বাচ্চাদের বিচিত্র কলস্বরে
মানুষ ফিরে পায় আরেকটি সূর্যের ভোর

গাছ কাটা গেলে মানুষ জাগতে পারবে না
কারণ পাখিই তো ঘুম ভাঙিয়ে দেবে মানুষের
আর বিহঙ্গের মা নিহত হলে—
কোথায় পাওয়া যাবে ডিম রাখার পাত্র

গাছ হলো—রাত ও দিনের উল্লম্ব ঠিকানা।