
ভারতসীমান্ত থেকে আট-দশ মাইল পুবে মহকুমা টাউন রূপনগরের একমাত্র বিহারিপাড়ায় বাবুলালের তিন পুরুষের বাস। কোন কালে তার কোন পূর্বপুরুষ রেল বিভাগের চাকরি নিয়ে বিহার কি উত্তর প্রদেশ থেকে এখানে এসে বসত গড়েছিল, তা সে জানে না; কিন্তু জানে, কাজটা ভালো হয়নি।
সে জন্ম থেকে দেখে আসছে, রূপনগরের বিহারিপাড়ায় হিন্দু বিহারি এক বিপণ্ন²প্রজাতি। এখানে তাদের সংখ্যা কমতে কমতে ঠেকেছে মাত্র তিন ঘরে। গন্ডগোল শুরু হলে দুই ঘর ভারতে পালিয়ে গেছে। এখন বাবুলাল ও তার বুড়া বাপ ছাড়া রূপনগরে আর কোনো পুরুষ নেই, যে হিন্দু ও বিহারি।
বাবুলালের পাঁচটা বোনের মধ্যে বড় তিনটার বয়স বিপজ্জনক বলে ভেগে-যাওয়া জ্ঞাতিদের সঙ্গে তাদের ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ছোট দুই বোন স্যান্ডো গেঞ্জি আর হাফপ্যান্ট পরে খোলামকুচি দিয়ে কুতকুত খেলে, ওদের নিয়ে বাবুলালের দুশ্চিন্তা নেই।
কিন্তু ওর দুশ্চিন্তা শুরু হলো নিজেকে নিয়ে। পাঞ্জাবি সেনারা ওকে তুলে নিয়ে যাচ্ছে। ওরা ওকে দোকান বন্ধ করার সুযোগটুকুও দিল না, ঘাড় ধরে হিড় হিড় করে টেনে বের করে এনে জিপে তুলল।
সেনাদের পায়ের কাছে বসে বাবুলাল পেছনে তাকিয়ে দেখতে পেল, প্রতিবেশীরা ওর দোকান থেকে জিনিসপত্র নিয়ে যেতে শুরু করেছে। সে দুই চোখ খুব চেপে বন্ধ করল। এই দৃশ্য দেখতে চায় না। কিন্তু চোখ বন্ধ করার পরে তার দৃষ্টি আরও খুলে গেল। সে দেখতে পেল, বিহারিপাড়ার সবচেয়ে মনোহর দোকান ‘হরলাল স্টোর’ শূন্য করে, উজাড় করে তার প্রতিবেশীরা এখন সেটার চালার টিনগুলো খুলে নিয়ে যাচ্ছে।
তার মনে পড়ল, ইয়াহিয়া খান শেখ সাহেবকে ক্ষমতা দেবে না—এই খবরে বিহারিপাড়ায় আক্রমণ ও লুটপাট শুরু হলে তার মনে হয়েছিল বিহারিত্ব বিহারিদের সবচেয়ে বড় বিপদের নাম। পরদিন সকালে রহিম বিহারির পুকুরে তিনটা লাশ ভাসতে দেখে তার মন বলেছিল এখন ইন্ডিয়া চলে যাওয়া উচিত। কিন্তু যাওয়ার উপায় ছিল না, কারণ তার মা পক্ষাঘাতগ্রস্ত, বাপের হাঁপানি। তা ছাড়া এমন চালু একটা দোকান ফেলে সে ইন্ডিয়ার কোথায় গিয়ে কী করে খাবে?
বাঙালিরা যখন বিহারিপাড়ায় হামলা চালিয়েছিল, তখন কেন ‘হরলাল স্টোর’ আক্রান্ত হয়নি, এই রহস্য বাবুলাল ভেদ করতে পারেনি। আর এখন স্বজাতি, স্বভাষী, প্রতিবেশী বিহারিরা, যাদের সঙ্গে তার সকাল-বিকেল দেখা হয়, যারা তার দোকানে প্রতিদিন কেনাকাটা করে, তারাই তার সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে, এটা বিশ্বাস করতে চাইছে না তার মন। কারণ, এই জবরদস্তি করতে চাইলে ওরা আরও আগেই করতে পারত, কিন্তু করেনি। সে দেখেছে, যেদিন রূপনগরে মিলিটারি এল, বিহারিদের উল্লাসের আগুনে পুড়ে ছাই হয়ে গেল মারোয়াড়িদের সব পাটের গুদাম; এক রাতে জনশূন্য হয়ে গেল মারোয়াড়ি পট্টি, কুণ্ডুপাড়া, কুমারপাড়া, এক কথায় হিন্দুদের সমস্ত ঘরবসতি, দোকানপাট হয়ে গেল উজাড়; সারা রূপনগরে যখন একজন হিন্দুও আর রইল না, তখনো কেউ হাত বাড়ায়নি খোদ বিহারিপাড়ার মধ্যিখানে বাবুলালের ‘হরলাল স্টোর’-এর দিকে।
মিলিটারি রূপনগরে এসেছে কমপক্ষে দুই সপ্তাহ আগে। এত দিন পরে ওরা কেন আমাকে ধরে নিয়ে যাচ্ছে—এই প্রশ্নে উথালপাতাল মনে বাবুলালের শঙ্কা হচ্ছে, সে আর মা-বাপ ও বোনগুলোর মুখ দেখতে পাবে না। ওর মনে পড়ছে, একটু আগে মিলিটারি জিপটা যখন ওর দোকানের সামনে এসে থামল, তারপর থেকে কয়েক মুহূর্ত ইটের রাস্তায় বুটের শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। তারপর, জিপের স্টার্ট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব শব্দ থেমে গিয়ে এমন এক নৈঃশব্দ্য নেমে এসেছিল যে ওর মরণের কথা মনে পড়েছিল।
সেনারা ওকে কিছুই জিজ্ঞাসা করেনি, এমনকি নামটাও নয়। ঘাড় ধরে টেনে বের করে এনেছে দোকানের ভেতর থেকে, পিঠে ধাক্কা দিতে দিতে তুলেছে জিপে। বাবুলালেরও কিছু বলার সাহস হয়নি। একবার বুক ফেটে কান্না চলে এল, মনে হলো সামনের সেনাটার পা-জোড়া জাপটে ধরে। কিন্তু রাইফেলের ডগায় চকচকে বেয়নেট মে মাসের বেলা ১১টার রোদে এমনভাবে ঝলকে উঠেছিল যে তা দেখে বাবুলালের মনে হয়েছিল, ওটা ওর পিঠ ফেড়ে বুক দিয়ে বেরিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে।
২.
বিহারিপাড়া থেকে ক্যাম্পের পথ দুই মিনিটে ফুরিয়ে গেল, সেনারা বাবুলালকে ধাক্কা দিয়ে জিপ থেকে নামিয়ে ঘাড় ধরে নিয়ে গেল ক্যাম্পের ভেতরে। ওরা ক্যাম্প বানিয়েছে শোভনলাল আগরওয়ালের গদিঘর ও চাতালকে। ভেতরে একটা ঘরের মেঝেতে দেয়ালের ধার ঘেঁষে এক যুবক ও দুই মধ্যবয়সী লোককে বসে থাকতে দেখে বাবুলালের মনে হলো, তিনটা লাশ বসে আছে।
বুটের লাথি পড়ল বাবুলালের কোমরে। তার গলার ভেতর থেকে হেঁচকি ওঠার শব্দে বেরিয়ে এল আর্তনাদ, সে হাত তিনের দূরে ছিটকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল মেঝেতে এবং বুঝল তাকেও বসতে বলা হলো ওই তিনটা লোকের পাশে।

তার পড়ে যাওয়া দেখে লোক তিনটা নড়েচড়ে বসল, তাদের চোখেমুখে এমন একটা ভাব ফুটে উঠল যেন তারা নিশ্চিত জানে এর পর কী ঘটবে।
কিন্তু কিছু ঘটল না। সেনারা ঘর থেকে বেরিয়ে গেল। কপাটবিহীন দরজার এক পাশে দাঁড়িয়ে রইল পাটকাঠির মতো চিকন ও লম্বা এক সেনা। তার কাঁধের রাইফেল ও রাইফেলের ডগায় বেয়নেট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লম্বা দেখাচ্ছে বলে বাবুলালের মনে হলো। বেয়নেটের ওপর চোখ পড়লেই ওর বুক শিরশির করে ওঠে, মনে হয় ওটা ওর বুকের ভেতরে ঢুকে যাবে।
তাই বাবুলাল চোখ বন্ধ করে।
চোখ ফের খুলে যায় তার হাঁটুতে কেউ হাত রাখলে। সে দেখে, ডান পাশের মধ্যবয়সী লোকটা একটা হাত রেখেছে তার ডান হাঁটুর ওপর। বাবুলাল লোকটার মুখের দিকে তাকায়। লোকটা ফিসফিস করে জিজ্ঞাসা করে, ‘তোমার বাড়ি কোঠে, ভাই?’
‘বিহারিপাড়াত্।’ উত্তরে বাবুলালও ফিসফিস করে।
লোকটার চোখেমুখে বিস্ময় ফুটে ওঠে। সে বাবুলালকে জিজ্ঞাসা করে, ‘তুমি বিহারি লয়?’
বাবুলাল জোর দিয়ে বলে, ‘বিহারিই তো।’
লোকটা ভুরু কুঁচকে বলে, ‘তালে তোমাক্ ধরে লিয়ে আসিল কেনে?’
বাবুলাল এখন এ প্রশ্নের উত্তর জানে। কিন্তু সেটা সে প্রকাশ না করে লোকটাকে জিজ্ঞাসা করে, ‘তোমরা কারা? বাড়ি কোন্টে?’
‘বুনাপাড়া। হামরা বুনা।’ লোকটা নির্দ্বিধায় বলে।
বাবুলালকে বিভ্রান্ত দেখায়। বুনা, সাঁওতাল ও মুন্ডাদের সে খুব নিরীহ জাত বলে জানে। পাঞ্জাবি মিলিটারি ও মুসলমান বিহারিরা খুঁজে খুঁজে শুধু হিন্দুদেরই মারে, এটা সে শুনেছে। বুনাদের অপরাধ কী, তা তার জানা নেই। সে লোকটাকে জিজ্ঞাসা করে, ‘তোমাগরক ধরে লিয়ে অ্যাছে ক্যা? কী করিছিন তোমরা?’
‘কিছু তো করিনি মোরা। শুদুমুদু ধরে লিয়ে আসিল! মারি ফেলাবে বুলে।’
‘কিসক ম্যারে ফেলাবে? বুনারা কি হিন্দু?’
‘তুমি দেখি মানুষ বঠে! ঘরিক্ষণ পরেই মরণ, তবু কুয়ারা?’
‘কুয়ারা করনু কোন্টে? তোমরা যদি হিন্দু লয়, তালে তোমাগরক ম্যারে ফেলাবে ক্যা? তোমাগেরে অপরাধ কী?’
‘কী অপরাধ বুলিব কেমনে? বুলে মোসলমান বিনে কেউ বাঁচিবার লয়!’
‘মোসলমান হলেই কি নিস্তার আছে? পাকিস্তান জিন্দাবাদ কও!’
দরজার দিক থেকে শ্ শ্ ধ্বনি আসে। বেয়নেটধারী সেনাটা ঠোঁটের কাছে তর্জনী তুলে চোখ পাকায়।
বাবুলাল থেমে যায়। বুনা লোকটাও আর কোনো কথা বলে না। দেয়ালে একটা টিকটিকি ডেকে ওঠে। তারপর আর কোথাও কোনো শব্দ নেই।
অনেকক্ষণ নীরবে কেটে যায়। বাবুলালের পাশের লোকটা উসখুস করে। বাবুলালেরও কথা বলার ইচ্ছা হয়। কিন্তু তার ভয় করে। সে খোলা দরজার দিকে তাকায়। পাটকাঠিটার কনুই দেখতে পায়। তারপর পাশের লোকটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ‘তোমাগরক কি অত্যাচার করিছে?’
‘না, এখনো করেনি। মনে হয় রেডি হচ্চে,’ বলে লোকটা।
বাবুলালেরও এটাই মনে হচ্ছে: ওদিকে নিশ্চয়ই প্রস্তুতি চলছে, কিছুক্ষণের মধ্যেই আজাব শুরু হবে। কিন্তু বাবুলাল ধারণা করতে পারছে না, অত্যাচারের ধরনটা কেমন হতে পারে। লাঠি দিয়ে মারবে, পায়ে দড়ি বেঁধে উল্টা করে ঝুলিয়ে রাখবে, গায়ে জ্বলন্ত সিগারেট ঠেসে ধরবে, চিমটা দিয়ে একটা একটা করে উপড়ে ফেলবে হাত-পায়ের আঙুলগুলোর নখ, চোখ তুলে নেবে...
আর ভাবতে পারে না বাবুলাল। এই সব অত্যাচারের বিবরণ সে শুনেছে। যে বিহারি তরুণেরা খান সাহেবের চাতালে লেফট-রাইট করে, পাঞ্জাবি সেনাদের সঙ্গে নিয়ে এ গ্রামে ও গ্রামে যায়, তারা পাড়ায় ফিরে এসে রহমতের দোকানের সামনে চা খেতে খেতে এই সব গল্প করে। শোভনলালের গদিঘরে যাদের ধরে আনা হয়, তাদের ওপর কয়েক দিন ধরে চলে বিচিত্র কিসিমের আজাব। তারপর তাদের নিয়ে যাওয়া হয় শোভনলালের গোলপুকুরের পাড়ে। তারপর এ পাড়ার লোকেরা গুলির শব্দ শুনতে পায়। গোলপুকুরে লাশ পড়ে। সেগুলো প্রথমে ডুবে যায়, তারপর ভেসে ওঠে। ফুলে-ফেঁপে ওঠা ভাসমান লাশগুলোর ওপর কাকেরা মারামারি করে।
৩.
বাবুলাল কখন আবার বুনা লোকটার সঙ্গে গল্প শুরু করেছিল, খেয়াল করেনি। হঠাৎ সে দেখতে পেল, মচমচ শব্দ তুলে এক জোড়া বুট দরজার পাশ থেকে এগিয়ে এল। বাবুলালের হাঁটুর ওপর থেকে ঝট করে হাত সরিয়ে নিল তার ডান পাশের লোকটা। পাটকাঠির মতো চিকন ও লম্বা সেনাটা এসে দাঁড়াল দেয়ালের ধার ঘেঁষে গুটিসুটি মেরে বসে থাকা চারটা নিরীহ প্রাণীর সামনে। ওরা ঘাড় উল্টিয়ে ওপরের দিকে তাকিয়ে দেখতে পেল সেনাটার মাথা যেন ঘরের ছাদ ফুঁড়ে আকাশে গিয়ে ঠেকেছে।
একটা বুট উঠে এল বাবুলালের ডান পাশে বসা লোকটার মাথার ওপরে, লোকটা যেন সেদিকে মুখ বাড়িয়ে দিয়ে চেয়ে রইল। বাবুলালের দুই চোখ বন্ধ হয়ে এল। লোকটার মুখে বুট আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে তার মুখগহ্বরের ভেতরে দাঁত ভাঙা, জিব কাটা ইত্যাদি যেসব ঘটনা ঘটল, সেসবের মিলিত শব্দের ভেতর দিয়ে যেতে যেতে চোখবন্ধ-কানখাড়া বাবুলালের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল।
তারপর তার ডান কাঁধে ভারী বুটের হিল আছড়ে পড়লে তার চোখ খুলে গেল, মাথাটা সজোরে ধাক্কা খেল দেয়ালের সঙ্গে। সে কাত হয়ে ডান পাশে পড়ে গিয়ে যন্ত্রণায় কুণ্ডলী পাকিয়ে গোঙাতে লাগল। বুটওয়ালা অত্যাচারীটা তার কাছ থেকে সরে গিয়ে বুনাদের অবশিষ্ট দুজনকে ফুটবল বানিয়ে পায়ের সুখ মেটাল কয়েক মিনিট ধরে। তারপর ফোঁস ফোঁস শব্দে ফুঁসতে ফুঁসতে ফিরে গিয়ে আবার দাঁড়াল দরজার পাশে।
বাবুলাল মেঝেতে শুয়েই রইল। খোলা দরজার দিকে তাকিয়ে রইল সে। পাটকাঠি সেনাটা এখন নির্বিকার দাঁড়িয়ে আছে সেখানে। চার-চারটা মানুষকে ধরাশায়ী করে সে তার জায়গায় ফিরে গিয়ে এমন নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে, যেন কিছুই ঘটেনি। বাবুলাল বোঝার চেষ্টা করল, এসব কী ঘটছে, কেন ঘটছে, মেরে ফেলার জন্যই যদি ওরা ওদের ধরে এনে থাকে, তাহলে একদম মেরে না ফেলে কেন এসব নিষ্ঠুর খেলা খেলছে।
সে বুঝতে পারল, মরণ সহজে আসে না, মরতে হয় তিলে তিলে।
সে আরও বুঝতে পারল, যারা মারে, তারা মেরে সুখ পায়। সেই সুখ তারা উপভোগ করতে চায় তারিয়ে তারিয়ে, চুমুক দিয়ে দিয়ে।
বাবুলালের দৃষ্টি এতক্ষণ ঘোলাটে ছিল, ঘোলাটে পরিপার্শ্ব দুলছিল। এখন তার দৃষ্টি স্বচ্ছ ও দীর্ঘ; তার মনে হচ্ছে, ঘরের মেঝেটা লম্বা এক মাঠ, সেই মাঠের দূরপ্রান্তে খোলা দরজা, দরজার পাশে দাঁড়ানো পাষণ্ডটার মাথা আকাশ ছুঁয়েছে।
বাবুলালের চোখ দুটি আস্তে বুজে এল। তার আঠালো জিব মুখের ভেতর থেকে বের হয়ে এসে শুকনো ঠোঁট চাটার চেষ্টা করল।
৪.
‘কী রে, তুই এটে?’
বাবুলালের চোখ খুলে গেল। সে দেখতে পেল, তার মুখের ওপর ঝুঁকে পড়া মুখটা বাল্যবন্ধু লুৎফরের, যে এখন রূপনগরের সবচেয়ে করিতকর্মা রাজাকারদের একজন।
বাবুলাল খুব কষ্টে নিজের দেহটাকে টেনে তুলে দেয়ালে হেলান দিয়ে রাখল।
লুৎফর ফিসফিস করে বলল, ‘মুই তো শুনিছিনু, তুই ইন্ডিয়াত্ চলে গেছু। এটে আলু ক্যাংকা কোরে রে গরুডা?’
মরা হাসি হেসে বাবুলাল বলে, ‘মুই কি নিজে আছুঁ? মেলেটারি ধরে লিয়ে অ্যালো!’
‘যাস সংকট! তোক তো ম্যারে ফালাবে রে!’
‘সিডা কি আর কওয়া লাগবে, দোস্ত?’
‘থাম্! বুদ্দি এডা বার করা লাগবে। তোক কিছু জিজ্ঞাসাবাদ করিছে?’
‘করেনি এখনো।’
‘এরা কি জানে তুই হিন্দু?’
‘নিচ্চয় জানে, নালে বিহারিপাড়াত থে কাকো ধরে লিয়ে আসে?’
‘নিচ্চয়-টিচ্চয় থো। এরা তোর নাম জিজ্ঞাসা করলে কবু...।’ লুৎফর থামে, বাবুলালের জন্য মনে মনে একটা আরবি নাম খুঁজতে আরম্ভ করে। ‘কী নাম কবু? অ্যাডা মোসলমান নাম কওয়া লাগবে...।’ নিজের হাঁটুতে আঙুল ঠুকতে ঠুকতে বলে লুৎফর। তারপর মুখ ঝলমল করে বলে, ‘পাছুঁ! তুই কবু তোর নাম বাবর আলী। না, খালি বাবর আলী লয়, কবু মোহাম্মদ বাবর আলী, ঠিকাছে?’
‘ওরা ত মোর নাম জানেই।’ হতাশ কণ্ঠে বলে বাবুলাল, ‘খালি মোর নাম লয়, মোর বাপের নাম, মোর দোকানের নাম, ব্যাবাক জানে।’
‘ক্যাংকা কোরে জানে? মেলেটারিক কে দিল তোর খবর?’
‘সিডা মুই ক্যাংকা কোরে কমু?’
‘পাড়াত তোর শত্রু আছে রে গরু! শত্রু আছে! নিচ্চয়ই কেউ শত্রুতা করে মেলেটারিক কয়া দিছে তুই মালোয়ান। এইবার তুই মছু, দোস্ত! এখন তোক বাঁচায় কে! আল্লাহ আল্লাহ কর!’
লুৎফরের কথা শুনে বাবুলালের কান্না পায়, নিজের মৃত্যুর কথা ভেবে নয়, বন্ধুর দরদ দেখে।
‘থাম,’ লুৎফর বলে, ‘সন্ধ্যাসমে মেজর স্যার এটে আসপে। তোক জেরা করবে। তুই চিন্তা করিস না, আল্লাহ আছে।’
৫.
মেজর আফজাল বেগের পায়ের কাছে হাঁটু গেড়ে জোড়হাতে বসে আছে বাবুলাল। তার মুখে কোনো কথা নেই। কথা বলছে তার পেছনে দাঁড়ানো রাজাকার লুৎফর, গত দুই সপ্তাহে যে মেজর আফজাল বেগের সবচেয়ে বিশ্বস্ত চাকরের মর্যাদা অর্জন করেছে। শান্তি কমিটির চেয়ারম্যানের চেয়েও তার ওপর বেশি নির্ভর করে পাঞ্জাবি এই মেজর।
ভাঙা ভাঙা উর্দুতে লুৎফর বলে, ‘হুজুর, এ মেরা দোস্ত বাবর আলী হ্যায়, মোহাম্মদ বাবর আলী। বিহারি, হুজুর, বিহারি। বহত ভালা আদমি হ্যায়। কই বুড়া আদমি ঝুট বোলা কে এ হিন্দু হ্যায়। লেকিন এ হিন্দু নেহি হ্যায়, মোসলমান হ্যায়, সহি মোসলমান!’
মেজর একটা হাত তুলে লুৎফরকে থামায়। বাবুলালকে জিজ্ঞাসা করে, ‘তু বিহারি?’
বাবুলাল মাথা নেড়ে লুৎফরের চেয়ে ভালো উচ্চারণে উর্দুতে উত্তর দেয় যে সে বিহারি।
‘তেরা নাম বাবর আলী?’ বাবুলালের চোখে তীক্ষ্ণ চোখ রেখে জিজ্ঞাসা করে মেজর।
বাবুলাল ঢোঁক গেলে, তার শুকনো মুখগহ্বরের ভেতরে আঠালো জিভ লটরপটর করে, কিন্তু কোনো কথা ফোটে না। তার দুই চোখ বড় হতে হতে কোটর থেকে ফেটে বেরিয়ে আসতে চায়।
‘কেয়া নাম তেরা?’ গমগম করে ওঠে পাঞ্জাবি মেজরের জলদগম্ভীর কণ্ঠ।
বাবুলালের মুখ খুলে যায়, ধক্ করে এক হলকা বাতাস ঢোকে তার বুকে, সে নড়েচড়ে উঠে বলে, ‘হুজুর, মেরা নাম বাবুলাল রজক।’
‘হিন্দু?’
‘জি হাঁ, হুজুর।’
লুৎফর ছুটে এসে হুমড়ি খেয়ে পড়ে মেজরের পায়ের কাছে, হাউমাউ কান্না জুড়ে দেয়।
৬.
শোভনলাল আগরওয়ালের গোলপুকুরের পাড়ে পাশাপাশি দাঁড় করানো হয়েছে বাবুলাল ও লুৎফরকে। পুকুরটা ওদের পেছনে। গুলির ধাক্কায় ওদের দেহ দুটি আছড়ে পড়বে পুকুরের পানিতে। সঙ্গে সঙ্গে তোলা হবে না ওদের লাশ। সারা দিন পানির নিচে ডুবে থাকবে ওরা, পরদিন সকালে ভেসে উঠবে। চিৎ হয়ে, মে মাসের স্বচ্ছ নীল আকাশের দিকে চেয়ে, পাশাপাশি ভাসতে ভাসতে ছেলেবেলার গল্প করবে দুই বন্ধু।