বিড়ম্বনাময় আবিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান গৌরবময়। বিভ্রান্তির দুনিয়ায় শুদ্ধতা তুলে ধরে বিজ্ঞান। এর পরও কিছু বড় ধরনের আবিষ্কার মানুষের সংবেদী মনের বিপরীতে অবস্থান নিচ্ছে, মাঝেমধ্যে দিচ্ছে বড় ধরনের ধাক্কা। এখানে বিড়ম্বনা সৃষ্টি করা কয়েকটি বড় ধরনের আবিষ্কারের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হলো।আমাদের প্রিয় গ্রহ পৃথিবী যে বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু নয়, এ ধারণার সঙ্গে আমরা পরিচিত ৪০০ বছরের বেশি সময় ধরে। তবে এখনো এ নিয়ে কিঞ্চিৎ দোনামনা রয়েছে। আমাদের চোখের সামনে যা দৃশ্যমান, তা হচ্ছে্—সূর্য ও তারকারাজি পূর্ব দিকে ওঠে, তারপর আকাশ ঘুরে অস্ত যায় পশ্চিমে। এতে মনে হয়, পৃথিবী ঘুরছে না। স্থির রয়েছে। সূর্য ও তারাগুলোই বরং পৃথিবীকে ঘিরে আবর্তিত হচ্ছে। প্রখ্যাত বিজ্ঞানী কপারনিকাস যখন তাঁর মেধাবলে ঘোষণা করলেন, সূর্য ঘুরছে না, পৃথিবীসহ অন্য গ্রহগুলোই বরং সূর্যকে ঘিরে আবর্তিত হচ্ছে, সমসাময়িক অন্য বিজ্ঞানীরা পাত্তাই দিলেন না। তাঁরা জোর গলায় বললেন, এ হতেই পারে না। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড-স্মিথসনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকসের ওয়েন জিনজাররিক বলেন, কপারনিকাসের এই ধারণার সঙ্গে একাত্ম হতে কয়েক প্রজন্ম সময় লেগে যায়। তাও হাতেগোনা কয়েকজন পণ্ডিত ব্যক্তি এই ধারণাকে বিশ্বব্রহ্মাণ্ডের বিষয়ে সঠিক বর্ণনা হিসেবে মেনে নেন। বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে একই ধারণার কথা বলে কপারনিকাসের চেয়েও নাস্তানাবুদ হন গ্যালিলিও। স্থির সূূর্যকে ঘিরে পৃথিবীসহ অন্য গ্রহগুলো যে ঘোরে, দুরবিনের মাধ্যমে তা দেখান তিনি। এই তত্ত্ব ‘হিলিওসেন্ট্রিক থিওরি’ নামে পরিচিত। দুরবিনের মাধ্যমে গ্যালিলিও দেখান, চন্দ্রপৃষ্ঠ কেমন খানাখন্দে ভরা। আরও দেখান বৃহস্পতিকে ঘিরে কীভাবে আবর্তিত হচ্ছে গ্রহটির উপগ্রহগুলো। কিন্তু এই নবআবিষ্কৃত সত্য মেনে নেওয়ার মতো মানসিকতা ছিল না তৎকালীন বিজ্ঞানীদের। তাঁরা অনেকে এমন নাখোশ হন, দুরবিনে চোখ রাখতে পর্যন্ত রাজি হননি। ওই সময় গ্যালিলিও সবচেয়ে বড় বিপদে পড়েন ক্যাথলিক যাজকদের কারণে। গ্যালিলিওর প্রতি তাঁদের মনোভাব ছিল এই—কী যা তা বলছে লোকটা! ধর্মবিরোধী সব কথাবার্তা। একপর্যায়ে ধর্মদ্রোহের দায়ে তাঁকে দোষী সাব্যস্ত ও করা হয়।জীবাণুরোধী ওষুধ ও টিকা বিশ্বের কোটি কোটি মানুষের জীবন রক্ষা করছে। আধুনিক ওষুধের এই ধন্বন্তরী গুণ পোলিও বা জলবসন্তের মতো গুরুতর রোগ থেকে রক্ষা করছে কোটি কোটি শিশুর প্রাণ। কিন্তু আজকাল কিছু জীবাণুর এত দ্রুত বিবর্তন ঘটছে, এসব জীবাণুর সঙ্গে লড়াইয়ে হিমশিম খাচ্ছেন বিজ্ঞানী ও গবেষকেরা। বিভিন্ন জীবাণুর নতুন নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে ঠিকই, কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিরোধী ওষুধ বা টিকা উদ্ভাবন সম্ভব না হওয়ায় এই আবিষ্কার বেকায়দায় ফেলছে বিজ্ঞানীদের। ইনফ্লুয়েঞ্জার কথাই ধরা যাক। এর ভাইরাস এত দ্রুত নতুন প্রজাতির জন্ম দিচ্ছে যে, বাজারে চালু ওষুধ অনেক ক্ষেত্রে ঠিকমতো কাজ করতে পারছে না। দেখা যাচ্ছে, এ বছরের ওষুধ পরের বছর আর কাজে লাগছে না। এতে নতুন প্রজাতির ভাইরাসের সংক্রমণে মারা যাচ্ছে অনেকে। পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। জীবাশ্মবিদেরা এই বিলুপ্তির পেছনে বড় যে কারণগুলোর কথা উল্লেখ করেছেন, এর মধ্যে বড় তিনটি কারণ হচ্ছে মহাকাশ থেকে সবেগে আছড়ে পড়া গ্রহাণুর আঘাত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও জলবায়ুর পরিবর্তন। তবে বিভিন্ন প্রাণীর বিলুপ্তির এই ধারণা পুরোপুরি মেনে নিতে সময় লেগেছে। তখন টমাস জেফারসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এ সময় কেনটাকিতে ‘ম্যাসটাডন’ বলে পরিচিত বিলুপ্ত অতিকায় প্রাণীর কিছু হাড় পাওয়া গেল। জেফারসনের মনে হলো, ওই প্রাণী এখনো টিকে আছে। সংশ্লিষ্ট অনুসন্ধানী দলকে এ ব্যাপারে তীক্ষ্ম নজর রাখার নির্দেশ দেন তিনি। বলাই বাহুল্য, এই নজরদারি ও অনুসন্ধানে কোনো কাজ হয়নি।ম্যাসটাডন বলে যেসব অতিকায় প্রাণী ছিল, এর মধ্যে বিলুপ্ত রোমশ হাতি ম্যামথও রয়েছে। প্রাণিজগতে বিলুপ্তির তালিকায় একদম শুরুর দিকে রয়েছে তারা। অনেক জীববিজ্ঞানীর মতে, মানুষ যখন এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন এসব মহাদেশে কোটি কোটি বছর ধরে বিচরণ করা অতিকায় প্রাণীগুলোর বিলুপ্তি ঘটতে থাকে। এর মধ্যে উত্তর আমেরিকার ম্যাসটডন, অস্ট্রেলিয়ার দানব ক্যাঙারু ও ইউরোপের বামন হাতি অন্যতম। তবে আদিযুগে বিভিন্ন প্রাণীর বিলুপ্তির কারণ যা-ই হোক না কেন, বর্তমান যুগে বিচরণ করা পশুপাখির বিলুপ্তি ঘটছে শিকার, আবাসস্থলের ধ্বংস সাধন ও রোগবিস্তারের মাধ্যমে। এই বিলুপ্তির বেলায় মূল ভূমিকা পালন করছে মানুষ।জলবায়ু পরিবর্তনের মাধ্যমে পরিবেশ বিপর্যয় ঘটছে, এটি এক বিড়ম্বনাকর আবিষ্কার। যে প্রক্রিয়ায় জলবায়ু পরিবর্তন ঘটছে, তা খুব সহজ। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে আমরা পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন-ডাইঅক্সাইড উৎপাদন করছি আর তা বায়ুমণ্ডলে গিয়ে জমা হচ্ছে। এতে প্রচণ্ড তাপে আবদ্ধ হচ্ছে এই গ্রহ। এর ভয়াবহ পরিণাম আমরা দেখতেই পাচ্ছি। মেরু অঞ্চলে আগের চেয়ে অনেক দ্রুত গলছে হিমবাহ, নির্দিষ্ট মৌসুমের আগে ফুল ফুটছে, গ্রীষ্মপ্রধান অঞ্চলের প্রাণীগুলো চলে যাচ্ছে অধিকতর শীতল স্থানে।এই আবিষ্কারের সবচেয়ে বিড়ম্বনাকর দিকটি হচ্ছে, আমাদের অলক্ষ্যেই আমরা শত শত বছর ধরে বায়ুমণ্ডলে কার্বন-ডাইঅক্সাইড জমতে দিয়েছি। আর এখন দেখছি মানুষের কারণে জলবায়ু পরিবর্তন ঘটার কুফল। সূত্র: স্মিথসনিয়ান ম্যাগাজিন